বাংলাদেশে প্রতিবছর ২২ লাখ তরুণ-তরুণী কর্মবাজারে প্রবেশ করেন। তাঁদের মধ্যে কয়েক লাখকে তোড়জোড় করে বিদেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। দেশে সরকারি-বেসরকারি খাতে আরও কয়েক লাখ লোকের কর্মসংস্থান আমরা করতে পারি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে দেশে প্রতিবছর গড়ে মাত্র ৩ লাখ কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। তার মানে হলো, গড়ে প্রতিবছরই ১০ লাখ তরুণ-তরুণী তাঁদের পছন্দের বা যোগ্যতা অনুযায়ী চাকরি পাচ্ছেন না।
অন্যদিকে আমাদের মতো দেশগুলোতে শতকরা ৭৮টি চাকরিই কিন্তু এসএমই তথা ক্ষুদ্র ও মাঝারি শিল্পে। শুধু তা-ই নয়, প্রতিবছর যে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় তার প্রায় ৯০ শতাংশই এসএমই। আর এসব কর্মসংস্থান একেবারে ক্ষুদ্র উদ্যোক্তাদের কারণে সৃষ্টি হয়। এখানে একটি তথ্য উল্লেখ না করে পারছি না, প্রতিবছর আমেরিকার প্রেসিডেন্ট বছরের শুরুতে জাতির উদ্দেশে যে ভাষণ দেন, তাতে তিনি ক্ষুদ্র উদ্যোক্তাদের স্মরণ করেন।
বিশ্বব্যাপী নতুন উদ্যোক্তা তৈরি এবং উদ্যোক্তাবান্ধব পরিবেশ তৈরি করার জন্য দেশে দেশে সরকারগুলো চেষ্টা করছে। কারণ, একজন উদ্যোক্তা নতুন ১০টি চাকরির সুযোগ তৈরি করেন। আমাদের দেশেও তাই উদ্যোক্তাবান্ধব সংস্কৃতি গড়ে তোলার দরকার। তবে এ জন্য উদ্যোক্তা–বিষয়ক শিক্ষা চালু করা হবে বোকামি। কে না জানে, ১৬ বছর ইংরেজি পড়িয়ে আমরা আমাদের সন্তানদের ইংরেজিতে মোটেই ব্যুৎপত্তি অর্জন করাতে পারি না। ইংরেজির কথা বলি কেন? বাংলাও কি পারি? বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার ও আউটসোর্সিংয়ের সহসভাপতি ডিজিকন টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক বর্তমানে ভালো বাংলা জানেন এমন তরুণ-তরুণীদের চাকরি দেওয়ার জন্য হন্যে হয়ে খুঁজছেন। কিন্তু তেমন চাকরিপ্রার্থী মিলছে না বলে তিনি হতাশ। সেন্টার চালানোটাই তাঁর জন্য অসম্ভব হয়ে পড়ছে। কাজেই উদ্যোক্তা বানানোর জন্য আর যা-ই করি না কেন, অন্তত এটি যাতে কোনোভাবেই আমাদের পাঠ্যসূচিতে ঢুকে না যায়, সে জন্য আমাদের সতর্ক থাকা উচিত।
তো উদ্যোক্তা সৃষ্টির জন্য তাহলে কী করা দরকার? একটা কাজ অবশ্য শিক্ষার সঙ্গে সম্পৃক্ত। এটা হলো ‘প্রবলেম সলভ’ করতে শেখা। কারণ উদ্যোক্তা হলেন তিনি, যিনি কিনা একটি সমস্যার সমাধান করেন। সেটি নতুন সমাধানও হতে পারে অথবা পুরোনো সমাধানের নতুন রূপও হতে পারে। যাঁরা আইডিয়া খোঁজেন, তাঁরা কখনো উদ্যোক্তা হতে পারেন না।
শুরুর দিকে সব উদ্যোক্তারই টাকার দরকার, যেটা পাওয়া যায় না। এ দেশে এখনো নতুন উদ্যোক্তাদের পরিবার কিংবা মামা-খালাই ভরসা। অথচ এঁদের কারও কারও খুবই কম টাকার দরকার। লাখ খানেক টাকা হলে অনেকেই তাঁদের ‘আইডিয়া’ নিয়ে মাঠে নামতে পারেন। তাঁদের জন্য এ রকম কম টাকার অফুরন্ত ব্যবস্থা করা দরকার। প্রতিবছর বাজেটে মাত্র ৫০ কোটি টাকাও যদি রাখা যেত, তাহলে এটি একটি বিরাট ভূমিকা রাখতে পারত উদ্যোক্তা তৈরিতে। এই টাকাটা একেবারেই দিয়ে দিতে পারলে খুব ভালো হবে। তবে যাঁরা সেটি ফেরত দেবেন, কেবল তাঁরাই পরবর্তী আর্থিক বা অন্যান্য সহায়তার জন্য বিবেচিত হবেন।
দ্বিতীয় পর্যায়ে উদ্যোক্তাদের দরকার এনজেল ও ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানির। দেশে এখনো সেভাবে এই সংস্কৃতি গড়ে ওঠেনি। এর কারণ হচ্ছে সহায়ক আইনকানুন বা নীতিমালার অভাব। এমনকি যাঁরা আছেন, তাঁদের পক্ষেও বিনিয়োগের জন্য তহবিল জোগাড় করাটাও সমস্যা। এরপর দরকার ব্যাংকঋণের ব্যবস্থা করা। দেশে কোনো ব্যাংক নেই যারা নতুন উদ্যোক্তাদের ধারণা বা উদ্যমের বিপরীতে ঋণ দেবে। তাদের একটাই লক্ষ্য—জামানত। তবে কোটি কোটি টাকা ঋণ দেওয়ার সময় তারা অবশ্য এদিকে তেমন একটা নজর দেয় না।
ক্ষুদ্র উদ্যোক্তাদের পুঁজি বাড়াতে সহায়তা করার জন্য সরকারি বা বেসরকারি আর একটা উদ্যোগ হতে পারে প্রবাসীদের অলস টাকা কাজে লাগানো। ‘চাকরি খুঁজব না, চাকরি দেব’ নামের একটি প্ল্যাটফর্ম চালাতে গিয়ে আমরা প্রায়ই প্রবাসীদের বিভিন্ন চাহিদার কথা জানতে পারি। এর মধ্যে একটি হলো তাঁরা দেশে ফিরে কোনো একটি উদ্যোগের সঙ্গে যুক্ত হতে চান। তবে বেশির ভাগ প্রবাসীই চান, তাঁরা বিদেশে থাকতে থাকতে দেশের ব্যবসাটি গুছিয়ে ফেলতে। এ কারণে তাঁরা যোগ্য ও সৎ অংশীদার খোঁজেন এবং প্রায়ই প্রতারিত হন। এ কারণে অনেকে এক পা এগিয়ে দুই পা পিছিয়ে যান। এ ক্ষেত্রে এমন একটি প্ল্যাটফর্ম গড়ে উঠতে পারে যারা কিনা দেশীয় উদ্যোক্তাদের সঙ্গে প্রবাসী বিনিয়োগকারীদের মেলবন্ধন ঘটিয়ে দিতে পারে। এই প্ল্যাটফর্মটি ক্ষেত্রবিশেষে প্রবাসীদের বিনিয়োগের সুরক্ষাকারী হবে। ক্ষুদ্র বিনিয়োগ বলতে আমি সর্বোচ্চ ৫০ লাখ থেকে ১ কোটি টাকার বিনিয়োগ ও সে রকম উদ্যোগের কথাই বলছি।
পুঁজির পরপরই ক্ষুদ্র উদ্যোক্তাদের সবচেয়ে বেশি দরকার হয় পরিচর্যা বা মেন্টরিং। এই একটা সংস্কৃতি আমরা কাঠামোগতভাবে বা আনুষ্ঠানিকভাবে গড়ে তুলতে এখনো সক্ষম হয়নি। এখনো এ দেশে অনেকেই তথ্য বা জ্ঞান শেয়ার করাটা ঠিক মনে করে না। অথচ আজকের দুনিয়ায় ‘শেয়ারিং নলেজ ইজ পাওয়ার’। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলো কাজ শুরু করতে পারে। সফল প্রাক্তনীদের সঙ্গে নতুন উদ্যোক্তাদের মেলবন্ধন ঘটানোর কাজটা কিন্তু বিশ্ববিদ্যালয়ের। ‘স্টার্টআপ নেশন’ নামে পরিচিত ইসরায়েলের বিশ্ববিদ্যালয়গুলোর প্রাক্তনী সমাবেশগুলোর বড় অংশই থাকে নবীনদের সঙ্গে পুরোনোদের সম্মিলন করে দেওয়া। খাওয়াদাওয়া আর কনসার্টের বাইরে সেখানে বেশি থাকে নেটওয়ার্কিংয়ের সুযোগ সৃষ্টি করা।
এ ধরনের অনানুষ্ঠানিক উদ্যোগের পাশাপাশি এবারের বাজেটে সারা দেশে কমপক্ষে সাতটি এসএমই ইনকিউবেটর গড়ে তোলার সংস্থান রাখার অনুরোধ করছি। এই ইনকিউবেটরগুলো রাজধানীসহ সব বিভাগীয় শহরে স্থাপিত হবে। সেখানে একজন ক্ষুদ্র উদ্যোক্তা সর্বোচ্চ ছয় মাস অবস্থান করতে পারবেন, যেখানে তাঁর মেন্টরিংয়ের সুবিধা থাকবে, থাকবে নিজের উদ্যোগকে গুছিয়ে নেওয়ার সুযোগ। সাতটি সেন্টারে মাত্র ৭০ কোটি টাকা বিনিয়োগ করে বিভাগীয় শহরগুলোতে উদ্যোক্তা তৈরির একটি গুরুত্বপূর্ণ কাজকে এগিয়ে নেওয়া সম্ভব হবে।
টাকা আর মেন্টরিং ছাড়াও নতুন উদ্যোক্তাদের আর একটা বড় সমর্থন দরকার। সেটা হচ্ছে তাঁদের বিল পেতে সাহায্য করা। নতুনদের পক্ষে শুরুতে বিরাট অর্থের টাকা মাঠে ফেলে রাখা কঠিন। দেশে কোনো কোনো করপোরেট হাউস ১০ হাজার টাকার বিল পরিশোধে ৬০-৬৫ দিন সময় নেয়। মূলধনের ঘাটতির কারণে কোনো কোনো ক্ষুদ্র উদ্যোক্তার জন্য এটি একেবারেই একটি অসম্ভব প্রপঞ্চ।
আমাদের শিক্ষিত জনগোষ্ঠীর ৪৭ শতাংশই যোগ্যতা অনুসারে চাকরি না পেয়ে হতাশায় ভুগছে। তাদের একটি অংশকে আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করতে পারলে এ দেশেও কর্মসংস্থানের সমীকরণের অনেকখানি মিলিয়ে ফেলা সম্ভব।
মুনির হাসান: সমন্বয়ক, যুব কর্মসূচি, প্রথম আলো।