ধন্যবাদ ড. আতিউর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড. আতিউর রহমান
ড. আতিউর রহমান

খুব মনঃকষ্ট নিয়ে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে! অভিনন্দন জানাব না আপনার পদত্যাগের সিদ্ধান্তে, ট্রাজিক প্রস্থানে, ধন্যবাদ জানাতে হচ্ছে! আপনার বন্ধু হিসেবে নয়! দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে দ্বিধাহীনভাবে এ কথা বলা যায়, আপনি বাংলাদেশ ব্যাংকের ৪৫ বছরের ইতিহাসে সবচেয়ে সফল গভর্নর, অথচ বিদায় নিলেন ব্যর্থতার কালিমা নিয়ে! তবে এ বিদায়ে গৌরব আছে বৈকি! আপনি স্বেচ্ছায় সব ব্যর্থতার দায়িত্ব কাঁধে নিয়ে পদত্যাগ করলেন! আপনি নির্দোষ, কিন্তু দায় নিয়েছেন বীরের মতো! আপনাকে অভিনন্দন।
এ কথা আপনার নিশ্চয়ই স্মরণে আছে, আপনি গভর্নর হওয়ার আগে আমাদের আড্ডায় উঠে​ এসেছিল গ্রিক ট্রাজেডি প্রসঙ্গ। ‘ভবিতব্য’ বা ‘অদৃষ্ট’ ‘ট্র্যাজেডি নির্মাণে নিয়ামক ভূমিকা রাখে’। আপনার জীবনেই যে তা সত্য হয়ে দেখা দেবে, তা কি কেউ ভেবেছিলাম! আপনার শ্রমসাধ্য সাফল্য আর আকস্মিক ট্রাজিক বিদায় আপনাকে বীরোচিত নায়কে পরিণত করেছে! শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে যে নাটকীয় উন্নয়ন সাধিত হচ্ছে, তার একজন প্রধান ‘Actor’ যে আপনি, সে কথা তো বলাই বাহুল্য! আপনার সুচিন্তিত সিদ্ধান্ত আর তার সাহসী প্রয়োগে আমাদের ব্যাংকিং ব্যবস্থা কৃষকবান্ধব হয়েছে, মুদ্রাস্ফীতি রোধ করে বাজার ও টাকার মূল্যমান স্থিতিশীল থেকেছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ সর্বকালের সর্বোচ্চ স্থানে উন্নীত হয়েছে! অর্থনৈতিক প্রবৃদ্ধির হার আশ্চর্যজনকভাবে বৃদ্ধি পাচ্ছে! ব্যাংকের শৃঙ্খলা ফিরিয়ে আনতে কার্যকর ব্যবস্থা নিয়েছেন, যদিও ঋণখেলাপি সংস্কৃতির ঐতিহ্য থেকে ব্যাংকিং ব্যবস্থা অবমুক্ত করা সম্ভব হয়নি! সুদের হার কমিয়ে বিনিয়োগের পরিবেশ সৃষ্টির প্রয়াস নিয়েছেন! এক কথায় বাংলাদেশের অর্থনীতি এক নতুন যুগে পদার্পণকালে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন! অথচ সেই আপনি ব্যর্থ হলেন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি রোধে অথবা সঠিক সময়ে যথাযথ পদক্ষেপ নিতে! এ ব্যর্থতা যে কারও জীবনে ঘটতে পারে! আপনার সততা নিয়ে কোনো প্রশ্ন নেই! আপনি শতভাগ সৎ ও নিষ্ঠাবান দেশপ্রেমিক মানুষ! হয়তো চুরি রোধ করার সরাসরি দায়িত্ব আপনার নয়! কিন্তু গভর্নর হিসেবে আপনাকে তো দায়িত্ব নিতে হবে। আপনি তা নিয়েছেন এবং পদত্যাগ করে যে নজির স্থাপন করেছেন, তা দৃষ্টান্ত স্থাপনকারী এবং বাংলাদেশের ইতিহাস বিশ্রুত! মাননীয় প্রধানমন্ত্রী আপনার সাহস ও সততার প্রশংসা করে বলেছেন, ‘আতিউর দৃষ্টান্ত স্থাপন করেছেন!’ আপনাকে অভিবাদন!

অথচ এই মহাদুর্ঘটনাকে কেন্দ্র করে কিছু কিছু গণমাধ্যমে ও সামাজিক যোগাযোগমাধ্যমে যে অরুচিকর, অশ্লীল ও আপত্তিকর সংবাদ ও মতামত প্রকাশিত হয়েছে, তা একাধারে পীড়াদায়ক ও অস্বাস্থ্যকর! ইতিহাসের সবচেয়ে বড় ব্যাংক রিজার্ভ চুরির এ ঘটনা যেকোনো দেশের অর্থনীতির জন্য বড় আঘাত, এ কথা সরল অঙ্ক। এ জন্য যথাযথ তদন্ত, ঘটনা উদঘাটন ও দোষী ব্যক্তিদের শাস্তি বিধান সবার জরুরি দাবি! কিন্তু অবাক বিস্ময়ে আমরা লক্ষ করছি যে কতিপয় রাজনীতিবিদ ও অন্যান্য পেশার মানুষ রহস্য উদ্ঘাটনের জোর দাবির পাশাপাশি আতিউরের ব্যক্তি চরিত্র হনন ও একজন সৎ,পরিশ্রমী মানুষকে চোর সাব্যস্ত করার হীন অভিযান চালিয়েছে। রাজনীতিবিদ ও অন্যান্য পেশাজীবী কতিপয় মানুষ যে ভাষায় ড. আতিউরকে আক্রমণ করেছেন, তা এক কথায় অভদ্রোচিত। আমাদের এক অগ্রজ বন্ধু ​রাজনীতিবিদ অনেকটা রায় দেওয়ার ভঙ্গিতে ড. আতিউরকে খুব বিশ্রীভাবে ড. ইউনূসের চেলা সম্মোধন করে বরখাস্ত করার কথা বলে শাস্তি দাবি করেছেন, যা অনাকাঙ্ক্ষিত। এখানেই শেষ নয়! তিনি লজ্জাজনকভাবে ড. আতিউরকে হেয় করার নিমিত্তে তাঁর জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্তি, গভর্নরের ক্ষমতার প্রভাবজাত বলে মন্তব্য করেছেন, যা আমাদের ওই অগ্র​জের ভাবমূর্তির পরিপন্থী! বাংলাদেশের মানুষ মাত্রই জানেন, ড. আতিউর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধাভাজন শিক্ষক, স্বনামধন্য গবেষক এবং শিল্প-সাহিত্যরসিক! নাম উল্লেখ না করেই বলছি, সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে যে নির্দয়ভাবে তাঁর চরিত্র হনন করা হয়েছে, তা ড. আতিউরের প্রাপ্য নয় এবং অনভিপ্রেত।

 সফল, অনুকরণীয় একজন অর্থনীতিবিদ

 ড. আতিউর তাঁর ব্যর্থতার জন্য নিন্দিত হবেন, শাস্তি পাবেন—এটি স্বাভাবিক এবং তা মেনেই বলছি, ড. আতিউরের অবদানের জন্য তাঁর প্রাপ্য সম্মান তো তাঁকে আমাদের দিতে হবে! আমরা এমনই দুর্ভাগা জাতি যে জাতির পিতাকে নিহত হতে দেখেছি। মুক্তিযুদ্ধের মহানায়কদের হত হতে দেখেছি। এখন শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিবাদবিরোধী আধুনিক রাষ্ট্রের ক্লান্তিহীন কর্মীদের চারিত্রিকভাবে হত্যার উৎসব আয়োজন দেখছি! এ বড় আত্মঘাতী খেলা! ড. আতিউর ভুল করেছেন! তাই দায়িত্ব নিয়ে পদত্যাগ করেছেন! এ মুহূর্তে আমাদের করণীয়, এই মহাচুরির সঙ্গে যারা জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির বিধান করা! চুরির অর্থ উদ্ধারে সরকারের ওপর চাপ অব্যাহত রাখা এবং তারপর সবাই মিলে সামনে এগিয়ে যাওয়া।

ড. আতিউরের সঙ্গে দীর্ঘদিন কাজ করার সুযোগ আমার হয়েছে! সংস্কৃতি ও রাজনীতির একজন কর্মী হিসেবে আমি, সামসুল আরেফিন, আতিউর, আবেদ খানসহ আমরা কজন স্বৈরাচার, সাম্প্রদায়িকতাবিরোধী আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন, যুদ্ধাপরাধী বিচারের দাবির আন্দোলনে খুব ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ হয়েছিল! ড. আতিউরের সততা, মেধা, নিষ্ঠা ও পরিশ্রম আমাদের শুধু মুগ্ধই করেনি, আলোকিতও করেছে! সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনার মুক্তির দাবি ও গণতন্ত্রের দাবিতে পরিচালিত আন্দোলনে তাঁর বুদ্ধিদীপ্ত কৌশলগুলো আন্দোলনকে সাফল্যের পথে এগোতে ভূমিকা রেখেছে!

দরিদ্র কৃষকের সন্তান রাখাল বালক থেকে দেশের সর্বোচ্চ অর্থনৈতিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর পদ অলংকৃত করা তো রূপকথাকেও হার মানায়! কিন্তু এ কাহিনি তো সত্যি। বাস্তব! আমাদের কালে আমাদের দৃষ্টিসীমায় ঘটেছে! মানুষের পরিশ্রম, নিষ্ঠা, সততা, মেধা ও চর্চা যে সব বাধা অতিক্রম করে সাফল্যের স্বর্ণোজ্জ্বল ভূমিতে মানুষকে পৌঁছে দিতে পারে, ড. আতিউর তাই প্রমাণ করেছেন। ড. আতিউর হতে পারেন তো নতুন প্রজন্মের ‘রোলমডেল’! কিন্তু ট্র্যাজেডির নায়কের মতো ভবিতব্য বা অদৃষ্ট নির্ধারিত রায় তো তাঁর কপালে লেখা! তাই হয়তো এ প্রস্থান।

কিন্তু এই কি ইতিহাসের শেষ কথা! তাহলে ড. আতিউর কি হারিয়ে যাবেন ব্যর্থতার দায় কাঁধে নিয়ে! না, তা হবার নয়! আতিউরের মতো মানুষেরা সততা ও সাহসের সঙ্গে সব দুর্যোগ মোকাবিলা করে মানুষের পাশে দাঁড়াতেন চিরকাল! আমাদের আতিউর নিশ্চিত সব বাধাবিপত্তি পার হয়ে বিজয়ী সৈনিকের মতো দাঁড়াবেন জাতির সামনে! লড়বেন অর্থনৈতিক মুক্তির জন্য! জয় বাংলা!!