ধর্মীয় সম্প্রীতি ও মিলন মানবতার শ্রেষ্ঠ সম্পদ
প্রতিবছরের মতো এবারও আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনেরা তাদের বৃহত্তম ধর্মীয় ও সামাজিক উৎসব শারদীয় দুর্গাপূজা উদ্যাপন করছেন। হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের সঙ্গে আজ বাংলাদেশের গোটা খ্রিষ্টান সমাজ চিন্তা ও ধ্যান, শুভেচ্ছা ও প্রার্থনায় একাত্ম। বাংলাদেশের খ্রিষ্টান সম্প্রদায়ের পক্ষ থেকে তাদের জানাচ্ছি ভালোবাসা, শুভেচ্ছা ও আন্তরিক মঙ্গল কামনা। সাম্প্রতিক কালের প্রেক্ষাপটে একটি সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় উৎসবে একাত্ম হতে গিয়ে ‘ধর্মীয় স্বাধীনতা’ বিষয়টি আমাদের চিন্তায় এসে যায়। কারণ, দেখা যাচ্ছে ধর্মের অনুসারী বলে অনেকেই নানা বৈষম্য, বদ্ধমূল ধারণা, ঘৃণা, মিথ্যা-প্রচারণা, প্রবঞ্চনা ও নির্যাতনের শিকার হচ্ছে।‘ধর্মীয় স্বাধীনতার’ অভাব যেখানে অনুভূত হয়, সেখানে প্রায়ই দেখা যায় ধর্ম নিয়ে দ্বন্দ্ব ও সংঘর্ষ। ধর্মীয় স্বাধীনতা এমন একটি অধিকার, যা মানুষের ব্যক্তিমর্যাদার সঙ্গে অবিচ্ছেদ্যভাবে সংযুক্ত। ধর্মীয় স্বাধীনতা থেকে মানুষ বঞ্চিত হলে তাদের অন্যান্য অধিকারও লঙ্ঘিত হয়। ধর্মীয় স্বাধীনতার স্বীকৃতি যখন নিশ্চিত, তখন একজন ব্যক্তি অপর ধর্মের ব্যক্তি, দল, সমাজ বা প্রতিষ্ঠানের কাছ থেকে ধর্মের ব্যাপারে কোনো চাপ অনুভব করবেনা। ধর্মীয় স্বাধীনতার অধিকার নিশ্চিত হলে ব্যক্তি তার ধর্মবিশ্বাস অনায়াসে স্বীকার, পালন ও প্রচার করতে পারবে। ব্যক্তি ও দলের ধর্মীয় স্বাধীনতার প্রতি শ্রদ্ধা ও সম্মান করার জন্য প্রত্যেক ব্যক্তি ও দল, একক বা সমবেতভাবে দায়বদ্ধ। বিশেষভাবে দায়বদ্ধ রাষ্ট্রীয় কর্তৃপক্ষ। একটি দেশে ধর্মীয় স্বাধীনতার স্বীকৃতি না পেলে, উপরন্তু এই অধিকার দলিত বা লঙ্ঘিত হলে খাঁটি ও টেকসই শান্তি প্রতিষ্ঠা করা যায় না।বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা শুধু মানুষের মৌলিক অধিকারের আইনি বা সাংবিধানিক স্বীকৃতি নয়, আমাদের বাংলার মানুষের অন্তরে এবং জাতি-মানসে যুগ যুগ ধরে তা লিপিবদ্ধ আছে। তার অভিপ্রকাশ আমরা কৃষ্টি, সংস্কৃতি ও তার মূল্যবোধের মধ্যে লক্ষ করতে পারি। এরই কারণে আবহমান কাল ধরে ধর্মীয় সম্প্রীতি আমাদের মানুষের জীবন-সংস্কৃতির মধ্যে প্রোথিত হয়ে আছে। কিন্তু যখন আমরা এর বিপরীত কিছু দেখি, তখন অত্যন্ত অবাক, হতভম্ব ও নির্বাক হয়ে যাই। ধর্মীয় স্বাধীনতার অবমাননা ব্যক্ত করার ভাষা খুঁজে পাই না। এ অবমাননার কারণ বের করতে অনেক কষ্ট হয়, আমরা বড়ই নিঃসহায় বোধ করি। এই অনুভূতি কিন্তু মানুষের মধ্যে আছে, আর তা অতি সত্য। এ কারণেই ধর্মীয় স্বাধীনতার অধিকার লঙ্ঘন অনুভূত হয়।আমাদের বিশ্বাস, আমাদের দেশে পরধর্মের প্রতি শ্রদ্ধাবোধ আছে, যার ফলে আমরা অন্যের ধর্মের উৎসবের সঙ্গে একাত্ম হতে পারি, তাদের সঙ্গে ধ্যানে-মনে ও প্রার্থনায় আমরা এক হতে পারি। ধর্মীয় সম্প্রীতি ও মিলন আমাদের দেশের মানবতার সম্পদ, বাংলার কৃষ্টির ঐশ্বর্য ও ঐতিহ্য। সেই বোধের কারণেই সব হিন্দু ভাই-বোনকে শারদীয় দুর্গা উৎসবে আমরা খ্রিষ্টান সমাজের পক্ষ থেকে মঙ্গল কামনা করি। দেশের জন্য কামনা করি ধর্মীয় স্বাধীনতার পরিবেশ, যার ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হতে পারে একটি সার্বজনীন দেশ ও সমাজ, আমাদের চিরাচরিত ঐতিহ্য ও গর্ব। আর্চবিশপ প্যাট্রিক ডি রোজারিও, সিএসসি: আর্চবিশপ অব ঢাকা।