বাংলার চিরায়ত হাস্যরসের একটি গল্প দিয়েই নাহয় এই কিস্তির লেখাটা শুরু করা যাক। গ্রাম্য বাজারের ভাঙাচোরা এক হোটেল। হোটেলটির ভাঙা জায়গা দিয়ে কুকুর-বিড়াল ঢুকে যেতে পারে বিধায় সেই জায়গায় একখণ্ড কাঠের তক্তা ফেলে রাখা আছে, প্রয়োজনবোধে যেটা সহজেই সরানো যেতে পারে। হোটেলের একমাত্র কর্মচারী বাচ্চা ছেলেটি বেশ চটপটে। তো একদিন মালিকের অনুপস্থিতিতে এক খরিদ্দার এলেন দোকানে, তিনি কাচের গ্লাসে সঞ্চিত মালাই খাবেন। ছেলেটি দাম বলল ‘এক টাকা’। তিনি বললেন আট আনা তথা পঞ্চাশ পয়সা দেবেন। ছেলেটি অসম্মতি জানিয়ে বলল, ‘তাইলে মালিক আমারে মাইরা ফালাইব।’ কিন্তু খরিদ্দার অনড়, তিনি তর্ক জুড়ে দিলেন। তর্কাতর্কির একপর্যায়ে ছেলেটি এক ঝটকায় বেড়ার ঠেকনা দেওয়া তক্তা সরিয়ে দিলে বলে উঠল, ‘তাইলে খান, দিমু বিনা পয়সায়ই, মালিকে জিগাইলে কমু—কুত্তায় খাইয়া গ্যাছেগা।’
গল্পটির অন্তর্নিহিত হিউমার যা-ই থাক আসল কথা হচ্ছে, এমন এক সময় ছিল যখন এ দেশে এক টাকায় এক গ্লাস মালাই এক চামচ চিনি সহযোগে পাওয়া যেত; কিন্তু এখন আর সেই রামও নেই, সেই অযোধ্যাও নেই। এখন পথের ভিখারিকেও এক টাকা ভিক্ষা দিলে ভ্রুকুঞ্চন লক্ষ করা যায়। আর দেবেন কেমন করে? এক টাকার কাগজের নোট তো বহু পূর্বেই গত হয়েছে, এক টাকার ধাতব মুদ্রাও দেখতে হলে ভবিষ্যতে মিউজিয়ামে যেতে হবে।
সে যাহোক। দ্রব্যমূল্যের পাগলা-ঘোড়ার গতি-প্রকৃতি লক্ষ করে কে যেন একজন রসিক ব্যক্তি একবার বলেছিলেন, আমরা দিনকে দিন অধিকতর শক্তিশালী হচ্ছি; কেননা পূর্বে পাঁচ শ টাকার কাঁচা বাজার বহন করে নিয়ে আসতে দুজন মিন্তিকে (শব্দটা বোধ করি ‘মেহনতি’ শব্দের অপভ্রংশ) প্রয়োজন হতো; এখন একটি শিশুই এটা করতে সক্ষম। তা এ প্রসঙ্গে দু–একটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিষয়ে অবতারণা আশা করি অসংগত হবে না—ডিমের হালি একসময় ছিল চার আনা। আর ডালের কেজি একসময় ছিল বারো আনা। তখন ডালকে বলা হতো ‘পুওরম্যান্স বিফ’ তথা গরিবের গরুর মাংস। ডাল ও গরুর মাংস দুটোতেই প্রোটিন বিদ্যমান, যেটা স্বাস্থ্যরক্ষার জন্য অত্যাবশ্যক। গরিবরা পয়সার অভাবে গরুর মাংস খেতে পারত না, তাই তারা সস্তায় ডাল কিনে প্রোটিনের ঘাটতি পূরণ করত। তখন সাধারণত হোটেলে ভাত ও তরকারির সঙ্গে ডাল দেওয়া হতো ফ্রি, যেটা অঞ্চলবিশেষের লোকদের মুখে শোনাত ‘ডাইল হিরি’। এখন ডালের যা বাজারদর, কোনো ব্যাটা যদি ডাল ফ্রির দুঃসাহস দেখায়, তাহলে তার ব্যবসা অচিরেই লাটে উঠবে। আরও আছে—আবহমান বাংলায় কেউ কাউকে নিমন্ত্রণকালে তকল্লুফ করে বলত ‘গরিবের বাড়িতে যাবেন ও চারটে ডাল-ভাত খাবেন।’ কিন্তু বাস্তবতার নিরিখে কেউ আর এখন এটা বলে না।
যাকগে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কিছু ধনাত্মক দিকও আছে বৈকি। বাজারে ডিম, মাখন ও মাংসের উচ্চমূল্যের কারণে আমাদের অনেকের কোলেস্টেরল সমস্যার সহজেই সমাধান হয়ে যাচ্ছে। আর শহর অঞ্চলে বাসাভাড়ার ঊর্ধ্বগতির কারণে অনেকে বাসা না পাল্টিয়েও অধিকতর ব্যয়বহুল তথা অভিজাত এলাকায় বাস করতে পারছেন। রাজধানীতে বসবাসরত এক ভদ্রলোক নাকি অফিস শেষে বাসায় ফিরেই স্ত্রীকে উদ্দেশ করে বলেছিলেন, ‘আমার কাছে সুখবর আছে। তোমার অধিকতর ব্যয়বহুল অভিজাত পাড়ায় যাওয়ার আকাঙ্ক্ষা এদ্দিনে পূরণ হয়েছে। বাড়িওয়ালা বাড়িভাড়া অনেক বাড়িয়ে দিয়েছে।
তা আমাদের মতো আমদানিনির্ভর দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রধান কারণ হচ্ছে ‘ইনফ্লেশন’ তথা মূল্যস্ফীতি ও টাকার মূল্যমানের অবনতি। একসময় বারো হাজার টাকায় জাপানি নতুন টয়োটা কার কেনা যেত, আর এখন বার্ষিক রোড-ট্যাক্স বাবদই সরকারকে আমাদের দিতে হচ্ছে এর চেয়ে অনেক বেশি। বিগত শতাব্দীর আশির দশকের শেষ প্রান্তে আমি যখন পোস্টাল হেডকোয়ার্টারে পরিকল্পনা কোষের পরিচালক পদে কর্মরত, তখন জাপানি অনুদানে বেশ কিছু জাপানি গাড়ি কিনেছিলাম। তখন ছিল চার ইয়েনে এক টাকা, বর্তমানে ইয়েন ও টাকা প্রায় সমান সমান।
সুধী পাঠক, আন্তর্জাতিকভাবে খ্যাত ম্যাগাজিন রিডারস ডাইজেস্ট-এ ‘লাফটার দ্য বেস্ট মেডিসিন’ শিরোনামে বেশ কিছু জোকস থাকে। ছাত্রজীবন থেকে আমি ম্যাগাজিনটা নিয়মিত পড়তাম। তখন দাম ছিল বারো আনা/এক টাকা। বর্তমানে টাকার অবমূল্যায়নের দরুন দাম বেড়ে গিয়ে উঠেছে ১৭৫ টাকায়। তাই আমাকে বাধ্য হয়ে ওটা কেনা বন্ধ করতে হয়েছে। ওটা থেকে মাঝে মাঝে টুকলিফাই করে আপনাদেরকে এই কলামে হাসির গল্প পরিবেশন করতাম, সেটা বোধ হয় আর সম্ভবপর হবে না।
মুদ্রাস্ফীতি হচ্ছে ট্রাফিক জ্যাম তথা যানজটে আটকে পড়ার মতো অবস্থা—আপনি সমস্যার অংশীদার; কিন্তু আপনি জানেন না কী তার প্রতিকার। যাঁরা জানেন, তাঁরা নির্বিকার; কেননা তাঁরা ততটা ভুক্তভোগী নন। আর আমাদের এক কবি তো অনেক আগেই লিখে গেছেন, ‘যতদিন ভবে না হবে না হবে তোমার অবস্থা আমার সম/ঈষৎ হাসিবে, শোনে না শোনিবে, বুঝে না বুঝিবে যাতনা মম।’
বিষয়টা খুব সিরিয়াসের দিকে মোড় নিচ্ছে; অতএব কথা আর না বাড়িয়ে বন্ধুর মুখে শোনা গল্পটি দিয়ে লেখাটা শেষ করতে চাই: শিখ সর্দার গেছেন একটি বড় দোকানে লংক্লথ কিনতে। সেলসম্যান তাঁকে বড় কাস্টমার মনে করে অনেকগুলো থান বের করে দেখাল। তিনি একটি থানের কাপড় পছন্দ করে দাম জেনে আধ গজ কাপড়ের ফরমাশ দিতেই সেলসম্যান থ বনে গেল এবং তাঁর জিজ্ঞাসার জবাবে জানালেন, তিনি লেংটি বানাবেন। আসলে সর্দারজি কয়েকটি লেংটির কাপড় কিনতে গিয়েছিলেন; কিন্তু কাপড়ের দাম যে এত বেড়ে গেছে, তা তিনি জানতেন না, তাই তাঁর কাছে যথেষ্ট পয়সা ছিল না। যাহোক, আধ গজ কাপড় কিনে আসার কিছুক্ষণ পরেই সর্দারজি দোকানে ফিরে গিয়ে কাপড়ের গ্যারান্টির কথা বলতেই সেলসম্যান হাঁক দিল, ‘গ্যারান্টি? আপকা বাম্ টুট্ যায়গা, মাগার কাপড়া নেহি টুটেগা’।
আতাউর রহমান: রম্যলেখক৷ ডাক বিভাগের সাবেক মহাপরিচালক৷