ধুলোময় জীবন আর কত দিন!

সবে জাপানে গিয়েছি। হোক্কাইডো শহরের একটি আবাসিক ভবনে থাকছি। জানালা দিয়ে দেখলাম রাস্তার উল্টো দিকের জায়গায় মাটি কেটে সমান করা হয়েছে। বুঝতে সমস্যা হলো না নির্মাণকাজ শুরু হবে। দেখতে পেলাম, দু-তিন দিনের মধ্যেই জায়গাটি ঘিরে ফেলা হলো সিনথেটিক ধরনের কাপড় দিয়ে, সঙ্গে নেটিং করা হলো সুচারুভাবে চারদিক থেকে অনেক উঁচু পর্যন্ত, যেন বাইরে থেকে কিছু দেখা না যায়। এবার আমার অপেক্ষার পালা।
ভেতরে কী হচ্ছে? এভাবে প্রায় চার-পাঁচ মাস যাওয়ার পর হঠাৎ একদিন দেখতে পেলাম জানালার সামনে দাঁড়িয়ে রয়েছে নতুন একটা বহুতল স্থাপনা! কোনো শব্দ ছাড়া, ধুলোবালুর মাখামাখি ছাড়া কীভাবে হঠাৎ করে নির্মাণ হলো এটি? আমাদের দেশে নির্মাণশিল্পকে কি আমরা এভাবে ভাবতে পারি না? এমনটা তো আমাদের শহরগুলোর জন্য বেশি প্রয়োজন।
ইউএস এয়ার কোয়ালিটি ইনডেক্স ঢাকার বাতাসকে অনেক আগেই অতি বিপজ্জনক বলে আখ্যায়িত করেছে এবং ইতিমধ্যে মাঠ সমীক্ষায় ও গবেষণায় দেখা গেছে যে ঢাকার বাতাসের অবস্থা অত্যন্ত বিপজ্জনক, যার পরিসীমা ৩০১ থেকে সর্বোচ্চ ৫০০-এর মধ্যে। সাধারণত এই মান ৩০০-এর ওপরে উঠলে স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলা হয়। আর এই বায়ুদূষণের অনেক কারণের মধ্যে একটি প্রধান কারণ যত্রতত্র স্থাপনা নির্মাণ।
পরিবেশ অধিদপ্তরের ২০১৬ সালের এক হিসাব অনুযায়ী, বায়ুদূষণের জন্য ১৮ শতাংশ দায়ী রোড ডাস্ট ও সয়েল ডাস্ট, যার বেশির ভাগ অংশ তৈরি হয় খোলাভাবে নির্মাণকাজ থেকে। যদিও ঢাকা মহানগর ইমারত বিধিমালায় নির্মাণকাজের সময় নির্মাণসামগ্রী ঢেকে রাখতে এবং নিয়মিত পানি ছিটিয়ে বায়ুদূষণ রোধ করতে বলা হয়েছে। কিন্তু এসব বিষয় কি আদৌ সঠিকভাবে মানা হচ্ছে? কিংবা কাউকে কি আইন-আদালতের মুখোমুখি হতে হয়েছে নিয়ম না মানার কারণে? আর এর ফলে দিনকে দিন বেড়ে চলেছে নির্মাণশিল্পের কারণে বায়ুদূষণের পরিমাণ। অতিষ্ঠ হচ্ছে সাধারণ জনজীবন।
সাধারণত একটি ১০-১২ তলা আবাসিক স্থাপনার নির্মাণকাজে আমাদের দেশে লেগে যায় প্রায় আড়াই থেকে তিন বছর। আর এই সময়টাতে ধুলোবালুর কারণে আশপাশের জনসাধারণকে দরজা-জানালা বন্ধ করে রাখতে হয়, নাকে রুমাল চেপে হাঁটাচলা করতে হয় আর শব্দদূষণ তো দিনভর আছেই। আর যেদিন সেই স্থাপনায় ঢালাইয়ের কাজ চলবে, সেদিন তো আর রক্ষা নেই। ইট ভাঙা থেকে শুরু করে সিমেন্ট-বালুর মিশ্রণ তৈরি করা হয় বেশির ভাগ ক্ষেত্রেই রাস্তার ওপর উচ্চ শব্দে মেশিনের মাধ্যমে। আর এভাবেই এগিয়ে যায় আমাদের প্রায় সব ধরনের নির্মাণকাজ।
অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় নির্মাণকাজে ব্যবহৃত লোহার রড সোজা-বাঁকা করার কাজগুলো পথচারী চলাচলের রাস্তা কিংবা রাস্তার পাশে খোলা জায়গায় নির্বিচারে করা হচ্ছে, যা হতে পারে অনেক বিপজ্জনক। অনেক ক্ষেত্রেই দেখা গেছে, নির্মাণকাজে সঠিক নিরাপত্তাব্যবস্থা না থাকার কারণে ওপর থেকে লোহার টুকরা কিংবা ইট পথচারীর মাথার ওপর পড়ছে এবং প্রাণ হারাচ্ছে অকালেই।
এমনকি নিরাপত্তা বন্ধনী না থাকার কারণে শ্রমিকেরাও ওপর থেকে পড়ে গিয়ে প্রাণ হারাচ্ছেন নির্মমভাবে। আর সব সময় ধুলোবালুর মধ্যে কাজ করার কারণে শ্রমিকেরা শ্বাসকষ্টসহ নানা ধরনের রোগের ঝুঁকির মধ্যে থাকেন।
কিন্তু এ থেকে পরিত্রাণের কোনো উপায় কি নেই? নিশ্চয়ই আছে। চীনের সাংহাই নগরীর প্রধান নির্মাণ সংস্থাগুলো আজ থেকে বছর তিনেক আগে ঘোষণা দিয়েছিল নির্মাণকাজে পরিবর্তন আনার জন্য। সে ক্ষেত্রে তারা পূর্বনির্ধারিত (প্রি-ফেব্রিকেটেড) নির্মাণকৌশল ব্যবহার করার পরামর্শ দেয়। তখন চীনের বড় শহরগুলোর বেশ কিছু বড় স্থাপনা নির্মাণের প্রায় ৬০ শতাংশ কাজে এই পদ্ধতি অবলম্বন করা হয়েছিল।
এই পদ্ধতিতে বাইরের কারখানা থেকে নকশা অনুযায়ী বাইরের-ভেতরের দেয়াল, দরজা-জানালা-সিলিং এমনকি সম্পূর্ণ ঘরটি ছোট ছোট অংশে ভাগ করে আগে থেকেই বানিয়ে নির্মাণ সাইটে শুধু সংযুক্ত করে সমন্বয় করতে পারে। এর মাধ্যমে স্থাপনা নির্মাণকাজে শব্দের প্রাচুর্য একদিকে যেমন কমে, তেমনি নির্মাণ উপকরণের সঠিক ব্যবহার নিশ্চিত হয়। বর্তমানে অনেক উন্নত দেশ এই পদ্ধতি ব্যবহার করছে।
আমাদের দেশে এ পদ্ধতি প্রয়োগ করা হলে যেকোনো স্থাপনা নির্মাণকাজে সময় বাঁচবে প্রায় তিন গুণ। খরচও কমবে। তবে এ ক্ষেত্রে শ্রমিকদের জন্য একদিকে যেমন বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, অন্যদিকে গড়ে তুলতে হবে দেশীয় প্রি-ফেব্রিকেটেড কারখানা। এসব বিষয় নিয়ে আমাদের দেশের নির্মাণশিল্পের সঙ্গে জড়িত বড় বড় সংস্থাগুলোকে এখনই ভাবতে হবে, নিতে হবে কার্যকর পদক্ষেপ।
সজল চৌধুরী : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক
sajal_c@yahoo. com