ধাক্কা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জে বাসচাপায় নিহত পুলিশ কনস্টেবল আতাব আলী ও তাঁর শিশুকন্যা ফাতেমা। চট্টগ্রামে বাস থেকে ফেলে দেওয়ায় ঘটনায় নিহত রেজাউল করিম।
মানিকগঞ্জে বাসচাপায় নিহত পুলিশ কনস্টেবল আতাব আলী ও তাঁর শিশুকন্যা ফাতেমা। চট্টগ্রামে বাস থেকে ফেলে দেওয়ায় ঘটনায় নিহত রেজাউল করিম।

একটা কৌতুক আছে। অনেকেই জানেন। লঞ্চঘাটে একবার এক শিশু পানিতে পড়ে গেল। হাবুডুবু খেয়ে শিশুটির মরার দশা। সবাই দেখছে, কিন্তু কেউ পানিতে নামছে না। এমন সময় এক লোক শাঁ করে ঝাঁপ দিল পানিতে। উদ্ধার করে নিয়ে এল শিশুটিকে। চারদিকে ‘বাহবা’ পড়ে গেল। কিন্তু লোকটির মুখে হাসি নেই।

একজন বলল, ‘ভাই, আপনি তো হিরো বনে গেলেন!’

কিন্তু তার মুখে হাসি নেই। সে বরং বিরক্ত হয়ে বলল, ‘রাখেন আপনার হিরো! যে বেটায় আমারে ধাক্কা মাইরা পানিতে ফালাইছে, হ্যারে আগে খুঁইজা বাইর করি!’

এখানে ‘ধাক্কা’ জিনিসটার বিশেষ তাৎপর্য দৃশ্যমান। ধাক্কা খেয়ে ওই লোক পানিতে পড়েছে বলেই শিশুটি রক্ষা পেল। তবে হে হে করে হাসার মতো কৌতুক আর বাস্তবতায় তফাত অনেক। বাস্তবে পানিতে পড়া কোনো শিশুকে উদ্ধারে যদি এমন করে কোনো লোককে পানিতে ফেলা হয়, যে সাঁতার জানে না, তো কম্ম কাবার। একসঙ্গে দুটো প্রাণই যাবে।

কাজেই ধাক্কা দেওয়ার আগে সাবধান! কিন্তু সাবধান করলেই তো আর হয় না। ধাক্কায় জোশ আছে। কোথাও ভারী মাল তোলার সময় কুলিরা সুর করে বলে, ‘মারো ধাক্কা হেঁইও! জোরসে ঠেলো হেঁইও!’

জানমালের তোয়াক্কা না করে সড়কে যেসব চালক বেপরোয়াভাবে গাড়ি চালান, তাঁদের মধ্যে এই ‘মারো ধাক্কা’ আরও বেশি জোরালো। এমন কোনো দিন নেই যে বড় কোনো গাড়ির ধাক্কায় ছোট গাড়ির যাত্রী বা পথচারী মারা যাচ্ছে না। গতকাল মঙ্গলবার গোপালগঞ্জ সদরের বিজয়পাশায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মারা গেলেন মোটরসাইকেলের আরোহী সিহাব উদ্দিন। কুমিল্লায় কী হলো? বুড়িচংয়ে সিএনজিচালিত অটোরিকশা গিয়ে ধাক্কা মারল গাছে। নিভে গেল বাবা ও ছেলের জীবনপ্রদীপ। বাবা আর ছেলে মারা গেছে? বাপ আর বেটি নাই হওয়ার খবরও আছে। গত সোমবার মানিকগঞ্জের ঘিওরে ঢাকা-আরিচা মহাসড়কে বাসচাপায় মারা গেলেন পুলিশ কনস্টেবল আতাব আলী ও তাঁর শিশুকন্যা ফাতেমা।

ঈদের পর সড়কে প্রাণপাতের ঢল যেন নেমেছে। ৫৫১ দিনে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত মানুষের সংখ্যা পাঁচ হাজার ছুঁই ছুঁই। স্কুলে পদার্থবিজ্ঞানে গতিজড়তার কথা পড়েছি। গতিশীল কিছুর মধ্যে অবস্থান করলে তার মধ্যে থাকা বস্তুর মধ্যেও গতির সঞ্চার ঘটে। চলন্ত গাড়ির ধাক্কা যেন তার কর্মীদের মধ্যেও সঞ্চারিত হচ্ছে। নইলে মানবতাবোধ চিবিয়ে খেয়ে যাত্রীকে চালকের সেই সহকারীটি চলন্ত বাস থেকে ধাক্কা মেরে ফেলে দেবে কেন? চট্টগ্রাম নগরে ঘটা এই ঘটনা পরিবহনকর্মীদের দুঃসাহস আর বর্বরতার নগ্ন রূপটিকেই তুলে ধরে। হতভাগ্য রেজাউল করিম কি ঘুণাক্ষরেও ভেবেছিলেন, যে বাসটিতে চড়ে তিনি যাচ্ছেন, এতেই রয়েছে তাঁর প্রাণসংহারী কাতেল।

ঈদের ছুটির মধ্যে শনিবার শুধু নাটোরেই সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জন। নাটোর-পাবনা মহাসড়কে বাস ও লেগুনার মধ্যে মুখোমুখি সংঘর্ষে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা সবাই লেগুনার যাত্রী ছিলেন। দুর্ঘটনার সময় লেগুনার চালক মুঠোফোনে কথা বলছিলেন বলে জানান প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা। চালকের কানে মোবাইল ফোন থাকলে মানবতার বাণী তাঁর কানে পশিবে কী করে? দুর্ঘটনায় চালকও নিহত হন।

দেশের সড়কগুলোর বর্তমান পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে যাত্রীরা এখানে প্রাণ হাতে নিয়ে কম্পমান। ঢাকার রাস্তায় এখনো চলছে যাত্রীবাহী বাসগুলোর প্রতিযোগিতা—কেউ কারে নাহি ছাড়ে সমানে সমান। যাত্রীর জীবন থাক বা না যাক, কোনো পরোয়া নেই। অথচ যাত্রীর নিজ নিজ গন্তব্যে নিরাপদে পৌঁছে দেওয়া কিন্তু এসব বাসের মূল দায়িত্ব।

মাত্র সেদিন নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নেমে শিশু-কিশোরেরা স্বতঃস্ফূর্তভাবে দেখিয়ে গেছে যে আন্তরিকতা আর চেষ্টা থাকলে কীভাবে সড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনা যায়। সাত দিনের জায়গায় টানা ১০ দিন ট্রাফিক সপ্তাহ হয়ে গেল। জরিমানাসহ দণ্ডের ঘটনাও তো কম নয়। কিন্তু কদিন পরই যেইকার সে-ই। সড়কে চালক ও সহকারীদের দায়িত্ব পালন ও কর্তব্য তদারকিতে কার্যকর কোনো পদক্ষেপ নেই। এ যেন এক অকূলপাথার!

এই পরিস্থিতি থেকে উদ্ধারে এখন এমন এক ধাক্কা প্রয়োজন, যা পরিবহন খাতের সব মানুষের বিবেকবোধে নাড়া দিয়ে সচেতনতা আর মানবতাকে জাগিয়ে তুলবে।

শরিফুল ইসলাম ভূঁইয়া: সাহিত্যিক ও সাংবাদিক
[email protected]