ইব্রাহিম হুপারের সঙ্গে কথা হলো টেলিফোনে। ইতিহাস ও সাংবাদিকতায় তিনি যথাক্রমে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন। আমেরিকার মুসলিমদের শীর্ষ সংগঠন হচ্ছে কেয়ার। পুরো নাম কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস (কেয়ার)। রক্ষণশীল হিসেবে এর প্রতি অনেকের সজাগ দৃষ্টি আছে। হুপার ধর্মান্তরিত মুসলিম। সংগঠনের মুখপাত্র তিনি।আমেরিকার মুসলিম ভোটারদের ৮৫ শতাংশের বেশি বারাক ওবামাকে ভোট দিয়েছেন বলে কেয়ার একটি সমীক্ষার ফল প্রকাশ করেছে। ২০০৪ সালে তারা একটি জরিপ করেছিল এটা বুঝতে যে মার্কিনদের মধ্যে মুসলিমবিরোধী মনোভাব কতটা প্রকট। তাতে তারা দেখেছিল, এক-চতুর্থাংশ মার্কিন মুসলিম সম্পর্কে যেসব রটনা আছে, তা বিশ্বাস করেন। টুইন টাওয়ার হামলার পর যে ভুল-বোঝাবুঝি সৃষ্টি হয়েছিল, তার অনেকটাই এখন উবে গেছে।তবে আমেরিকা হচ্ছে এমন একটি দেশ, যেখানে কী কাণ্ড যে না ঘটে তা কেউ হলফ করে বলতে পারে না। আমাদের দেশের কিছু লোক বাইবেলে হাত রেখে শপথ পড়া এবং ডলারের গায়ে গড লেখা দেখিয়ে খ্রিষ্টীয় আমেরিকার সুলুক সন্ধান করেন। কিন্তু এটুকু ছাড়া আর সবটাই অধরা, অসংজ্ঞায়িত ও মরীচিকা। রাজনীতিতে ধর্মের ব্যবহার নেই। আমি তাই হুপারকে জিজ্ঞেস করি, আপনাদের এই সমীক্ষার ফলাফলের জন্য বারাক ওবামা বা ডেমোক্র্যাটদের শীর্ষ পর্যায়ের কেউ কি বাহবা দিয়েছে? অন্য ধর্মীয় সংখ্যালঘুরা কি এমনভাবে নিজেদের জাহির করেছে? তাঁর উত্তর: না। নির্বাচনী প্রচারাভিযানে বা ভোটের পরে মুসলিম বা কোনো সংখ্যালঘুদের তোয়াজ করে ওবামা বা মিট রমনিদের কাউকে কি কখনো বলতে শুনেছেন? তাঁর উত্তর: না। যুক্তরাষ্ট্রে ৭০ লাখ থেকে এক কোটি মুসলিম আছে বলে ধারণা করা হয়। কিন্তু ধর্মীয় পরিচয়ে কোনো গোষ্ঠী বা সম্প্রদায়ের সঠিক সংখ্যা কারও জানা সম্ভব হয় না। কারণ, আদমশুমারি বা সরকারি-বেসরকারি হাজারো ফরমে এখানে কাউকে ধর্মের পরিচয় দিতে হয় না। কিন্তু তার পরও ধর্ম এমন একটি বিষয়, যা ঘুরেফিরে আসে। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কালো আফ্রিকা’ থেকে আসা ক্রীতদাস কৃষ্ণাঙ্গদের ৩০ ভাগই ছিলেন মুসলিম। ১৮১২ সালের যুদ্ধে মুসলমানরা মার্কিন স্বাধীনতার সপক্ষে লড়েছেন। মার্কিন কংগ্রেসে দুই মুসলিম আর সেনাবাহিনীতে হাজার হাজার মুসলিম আছেন। মেরিল্যান্ড গভর্নর নিযুক্ত কমিশনার আনিস আহমেদ সম্প্রতি বিভিন্ন সংস্কৃতির মধ্যে বোঝাপড়া বাড়ানো ও নেতৃত্বের জন্য কংগ্রেশনাল সনদ পেয়েছেন। মন্টগোমারি মুসলিম কাউন্সিলের নির্বাচিত পরিচালক তিনি। নির্বাচনের রাতে কংগ্রেসম্যান ক্রিস ভ্যান হোলেনের সঙ্গে তাঁর সাক্ষাৎ ঘটে। আনিস আহমেদ ক্রিসকে উচ্ছ্বাসভরে বললেন, ‘আমরা মুসলিম কাউন্সিল আপনাদের সঙ্গেই আছি।’ওবামা ২০০৮ সালে ভয়ানক অপপ্রচারের শিকার হয়েছিলেন যে তিনি মুসলিম। শৈশবে মাদ্রাসায় পড়তে গিয়ে জঙ্গি ইসলামে দীক্ষিত হন। যদিও উদার রিপাবলিকান কলিন পাওয়েল এটা যে অসত্য, তা পরিষ্কার করেন। কিন্তু তার কোনো দরকার ছিল না। আমেরিকায় তাত্ত্বিকভাবে হলেও যেকোনো ধর্মাবলম্বীর উঁচু পদে আরোহণ সম্ভব। সিআইএ ও এফবিআই যতই দুঁদে গোয়েন্দা সংস্থা হোক, তাদের ফরমানে নেতা তৈরি হবে না। তৃণমূল থেকে জনগণের ভেতর দিয়ে নেতা বেরিয়ে আসবে। কোনো দলের কোনো নেতার বাপের সাধ্য নেই, আত্মীয়স্বজন কিংবা টাকাওয়ালা দেখে মনোনয়ন-বাণিজ্য করেন। এমনভাবে উঠে আসা নেতার ধমনিতে কত ধর্ম ও কত জাতের রক্ত প্রবাহিত হয়, তার খবর কে রাখে?টুইন টাওয়ারে হামলার সপ্তাহ খানেকের মধ্যে প্রেসিডেন্ট বুশকে মসজিদে দেখা গেছে। সেখানে গিয়ে তিনি বলেছেন, এটা ইসলামের সঙ্গে পাশ্চাত্যের সংঘাত নয়। কিন্তু ওবামা গির্জায়, সিনাগগে (ইহুদি ধর্মসভা) গেছেন। মসজিদে যাননি। টুইন টাওয়ারে হামলার এক দশক পরে মুসলমানদের অহেতুক আক্রমণ করার প্রবণতা বাড়ছে। কিন্তু এটাই আমেরিকার চিত্র নয়। ৬৬ শতাংশ মুসলিম আমেরিকান গেরস্থ বছরে ৫০ হাজার ডলারের বেশি আয় করে, যেটা মার্কিন গেরস্থের গড় আয়ের চেয়ে বেশি। মুসলিমদের সম্পর্কে কট্টরপন্থী হিসেবে পরিচিত রিপাবলিকান দলীয় দুই কংগ্রেস সদস্যের এবারে ভরাডুবি ঘটেছে। ইরাক যুদ্ধে দুই পা হারানোর কাছে এদের একজন পরাস্ত হন। ইলিনয়ের ওই এলাকাটিতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি মুসলমান বাস করেন। আবার কংগ্রেসে এবার এমন পাঁচজনও নির্বাচিত হয়েছেন, ইসলামবিরোধী হিসেবে যাঁরা সুপরিচিত। বলা হচ্ছে, এবারের নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের উন্নতি ঘটেছে। এই প্রথম এক হিন্দু নারী কংগ্রেসে বসতে যাচ্ছেন। তাঁর আশাবাদ: ওয়াশিংটন-দিল্লি সম্পর্ককে তিনি এগিয়ে নেবেন। কিথ এলিসন প্রথম মুসলিম, যিনি ২০০৬ সালে মিনেসোটা থেকে কংগ্রেস সদস্য হন। এবারও তিনি চতুর্থবারের মতো নির্বাচিত হলেন। মেইজ হিরোনো হতে যাচ্ছেন সিনেটের প্রথম বৌদ্ধ নারী। সুতরাং কোনো ধর্ম বা বর্ণের পরিচয়ে কোনো জাতিগোষ্ঠীর কোনো প্রতিনিধিত্বশীল অবস্থাকেই নির্দেশ করে না। মানুষের বৈচিত্র্যপূর্ণ ও স্ববিরোধিতায় আকীর্ণ মানবজীবনের সব বিস্ময় ও অসম্ভব এই সমাজে অবিশ্বাস্য স্পর্ধায় স্বীকৃত ও মূর্ত। এবারই প্রথম উইসকনসিন প্রকাশ্য স্বীকৃত সমকামী নারীকেও সিনেটে পাঠিয়েছে। অথচ এই অঙ্গরাজ্যটি এর আগে সমকামী বিয়ে নিষিদ্ধ করে আইন পাস করেছিল। বিভিন্ন পর্যায়ে এবার অন্তত ১১৮ সমকামী নারী ও পুরুষ নির্বাচিত হওয়ার তথ্য দিয়েছে সিএনএন। অন্যদিকে ডেমোক্র্যাট দলীয় আরেক স্বীকৃত নাস্তিক মিজ ক্রিস্টেন জয়ী হয়েছেন।মিট রমনি ওয়াশিংটনে বলেছিলেন, ‘কিছু মার্কিন রাষ্ট্র ও চার্চের পৃথক্করণকে তার মূল অর্থের চেয়ে ঢের বেশি দূর টেনে নিয়ে গেছেন। যাঁরা জনজীবন থেকে ধর্মকে একেবারেই মুছে ফেলছেন, তাঁরা আসলে প্রতিষ্ঠাতাদের চেতনা উপলব্ধি করতে ব্যর্থ। আমরা বিধাতায় বিশ্বাসী জাতি।’ রমনি ধর্মচর্চায় মরমন চার্চের অনুসারী কিন্তু তাঁর নয় পৃষ্ঠার সাক্ষাৎকারে কোথাও নিজের ধর্ম পরিচয়ের উল্লেখ করেননি। রমনি অবশ্য যথার্থই বলেন, ‘প্রতিটি ধর্মেরই অনন্য মতবাদ ও ইতিহাস রয়েছে। এটা সমালোচনার বিষয় নয়, বরং আমাদের সহিষ্ণুতার প্রতি এক পরীক্ষা।’বারাক ওবামাকে খ্রিষ্টান ধর্মে তাঁর বিশ্বাসের বিষয়ে বলার সুযোগ দেওয়া হলেও তিনি তা এড়িয়ে যান। শুধু এটুকু বলেন, ধর্মবিশ্বাস ‘কল্যাণের জন্য শক্তিশালী হাতিয়ার।’ ওবামা ২০০৯ সালে মার্কিন ইতিহাসে প্রথমবারের মতো কাশ্মীরি পণ্ডিত পরিবারের মেয়ে ফারাহ পণ্ডিতকে মুসলিম সম্প্রদায়ের জন্য বিশেষ প্রতিনিধি নিয়োগ করেছিলেন। ওবামা মুসলিম বিশ্বের সঙ্গে সংলাপ ও সম্পর্ক বৃদ্ধি করার বিষয়ে অগ্রাধিকার দিয়েছিলেন। ফারাহ এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘তারা’ ও ‘আমাদের’ দূরত্ব ঘুচিয়ে ‘আমরা’ হওয়াই ওবামা-হিলারি প্রশাসনের গন্তব্য। ওবামার এই নীতির সমালোচনা করে ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক নিবন্ধে বলা হয়েছে, ‘ওবামা বলেছিলেন, আমরা মুসলিম বিশ্বকে লেকচার কম দেব, শুনব বেশি। চার বছর শোনার পর মুসলিম বিশ্বের কাছে আমরা আগের মতোই তুচ্ছ আছি, তবে তুলনামূলকভাবে তাদের ভয় কমেছে।’ওবামার ওই নীতি হয়তো মুসলিমদেরই নয়, যুদ্ধে না জড়াতে চাওয়া শান্তিপ্রিয় সব ধর্মমতের মার্কিনদেরও সন্তুষ্ট করেছে। কোথাও সেনা পাঠানো নয়, সেনা প্রত্যাহারের স্লোগানই ছিল ওবামার দুই পর্বের নির্বাচনী প্রচারণার মূলমন্ত্র। সন্ত্রাস দমাতে গিয়ে রিপাবলিকানরা মার্কিনদের ভিয়েতনামের দুঃস্বপ্ন ফিরিয়ে এনেছিল।সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলামের সঙ্গে কথা হচ্ছিল ধর্ম ও রাষ্ট্রের পৃথক্করণ নিয়ে। কথা প্রসঙ্গে তিনি বললেন, জরিপ কিন্তু বলছে প্রায় ৩০ শতাংশ মানুষ এখানে গির্জায় যায়। জানতে চাইলাম, তাদের মধ্যে কতজন ধর্ম ও রাষ্ট্রের পৃথক্করণে অবিশ্বাসী? মাইলাম বললেন, ‘হয়তো একজনও নয়। কারণ, এ নিয়ে আমাদের সমাজে কোনো বিতর্ক নেই।’ উল্লেখ্য, প্রথম সংশোধনী দিয়ে যুক্তরাষ্ট্র ধর্মকে রাষ্ট্র থেকে পৃথক করেছিল। অবশ্য এর সীমা নিয়ে মার্কিন সুপ্রিম কোর্ট কখনো একমত হতে পারেননি।আট বছর আগের একটি গল্প বলে শেষ করব। ওয়াশিংটন ডিসির একটি অভিজাত হোটেলের নিচতলায় ইসলামবিষয়ক একটি সেমিনার চলছে। সেখানে জ্ঞানীগুণীরা শ্রোতা। মঞ্চে সৌদি আরবসহ শীর্ষ মুসলিম দেশগুলোর ওয়াশিংটনে নিযুক্ত রাষ্ট্রদূতেরা রয়েছেন। প্রশ্নপর্বে সুযোগ নিলাম। বললাম, আমার প্রশ্ন একটি। কিন্তু মাননীয় রাষ্ট্রদূতেরা যদি সবাই এর উত্তর দেন তাহলে বাধিত হব। প্রশ্নটি হলো, আপনারা যেসব রাষ্ট্রের দূত, আপনাদের প্রত্যেকের রাষ্ট্রের ধর্ম আছে। যুক্তি হলো, সংখ্যাগরিষ্ঠ জনগণের যা ধর্ম তাই তো হবে সেই রাষ্ট্রের ধর্ম। একই যুক্তিতে কখনো যদি আমেরিকা তার রাষ্ট্রধর্ম ঘোষণা করে তাহলে আপনাদের প্রতিক্রিয়া কী হবে? আমার তো মনে হয় আপনারা তখন আপনাদের বংশোদ্ভূত সংখ্যালঘুদের অধিকার নিয়ে উদ্বিগ্ন হবেন এবং উষ্মাটা চেপে রাখতে পারবেন না। এর উত্তর দিতে ব্রতী হয়েছিলেন ওয়াশিংটনে নিযুক্ত তুরস্কের তৎকালীন রাষ্ট্রদূত ওসমান ফারুক লোগোলু (বর্তমানে তিনি এমপি)। কিন্তু যা হওয়ার তা-ই হলো। প্রিন্সটনের পিএইচডি ডিগ্রিধারী তুর্কি কূটনীতিকটি বললেন, এটা একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন। তবে বাংলাদেশের সাংবাদিক শুনে এটা বললেন যে ১৯৭৬ সালে তিনিই বাংলাদেশে প্রথম তুরস্কের দূতাবাস খুলেছিলেন। তিনি ছিলেন চার্জ দ্য অ্যাফেয়ার্স। তুরস্ক হলো বিশ্বের সেই বিরল দেশ, যারা সংবিধানে ধর্মনিরপেক্ষতা লিখে সেই অনুচ্ছেদটিকে অপরিবর্তনীয় হিসেবেও ঘোষণা দিয়েছে।সেমিনার শেষে একজন প্রবীণ ভদ্রলোক আমাকে ডেকে সস্নেহে বললেন, প্রশ্নটি করা ভালো হয়েছে। তিনি আফ্রিকার বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী আল মাজরুই। তবে প্রশ্নটি আমাকে প্রতিনিয়ত তাড়া করে। ওয়াশিংটন থেকেমিজানুর রহমান খান: সাংবাদিক।[email protected]