নওয়াজ আবারও ক্ষমতাহীন হতে পারেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হামলার পর কোয়েটা পুলিশ ট্রেনিং কলেজ
হামলার পর কোয়েটা পুলিশ ট্রেনিং কলেজ

একপর্যায়ে দেখা গেল, দেশটিতে সহিংসতার হার সামগ্রিকভাবে কমে এসেছে। আর সেনাপ্রধান রাহিল শরিফ জাতির ত্রাতা হিসেবে আবির্ভূত হলেন। তাঁকে গৌরবান্বিত করা হলো। কিন্তু হামলা একেবারে থামল না। এর আগে গত আগস্ট মাসে এই কোয়েটার একটি হাসপাতালে হামলা হলে ৭৩ জন মারা যায়। ফলে দেশটির রাজনৈতিক অস্থিতিশীলতা ও সংকট যেন দূর হলো না, আগের মতোই রয়ে গেল।

এদিকে দেশটির বিরোধী নেতা ইমরান খান ও ধর্মীয় নেতা তাহির-উল কাদরি ২০১৪ সালের গণবিক্ষোভ কর্মসূচি আবারও শুরু করার প্রস্তুতি নিচ্ছেন। মনে রাখা দরকার, ওই বিক্ষোভের কারণে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ চার মাসের জন্য স্থবির হয়ে গিয়েছিল। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খান ও পাকিস্তানি আওয়ামী তেহরিক (পিএটি) নেতা কাদরি বলেছেন, তাঁরা দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পরিবারের আর্থিক অস্বচ্ছতার বিরুদ্ধে আন্দোলন করছেন। গত এপ্রিলে যখন পানামা পেপার্স ফাঁস হলো, তখন জানা গেল, নওয়াজ শরিফের সন্তানেরা অফশোর কোম্পানির মাধ্যমে লন্ডনে অনেক সম্পদ করেছেন, যার মূল্য অনেক। তা ছাড়া সম্প্রতি ইমরান খানের বক্তব্য-বিবৃতি থেকে বোঝা যায়, তিনি দেশে সংকট সৃষ্টি করতে সংকল্পবদ্ধ, যার মাধ্যমে নওয়াজ শরিফকে ক্ষমতা থেকে হটানো যাবে। সম্ভবত, সেনাবাহিনীর সহযোগিতা নিয়েই তিনি এ কাজ করতে চান, যদিও পাকিস্তানের সেনাবাহিনী দেশটির ৬৯ বছরের ইতিহাসে বেশ কয়েকবার বেসামরিক সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান করেছে।

কথা হচ্ছে, পিটিআইর নেতা আন্দোলনের জন্য খুবই সংবেদনশীল একটি সময় বেছে নিয়েছেন। ওদিকে নওয়াজ শরিফকে এখন ব্যাপক জনপ্রিয় সেনাপ্রধান রাহিল শরিফের উত্তরসূরি নির্বাচন করতে হবে। কারণ, আগামী মাসের শেষের দিকে তাঁর অবসর নেওয়ার কথা। রাহিল শরিফ বলেছেন, তিনি নতুন মেয়াদে দায়িত্ব পালন করতে চান না। কিন্তু বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠী তাঁর মেয়াদ বাড়ানোর আহ্বান জানিয়েছে। তাঁর সমর্থকদের কথা হচ্ছে, পাকিস্তান যখন ধারাবাহিকভাবে নিরাপত্তা চ্যালে​েঞ্জর মুখে পড়ছে, তখন সেনা নেতৃত্বে পরিবর্তন কাম্য নয়।

এদিকে নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন) তো সম্প্রতি ক্ষমতাশালী সেনা কর্তৃপক্ষের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে হতবুদ্ধি হয়ে গেছে। এই অক্টোবরের ৭ তারিখে দ্য ডন-এর এক নিবন্ধে উচ্চপর্যায়ের নিরাপত্তাবিষয়ক বৈঠকের খবর ফাঁস করা হয়, সেখান থেকেই এ তথ্য জানা যায়। দেশটির শ্রদ্ধেয় সাংবাদিক সিরিল আলমেইদা ওই নিবন্ধে বলেছিলেন, পাকিস্তান সরকার দেশটির শীর্ষ জেনারেলদের একদম ধুয়ে দিয়েছে, ব্যাপারটা অভূতপূর্ব। সরকার নাকি জেনারেলদের এই বলে সতর্ক করে দিয়েছিল, তারা জিহাদিদের রক্ষা করছে বলে এরা পাকিস্তানের মাটি ব্যবহার করে ভারত ও আফগানিস্তানে হামলা চালাতে পারছে। ফলে পাকিস্তান আন্তর্জাতিক পরিমণ্ডলে একঘরে হয়ে পড়ছে।

এই সুযোগে মাওলানাদের একটি গোষ্ঠী ‘ইসলামের জন্য প্রাণ দেওয়া মানুষের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আগামী শুক্রবার ইসলামাবাদে সমাবেশ করবে’। তারা আসলে বোঝাতে চাচ্ছে, সরকার এই সমস্যা মোকাবিলায় অক্ষম। এই মাওলানাদের মধ্যে আছেন জামাত ইদ দাওয়ার নেতা হাফিজ সাঈদ, যেটা আসলে লস্কর-ই-তাইয়্যেবার সহযোগী সংগঠন। অথচ এই লস্কর ২০০৮ সালে ভারতের মুম্বাইয়ে তিন দিন ধরে হামলা চালিয়েছিল। এতে ৬৪ জন নিহত হয়েছিলেন।

এই খবর ফাঁস হয়ে যাওয়ায় পাকিস্তানের শীর্ষ জেনারেলরা খেপেছেন। তাঁরা বিশ্বাস করেন, সরকার সেনাবাহিনীকে দুর্বল করার জন্য ডন-এর কাছে এই খবর ফাঁস করে দিয়েছে। এর মধ্য দিয়ে সরকার পশ্চিমাদের অনুগ্রহও পাবে। ওদিকে পাকিস্তান আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়ছে—এ কথাটাও পাকিস্তান সেনাবাহিনীর গায়ে লেগেছে। যদিও ভারত, আফগানিস্তান, বাংলাদেশ ও ভুটান পাকিস্তানে অনুষ্ঠেয় সার্ক শীর্ষ সম্মেলনে যেতে রাজি হয়নি। তাদের অভিযোগ, পাকিস্তান ক্রমাগতভাবে সন্ত্রাসীদের ব্যবহার করে আসছে। কিন্তু কথা হচ্ছে, পাকিস্তানকে যদি সন্ত্রাসবাদের রাশ টানতে হয়, তাহলে আফগানিস্তানের সঙ্গে তাদের সম্পর্কোন্নয়নের বিকল্প নেই। মঙ্গলবার বেলুচিস্তানের এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা দাবি করেছেন, কোয়েটার হামলাকারীদের নিয়ন্ত্রণ করা হয়েছে আফগানিস্তান থেকে। তাদের সঙ্গে এদের সার্বক্ষণিক যোগাযোগ ছিল। কিন্তু আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি পাকিস্তানকে শান্তি আলোচনার যে প্রস্তাব দিয়েছিলেন, সেটি ব্যর্থ হলে কাবুল পাকিস্তানের কাছ থেকে অনেকটাই দূরে সরে যায়।

নওয়াজ শরিফের সঙ্গে সামরিক সম্পর্কের ইতিহাস অনেক দীর্ঘ ও উত্তাল। ১৯৯৯ সালে তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন সাবেক সেনাপ্রধান পারভেজ মোশাররফ তাঁকে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করেন। এরপর ২০১৩ সালে তিনি আবার ক্ষমতায় আসার পর দেশদ্রোহের অভিযোগে মোশাররফের বিচারের আদেশ দেন। এতে সেনাবাহিনীর সঙ্গে তাঁর সম্পর্ক খারাপই হয়। অর্থাৎ বেলুচিস্তানের কোয়েটায় বোমা হামলা ও ইসলামাবাদে রাস্তার আন্দোলনের সুযোগ নিয়ে পাকিস্তান সেনাবাহিনী আবারও নওয়াজের ক্ষমতা হ্রাস করতে পারে।

অনুবাদ: প্রতীক বর্ধন, দ্য গার্ডিয়ান থেকে নেওয়া।

জন বুন: দ্য গার্ডিয়ান–এর পাকিস্তান প্রতিনিধি।