নওয়াজকে ঐক্য গড়তে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফ্রাসিয়াব খটক
আফ্রাসিয়াব খটক

প্রথম যে কারণে উভয় পক্ষের সম্পর্কে ফাটল ধরল, সেটা হলো ভারতের সঙ্গে নওয়াজ শরিফের সম্পর্ক স্বাভাবিক রাখার চেষ্টা। ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের ব্যাপারটা পাকিস্তান নিরাপত্তা বাহিনীর কাছে যেন ষাঁড়ের সামনে লাল কাপড় দোলানোর মতো। ব্যাপারটা হলো, বড় প্রতিবেশীদের সঙ্গে সংঘাতময় পরিস্থিতি তৈরি করে রাখা এই নিরাপত্তা রাষ্ট্রের আদর্শিক ভিত্তি, যা রাষ্ট্রীয় ব্যবস্থার ওপর নিরাপত্তা বাহিনীর প্রভাবের যুক্তি হিসেবে কাজ করে। দ্বিতীয়ত, সাবেক সামরিক স্বৈরশাসক জেনারেল পারভেজ মোশাররফকে সংবিধান লঙ্ঘনের দায়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর সিদ্ধান্তের কারণেও নওয়াজের সঙ্গে সামরিক বাহিনীর সম্পর্কের অবনতি হয়। অথচ মোশাররফ ১৯৯৯ সালে একবার ও ২০০৭ সালে আরেকবার সংবিধান লঙ্ঘনের জন্য কুখ্যাত।

সরকার দ্বিতীয় দফা সংবিধান লঙ্ঘনের দায়ে তাঁর বিচার করতে চেয়েছিল। কারণ, আগের নজিরের পথে না হেঁটে সুপ্রিম কোর্ট ২০০৭ সালের সংবিধান লঙ্ঘন অনুমোদন এবং সংসদও তা ক্ষমা করেনি। ফলে ব্যাপারটা সোজাসাপ্টা হয়ে যায়। রাষ্ট্রীয় সংস্থাগুলো মুখোমুখি অবস্থানে থাকার পর আদালত সাবেক সেনাশাসককে ‘স্বাস্থ্যগত কারণে’ বিদেশে যাওয়ার অনুমতি দেন, যদিও এর জন্য পর্দার পেছনে কিছু কারসাজি হয়েছে। আর দেশ ছাড়ার পর মোশাররফের এটা বলতে একটুও লজ্জা করেনি যে সাবেক সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফের সাহায্য নিয়েই তিনি দেশ ছাড়তে পেরেছেন।

এসব কারণে নির্বাচিত সরকারের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সম্পর্ক আর জোড়া লাগানোর মতো অবস্থায় থাকেনি। ফলে নিরাপত্তা বাহিনী সরকারের ওপর চড়াও হওয়ার সিদ্ধান্ত নেয়। অধিকাংশ বয়স্ক রাজনৈতিক নেতারই ১৯৯০-এর দশকের এই মিউজিক্যাল চেয়ারের অভিজ্ঞতা আছে। কিন্তু পিটিআইয়ের ইমরান খান রাজনৈতিক কারসাজি করে সহজ পথে ক্ষমতায় যাওয়ার জন্য রাষ্ট্রের ভেতরের রাষ্ট্রের দ্বারস্থ হন। ২০১৪ সালে তিনি ‘নির্বাচনী জালিয়াতির’ বিরুদ্ধে যে অবস্থান ধর্মঘট করেন, তা ছিল প্রথম ধাপ।

গণতন্ত্রবিরোধী শক্তির হস্তক্ষেপের যুক্তি তৈরি করতে এই উসকানিদাতারা রাষ্ট্রীয় টেলিভিশনে হামলা করে। শুধু তা-ই নয়, এখন আমরা জানতে পেরেছি, বিশেষ দূতেরা প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে পদত্যাগ করতে বা সামরিক শাসনের জন্য প্রস্তুত থাকতে পরামর্শ দিয়েছিলেন। কিন্তু দুটি কারণে সেটা হয়নি। প্রথমত, অধিকাংশ রাজনৈতিক দল সাংবিধানিক ব্যবস্থায় বিশ্বাস করে এবং তারা প্রকাশ্যে অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে সংগঠিত হওয়ার আহ্বান জানিয়েছিল। দ্বিতীয়ত, প্রধানমন্ত্রী স্নায়ুর চাপ ধরে রেখে রাষ্ট্রের ভেতরের রাষ্ট্রের কাছে মাথা নত করেননি। এরপর ২০১৪ সালে পেশোয়ারের সামরিক স্কুলে শিশুদের নৃশংসভাবে হত্যা করার পর অভ্যুত্থানকারীরা পিছু হটতে বাধ্য হয়। কিন্তু আমরা পরবর্তীকালে জানতে পারলাম, এই পশ্চাদপসরণ ছিল সাময়িক। তারা স্রেফ প্রথম সুযোগের জন্য অপেক্ষা করছিল।

২০১৫ সালে পানামা পেপারস কেলেঙ্কারি ফাঁস হলে অভ্যুত্থানকারীদের কাছে তা ঈশ্বর-প্রদত্ত সুযোগ হয়ে আসে। ‘জবাবদিহির’ নামে রাষ্ট্রের ভেতরের রাষ্ট্র ও তার নেতারা এই সুযোগে ঝাঁপিয়ে পড়ে। ২০১৪ সালে যে অভ্যুত্থান হামাগুড়ি দিয়ে চলতে শুরু করে, তা পরবর্তী স্তরে পৌঁছানোর পথ পেয়ে যায়। সর্বোপরি এটা তো সেই পুরোনো খেলা। এই জবাবদিহির দোহাই দিয়ে অভ্যুত্থানকারীরা বেসামরিক সরকারপ্রধানদের দরজা দেখিয়ে দিয়েছে। আইয়ুব খান থেকে জিয়াউল হক হয়ে পারভেজ মোশাররফ পর্যন্ত এটাই হয়েছে।

সম্ভবত পাকিস্তান সংবিধানের ১৮তম সংশোধনীর পর অগণতান্ত্রিক শক্তির সরাসরি ও উন্মুক্ত হস্তক্ষেপের সুযোগ নেই। যৌথ তদন্ত দলের মাধ্যমে সর্বোচ্চ আদালতকে কাজটা করতে হয়েছে। কিন্তু কাজটা খুবই কর্কশভাবে করতে হয়েছে। পানামা পেপারসে শত শত পরিবারের নাম এলেও শুধু একটি পরিবারকে ‘জবাবদিহির’ জন্য কাঠগড়ায় দাঁড় করানো হয়। এটাও যেন যথেষ্ট নয়, সবচেয়ে বড় পরিহাস হলো, পানামা পেপারস কেলেঙ্কারি নিয়ে এত হট্টগোলের পরও কিন্তু নওয়াজ শরিফকে এ কারণে অযোগ্য ঘোষণা করা হয়নি। সংযুক্ত আরব আমিরাতে স্টে ভিসা ও তাঁর পুত্রের প্রতিষ্ঠানের প্রস্তাবিত বেতনের জন্য তাঁকে অযোগ্য ঘোষণা করা হয়েছে, যে বেতন তিনি তোলেননি। এমনকি তাঁকে সরানোর পরও সরকারের ওপর চাপ কমেনি। এটাও পরিষ্কার, সরকার ২০১৮ সালের মার্চে সিনেট নির্বাচন ও তার পরের সাধারণ নির্বাচন করতে পারবে না। ‘তত্ত্বাবধায়ক’ সরকারের জন্য মাঠ প্রস্তুত করা হচ্ছে। আবারও একটি কিংস পার্টি গঠনের চেষ্টার কথা বাতাসে ভেসে বেড়াচ্ছে। এর আগে বিচার বিভাগের কাজ ছিল রাষ্ট্রের ভেতরের রাষ্ট্রের সিদ্ধান্ত সমর্থন করা। এবার তাঁরা অগ্রগামী বাহিনী হয়ে বেসামরিক সরকারকে উৎখাত করলেন।

নিচের প্রশ্ন দুটির উত্তর ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির পরবর্তী পর্যায়ের ফলাফল নির্ধারণ করতে পারে। প্রথমত, নওয়াজ শরিফ গত চার বছরে সংসদ এবং গণতান্ত্রিক শক্তির ঐক্যের তাৎপর্য অগ্রাহ্য করে নিজের অবস্থান দুর্বল করেছেন। তিনি শিক্ষা নিয়েছেন? পরবর্তী ধাপে তিনি কি ভিন্ন আচরণ করবেন? দ্বিতীয়ত, চরমপন্থী জঙ্গিবাদের পরিপ্রেক্ষিতে পাকিস্তানের আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হওয়ার চরম আশঙ্কা আছে। নিরাপত্তা বাহিনীর কি এই দায় এড়ানোর ইচ্ছা বা সক্ষমতা আছে?

দ্য নেশন ডট কম থেকে নেওয়া, অনুবাদ: প্রতীক বর্ধন।

আফ্রাসিয়াব খটক: পাকিস্তানের আঞ্চলিক সম্পর্ক বিশ্লেষক।