নগরে প্রকৃতি না রাখতে না রাখতে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সকাল থেকেই কাঠুরিয়ার ঠক ঠক শব্দ, কখনো বা করাতের ঘস ঘস শব্দে ঘুম ভাঙে। ক্ষণিকের জন্য হলেও মনে হচ্ছিল বনবনানীর পাশেই যেন বসবাস। কিন্তু না, গাছগাছালি কেটে প্রস্তুত হচ্ছে আরও একটি জমি, এই নাঙা শহরের ভবন-মিছিলে আরও একটি নতুন করে যোগদানের জন্য। দেশি গণিতবিদ শুভংকরের ফাঁকির মতোই কঠিন অঙ্ক কষে প্রকৃতির জন্য ভগ্নাংশ বের করা হবে শুধু ‘সেট ব্যাক’ নামক অংশটুকুই। এদিকে মাটিতে পড়ে থাকা গাছগুলোর ডালে ডালে এখনো ছুটোছুটি করছে ছোট পাখিগুলো, যেন মৃত মায়ের বুকের শেষ উষ্ণতাটুকু পাওয়ার আশায়। এরই মাঝে আমার ছোট্ট মেয়েটির সঙ্গে শেষ দেখা করে গেল তার বহু চেনা কাঠঠোকরা পাখিটি ...।’

কয়েক দিন আগে ফেসবুকে এভাবেই আবেগপ্রবণ পোস্টটি দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান ও স্থপতি অধ্যাপক ড. খন্দকার সাব্বির আহমেদ তাঁর বনানীর বাড়ি থেকে। তাঁর এই লেখার মধ্যে লুকিয়ে আছে ভালোবাসায় পরিপূর্ণ এক নিদারুণ যান্ত্রিক নগরের হাহাকার। তিনি আরও একটি সচিত্র প্রতিবেদন ফেসবুকে আপলোড করেছেন সম্প্রতি। সেখানে শোনা যায় গাছগুলো কেটে ফেলার পর কাঠবিড়ালি আর পাখিদের হৃদয়বিদারক এক কান্নার শব্দ, যেন তাদের কান্না থামতেই চায় না। এ কান্না ওদের ঘর হারানোর। আর পাশে থাকা তাঁর দেওয়া ছবিই বলে দেয় কেন সেই কান্না! সেদিন সকালে তাঁদের পাশের জায়গার গাছ কেটে ফেলায় ঘরহারা কাঠবিড়ালি আর চেনা পাখিগুলো আশ্রয় নিয়েছে তাদের বাসার গাছে—আজ যেন তারা উদ্‌ভ্রান্ত-উদ্বাস্তু। গাছ কাটার শব্দ শুনে তাঁর ছোট্ট মেয়েটি তাঁর কাছে মোবাইলে কান্নাজড়িত কণ্ঠে জানতে চায়, ‘কাঠবিড়ালিরা কান্না করছে! ওরা এখন যাবে কোথায়?’

গাছগুলো কাটা হচ্ছে সেখানে নতুন একটি ভবন গড়ে উঠবে বলে। প্রস্তুত করা হচ্ছে মাটি। আর এভাবেই বসন্তের শুরুতেই এই যান্ত্রিক শহরে যান্ত্রিক ফল ধরে দিনের পর দিন! এ প্রসঙ্গে কথা হলো অধ্যাপক ড. খন্দকার সাব্বির আহমেদের সঙ্গে। তাঁর কথা ও লেখা পাঠকদের উদ্দেশে তুলে ধরা হলো। তাঁর মতে, ‘এ কিসের আলামত? যে শহরের স্থপতিরা জমি দর্শন করেন মনিটরে প্রদর্শিত নকশায়, যা কিনা আবার সরবরাহ করে থাকেন গৃহের নির্মাতা বা “ডেভেলপার”। সব প্রাকৃতিক গাছ নিধন করেই তবেই নকশা তৈরি করা হয়! আর স্থপতিরা অর্থের বিনিময়ে, কড়ায়-গন্ডায় বুঝিয়ে দেন ওই জায়গায় বর্তমান নিয়মে “সর্বাধিক ভূমি আচ্ছাদন” করা বহুতল ভবনের নকশা। নির্মাণ জগতের এ এক অন্ধকার পর্যায়। স্থপতিরা সাইটে যান না বা প্রয়োজনই মনে করেন না অনেক ক্ষেত্রে। কাদামাটি ছোঁবেন না, গাছগাছালি আছে কি নেই জানবেন না, আলো কেমন, বাতাস কেমনভাবে বইছে, পাড়া-প্রতিবেশীরাই কীভাবে থাকছেন, ওখানে কেমন পাখপাখালির বিচরণ ইত্যাদি। এসব ব্যাপার তো ভবনের নকশা প্রণয়নের নিয়মাবলির মধ্যে নেই, পাস করানোর কোনো বালাই নেই বা ডেভেলপার কর্তৃক নিয়োজিত অনেক স্থপতিদের পেশাদার পরীক্ষাতেও আসে না। অবশ্য স্থপতিরা পরে শখ করে বাহারি ফুলের গাছ ভবনের ছাদে বা বারান্দায় লাগিয়ে সেলফি তোলেন। আবার ভবনের ডগায় পতাকার মতো করে কোনো গাছ পুঁতে দেন, তখন সবাই “সবুজ” “সবুজ” বলে চিৎকার করতে থাকেন, সবুজের প্রতি আহ্লাদ প্রকাশ করে থাকেন। আর মাটিতে হয় যান্ত্রিক ফুল ও ফল! বাকি রইল, শিশুদের ওই ফল কেটে খাওয়া শেখানো। আমাদের শিশুরা তাও পারবে, কারণ আমরাই তো শিখিয়েছি অনেক কিছুই—খেলার মাঠ বা পার্কে না গিয়ে বড় হওয়া, ফল না খেয়ে মোড়কবদ্ধ জুস নামক কী যেন খাওয়া, হাত-পা না ব্যবহার করে চোখ দিয়ে বল খেলা, কথা না বলে লিখে লিখে মনের ভাব প্রকাশ করা। আরও কত-কী...!’

বলতে বলতে তিনি থেমে গেলেন, চুপচাপ চেয়ে রইলেন জানালার পাশে ফাঁকা জায়গাটির দিকে। আর কীই-বা বলার আছে তাঁর? দিনের পর দিন ধরে আমরাই তো গাছে ভরা সবুজ জমিতে বানিয়ে চলেছি বসবাসের অযোগ্য একটি নগরী। মানছি না কোনো নিয়ম। এক হিসেবে দেখা গেছে, ঢাকার ৪০ হাজার ভবনের মধ্যে নিয়ম মেনে তৈরি হয়েছে মাত্র ১৬২টি ভবন। যে নগরীতে শুধু বিবেচনা করা হয় কত শতাংশ জমিতে কত শতাংশ স্থাপনা উঠবে কিংবা সর্বোচ্চ কত অংশ ভূমি আচ্ছাদন পাব। সেখানে কি একবারও চিন্তা করা হয়, আজ যেখানে বছরের পর বছর ধরে বেড়ে ওঠা সবুজ গাছগুলোয় কত পাখি, কত কাঠবিড়ালিরা বেড়ে উঠেছে, ঘর বানিয়েছে দিনের পর দিন ধরে, মেঘদ্বীপাদের সঙ্গে গল্প বলেছে জানালার ধারে এসে। কথা নেই, বার্তা নেই, এক নিমেষেই কেটে ফেলছি ভবন তৈরি করব বলে! নকশা করছি অনেক সুন্দর করে! বছর শেষে সুন্দর সুন্দর নকশার জন্য বাহবা কুড়াচ্ছি দুহাত ভরে! জানতেও পারছি না যে পাখি আর কাঠবিড়ালিদের ডাকে প্রতি সকালে ঘুম ভাঙত—আজ তারা কোথায় যাবে, কোথায় আবার নতুন করে ঘর বাঁধবে? তবে কি আমরা চাইছি এমন একটি নগর, যেখানে শুধু আমরা ছাড়া আর কিছুই থাকবে না? সেটা কি আমরা ও আমাদের সন্তানদের জন্য ভালো হবে? তাদের শারীরিক মানসিক বিকাশের চিন্তাও কি আমরা করব না?

সজল চৌধুরী: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক
[email protected]