
পেশোয়ার স্কুল আক্রমণের পর যে ভঙ্গুর একতা গড়ে উঠেছিল, তা ভাঙতে খুব একটা সময় লাগেনি। আবারও দেখা গেল, ধর্মীয় ডানপন্থীরা তাদের জঙ্গি তৎপরতার সুরক্ষা দেওয়ার জন্য কাহিনি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। এ বিয়োগান্ত ঘটনায় সৃষ্ট জনরোষ কিছুটা থিতিয়ে আসতেই তারা পুরোনো কায়দায় চলে গেছে। ‘ইসলাম হুমকির মুখে’ এ সুবিধাজনক মন্ত্র জপে মৌলবাদী ও নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠীগুলোর সঙ্গে সম্পর্কিত শিক্ষালয়গুলো রক্ষা করার চেষ্টা করা হয়।
জেইউআই-এফ ও জামায়াত-ই-ইসলামি উভয়ই ২০ দফা জাতীয় সন্ত্রাস প্রতিরোধ কর্মপরিকল্পনায় সম্মতি জানিয়েও তা প্রত্যাহার করেছে, এটা কোনো বিস্ময়ের ব্যাপার নয়। একই সঙ্গে কট্টর মৌলবাদীদের সামরিক আদালতে বিচার করার লক্ষ্যে যে সংবিধান সংশোধন করা হলো, সেখানেও তারা ভোটদানে বিরত থাকে। তারা এখন এক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে, দেশটিকে ‘ধর্মনিরপেক্ষ’ করার ষড়যন্ত্র। কিসে তাদের এরূপ মতি পরিবর্তন হলো, তা বোঝা কোনো কঠিন কাজ নয়।
এ দুটি বৃহত্তম ইসলামি দল পাকিস্তানের জিহাদি রাজনীতির প্রধান প্রতিভূ। যেসব জঙ্গিগোষ্ঠী পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে লড়ছে, তাদের অনেকগুলোই এ দুটো দলের কর্মীদের নিয়ে গঠিত। ফলে তারা যে মৌলবাদী শিক্ষালয় ও জঙ্গিগোষ্ঠীগুলোর ওপর হামলার আশঙ্কা করছে, সেটা কোনো বিস্ময়ের ব্যাপার নয়।
এ সংশোধনীতে ধর্মীয় দলগুলো একটি অনুচ্ছেদ নিয়ে আপত্তি করেছে। সেই অনুচ্ছেদে বলা হয়েছে, সন্ত্রাসী কাজে ধর্ম ও উপদলের ব্যবহার সামরিক আদালতে বিচারযোগ্য অপরাধ। তাদের মতে, এ ভাষা ধর্মীয় গোষ্ঠী ও শিক্ষালয়গুলোর প্রতি বৈষম্যমূলক। আর ভালো-মন্দ বিচার করে ইসলামি দলগুলোকে আমলে নেওয়ার যুক্তির মতো হাস্যকর কিছু নেই।
এটা সত্য যে পাকিস্তানের অধিকাংশ সন্ত্রাসী হামলা ও উপদলীয় খুন ধর্মীয় মতাদর্শ উদ্বুদ্ধ। তালেবান ও অন্য জঙ্গিগোষ্ঠীগুলো ‘শরিয়া এবং ইসলামের’ নামে তাদের সন্ত্রাসী কার্যক্রম জায়েজ করে। এর সর্বশেষ নজির হচ্ছে, তেহরিক-ই-তালেবানের পাকিস্তানি মুখপাত্রের পেশোয়ার হামলার দায়দায়িত্ব স্বীকার করে নেওয়া।
লাল মসজিদের মওলানা আবদুল আজিজের মতো মৌলবাদী ধর্মবেত্তারা কি পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর ওপর হামলার বৈধতা দিয়ে ফতোয়া জারি করেননি? মোল্লা ফজলুল্লাহর নেতৃত্বে তালেবানরা কি সোয়াতে ‘ইসলামি শরিয়ার’ নামে হাজার হাজার মানুষ হত্যা করেনি? তা সে শিয়াদের ওপর হামলা হোক বা মসজিদ, মাজার ও গির্জার ওপর হোক, সবই করা হয়েছে ধর্মের নামে।
ধর্মের অপব্যাখ্যা দিয়ে আত্মঘাতী বোমা হামলাকারীদের মগজ ধোলাই করা হয়েছে, তাদের উদ্বুদ্ধ করা হয়েছে। দারিদ্র্য, বেকারত্ব, জিহাদের কল্পনা ও ইসলামি মৌলবাদী গোষ্ঠীর ক্রমবর্ধমান প্রভাবের কারণে তরুণেরা আত্মঘাতী বোমা হামলাকারীতে পরিণত হচ্ছেন। মসজিদের মঞ্চ ব্যবহার করে ধর্মবেত্তারা উপদলীয় ঘৃণা ছড়াচ্ছেন, সহিংসতা উসকে দিচ্ছেন। ওদিকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ পাকিস্তানের মাদ্রাসা ও মসজিদে তার ছায়া বিস্তার করেছে।
এমনকি ইসলামের পণ্ডিত ও মধ্যপন্থী ধর্মবেত্তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলায় মৌলবাদীরা তাঁদেরও ছাড়েনি। সন্ত্রাসবাদের ঝাপটা ও সহিংস চরমপন্থা প্রকৃত অর্থে দূর করতে হলে তাদের আদর্শিক মূল উপড়ে ফেলতে হবে। নিশ্চিতভাবেই এটা কোনো সহজ কাজ হবে না। পাকিস্তানে মাদ্রাসা সংস্কারের যে প্রস্তাব উত্থাপিত হয়েছে, তার বিরুদ্ধে শুধু মূলধারার ইসলামি দলগুলোই নয়, অন্য কায়েমি গোষ্ঠীগুলোও এর তীব্র বিরোধিতা করছে।
আবার এটাও সত্য যে মাদ্রাসাগুলোই পাকিস্তানে জঙ্গিবাদ ও ধর্মীয় মৌলবাদ ছড়ানোর একমাত্র উৎস নয়। কিন্তু এগুলো নিঃসন্দেহে প্রধান উৎস। হিসাব করে দেখা গেছে, মাত্র ১০-১৫ শতাংশ মাদ্রাসা এ মৌলবাদী তৎপরতায় সম্পৃক্ত। কিন্তু যে রকম ব্যাঙের ছাতার মতো অনিবন্ধিত ও অনিয়ন্ত্রিত মাদ্রাসা গড়ে উঠছে, সে পরিপ্রেক্ষিতে সংখ্যার হিসাবে সেটাও কম নয়।
পাকিস্তানে এ জিহাদি ও উপদলীয় সংগঠনের বিস্তারের ওপর চরমপন্থী মাদ্রাসার পৃষ্ঠপোষকতায় সৃষ্ট জঙ্গি সংস্কৃতির প্রভাব রয়েছে। এর পেছনে আবার ছিল খোদ পাকিস্তান রাষ্ট্র ও বিদেশি অর্থ। এগুলো ধর্মীয় চরমপন্থার কেন্দ্রস্থলে পরিণত হয়। এর আবার একধরনের ছলকে পড়ার বৈশিষ্ট্য রয়েছে। আজ পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে তা এক গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে।
চরমপন্থী ধর্মীয় শিক্ষালয়গুলোয় সৌদি আরবের পৃষ্ঠপোষকতা এ উপদলীয় ঘৃণা ছড়ানোয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। রাজনৈতিক কারণে সব সরকারই এদের দেখেও না দেখার ভান করেছে। আর অধিকাংশ ‘ভ্রাতৃত্বমূলক’ মুসলিম রাষ্ট্র তাদের সমর্থন দিয়েছে, এটাও অন্যতম কারণ।
ধর্মীয় উপদলীয় কোন্দল পাকিস্তানের সন্ত্রাসী কার্যক্রমের প্রধান উৎস। দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে এটাই এখন প্রধান হুমকি হয়ে উঠেছে। উপদলীয় জঙ্গিবাদের সঙ্গে মাদ্রাসাগুলোর চরমপন্থী হয়ে ওঠার গভীর সম্পর্ক রয়েছে। কারণ, এর ফলে সংখ্যালঘু উপদলগুলো ক্রমবর্ধমান হারে হুমকির মুখে পড়ছে।
উপদলীয় ও রাজনৈতিক কারণে বিভক্ত হলেও সুন্নি মতবাদের দুটি প্রধান ধারাই ধর্মীয় শিক্ষালয়গুলো নিয়ন্ত্রণ করে—দেওবন্দী ও বেরলভি। আহলে হাদিস ও ওয়াহাবি মুসলমানদের আবার নিজস্ব ধারা রয়েছে, যেমন আছে শিয়াদের। অধিকাংশ মাদ্রাসাই বহির্বিশ্বের সঙ্গে সম্পর্কহীন।
সেখানে শিক্ষাদান হয় পশ্চাৎমুখী কায়দায়, ছাত্রদের ধর্মশিক্ষা দেওয়া হয় খুবই কট্টর ও ঐতিহ্যবাহী ধর্মীয় আবহে। ফলে ছাত্রদের দৃষ্টিভঙ্গিও হয় পশ্চাৎমুখী। এসব ধর্মীয় স্কুলগুলোর পড়ানোর ধরন ও বিষয়বস্তুর সবচেয়ে বিপজ্জনক ব্যাপার হচ্ছে এর ছাত্ররা পরবর্তী জীবনে শুধু একটি কাজই করতে পারে: বিশ্বাসীদের ধর্মীয় আচার-অনুষ্ঠানে দিকনির্দেশনা দেওয়া, যার জন্য কোনো বিশেষ জ্ঞানের দরকার হয় না। প্রথাগত মাদ্রাসায় যে শিক্ষা দেওয়া হয়, তা প্রায়ই গোষ্ঠীগত, ধর্মীয় ও সাংস্কৃতিক দ্বন্দ্ব সৃষ্টি করছে। আধুনিক শিক্ষালাভের পথে তা প্রতিবন্ধকতা তৈরি করে, সৃজনশীলতার টুঁটি চেপে ধরে অন্ধত্বের জন্ম দেয়। যার ওপর ভিত্তি করে মৌলবাদ দাঁড়িয়ে যায়, তা সে জঙ্গি হোক বা না হোক।
উপদলীয় পরিচয়ে চিহ্নিত হয়ে এসব প্রতিষ্ঠান তাদের আত্যন্তিক গুণেই প্রতিদ্বন্দ্বী দলগুলোকে হটিয়ে দিতে বা তাদের ওপর প্রভাব বিস্তার করতে চায়। একটি উপদলকে ঊর্ধ্বে তুলে ধরলে স্বাভাবিকভাবেই অন্যগুলোকে বাতিল করতে হয়। তা এ ছাত্রদের মনে চরমপন্থার বীজ বুনে দেয়। এদের মূল সংগঠনগুলোর প্রচারপত্রের উদ্দেশ্য একটাই: বিরোধী পক্ষকে অবিশ্বাসী ও স্বধর্মত্যাগী হিসেবে প্রমাণ করা। বিভিন্ন সরকারই মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন করতে চেয়েছে। কিন্তু এসব মাদ্রাসা পরিচালনাকারী ধর্মীয় সংগঠনগুলোর প্রবল বাধার মুখে কেউই তা করতে পারেনি।
এখন এটা সরকারের জন্য এক পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। তারা কি এসব ধর্মীয় দলগুলোর ব্ল্যাকমেল উপেক্ষা করতে পারবে? ডানপন্থী ধর্মীয় দলগুলোকে শান্ত করতে কর্মপরিকল্পনায় কোনো পরিবর্তন আনা হলে পুরো সন্ত্রাসবিরোধী প্রচেষ্টাই ভেস্তে যাবে। সমাজে বিরাজমান চরমপন্থা ও জঙ্গিবাদ উৎপাটনে আমরা যদি আন্তরিক হই, তাহলে ধর্মের ব্যবহার বন্ধ করতে হবে।
ইংরেজি থেকে অনুবাদ: প্রতীক বর্ধন; পাকিস্তানের দ্য ডন পত্রিকা থেকে নেওয়া।
জাহিদ হোসেন: সাংবাদিক ও লেখক।