ধর্মীয় মৌলবাদ ও পাশ্চাত্যের ভূমিকা

মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পাশ্চাত্যের দুনিয়া একদা কমিউনিজমকে প্রতিহত করার জন্য ধর্মীয় মৌলবাদকে লালন করেছিল। সোভিয়েত ইউনিয়নের পতনের পর কমিউনিজমের জোয়ার আর নেই। তবু শত্রুর তালিকায় এখনো কমিউনিজম আছে। কিন্তু তার সঙ্গে যুক্ত হয়েছে ইসলামি মৌলবাদ অথবা পাশ্চাত্যের পণ্ডিতদের ভাষায় যা হচ্ছে ‘রাজনৈতিক ইসলাম’। আজ যখন আমাদের দেশে এই ইসলামি মৌলবাদ ফ্যাসিস্ট চেহারা নিয়ে ভয়ংকর সন্ত্রাসবাদে পরিণত হয়েছে, তখন তাকে নির্মূল করার প্রয়োজনে সে সম্পর্কে পরিপূর্ণ ও সার্বিক ধারণা থাকা দরকার। আমি পূর্ণাঙ্গ আলোচনা করছি না। মৌলবাদ কেন ও কীভাবে বিকাশ লাভ করল, তার বহুবিধ দিকের মধ্যে একটি দিক নিয়েই আজ আলোচনা করব।
ইসলামি মৌলবাদ প্রসঙ্গে পাশ্চাত্যের দুনিয়ার দ্বিবিধ ভূমিকা। একদিকে তারা ইসলামি মৌলবাদসহ সব রকম ধর্মীয় মৌলবাদকে লালন করে এসেছে, অন্যদিকে ইসলামের বিরুদ্ধে ঘৃণা, বিদ্বেষ ও মিথ্যাচার এমনভাবে তৈরি করেছে, যা স্বাভাবিকভাবে প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং প্রায়ই তথাকথিত ‘পলিটিক্যাল ইসলাম’কে সন্ত্রাসের পথে ঠেলে দেয়। পরবর্তী ধাপে পশ্চিমা মহল রাজনৈতিক ইসলামের এই চেহারা দেখিয়ে আক্রমণাত্মক ভূমিকা গ্রহণ করে, নিজস্ব স্বার্থসিদ্ধির সুযোগ বের করে নেয়।
১৯ শতকে মার্ক্স-অ্যাঙ্গেলস বলেছিলেন, ‘কমিউনিজমের ভূত ইউরোপকে তাড়া করে বেড়াচ্ছে।’ সোভিয়েত পতনের পরও সেই ভূতের ভয় কিন্তু দূর হয়নি। একদা প্রেসিডেন্ট কার্টারের নিরাপত্তা উপদেষ্টা জিগনিউ ব্রেজেনস্কি ১৯৯৩ সালে একটা বই লিখেছিলেন, যার শিরোনাম ছিল আউট অব কন্ট্রোল, গ্লোবাল টারমইল অন দ্য ইভ অব টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি। এই বইয়ে তিনি কমিউনিজমের ভীতি পুনরায় প্রকাশ করেছিলেন এবং হতাশা ব্যক্ত করেছিলেন। সোভিয়েত পতনের পরপরই লেখা এ বই। তিনি বলেছেন, ‘ইউএস আমেরিকান সুপার পাওয়ার এমন এক বিশ্বের ওপর চেপে বসে আছে, যাকে মৌলিক অসাম্য সম্পর্কে অধিকতর সচেতনতা ও অবদমিত আকাঙ্ক্ষার আগ্নেয়গিরির সঙ্গে তুলনা করা চলে।’ এর থেকে পরিত্রাণের পথ কী? তিনি বলছেন, বেশি বেশি করে ধর্মীয় পুনর্জাগরণবাদকে সমর্থন করো—‘বিশেষ করে খ্রিষ্টান ও ইসলাম ধর্মকে’।
সেই সময়ের কিছু আগে-পরে আমরা দেখেছি, মার্কিন প্রশাসন আল-কায়েদা ও তার নেতা ওসামা বিন লাদেন এবং আফগানিস্তানের তালেবানকে কেবল সমর্থনই করেনি, অর্থ ও অস্ত্র দিয়ে গড়ে তুলতে সাহায্য করেছিল। পরে কী কারণে এই মধুচন্দ্রিমা ভেঙে গেল, সে আরেক ইতিহাস।
খ্রিষ্টান মৌলবাদকে সরাসরি উসকে দিয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ (জুনিয়র)। সম্পূর্ণ মিথ্যা অজুহাতে ইরাক দখলের সময় তিনি ইসলামবিদ্বেষী প্রচার তুঙ্গে তুলেছিলেন। তাঁর কিছু বক্তব্য এখানে উদ্ধৃত করা যেতে পারে: ‘যদি আমরা যিশুখ্রিষ্টের নামে ওই ধর্মবিরোধীদের (হিদেন) বিরুদ্ধে দাঁড়াতে পারি, তবেই আমরা আমাদের ইসলামি শত্রুকে পরাজিত করতে পারব।’ ‘আমরা একটি খ্রিষ্টান জাতি, আমরা বিশ্বাসীদের জাতি বলেই মুসলমানরা আমাদের ঘৃণা করে।’ (সূত্র: ২০০৩ সালের ১৬ অক্টোবর, লস অ্যাঞ্জেলেস টাইমস।
মার্কিন যুক্তরাষ্ট্র ও পাশ্চাত্যের অন্যান্য দেশের চরম দক্ষিণপন্থী রাজনৈতিক নেতৃত্ব ও প্রশাসনের জন্য ভাবাদর্শগত ও বুদ্ধিবৃত্তিক ভিত্তি তৈরি করেন কিছু নামকরা পণ্ডিত ব্যক্তি। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্যামুয়েলস হান্টিংটন ১৯৯৬ সালে ক্ল্যাশ অব সিভিলাইজেশন অ্যান্ড রিমেকিং অব দ্য ওয়ার্ল্ড অর্ডার শিরোনামে এক গ্রন্থ রচনা করেন। সেখানে তিনি বর্তমান বিশ্বের মানবসমাজকে নয়টি সভ্যতায় ভাগ করেছেন। সভ্যতার এই ধরনের শ্রেণীকরণের মধ্যে ভৌগোলিক অবস্থান, ধর্ম, নৃতত্ত্বের নানা ধরনের গোঁজামিল আছে। তিনি বলছেন, শ্রেষ্ঠ সভ্যতা হচ্ছে পাশ্চাত্যের সভ্যতা, যার মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। আর নিকৃষ্ট ও বিপজ্জনক হচ্ছে ইসলামি ও কনফুসিয়ান সভ্যতা (চীন যার অন্তর্ভুক্ত)। আর সবচেয়ে নিকৃষ্ট, বর্বর ও ভয়ংকর বিপজ্জনক হচ্ছে ইসলামি সভ্যতা, যার বিস্তার রয়েছে উত্তর আফ্রিকা, মধ্যপ্রাচ্য, পাকিস্তান, কাশ্মীর, বাংলাদেশ, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া পর্যন্ত। পাঠকেরা খেয়াল করবেন, হান্টিংটন কাশ্মীরকে আলাদা করে উল্লেখ করেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী ইসলাম ধর্ম হচ্ছে সবচেয়ে বর্বর, অসহিষ্ণু ও অনুন্নত। বিশ শতকের প্রথমার্ধে আরেক পণ্ডিত আরনল্ড টয়েনবি ২০ বছর ধরে ১০ খণ্ডে এক বিশাল গ্রন্থ রচনা করেছিলেন—এ স্টাডি অব হিস্ট্রি। সেখানে তিনিও বিশ্বকে কয়েকটি সভ্যতায় ভাগ করেছিলেন। তার মধ্যেও পাশ্চাত্যের খ্রিষ্টান সভ্যতা, ইসলামি সভ্যতা ইত্যাদি ছিল। তিনিও পাশ্চাত্যের খ্রিষ্টান সভ্যতাকে সর্বশ্রেষ্ঠ বলেছিলেন। কিন্তু ইসলাম সম্পর্কে অমন খারাপ কথা ছিল না। তিনি আশঙ্কা করেছিলেন, পাশ্চাত্যের অত উন্নত সভ্যতা ধ্বংস হতে পারে রাশিয়ার বলশেভিক ‘বর্বরদের’ (?) দ্বারা।
আজ কমিউনিস্ট সোভিয়েত নেই। পাশ্চাত্যের শত্রুর তালিকায় চলে এসেছে ‘বর্বর’ (?) ইসলাম। হান্টিংটনের পরে মাঠে নামলেন আরেক ইহুদি বুদ্ধিজীবী নরম্যান পোবোরেজ। ২০০২ সালে তিনি লিখলেন, হাউ টু উইন ওয়ার্ল্ড ওয়ার ফোর। স্নায়ুযুদ্ধকে তিনি তৃতীয় বিশ্বযুদ্ধ বলেছেন। এই যুদ্ধে পাশ্চাত্যের সভ্যতার কাছে কমিউনিজম পরাজিত হয়েছে বলে তিনি দাবি করেন। এরপর হবে পাশ্চাত্যের সঙ্গে ইসলামের যুদ্ধ। তিনি ওই রচনায় ‘ইসলামি বর্বরতা, নৃশংসতার’ ভয়াবহ বর্ণনা দিয়েছেন। এরপর তিনি আরেকটি প্রবন্ধ লেখেন, ‘এ কেস ফর বোম্বিং ইরান’, যেখানে তিনি ইরান আক্রমণের পক্ষে যুক্তি হাজির করেছেন।
এ রকম দৃষ্টান্ত আরও অনেক আছে। এই ধরনের উসকানিমূলক বক্তব্য সাধারণ মুসলমানকে যেমন ক্ষুব্ধ করে, তেমনি ইসলামি মৌলবাদকে উসকে দেয় এবং সহিংসতার পথে নিয়ে যায়। এ ছাড়া পাশ্চাত্যের সরাসরি আগ্রাসনও মুসলমানদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, যা সহিংসতার দিকে ধাবিত হয়েছে। মৌলবাদের বিস্তার সম্পর্কে এমনকি ইউএনডিপির পর্যবেক্ষণটিও তাৎপর্যপূর্ণ। ১৯৯৯ সালের দিকেই ইউএনডিপির এক রিপোর্টে বলা হয়েছে, ‘বিশ্বজোড়া ভোগবাদী সংস্কৃতি এবং সাংস্কৃতিক সমসত্ত্বতা গড়ে তোলার জের হিসেবে মৌলবাদী তৎপরতা বেড়েছে।...স্থানীয় আঞ্চলিক সাংস্কৃতিক চর্চায় ফের উৎসাহ দেখা দিচ্ছে, রাজনৈতিক আন্দোলনে স্থানীয় সংস্কৃতি ও আত্মপরিচয় রক্ষার প্রশ্নটি গুরুত্ব পাচ্ছে। স্নায়ুযুদ্ধ-পরবর্তী পৃথিবীতে সংস্কৃতির বিষয়টি রাজনীতিতে মতাদর্শের জায়গা নিচ্ছে। মৌলবাদী আন্দোলনগুলোর বিকাশের মধ্যে তা প্রতিফলিত হচ্ছে।’
পাশ্চাত্যের উসকানি ও সাংস্কৃতিক আগ্রাসন থেকে মৌলবাদের বিস্তার ঘটলেও তা সহিংসতার রূপ নিয়েছে অধিকাংশ ক্ষেত্রে সরাসরি মার্কিন প্রশাসনের মদদে। আল-কায়েদা ও তালেবান তাদেরই সৃষ্টি ছিল, যা পরে তাদের ফ্রাঙ্কেনস্টাইন হয়ে উঠেছে। একইভাবে প্রায় দেড়-দুই দশক পর একই ঘটনার পুনরাবৃত্তি হলো। মার্কিন প্রশাসন, সৌদি রাজতন্ত্র ও তুরস্কের প্রতিক্রিয়াশীল সরকারের মদদে তৈরি হয়েছিল ‘আইএস’। লক্ষ্য ছিল বাশার সরকারকে ফেলতে হবে। এখন আইএসও ফ্রাঙ্কেনস্টাইনে পরিণত হয়েছে।
বাংলাদেশে আইএসের শাখা আছে কি না, তা নিয়ে বিতর্ক আছে। তবে এখানকার জঙ্গিবাদ যে আইএস বা অনুরূপ আন্তর্জাতিক মৌলবাদী সন্ত্রাসী দল ও তাদের আদর্শ দ্বারা অনুপ্রাণিত, তাতে কোনো সন্দেহ নেই। সরকার অবশ্য আইএসের অস্তিত্ব স্বীকার করতে চায় না। আমরা বুঝতে পারছি, আইএসকে দমনের নামে কারা বাংলাদেশে সরাসরি ঢুকে পড়তে পারে। যেমনটি ঘটেছে পাকিস্তানে। তারা হলো মার্কিন প্রশাসন। একদিকে তারাই মৌলবাদকে মদদ দিচ্ছে, অন্যদিকে তারাই মৌলবাদ দমনের নামে অন্য দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করতে দ্বিধা করবে না।
আমাদের দেশেও যে মৌলবাদী সন্ত্রাসবাদ ভয়াবহরূপে আত্মপ্রকাশ করেছে, তা সাংগঠনিকভাবে না হলেও ভাবাদর্শগতভাবে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের অংশ। এবং সে জন্য মার্কিন প্রশাসনসহ পাশ্চাত্য দুনিয়ার দায়দায়িত্ব কম নয়।
হায়দার আকবর খান রনো: রাজনৈতিক বিশ্লেষক। সভাপতিমণ্ডলীর সদস্য, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি।