অসম্ভব প্রাণশক্তিসম্পন্ন, উদার ও বিশাল হূদয়ের একজন মানুষ ছিলেন খান মোহাম্মদ মঈনুদ্দীন। গত শতাব্দীর বিশের দশক থেকে জাতীয় ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একান্ত ভক্ত, অনুরক্ত, সুহূদ ও সহচর ছিলেন। নজরুল অনুরাগী উদ্যোগী এই মানুষটি শুধু কবির কবিতা, রচনা প্রকাশ করার ক্ষেত্রেই নয়, তাঁর সব দুঃসময়ে রোগ-শোক-সংকটে পরম আন্তরিকতা, ভালোবাসায় পাশে গিয়ে দাঁড়িয়েছেন। সংকট নিরসনে একজন সহযাত্রী, সহমর্মী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন আর সেই নিষ্ঠা, কর্মপ্রচেষ্টা আজ নজরুল জীবনের ইতিহাসের অংশ।তাই কবি খান মোহাম্মদ মঈনুদ্দীন শুধু একজন কবি বা লেখক হিসেবেই নন, আমাদের জাতীয় কবিকে সাহচর্যদান এবং তাঁর আত্মপ্রকাশে সক্রিয় সহযোগিতা করার অনন্য ভূমিকার জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন। ৩০ অক্টোবর ছিল তাঁর ১১১তম জন্মদিন। আমার সুযোগ হয়েছিল, সওগাত সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীনের সঙ্গে দীর্ঘদিন কাজ করার, সেখানেই পরবর্তী সময়ে কবি খান মোহাম্মদ মঈনুদ্দীনের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার। কবি নজরুলের এই অকৃত্রিম বন্ধু, সহচর সম্পর্কে জানার সুযোগ তখন থেকেই। সওগাত সম্পাদক মজা করে বলতেন, খান মোহাম্মদ মঈনুদ্দীন কবি নজরুলকে এতটাই ভালোবাসতেন যে তাঁকে ভীষণভাবে অনুসরণ করতেন। কবি নজরুল ঝাঁকড়া, লম্বা চুল রেখেছিলেন, মঈনুদ্দীনও তা-ই করেছিলেন। নজরুলের মতো মুখ লাল করে পান খেতেন তিনি এবং গগন ফাটিয়ে অট্টহাসির অভ্যাসও ছিল নজরুলের মতো। অসম্ভব রসবোধ নিয়ে তিনিও নজরুলের মতো আসর জমাতেন।১৯৩৩ সালে অধিকতর প্রগতিশীল, মুক্তচিন্তার লেখা নিয়ে নতুনভাবে সওগাত প্রকাশের উদ্যোগ নিলেন সম্পাদক নাসিরউদ্দীন। সেই সময় প্রতি সন্ধ্যায় সওগাত অফিসে সাহিত্যের আড্ডা বসত। সেই সভায় একদিন খবর আসে কবি নজরুল কৃষ্ণনগরে পরিবার-পরিজন নিয়ে চরম আর্থিক সংকটে আছেন। তখনই সিদ্ধান্ত নেওয়া হয় সওগাত-এ কবির লেখা ঘন ঘন ছাপার এবং সেই লেখার সম্মানী বাবদ টাকা নিয়মিত কবির কাছে পৌঁছে দেওয়ার। কিন্তু কে নেবে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব? সওগাত সাহিত্য মজলিসের নবীন সদস্য এবং লেখক কবি মঈনুদ্দীন আনন্দ উৎসাহের সঙ্গে সেদিন সেই দায়িত্ব নিয়েছিলেন। কলকাতা থেকে কৃষ্ণনগরে গিয়ে তিনি নিয়মিত এই কাজটি করেছেন। খান মোহাম্মদ মঈনুদ্দীন তাঁর যুগস্রষ্টা নজরুল বইয়ে আত্মভোলা ও সদা চঞ্চল, লাগামহীন এই মানুষটির কাছ থেকে লেখা আদায় করার বিচিত্র সব অভিজ্ঞতা চমৎকারভাবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, নজরুলকে একবার লেখার জন্য বসাতে পারলেই আর কথা নেই। কাল, পরিবেশ, সময় অনুযায়ী সেই লেখাটি হয়ে উঠত অনবদ্য। কবির বার্ষিক সওগাত-এর জন্য লেখা ‘খালেদ’ কবিতাটি নিয়ে তাঁর অভিজ্ঞতা ঠিক তেমনই। কবি মঈনুদ্দীন বলেছেন এভাবে, ‘এই কবিতা আনার জন্য কৃষ্ণনগরে কবির বাড়ীতে যেয়ে দেখলাম, দীর্ঘসময় ম্যালেরিয়া জ্বরে ভুগে তিনি জীর্ণ-শীর্ণ এবং ফ্যাকাসে হয়ে গেছেন। লেখার কথা বলায় তিনি কিছুক্ষণ চুপ থেকে আমাকে কাগজ কলম আনতে বললেন। আট দশ লাইন লেখার পর দেখলাম কবি জ্বরে কাঁপছেন। লেপ দিয়ে কবিকে চেপে ধরলাম, হঠাৎ তিনি আবার কাগজ কলম আনতে বললেন। থর থর করে কাঁপা হাত দিয়ে তিনি লিখে ফেললেন তাঁর বিখ্যাত কবিতা “খালেদ”।’কবি তাঁর আর্থিক সংকটের কথা অকৃত্রিম বন্ধু কবি খান মোহাম্মদ মঈনুদ্দীনকে জানাতেন। চিঠিপত্রের মধ্য দিয়েই বোঝা যায় কৃষ্ণনগরের সেই সময়টা তাঁর কতটা সংকটময় ছিল। কবি খান মোহাম্মদ মঈনুদ্দীন নজরুলের লেখা একটি চিঠি সওগাত সাহিত্য মজলিসের এক সভায় পড়ে শোনালেন। সেই চিঠির বক্তব্য অনুযায়ী কবিকে আর্থিক সাহায্য করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হলো। সবার উদ্যোগে একটি সাহায্য রজনীর আয়োজন করা এবং সেখান থেকে সংগৃহীত টাকা কবি পরিবারকে দেওয়ার পক্ষে সবাই মত দিলেন। এই মহতী উদ্যোগের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত ছিলেন কবি মঈনুদ্দীন। কবি যখন ব্রিটিশ সরকারের রোষানলে পড়ে কারাগারে অন্তরীণ হলেন, দেখা গেল খান মোহাম্মদ মঈনুদ্দীনও জেলখানায় তাঁর আনন্দ-বেদনার সাথি হয়ে গেলেন। কবিপুত্র বুলবুলের মৃত্যুর সময় আত্মভোলা ও শোকাহত কবি নজরুলের পাশে ছিলেন এই মঈনুদ্দীন, সর্বক্ষণের সঙ্গী হয়ে। শুধু শোক, সংকট, দারিদ্র্য ও কষ্টের সময়ই নয়, নজরুল-প্রমীলার তোলপাড় করা প্রণয় যখন বিয়েতে পরিণতি পেল, সেই সময়ও নজরুলের পাশে ছিলেন কবি মঈনুদ্দীন। ১৯৩৪ সালে কবি কাজী নজরুল সওগাত-এ কাজ শুরু করেন। সওগাত সাহিত্য মজলিসের আড্ডাকে তিনি গান-বাজনা, হইহুল্লোড়ে মাতিয়ে রাখতেন। কবি খান মোহাম্মদ মঈনুদ্দীন তাঁর নিজের লেখালেখির পাশাপাশি এই অসাধারণ ভূমিকা পালন করে নন্দিত হয়েছেন। তাঁর লেখা উল্লেখযোগ্য বই হচ্ছে যুগস্রষ্টা নজরুল, নয়া সড়ক, অনাথিনী, ঝুমকো লতা, পালের নাও। শিশু-কিশোরদের জন্য লাল মোরগ, আমাদের নবী, শফিকের মোটরবোট, স্বপন দেখি, হে মানুষ।কবি মঈনুদ্দীনের লেখা, সৃষ্টিকর্ম এবং তাঁর সঙ্গে বিদ্রোহী কবি কাজী নজরুলের জীবনের অবিচ্ছেদ্য অংশগুলো অযত্নে আজ হারিয়ে যেতে বসেছে। পরবর্তী প্রজন্মের জন্য এই অমূল্য সম্পদ সংরক্ষণের উদ্যোগ ও প্রচেষ্টা আজ খুবই জরুরি।দিল মনোয়ারা মনু