ধর্মবাদীদের নিয়ে টানাটানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধান অনুযায়ী ধর্মনিরপেক্ষ বাংলাদেশের রাজনীতিতে এখন আর ইহজাগতিকদের ‘ভাত’ নেই। সবকিছু ধর্মবাদীরা দখল করে নিচ্ছে। তবে সেটি পরকালের জন্য যতটা নয়, ইহকালের তরক্কির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে ধারণা করি।

সরকার কওমি মাদ্রাসাগুলোর অভিভাবক সংগঠন হেফাজতে ইসলামের সঙ্গে কতটা আপস করেছে কি করেনি, তার চেয়েও গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে দাঁড়িয়েছে, এই আপসের পেছনে ইহজাগতিক কোনো বিষয় যুক্ত আছে কি না। সেই প্রশ্ন আরও জোরদার হতে দেখি, যখন আপসরফার সঙ্গে রেলওয়ের এক খণ্ড জমির বিষয়টি সামনে আসে। এতে ধারণা করি, হেফাজতে ইসলাম কেবল মানুষের পরকালের বিষয় নিয়েই ভাবে না, নিজেদের ইহকালের কথাটিও তারা মাথায় রাখে।

আওয়ামী লীগের সঙ্গে হেফাজতে ইসলামের প্রথম আপসরফার বিষয়টি স্পষ্ট হয় যখন তাদের আপত্তির কারণে পাঠ্যবই থেকে বেশ কিছু লেখা বাদ দেওয়া হয়। এই লেখাগুলো কীভাবে ও কার নির্দেশে বাদ পড়ল, সেই রহস্য আজও উন্মোচিত হয়নি। অদূর ভবিষ্যতে হবে, তার সম্ভাবনা নেই। তবে হেফাজতে ইসলামের নেতারা খুশি হয়েছেন।

১৯৯৮ সালে আওয়ামী লীগ সরকার নারী উন্নয়ন নীতি ঘোষণা করলে ধর্মবাদী রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনগুলো এর বিরুদ্ধে প্রতিবাদমুখর হয়ে ওঠে। এখানে মনে রাখা দরকার, নারী উন্নয়ন নীতি কোনো আইন নয়। একটি নীতি ঘোষণা, যার ভিত্তিতে পরবর্তীকালে আইন করা যেতে পারে। ২০০১ সালের নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসার পর ২০০৪ সালে সেই নারী উন্নয়ন নীতির খোল নলচে বদলে ফেলে, যা ধর্মবাদীদের আশ্বস্ত করে। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকার আবার এই নীতির সংস্কার করতে গেলে ইসলামপন্থীরা সরব হয়। ২০০৮ সালের নির্বাচনে ফের আওয়ামী লীগ ক্ষমতায় এসে পুরোনো নীতিটি পুনর্বহাল করতে চাইলে ২০১০ সালের ১৯ জানুয়ারি শতাধিক কওমি মাদ্রাসার শিক্ষকনেতারা হেফাজতে ইসলাম নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করে ১৩ দফা কর্মসূচি নিয়ে মাঠে নামেন। এর পাঁচ নম্বর দফায় ছিল ‘ইসলামবিরোধী নারীনীতি, ধর্মহীন শিক্ষানীতি বাতিল করে শিক্ষার প্রাথমিক স্তর থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত ইসলামধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করা।’ এর মধ্যেই সংশোধিত নারী উন্নয়ন নীতি ২০১১ ঘোষিত হয়। হেফাজতের পূর্বোক্ত দাবির পেছনে যুক্তি নেই এ কারণে যে বাংলাদেশে এ পর্যন্ত কোনো সরকারই ধর্মহীন নারীনীতি বা শিক্ষানীতি চালু করেনি। বরং ধর্মনিরপেক্ষ ধ্যানধারণায় বিশ্বাসী মানুষের অভিযোগ সরকার মুখে ধর্মনিরপেক্ষতার কথা বললেও শিক্ষানীতিতে তার প্রতিফলন নেই। এমনকি শিক্ষামন্ত্রী তাঁর সরকারের আমলে মাদ্রাসায় সবচেয়ে বেশি বরাদ্দ দিয়েছেন বলেও দাবি করেছেন।

২০১৩ সালের ৫ মে ১৩ দফা বাস্তবায়নের দাবিতে আন্দোলনের নেমে হেফাজতে ইসলাম নামের সংগঠনটি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যে তাণ্ডব ঘটিয়েছিল, তা কারও অজানা নয়। তারা সেদিন মতিঝিলের শাপলা চত্বর দখল করে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছিল। তাদের আক্রমণের অন্যতম লক্ষ্যবস্তু ছিল শাহবাগে গণজাগরণ মঞ্চ। কিন্তু সেখানে আক্রমণ হলে গণজাগরণ মঞ্চের কর্মীরা তা রুখে দেন। সেদিন গণজাগরণ মঞ্চের পক্ষে ছিল সরকার। আজ কার পক্ষে, সেটি বলা কঠিন। আজ হেফাজত মাঠে না থাকলেও সরকারের কাছাকাছি আছে বলে মনে করেন বিশ্লেষকেরা। আর গণজাগরণ মঞ্চ বিস্ময়করভাবে নিষ্ক্রিয়।

পাঠ্যবই পরিবর্তনে দেশের মুক্তবুদ্ধির লোকজন নাখোশ হলেও হেফাজতের নেতাদের যারপরনাই খুশি করেছে। এরপর কওমি মাদ্রাসার সর্বোচ্চ স্তরকে স্নাতকোত্তর ডিগ্রির মর্যাদা দেওয়া হয়। এ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাহ আহমদ শফীসহ কওমি মাদ্রাসার শীর্ষ ব্যক্তিদের সঙ্গে বৈঠকও করেন। এ নিয়ে খোদ সরকারের কেউ কেউ ক্ষীণকণ্ঠে প্রতিবাদ করলে প্রধানমন্ত্রী ও দলের সাধারণ সম্পাদক দুজনই দেশবাসীকে জানিয়ে দিলেন যে সরকার হেফাজতের সঙ্গে কোনো আপস করেনি। আর ওই বৈঠকটিও হেফাজতের সঙ্গে ছিল না, ছিল কওমি মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে। একের ভেতরে দুই।

হেফাজতের সঙ্গে সরকারের এই আপসরফার মধ্যেই খবর পেলাম, গত শুক্রবার (৫ মে ২০১৭) জুমার নামাজের আগে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় আহমদ শফীর কার্যালয়ে বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী মীর নাছির বৈঠক করেন। এ বৈঠকে অন্যদের মধ্যে হেফাজতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও আহমদ শফীর ছেলে আনাস মাদানী, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ, যুগ্ম আহ্বায়ক মুসলিম উদ্দিন, সদস্যসচিব সোলাইমান মনজু, চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা সালাউদ্দিন আলী, শ্রমিক দল নেতা জসিম, দিদারুর আলম, জাহাঙ্গীর আলম, পৌরসভা যুবদল নেতা আবদুর মন্নান দৌলত, আবু সাইদ, সোহেল সিদ্দিকী, ফোরকান বাচ্চু, বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মোহাম্মদ ইয়াছিন, মোহাম্মদ হাছান প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে মীর নাছির বলেছেন, ‘বৈঠকে হেফাজত আমির শাহ আহমদ শফী বলেছেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলামের সঙ্গে জঙ্গিবাদের স্লোগান তোলা হচ্ছে, জঙ্গিবাদ ও ইসলাম একসঙ্গে চলতে পারে না। আমরা যারা ইসলামপন্থী এবং ইসলামের প্রতি যাদের দরদ আছে, তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, সেটাকে রুখতে হবে।’

এদিকে গতকাল রোববার জাতীয় পার্টির প্রধান ও সাবেক সামরিক শাসক হুসেইন মুহম্মদ এরশাদ যে নতুন জোটের ঘোষণা দিয়েছেন, এগুলোর বেশির ভাগই ধর্মবাদী দল। এই জোটে নিবন্ধিত দল হলো জাতীয় পার্টি ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। এর বাইরে দুটি জোট জাতীয় ইসলামী মহাজোট ও বাংলাদেশ জাতীয় জোটকে (বিএনএ) নেওয়া হয়েছে। ইসলামী মহাজোটে আছে ৩৪টি ইসলামি দল আর বিএনএতে আছে ২২টি দল। সব মিলিয়ে এরশাদের নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের অন্তর্ভুক্ত দল হচ্ছে ৫৮টি।

নতুন জোটের ঘোষণা দিয়ে এরশাদ বলেছেন, ‘রাজনৈতিক নীতি ও আদর্শের দিক থেকে আমরা সবাই স্বাধীনতার চেতনা, ইসলামি মূল্যবোধ, তথা সব ধর্মের প্রতি সমান দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদ আদর্শের অনুসারী এবং ধারক ও বাহক।’ এমনকি তিনি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে নেই বলেও দেশবাসীকে জানিয়ে দিয়েছেন।

এখন দেখা যাচ্ছে, নির্বাচনের তারিখ যতই ঘনিয়ে আসছে, ততই ধর্মবাদীদের কদর বাড়ছে। তাদের নিয়ে রাজনীতির যে দুই প্রধান বলয়—আওয়ামী লীগ, বিএনপি—টানাটানি শুরু করেছে। আর এরশাদই-বা বসে থাকবেন কেন? তাই বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জোটের ঘোষণা দিলেন। এর আগে ১৯৮৮ সালে জাসদ নেতা ৭০টি দল নিয়ে জোট করেছিলেন।