ধরতে হবে মূল হোতাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক পাচারের মতো সংঘবদ্ধ অপরাধের ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জনগণের প্রত্যাশা কী? কয়েক শ বা হাজার পিস ইয়াবা কিংবা বোতল ফেনসিডিল উদ্ধার কিংবা কিছু আসামিকে গ্রেপ্তার? নাকি উপযুক্ত কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মাদক পাচারের উৎস নির্মূল করা, অর্থাৎ সমস্যার মূল কারণগুলোকে চিহ্নিত করে সমস্যার বাস্তব সমাধান করাই সর্বসাধারণের প্রত্যাশা। কিন্তু একটি মাদক পাচার মামলার ক্ষেত্রে প্রথাগত কী চিত্র আমরা দেখি? ইয়াবা বা ফেনসিডিলের খাদক, বাহক বা খুচরা বিক্রেতার বিরুদ্ধে এজাহার দায়ের করা হয় এবং এর পরিবেশক, স্থানীয় গডফাদার বা আশ্রয়দাতা, অর্থ জোগানদাতা, সহযোগী, সীমান্ত বা ট্রানজিটে সহায়তা প্রদানকারী প্রভৃতি কাউকেই গ্রেপ্তার করা হয় না, এমনকি চিহ্নিতও করা হয় না। মাদক পাচারের মতো একটি সংঘবদ্ধ অপরাধের তদন্ত কোনো অতৃপ্তি, প্রশ্ন কিংবা অসন্তোষ ছাড়া শেষ হয়। তদন্ত (ও তদন্ত তদারকি) কর্মকর্তাদের কাছে অপরাধে জড়িত সম্ভাব্য সব ধরনের নিয়ামক গোষ্ঠীর চিহ্নিতকরণের বিষয়টি কদাচিৎ গুরুত্ব পায়।

সরকার মাদকের অপব্যবহারকে অন্যতম মারাত্মক সমস্যা হিসেবে চিহ্নিত করেছে এবং এর প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য আন্তর্জাতিক, আঞ্চলিক ও দ্বিপক্ষীয় প্রচেষ্টার প্রতি দৃঢ়ভাবে অঙ্গীকার ব্যক্ত করেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০-এর আওতায় মাদকদ্রব্য অপব্যবহার প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য মাদক পাচার মামলার তদন্ত এবং মাদক চোরাচালানকারীর সম্পত্তি জব্দ ও বাজেয়াপ্তকরণের নির্দেশনা রয়েছে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপ বা তৎপরতা খুবই সীমিত।

মাদক পাচার একটি সংঘবদ্ধ অপরাধ। সংঘবদ্ধ অপরাধ চক্রের সুনির্দিষ্ট পদসোপান থাকে এবং বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে তারা সাধারণত অর্থ উপার্জনের লক্ষ্যে একের অধিক অপরাধে জড়িত হয়। যেহেতু সংঘবদ্ধ অপরাধ দলের সদস্যদের সাধারণ উদ্দেশ্য থাকে অর্থ উপার্জন, তাই সংঘবদ্ধ অপরাধের তদন্তে অপরাধের মাধ্যমে অর্জিত অর্থ তথা ক্রাইম প্রসিডসকে অনুসরণ করে সংঘবদ্ধ দলের মূল হোতা, মুখ্য আয়ভোগীসহ বিভিন্ন সদস্যদের শনাক্ত করতে হয়।

প্রযোজ্য ক্ষেত্রে, অপরাধলব্ধ আয় বা সম্পত্তি বা সংশ্লিষ্ট ব্যাংক হিসাব জব্দ করতে হয়। যেহেতু মাঠপর্যায়ের সক্রিয় অপরাধী, তথা ‘ফিল্ড অপারেটিভদের’ ধরে অপরাধ পরিস্থিতির ‘কার্যকর’ উন্নতি করা যায় না এবং বিপরীতক্রমে, যাদের ধরে অপরাধ পরিস্থিতির উন্নতি করা যাবে, সে সংঘবদ্ধ অপরাধের মূল হোতা বা মুখ্য আয়ভোগীদের ‘দেখা’ যায় না, তাই অপরাধলব্ধ আয় বা ক্রাইম প্রসিডস অনুসরণ করেই তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করতে হয়। বিশেষ করে, ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের সুষ্ঠু প্রয়োগের মাধ্যমে অপরাধ চক্রের মূল হোতা বা মুখ্য আয়ভোগীদের আইনের আওতায় আনার কৌশল জানা তদন্তকারী ও তদারককারী পুলিশ কর্মকর্তাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ।

সরকার অতি সম্প্রতি মাদক গডফাদারদের সম্পত্তি জব্দের সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে, নীতিনির্ধারণী পর্যায় থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাদকবিরোধী পারফরম্যান্স মনিটরিংয়ের জন্য কোনো কার্যকর ‘পারফরম্যান্স ইন্ডিকেটর’ নেই। মাঠপর্যায়ের পুলিশকে বছর শেষে মাদকবিরোধী অভিযানে সাফল্যের ‘ক্রেস্ট’ উপহার দেওয়া হয় রুজুকৃত মামলার সংখ্যা, উদ্ধারকৃত মাদকের পরিমাণ ও সংক্ষিপ্ত বিচারে আসামির সাজার হার দেখে। কিন্তু তদন্ত বা বিচারে খাদক, বাহক বা খুচরা বিক্রেতার বাইরে অর্থলগ্নিকারক, সীমান্তের ‘ঘাটমালিক’ বা মূল হোতা বা দেশজুড়ে বিস্তৃত ডিলার ও মাদকের অর্থে সুবিধাভোগী, তথা মুখ্য আয়ভোগীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে কি না, এ নিয়ে কোনো পুরস্কার, তিরস্কার বা তদারকি নেই।

নীতিনির্ধারণী পর্যায় থেকে একটি কার্যকর ‘পারফরম্যান্স ইন্ডিকেটর’ নেই বলেই মাঠপর্যায়ে পুলিশের তদন্ত চলে আরবিসিকেন্দ্রিক। বিজিবি বা কোস্টগার্ডের ফোকাস থাকে মাদক ‘উদ্ধারের পরিমাণ’-এর ওপর, তাতে মামলা হোক বা না হোক, এমনকি কথিত উদ্ধারের পর কখনো কখনো কোনো জিডিও হয় না, কোনো আসামিও থাকে না। আবার মাসে নির্দিষ্টসংখ্যক (যেমন আটটি) মামলার টার্গেট নিয়ে মাদকদ্রব্য অধিদপ্তরের মাঠপর্যায়ের অধিকাংশ সদস্যের ফোকাস থাকে মামলা রুজুর সংখ্যার ওপর, তাতে আসামি ধরা পড়ুক বা পলাতক থাকুক। আধা বোতল ‘বাংলা মদ’, একটি গাঁজাগাছ বা দুই বোতল ফেনসিডিল দিয়ে কথিত পলাতক আসামির বিরুদ্ধে মামলা রুজুর চর্চা আসলে ত্রুটিপূর্ণ ‘পারফরম্যান্স ইন্ডিকেটর’কেই কাঠগড়ায় দাঁড় করায়।

একটা সম্ভাব্য ‘পারফরম্যান্স ইন্ডিকেটর’ হতে পারে মূল হোতা বা মুখ্য আয়ভোগীদের তালিকা করে তাদের আইনের আওতায় আনতে পারার সংখ্যা বা অনুপাত। ধরা যাক, নড়াইল জেলায় আটজন মুখ্য আয়ভোগী, যাদের নিষ্ক্রিয় করা গেলে জেলার মাদক পরিস্থিতির তাৎপর্যপূর্ণ ইতিবাচক পরিবর্তন আসবে। কিন্তু জেলার প্রায় (ধরা যাক) সহস্রাধিক আরবিসির বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়ে আদৌ পরিস্থিতির কোনো উন্নতি হবে না। অথচ আটজন মুখ্য আয়ভোগীকে মাদকদ্রব্য আইন ও মানি লন্ডারিং আইনের আওতায় আটক করে তাদের অপরাধলব্ধ আয়ে গড়া অস্থাবর ও স্থাবর সম্পত্তি জব্দ করে ও তাদের ব্যাংক হিসাবে রাখা নগদ অর্থ ফ্রিজ করে আমরা সমাজে কঠিন মাদকবিরোধী বার্তা পাঠাতে পারি। এমনিভাবে সারা দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত ৩০০ মূল হোতাকে আইনের আওতায় আনার মুখ্য দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেওয়া যেতে পারে। সাধারণভাবে বিনিয়োগকারী বা মূল হোতার বাড়ি তল্লাশি করে আপনি ইয়াবা বা ফেনসিডিল পাবেন, এমন আশা না করাই ভালো। অপরাধলব্ধ আয় বা ক্রাইম প্রসিডস অনুসরণ করে বিনিয়োগকারী বা মূল হোতাকে আইনের মুখোমুখি করাই রীতি। তাহলেই মাদকবিরোধী অভিযানে সাফল্য আসবে বলে আশা করা যায়।

মো. শাহ আলম কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) ফরেনসিক ট্রেনিং ইনস্টিটিউট, সিআইডি, ঢাকা