নতুন অনিশ্চয়তার মুখে থাইল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জশুয়া কুরলান্তজিক
জশুয়া কুরলান্তজিক

অনেক দিন আগে থেকেই ধারণা করা হচ্ছিল, থাইল্যান্ডের রাজা ভুমিবল আদুলাদেজ মারা যাবেন। কিন্তু তারপরও এই মৃত্যুর খবরে থাইল্যান্ডের মানুষ ধাক্কা খেয়েছে। তাঁর মৃত্যুর খবর যখন ঘোষণা করা হলো, তখন থাই জনগণ রাস্তায় বেরিয়ে এসে চোখের পানি ফেলেছেন, রাজার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। মৃত রাজার প্রতি তাঁরা শ্রদ্ধা জানিয়েছেন, যে রাজা ৭০ বছর সিংহাসনে ছিলেন। এই মৃত্যুর খবরে থাইল্যান্ডের শেয়ারবাজার ওঠানামা করেছে। দেশটি এক অনিশ্চিত সময়ে প্রবেশ করেছে। অধিকাংশ থাই নাগরিকই আর কোনো রাজাকে দেখেননি। অন্যদিকে দেশটির বড় রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তনের সময় রাজার ভূমিকার কারণে লোকে তাঁকে শ্রদ্ধা করে। এই রাজার শাসনামলে থাইল্যান্ড একটি গরিব দেশ থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হয়েছে।
কথা হচ্ছে, ভুমিবল ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মতো সাংবিধানিক রাজা ছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি ছিলেন থাইল্যান্ডের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক চরিত্র। থাইল্যান্ডে ১৯৩২ সালে একচ্ছত্র রাজশাসনের অবসান ঘটে। যা কিছু অবশিষ্ট ছিল তা–ও ১৯৫০ সালে ক্ষতিগ্রস্ত হয়, যখন ভুমিবল আনুষ্ঠানিকভাবে সিংহাসনে আরোহণ করেন। কিন্তু তিনি প্রাসাদের ক্ষমতা পুনরুদ্ধারের জন্য নিরন্তর সংগ্রাম করেছেন।
ভুমিবলের রাজত্বের সময় রাজানুগত মানুষেরা সামরিক বাহিনীর সঙ্গে হাত মিলিয়ে রাজতন্ত্রের ভাবমূর্তি পুনরুদ্ধার করেন। যখন বারবার সামরিক অভ্যুত্থান ও ইন্দোচীনে যুদ্ধ হচ্ছিল, তখন রাজা স্থিতিশীলতার প্রতীক হয়ে উঠেছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রসহ অন্য পশ্চিমা শক্তিগুলো তাঁকে সাদরে বরণ করেছিল। তাঁর অর্থনৈতিক ক্ষমতাও ছিল ব্যাপক। তিনি এই ক্ষমতা প্রয়োগও করেছেন। ক্রাউন প্রেপার্টি ব্যুরো নামে ৩০ বিলিয়ন ডলারের একটি বড় তহবিল তিনি নিয়ন্ত্রণ করেছেন। থাইল্যান্ডের সবচেয়ে দামি রিয়েল এস্টেট ও অন্যান্য সম্পদ তাঁর নিয়ন্ত্রণে ছিল। কিন্তু তা সত্ত্বেও তিনি দরিদ্র হিতকর ব্যক্তি হিসেবে খ্যাত ছিলেন।
দেশটিতে শক্তিশালী প্রশাসনিক কাঠামো না থাকায় কখনো কখনো অভ্যন্তরীণ রাজনীতির সমস্যা মেটাতে তাঁর শরণ নিতে হতো। এর মধ্যে ১৯৯২ সালের ঘটনা সবচেয়ে উল্লেখযোগ্য, যখন সামরিক বাহিনী ব্যাংককে বিক্ষোভরত লাখো মানুষের ওপর গুলি চালিয়েছিল। এ অবস্থায় ভুমিবল জান্তা নেতা ও বিরোধী নেতাকে প্রাসাদে ডাকেন। তাঁরা উভয়েই রাজাকে সাষ্টাঙ্গে প্রণাম করেন। টেলিভিশনের পর্দায় সরাসরি এ দৃশ্য দেখানো হয়েছে। তখন রাজা দাবি করেন, এই রক্তপাত বন্ধ করতে হবে। এরপর জান্তা ক্ষমতা ছেড়ে দিলে দেশটিতে বেসামরিক সরকার ক্ষমতায় আসে। আর ২০০০ সালের মধ্যেই মনে হচ্ছিল, থাইল্যান্ড একটি স্থিতিশীল ও দৃঢ় গণতান্ত্রিক কাঠামো নির্মাণ করছে। সে কারণে রাজাকে গণতান্ত্রিক পরিবর্তনের শক্তি হিসেবে আখ্যা দেওয়া হয়।
কিন্তু থাইল্যান্ডের খেটে খাওয়া মানুষের অভিজ্ঞতা ছিল ভিন্ন। তাঁরা তো সামরিক ও টেকনোক্র্যাট শাসন দেখেছেন, তাই তাঁরা রাজতন্ত্রের নতুন গণতান্ত্রিক রাজনীতিকে বরণ করে নেন। তাঁরা জনপ্রিয় রাজনৈতিক দলকে ভোট দেন, যারা রাজনীতিকে প্রাসাদ, সামরিক বাহিনী ও রাজনৈতিক অভিজাত ব্যক্তিদের কাছ থেকে দূরে সরিয়ে আনবে। কিন্তু দেখা গেল, দেশটির অভিজাত ব্যক্তিরা শিগগিরই পাল্টা আঘাত করলেন, আর দেশটির রাজনীতি এক চক্রের মধ্যে ঢুকে গেল: প্রাসাদ প্রযোজিত অভ্যুত্থান, নির্বাচিত সরকার ও এরপর রাজপথের সহিংস আন্দোলন। এমনকি রাজা ভুমিবল ২০০৬ সালের সেনা অভ্যুত্থানেও সমর্থন দেন, যদিও তাঁকে হুমকি দেওয়া হয়েছিল, এই রাষ্ট্রবিরোধী কাজের জন্য কঠোর শাস্তি হবে। এ জন্য সামাজিক মাধ্যম ও কখনো গণপরিসরে তাঁর অনেক সমালোচনাও হয়েছে।
ভুমিবলের মৃত্যুর পর একধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। থাইল্যান্ডের বর্তমান সামরিক জান্তা বলেছেন, ভুমিবলের উত্তরাধিকারী যুবরাজ মাহা ভাজিরালোংক্রন এখনই সিংহাসনে আরোহণ করবেন না। কারণ, তাঁর শোক করার জন্য সময় লাগবে। আর এর মধ্যে রাজকার্য চালাবেন এক রাজপ্রতিভূ, যিনি ছিলেন ভুমিবলের দীর্ঘদিনের বন্ধু। তিনি হচ্ছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী প্রেম তিনসুলানোন্দা। প্রেম মানুষের মধ্যে বিবাদ সৃষ্টি করেন। যদিও তিনি প্রধানমন্ত্রী হিসেবে থাইল্যান্ডের দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির সময়টা দেখভাল করেছেন, অনেক দরিদ্র থাইবাসী তাঁকে অপছন্দ করেন। তাঁরা সাবেক থাই প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সঙ্গে যুক্ত জনপ্রিয়তাবাদী রাজনৈতিক দলগুলোকে সমর্থন করেন। থাকসিনের বোন ইংলাকও তো দেশটির প্রধানমন্ত্রী ছিলেন, যাঁকে ২০১৪ সালে অভ্যুত্থানের মাধ্যমে হটানো হয়। কিন্তু প্রেম সম্পর্কে লোকের ধারণা ভালো নয়।
ভাজিরালোংক্রনের এখনই ক্ষমতায় আরোহণ না করার বেশ কিছু কারণ থাকতে পারে। তিনি হয়তো বুঝতে পেরেছেন, পিতার জনপ্রিয়তার কাছাকাছিও তিনি নেই। গণপরিসরে ইতিবাচক ভাবমূর্তি তৈরি করতে তাঁর সময় লাগবে। আবার জান্তাও তাঁর ওপর জোর করতে পারে। কারণ, তাঁর প্লেবয় ভাবমূর্তি রয়েছে, আবার থাকসিনের সঙ্গেও নাকি তাঁর বন্ধুত্ব রয়েছে। জান্তা এটাকে ভয় পায়। আবার তারা ভাজিরালোংক্রনের বোনকেও প্রলুব্ধ করার চেষ্টা করতে পারে, কিন্তু থাইল্যান্ডের সংবিধান এটা অনুমোদন করে না যে একজন নারী সিংহাসনে বসবেন।
এদিকে ভুমিবলের মৃত্যুতে অস্থিতিশীল দক্ষিণ-পূর্ব এশিয়ার অবস্থা আরও খারাপ হবে। মালয়েশিয়ায় চলছে মাহাথির মোহাম্মদের সঙ্গে বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজাকের দ্বন্দ্ব। ওদিকে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদরিগো দুতের্তে মার্কিন যুক্তরাষ্ট্রের মুর্দাবাদ করে চীনের দিকে ঝুঁকেছেন। ফলে দক্ষিণ চীন সাগরের মালিকানা নিয়ে চীনের সঙ্গে যাদের বিরোধ আছে, তারা শঙ্কিত হয়ে উঠছে। মোদ্দা কথা হচ্ছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার সব দেশকে অবশ্যই চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারসাম্য বজায় রেখে চলতে হবে।
এই আগস্টে থাইল্যান্ডে নতুন সংবিধান গৃহীত হয়েছে। আগামী বছর সেখানে নতুন নির্বাচন হবে। অনেক থাইবাসীই বিশ্বাস করেন, এর মধ্য দিয়ে দেশটি আবারও পথে আসবে। এক দশকের রাজনৈতিক ঝঞ্ঝার অবসান হবে। কিন্তু ভুমিবলের মৃত্যুতে যে অজনপ্রিয় যুবরাজের ক্ষমতা নেওয়ার বাস্তবতা সৃষ্টি হলো, তাতে দেশটিতে শিগগিরই স্থিতিশীলতা আসবে বলে মনে হয় না।

অনুবাদ: প্রতীক বর্ধন, স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট।
জশুয়া কুরলান্তজিক: কাউন্সিল অন ফরেন রিলেশনসের জ্যেষ্ঠ ফেলো।