দোষ দিলে গণতন্ত্রপন্থীদের দিন, ভোটারদের নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদার গণতন্ত্রপন্থীদের আর কত সতর্কবার্তা দরকার? তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের এই জয়ের মধ্য দিয়ে তাঁর হাতে দৃশ্যত আজীবনের জন্য ক্ষমতা চলে গেল। ইউরোপের দক্ষিণ সীমান্তের আট কোটি মানুষের শাসক এরদোয়ান এখন সেখানকার একচ্ছত্র অধিপতি। তাঁর বিরোধীদের প্রায় সবাই এখন জেলে। সেখানকার গণমাধ্যম কড়াভাবে নিয়ন্ত্রিত। তাঁর প্রতিশ্রুত সংস্কার এখন তাঁকে সবকিছু নিয়ন্ত্রণের অসীম ক্ষমতা হাতে তুলে দিয়েছে। পাশাপাশি এ কথাও অস্বীকার করা যাচ্ছে না, তিনি এখন তুরস্কের একজন তুমুল জনপ্রিয় নেতা।

এরদোয়ানের পুনর্নির্বাচনকে প্রত্যাখ্যান করা যাচ্ছে না। তাঁর নেতৃত্বকে নিন্দা জানানো বা তাঁকে অপমান করার সুযোগও খুব বেশি নেই।
ইউরোপ এখন তাঁর পূর্বাঞ্চলীয় এলাকায় দুজন জনতুষ্টিবাদী (একই সঙ্গে জনপ্রিয়) স্বৈরশাসকের মুখে পড়েছে। একজন এরদোয়ান এবং অন্যজন রাশিয়ার ভ্লাদিমির পুতিন। তাঁরা দুজনেই হাঙ্গেরি, পোল্যান্ড, স্লোভাকিয়া, চেক প্রজাতন্ত্র, অস্ট্রিয়া ও সার্বিয়ার ‘শক্তিধর নেতাদের’ সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছেন।

এই শাসকগোষ্ঠীকে এখন আর নীতিভ্রষ্ট বলেও মনে করা হয় না। পূর্ব ইউরোপের দেশগুলোতে জনতুষ্টিবাদকে এখন খুবই স্বাভাবিক ও সাধারণ বলে মনে করা হয়। সেখানে ব্যক্তির শাসন, বিদেশিদের আগমনভীতি এবং সংসদীয় ব্যবস্থা ও বিরোধী গণমাধ্যমকে দমন করে রাখার সংস্কৃতি জনপ্রিয় হয়ে উঠেছে। চার্চিল ইউরোপকে ‘একটি লৌহপর্দার আগ্রাসন’ গ্রাস করতে যাচ্ছে বলে একবার হুঁশিয়ারি দিয়েছিলেন। মনে হচ্ছে এই মহাদেশে সেই ‘লৌহপর্দা’ আবার ফিরে আসছে। তবে চার্চিল লৌহপর্দা বলতে যে সোভিয়েত সমাজতন্ত্রকে বুঝিয়েছিলেন, এখন তার বদলে যেটি ধেয়ে আসছে, সেটি হলো জনতুষ্টিবাদী স্বৈরতন্ত্র।

এই জনতুষ্টিবাদী মতাদর্শের উত্তরোত্তর অপব্যবহার নিশ্চিতভাবেই পশ্চিম ইউরোপের দিকে ছড়িয়ে পড়বে। ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচিত করার জন্য আমেরিকার লোকজনকে যদি আপনি বোকা, বর্ণবাদী কিংবা নব্য নাৎসি বলেন, তাহলে তাঁরা তা মেনে নেবেন না। সেখানকার লোকজনের যুক্তি, তাঁদের নিজেদের স্বার্থ এবং জাতীয় পরিচয় সংহত করার স্বার্থেই ট্রাম্পকে তাঁরা নির্বাচিত করেছেন। ধনী দেশগুলোতে স্থানীয় লোকজনের স্থলে এশিয়া বা আফ্রিকা থেকে আসা লোকজনকে বসানো তাঁরা কিছুতেই মেনে নিতে প্রস্তুত নন।

মাত্র দুই বছর আগে চালানো এক বৈশ্বিক মূল্যবোধের জরিপ স্পষ্ট একটি সতর্কবার্তা দিয়েছে। জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে যাঁদের বয়স ৬০ বছরের বেশি, তাঁদের বেশির ভাগই বলেছেন, সুন্দর জীবনব্যবস্থার জন্য গণতন্ত্রই সবচেয়ে ভালো ব্যবস্থা। কিন্তু ৩০ বছরের নিচে যাঁদের বয়স, তাঁদের অর্ধেকের কম এ কথা মানতে নারাজ। নতুন সহস্রাব্দে জন্ম নেওয়া আমেরিকানের প্রায় এক-চতুর্থাংশ এখন মনে করে, দেশ চালানোর জন্য গণতন্ত্র ‘একটি বাজে ব্যবস্থা’। ইউরোপীয় তরুণদের ১৭ শতাংশ এখন এই কথা সমর্থন করে; ১৯৯৫ সালে যেখানে এই মতে বিশ্বাসী তরুণের সংখ্যা ছিল এর অর্ধেকের কম।

জার্মানি, স্পেন, জাপান ও আমেরিকার গড়ে ৪০ শতাংশ জনগণ মনে করেন, একজন শক্তিধর রাষ্ট্রনায়কের সংসদ কিংবা নির্বাচনের স্বচ্ছতা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। তাঁর উচিত, কঠোরভাবে তাঁর শাসন চালিয়ে যাওয়া। এভাবে পশ্চিমা তরুণদের মধ্য থেকে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি আস্থা ও শ্রদ্ধা দিনকে দিন উঠে যাচ্ছে।

বিশ্বব্যাপী চলমান ‘গণতন্ত্র হনন’ আন্দোলনের ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছেন, ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রেক্সিটের মাধ্যমে যুক্তরাজ্য বেরিয়ে গেছে এবং ইতালি, ফ্রান্স ও জার্মানিতে অভিবাসনবিরোধী দলগুলো জয়ী হয়েছে। এর জন্য ভোটারদের সুচিন্তিত রায় দেওয়ার ব্যর্থতাকে দায়ী করা হচ্ছে। কিন্তু আদতে ব্যর্থতা যদি থেকেই থাকে, সেটি ভোটারদের ব্যর্থতা নয়; বরং এই ব্যর্থতা বিদ্যমান প্রতিষ্ঠানগুলোর, যারা ভোটারদের চাওয়া ও ন্যায্য অধিকার পূরণে ব্যর্থ হয়েছে।

জনস্বার্থসংশ্লিষ্ট বিতর্ক যাঁরা তুলে ধরেন (এই যেমন রাজনৈতিক দল, গণমাধ্যম ও সুশীল সমাজের লোকজন), তাঁরা যদি সাধারণ মানুষের কথা না বলেন বা না শোনেন, তাহলে তাঁরা তো উল্টো দিকে মোড় নেবেনই। পশ্চিমারা জনতুষ্টিবাদকে কাজে লাগিয়ে শাসনক্ষমতায় যাওয়ার যে পথ বেছে নিচ্ছে, সেটি সমাধানের পথ নয়। অ্যারিস্টটল থেকে এ পর্যন্ত সাংবিধানিক ভারসাম্য, সমালোচনা, বিরোধিতা, বৈচিত্র্য ও বিবর্তনের মধ্য দিয়ে গণতন্ত্র ‘উন্মত্ত জনতার’ রায়কে নিয়ন্ত্রণ করেছে এবং জনগণের সুচিন্তিত রায়কে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে যাচ্ছে।

তুরস্কের সর্বশেষ এই নির্বাচনের প্রকৃত বার্তা হলো, এর মাধ্যমে পরিণত গণতন্ত্র আসবে না। এক ব্যক্তি, এক ভোট, এক মেয়াদ—এগুলোকে গণতন্ত্র বলে না। তুরস্ক আমাদের মাথাব্যথার বিষয় নয়, কিন্তু গণতন্ত্র অবশ্যই আমাদের প্রধান চিন্তার বিষয়।

দ্য গার্ডিয়ান থেকে নেওয়া। ইংরেজি থেকে অনূদিত

সিমোন জেনকিনস দ্য গার্ডিয়ান-এর নিয়মিত কলাম লেখক