‘অনির্বাচিত’ বলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করা হলেও বর্তমানে তিনটি সিটি করপোরেশনের নাগরিকেরা যাঁদের মেয়র হিসেবে নির্বাচিত করেছিলেন, তাঁদের সেবা থেকে বঞ্চিত। মামলা থাকার অজুহাতে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নান, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। প্রথম দুটি করপোরেশন ‘ভারপ্রাপ্ত মেয়র’ দিয়ে চালানো হলেও তৃতীয়টি চলছে অনির্বাচিত আমলা দিয়ে।
মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে তিন সিটির মেয়রদের দায়ের করা মামলা উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। খুলনা সিটি করপোরেশনের মেয়র মনিরুজ্জামানকেও স্থানীয় সরকার মন্ত্রণালয় সাময়িক বরখাস্ত করেছিল; তিনি উচ্চ আদালতের রায়ে পুনর্বহাল হয়েছেন।
উল্লেখ্য, সিটি করপোরেশন আইনের ১২ ধারা অনুযায়ী মেয়র ও কাউন্সিলরদের বরখাস্ত করার বিধান রাখা হয়েছে। এতে বলা
হয়েছে, যুক্তিসংগত কারণ ছাড়া যদি পদাধিকারীরা পরপর তিনটি বৈঠকে অনুপস্থিত থাকেন, নৈতিক স্খলনজনিত অপরাধ বা আদালত কর্তৃক দণ্ডিত হন কিংবা আদালত তাঁদের বিরুদ্ধে আনীত অভিযোগপত্র গ্রহণ করেন, সেসব ক্ষেত্রে মন্ত্রণালয় তাঁকে সাময়িক বরখাস্ত করতে পারবে।
কারও বিরুদ্ধে দায়ের করা অভিযোগপত্র আদালত কর্তৃক আমলে নেওয়ার অর্থ এই নয় যে তিনি অপরাধী। তিনি দোষী কিংবা নির্দোষ, সেটি সাক্ষ্য–প্রমাণের ভিত্তিতে আদালত নির্ধারণ করবেন। দোষী হলে শাস্তি পাবেন। কিন্তু সরকার আদালতের রায়ের অপেক্ষা না করেই তিন মেয়রকে শাস্তি দিচ্ছে।
এর আগে বিভিন্ন পৌরসভা ও উপজেলা ও ইউপি চেয়ারম্যান ও সদস্যরা মামলার কারণে পদচ্যুত হলেও সিটি করপোরেশনের পদাধিকারীদের পদচ্যুত করার ঘটনা এই প্রথম। সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে চট্টগ্রামের মেয়র মহিউদ্দিন চৌধুরী, সিলেটের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান প্রমুখকে মামলা দিয়ে পদচ্যুত ও কারাগারে পাঠিয়েছিল। ক্ষমতাসীনদের ভাষায়, সেসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যেই করা হয়েছিল। তাহলে বর্তমানে বিএনপি সমর্থক মেয়রদের মামলাগুলোকে কীভাবে ব্যাখ্যা করা যাবে? সংবিধান সমুন্নত রাখা এবং জনপ্রতিনিধিদের ক্ষমতায়নে বিশ্বাসী আওয়ামী লীগ সরকার কেন বিরাজনীতিকরণ সরকারকে অনুসরণ করবে?
বিশেষজ্ঞরা মনে করেন, স্থানীয় সরকার সংস্থার পদাধিকারীদের পদচ্যুত করার যেসব বিধান আছে, সেটি সাংসদসহ যেকোনো নির্বাচিত প্রতিনিধির জন্য প্রযোজ্য। সাংসদেরা যদি নিম্ন আদালতে দণ্ডিত হয়ে কিংবা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়ে পদে বহাল থাকতে পারেন, মেয়ররা পারবেন না কেন? তাঁরা বিরোধী দলের সমর্থক বলে? আইন তো সবার জন্য সমান হওয়ার কথা। বিএনপির মেয়রদের জন্য ভিন্ন আইন হতে পারে না। একজন জনপ্রতিনিধি অপরাধ করেছেন কি না, সেটি নির্ধারণ করার দায়িত্ব আদালতের, নির্বাহী বিভাগের নয়। অথচ সরকার কারও বিরুদ্ধে মামলা ঠুকে কিংবা আদালতে অভিযোগপত্র দাখিল করেই একের পর এক জনপ্রতিনিধিকে গ্রেপ্তার ও পদচ্যুত করছে; তাঁদের রিমান্ডে নিচ্ছে। এটি নির্বাচিত প্রতিনিধিদের জন্য শুধু অপমানজনক নয়, তাঁদের যাঁরা নির্বাচিত করেছেন, সেই ভোটারদের প্রতি অসম্মানজনক।
এভাবে যেকোনো অজুহাতে বিরোধী দলের সমর্থক সিটি মেয়রদের ওপর আইনের অন্যায় খড়্গ নেমে এলে ভবিষ্যতে ক্ষমতাসীন দলের বাইরের কেউ স্থানীয় সরকার সংস্থার কোনো পদে নির্বাচন করতে চাইবেন না। ইতিমধ্যে জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া সব দলই বর্জন করেছে। সেই পরিষদে যাঁরা নির্বাচিত হয়েছেন, সবাই আওয়ামী লীগার। তাহলে কি সরকার স্থানীয় সরকার সংস্থায় কেবল নিজ দলের প্রতিনিধিই দেখতে চায়?
রাজনৈতিক সরকারের যেমন জনগণের প্রতি অঙ্গীকার থাকে, তেমনি মেয়ররাও তাঁদের ভোটারদের প্রতি কিছু অঙ্গীকার করেছেন। এখন তাঁদের দায়িত্ব পালন করতে না দিলে কীভাবে তাঁরা সেই অঙ্গীকার পূরণ করবেন?
তিন সিটি মেয়রের বিরুদ্ধে আনীত মামলাগুলো বিশ্লেষণ করলে দেখা যাবে, বেশির ভাগই রাজনৈতিক উদ্দেশ্যে করা। আর যেসব মামলা রাজনৈতিক নয়, সেগুলোর মূল এজাহারে তাঁদের নাম ছিল না। পরে সম্পূরক চার্জশিটে তাঁদের নাম যুক্ত করা হয়েছে। একজন নির্বাচিত মেয়রকে একাধিকবার রিমান্ডে নেওয়া কিংবা আদালতের রায়ে দায়িত্ব পাওয়ার পর নতুন মামলা দিয়ে দায়িত্ব পালনে বাধা দেওয়া কোনোভাবেই গণতান্ত্রিক মানসিকতার পরিচায়ক নয়। মেয়রদের পদচ্যুত করায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ভোটাররা, যাঁরা তাঁদের নির্বাচিত করেছেন। অনেক দেশে নির্বাচিত প্রতিনিধিদের রি-কল বা প্রত্যাহার করার যে বিধান আছে, বাংলাদেশেও সেটি চালু করা যেতে পারে। কিন্তু সেটি তো বেছে বেছে বিরোধী দলের সমর্থক বা মনোনীত প্রতিনিধিদের জন্য হতে পারে না, সবার জন্য হতে হবে।
অতীতে বিএনপির আমলে আওয়ামী লীগের সমর্থিত মেয়র এবং আওয়ামী লীগ আমলে বিএনপির সমর্থিত ব্যক্তিকে মেয়র পদে নির্বাচিত করা হলেও কাউকে পদচ্যুত করা হয়নি। করা হলে ঢাকা সিটির প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফ কিংবা চট্টগ্রামের
মনজুর আলম মেয়র পদে বহাল থাকতে পারতেন না। এখন যাঁরা তিন সিটির মেয়রদের বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রের
কথা বলছেন, তাঁদের শুধু জনতার মঞ্চের কথা স্মরণ করিয়ে দেব। আমরা এখানে জনতার মঞ্চের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছি
না, একটি সরকারকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করার পরও তারা সেদিন ঢাকার মেয়রকে পদচ্যুত করেনি। এ কথাটি ক্ষমতাসীনদের মনে রাখা প্রয়োজন।
গণতন্ত্রের সৌন্দর্যই হলো বৈচিত্র্যের মধ্যে ঐক্য। বহু মতের ও পথের সমন্বয়ে একটি প্রতিষ্ঠান পরিচালনা। কোনো দলীয় সরকারের অধীনে স্থানীয় সরকারে ভিন্ন দলের পদাধিকারী থাকলে ক্ষমতার যেমন ভারসাম্য থাকে, তেমনি গণতন্ত্রও সংহত হয়। অন্যদিকে ভিন্ন মেয়র স্থানীয় সরকার সংস্থার প্রতিনিধিরাও দায়িত্ব পালনের ক্ষেত্রে অধিকতর সজাগ থাকেন। এতে কেন্দ্রীয় সরকার ও স্থানীয় সরকার সংস্থার কাজে ভারসাম্য প্রতিষ্ঠার পাশাপাশি জবাবদিহি নিশ্চিত হয়। বিএনপি ২০১৪ সালের নির্বাচন বর্জন করেও যখন পরবর্তী স্থানীয় সরকার সংস্থার নির্বাচনগুলোতে অংশ নিয়েছে, তখন ধরে নিতে হবে যে তারা সরকারের বৈধতাকে স্বীকার করে নিয়েছে, তাদের সঙ্গে কাজ করতেও তৈরি রয়েছে।
বলার অপেক্ষা রাখে না যে সরকারের হঠকারী সিদ্ধান্তের কারণে তিন সিটি করপোরেশন পরিচালনায় স্থবিরতা দেখা দিয়েছে। জনদুর্ভোগ বেড়েছে। নির্বাচিত প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থা কমে আসছে। কোনো গণতান্ত্রিক সরকারের আমলে স্থানীয় সরকার সংস্থা পরিচালনায় এ রকম মন্দ নজির কেউ আশা করে না।
ইতিমধ্যে তিন সিটি করপোরেশনের মেয়াদ সাড়ে তিন বছর পার হয়েছে। বাকি দেড় বছর তাঁরা যাতে নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারেন, অবিলম্বে সেই ব্যবস্থা নেওয়া উচিত। সিটি করপোরেশনভুক্ত জনগণের কল্যাণ এবং উন্নয়নের ধারা এগিয়ে নেওয়ার জন্যও সেটি করা প্রয়োজন।
দয়া করে ভোটারদের অসম্মান করবেন না।
সোহরাব হাসান: কবি, সাংবাদিক।
[email protected]