একাত্তরে লাখ লাখ বাঙালি নারীর ধর্ষিত হওয়ার অভিজ্ঞতার প্রতি সৎ থাকলে বাংলাদেশে ধর্ষণের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ থাকত। স্বাধীনতার চেতনার জরুরি অংশ হওয়ার কথা ছিল ধর্ষণের সংস্কৃতির বিরুদ্ধে চেতনা। যা হওয়া উচিত তা হয় না। তাই বাংলাদেশে নারী নির্যাতন ও ধর্ষণ নিত্যদিনকার ঘটনা। মাথাটাকে তাই বালু থেকে তুলে ভাবতে হবে, গলদটা কোথায়? ধর্ষণের সংস্কৃতি: ইচ্ছুক নারীর ভাবমূর্তিবলিউড, ঢালিউড বা হলিউডের অধিকাংশ সিনেমা এবং বিনোদন মিডিয়ায় যে নায়িকা, গায়িকা, নাচিয়ে নারীকে দেখানো হয়, তার প্রধান আকর্ষণ যৌনাবেদন। বিলবোর্ড ও বিজ্ঞাপনে প্রদর্শিত নারীরাও তা-ই। রিয়েলিটি শোয়ের নামে বালিকা-কিশোরীদেরও এমন নাচ-গান-অঙ্গভঙ্গি ও পোশাকে অভ্যস্ত করা হচ্ছে, যাতে তাদেরও ওই সব ‘ইচ্ছুক’ পূর্ণবয়স্কা নারীর মতো লাগে। তারা যেন সব সময়ই প্রেমের জন্য, পুরুষকে আনন্দ দেওয়ার জন্য ইচ্ছুক হয়ে থাকে। এভাবে পুরুষালি দৃশ্যমাধ্যমে যে ‘ইচ্ছুক নারী’র ভাবমূর্তি সাজানো হয়, সেটাই বাস্তবের নারীর ভাবমূর্তিকে ঢেকে ফেলে। আত্মমর্যাদাবান স্বাধীন নারীর বদলে পুরুষের প্রতি ‘ইচ্ছুক নারী’র এই ভাব থেকে পুরুষ-তরুণদের অনেকের মনেও ‘ইচ্ছুক নারী’কে ঘনিষ্ঠভাবে পেতে ইচ্ছা করে। ইচ্ছাটা কিন্তু নারীর নয়, পুরুষতান্ত্রিক যৌনসর্বস্বতাবাদী মিডিয়ার, ইচ্ছা, নারীরা যার শিকার। মার্কিন বিশেষজ্ঞ সুসান গ্রিফিন লিখেছেন: ‘আমি কখনোই ধর্ষণের ভয় থেকে মুক্ত ছিলাম না।’ এ কথার প্রতিধ্বনি বেশির ভাগ নারীর হূদয়ে বাজবে। অন্ধকার রাস্তায়, যেকোনো নির্জন স্থান, ভিড়ের মধ্যে, একা বাসায়, এমনকি যেকোনো পরিস্থিতিতে নারীর উদ্বেগের মধ্যে ঢুকে থাকে এক ভয়। আছে অজস্র ‘মিনি রেপ’-এর আশঙ্কা—বাসের মধ্যে পুরুষের অনাকাঙ্ক্ষিত হাত-পা-চোখের নীরব আগ্রাসন। গ্রিফিন লিখেছেন: ধর্ষণ হলো সন্ত্রাসেরই এক ধরন, এটা নারীর স্বাধীনতা মারাত্মকভাবে সীমাবদ্ধ করে, তাকে পুরুষের ওপর নির্ভরশীল করে তোলে।’ এরপর তিনি যা বলছেন তা মনে রাখা জরুরি: নারীরা তাদের জীবন কাটায় ধর্ষণ সময়সূচির মধ্যে। অর্থাৎ তাকে কোনো না কোনো প্রকারের যৌন নিপীড়নের হুমকি এড়িয়ে চলতে হয়। আমরা যত দিন না মানব, এই ভয়ের জনক বিদ্যমান সমাজ-সংস্কৃতি ও ব্যবস্থা, তত দিন নারী বা পুরুষ কেউই এই সংস্কৃতি থেকে মুক্ত হতে পারবে না। পরস্পরের এই মুক্তি ছাড়া নারী-পুরুষে মানবিক ভালোবাসার সম্পর্ক রূপকথাই হয়ে থাকবে।বিচারহীনতার সংস্কৃতিআইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান: ২০১২ সালে বাংলাদেশে এক হাজার আটটি ধর্ষণের খবর প্রকাশিত হয়েছে। এর মধ্যে ৯৮ জন হয়েছেন হত্যারও শিকার। কাণ্ডজ্ঞান থেকেই বলা যায়, প্রকৃত সংখ্যা বহুগুণ বেশি। প্রায় ৯০ শতাংশ অভিযোগই থানা পর্যন্ত আসতে পারে না। যতটি অভিযোগ হয়, তার মধ্যে বিচার পাওয়ার হার কতটা? শিক্ষাঙ্গনেও ধর্ষণ-যৌন নির্যাতন উপেক্ষিত ব্যাপার। অপরাধীরা বড়জোর ক্যাম্পাস থেকে বহিষ্কৃত হয়। বিচারহীনতার এ সংস্কৃতি প্রসঙ্গে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল এই লেখকের কাছে মন্তব্য করেন, ‘শতকরা ১০ ভাগের বেলাতেও অভিযুক্তরা শাস্তি পায় না। কোনো না কোনো কারণে অভিযুক্ত ছাড়া পায়। অভিযোগ এমনভাবে লেখা হয়, তাতে অভিযুক্তকে শাস্তি দেওয়ার জায়গা থাকে না। আইনে বলা আছে, অপরাধ প্রমাণের দায়িত্ব অভিযোগকারীর। কিন্তু যেখানে আলামত রক্ষা করা যায় না, মেডিকেল রিপোর্ট ঠিক থাকে না, প্রতাপশালী অভিযুক্তের বিরুদ্ধে সাক্ষ্য দিতে লোকে ভয় পায়, সেখানে আদালতে দাঁড়িয়ে নির্যাতিতের পক্ষে প্রমাণ হাজির করা কঠিন। অপরাধীরা তো আর স্বয়ংক্রিয়ভাবে শাস্তি পাবে না!’ ধর্ষণের অপরাধ করে পার পাওয়া তার পক্ষেই সম্ভব, যে দাপুটে রাজনীতি, প্রশাসন কিংবা ধনিক শ্রেণীর অংশ। ক্ষমতাকাঠামোকে এরা অনায়াসেই পাশে পেতে পারে। ধর্ষকের যুক্তিই যখন বেশি জনপ্রিয়ধর্ষক জানে যে তার আক্রান্ত নারীর পক্ষে প্রকাশ্যে আসা কত কঠিন। লোকে জানলে জীবন কলঙ্কিত হবে, বর্জিত হবেন, মাথা হেঁট হয়ে যাবে। এমনকি মা-বাবা, ভাই-বোনের চোখেও তিনি হবেন ‘খারাপ’। এই মনোবাস্তবতা যত দিন জারি থাকবে, তত দিন ধর্ষিতা মাথা নিচু করে চলবে আর ধর্ষক গর্বিত দাঁড়িয়ে থাকবে। ধর্ষণ নারীর অস্তিত্বে বিরাট আঘাত অবশ্যই, কিন্তু এতে করে তাঁর মানবিক যোগ্যতার কিছুই হারানোর কথা নয়, যদি না সমাজ সেটা কেড়ে নেয়। অন্য সব অপরাধে অপরাধীর প্রতি মনোযোগ পড়ে আর সহানুভূতি পায় আক্রান্ত মানুষটি। কিন্তু ধর্ষণে লোকে খুঁজতে থাকে মেয়েটিকেই, যার প্রতি সহানুভূতির চেয়ে আগ্রহটাই বেশি। কেটে যাওয়ার থেকে কাটা ঘায়ে লবণের জ্বালা বেশি কষ্টকর। চারপাশের মানুষ প্রশ্ন করবে, তুমি কেন একা বাইরে গিয়েছিলে? তোমার পোশাক, চালচলন ঠিক ছিল তো? এক হাতে কি আর তালি বাজে? আত্মীয়-প্রতিবেশীরা ভাববে, ‘মেয়েটা নষ্ট হয়ে গেল, ওর এখন কী হবে?’ যতবার এসব প্রশ্ন ওঠানো হবে, ততবার ধর্ষণের পরবর্তী ইফেক্ট বাস্তবায়িত হবে। মূল যৌন-সন্ত্রাসটা ধর্ষক করলেও তার ভয়াবহতাকে পূর্ণ করে তোলে এসব মানসিক অত্যাচার। আইন বলবে, আপনি প্রমাণ করুন। পুলিশ বলবে, ঘটনাটার বিবরণ দিন। বিচারকের সামনে আসামিপক্ষের উকিল বারবার কীভাবে হলো, কেমন করে হলো, কে তখন কী করেছিল—এজাতীয় প্রশ্ন করে মজা পাবে। জিজ্ঞাসাবাদের নামে মুখের কথা দিয়ে ‘ধর্ষণ’ চালাবে। সমাজের দরবারে বা আইনের আদালতে নিপীড়িত নারীরা বোধ করে, তারই বুঝি বিচার হচ্ছে, ধর্ষকের নয়। এ বিষয়ে গবেষণায় দেখা যায়, ধর্ষক শরীরের ওপর আক্রমণ চালালেও ফরিয়াদির সম্মানহানির কাজটা জেরার নামে সমাজই করে থাকে। এমনকি এ ধরনের জেরার মুখে ভেঙে পড়া, ঠিকমতো উত্তর দিতে না পারা মেয়েদের দেখে কারও কারও মনে হয়, সমস্যা বোধ হয় মেয়েটিরই। এভাবে মেয়েটির মর্যাদা যত কমে, ততই ধর্ষণ ঘটার জন্য তাকেই দায়ী করার প্রবণতা বাড়ে। দিল্লির ‘দামিনী’কে অন্তত ১০ বার পুলিশের কাছে ধর্ষণের বিবরণ দিতে গিয়ে আরও চাপ সহ্য করতে হয়েছিল। জীবন বাঁচানোর থেকে ধর্ষণের বিবরণ রেকর্ড করাই যেন বেশি জরুরি! এ জন্যই সম্ভবত, টাঙ্গাইলের ওই দলবদ্ধ ধর্ষণের শিকার মেয়েটি পুরুষ দেখলেই আতঙ্কিত হয়ে ওঠে। অতএব, পাঠক, ধর্ষণ কেবল ধর্ষক একা করে না, সমাজ-রাষ্ট্রের অনেক কিছুকেই সে তার পক্ষে পায়। ধর্ষণের শিকার হয়ে নারীর আত্মহত্যায় এই সত্য প্রমাণিত হয়। সবাই মিলে আক্রান্তকে অসহায় ও অক্ষম করে তুলে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। এভাবে ঘটনার অনেক পরে পর্যন্ত, এমনকি সারা জীবন ধরে ধর্ষণের ‘আফটার ইফেক্ট’ চলতে থাকে। কার দোষে শাস্তি হয় কার?নারীর হয়েছে উভয় সমস্যা। কর্তারা পরামর্শ দেবে, জীবনের ঝুঁকি দেখলে বাধা দেবেন না। বাধা না দিলে বলবে, বাধা দেওয়ার আলামত বা ক্ষতচিহ্ন না থাকার অর্থ মেয়েটি ইচ্ছুক ছিল। ফলে এটা ধর্ষণ নয়। আবার বাধা দিয়ে আহত হলে বলবে, বাধা পেয়েই পুরুষটি রাগে অন্ধ হয়ে গিয়েছিল। যেন ধর্ষণের মতো ‘শান্তিপূর্ণ’ কাজে বাধা দেওয়াই শান্তি ভঙ্গের কারণ। ধর্ষণের অজুহাত হিসেবে বলা হয়, মেয়েটির পোশাক বা চালচলনের কথা, কিংবা ধর্ষকের নেশা করার কথা। পোশাক-বয়স-শরীর-আচরণ-নেশাদ্রব্য ইত্যাদি দ্বারা উত্তেজিত হয়ে ধর্ষণ? এসব বলে অপরাধীর অপরাধ আর নির্যাতিতের যন্ত্রণা ও অধিকার লঙ্ঘন—উভয়কেই হালকা করে দেওয়া হয়। তিন বছরের শিশু থেকে ৭০ বছরের বৃদ্ধা পর্যন্ত কেউই ধর্ষণের হাত থেকে রক্ষা পায় না। কোনো কিছুই ধর্ষকের আগ্রাসী আচরণকে থামাতে পারে না। বালকেরাও পর্যন্ত ধর্ষকদের শিকার হওয়া প্রমাণ করে, সমস্যাটা ধর্ষণের শিকারের নয়, খোদ ধর্ষক পুরুষের। যাঁরা নানা অজুহাতে ধর্ষণের অপরাধকে হালকা করেন বা তা বিশ্বাস করেন, তাঁরা আসলে ধর্ষণের সংস্কৃতিরই পরোক্ষ পৃষ্ঠপোষক। এভাবে নীতিনৈতিকতা ও ধর্মের নামে ধর্ষকের যুক্তি ও অজুহাতগুলো ধর্ষণের সংস্কৃতির রক্ষাকবচ হয়। রসু খাঁ আমাদেরই লোকধর্ষণ কেবল বিকারগ্রস্ত সমাজবহির্ভূত লোকের কাজ নয়, তা করে সাধারণ শান্তশিষ্ট, ভদ্র ও শান্তিপ্রিয় পুরুষেরাও। ডায়ানে এফ. হারম্যান ‘দি রেপ কালচার’ প্রবন্ধে দেখিয়েছেন, আমেরিকার বেলায় অধিকাংশ ক্ষেত্রে ধর্ষকেরা অতীত জীবনে স্বাভাবিক, বুদ্ধিমান ও সুস্থ যৌনবোধসম্পন্নই ছিল। সুতরাং ধর্ষক অপরাধমনস্ক বা বিকারগ্রস্ত না-ও হতে পারে। ২০০৯ সালের আলোচিত ধর্ষক-খুনি রসু খাঁর কাহিনি রটে গেলে দেখা গেল, অনেকেই তাকে পশু, সমাজবহির্ভূত অপরাধী বলে সমাজ-সংস্কৃতির দায় খালাস করছেন। কিন্তু সে একাও নয়, বিরলও নয়। আমরা যারা পুরুষ, তাদের মনের গহিনে যে একেকটি খুদে রসু খাঁ ঘাপটি মেরে লুকিয়ে নেই, তা নিশ্চিত হই কী করে? একই সমাজের আলো-অন্ধকারে তো আমাদেরও বসবাস। মহিলা আইনজীবী সমিতির একটি সমীক্ষা দেখিয়েছিল, ৯০ শতাংশ নারীই জীবনের কোনো না কোনো সময়ে মৃদু থেকে প্রচণ্ড ধরনের যৌন নিপীড়নের শিকার হয়েছেন। নারী-পুরুষে আদিতম বিনিময় সম্পর্ক হলো যৌনসম্পর্ক। সেই বিনিময়ে শোষণ-নির্যাতনও গোড়া থেকেই আছে। আবার একই সঙ্গে আধিপত্যহীন যৌনসম্পর্ক জীবনেরই উপহার। যৌন নিপীড়নের সংস্কৃতি থেকে বেরোতে না পারলে এই উপহার থেকে আমরা বঞ্চিত থেকে যাব। ‘যে জীবন দোয়েলের-ফড়িংয়ের আমাদের সঙ্গে তার হবে নাকো দেখা’। ফারুক ওয়াসিফ: সাংবাদিক। [email protected]