>

প্রবাসী মুজিবনগর সরকার গঠনের অন্যতম প্রত্যক্ষদর্শী ভারতের সীমান্তরক্ষী বাহিনীর সাবেক মহাপরিচালক কে এফ রুস্তমজি। দ্য ব্রিটিশ দ্য ব্যান্ডিটস অ্যান্ড দ্য বর্ডারম্যান বইটিতে তিনি বর্ণনা করেছেন সেই সময়ের অবিস্মরণীয় কিছু ঘটনা
৬ ও ৭ এপ্রিল নয়াদিল্লিতে তাজউদ্দীন আহমদের সঙ্গে আলোচনার সময় তাঁকে বেশ উদ্বিগ্ন দেখাচ্ছিল। তিনি বললেন, একটি আনুষ্ঠানিক প্রবাসী সরকার যত তাড়াতাড়ি সম্ভব গঠন করা এবং একে কার্যকর করা দরকার। পূর্ব পাকিস্তানে অবস্থানরত কিছু নির্বাচিত প্রতিনিধির উপস্থিতি নিশ্চিত করার জন্য তিনি আমাদের সাহায্য চাইলেন। সদ্য নির্বাচিত প্রতিনিধিদের দিয়ে গঠিত প্রবাসী সরকারকে অনেক বেশি বৈধতা দেবে বলে তিনি ধারণা করছিলেন। আমরা সাধ্যমতো সহযোগিতা করলাম।
আমরা বেশ কয়েকজন নেতার সঙ্গে যোগাযোগ করলাম। তাঁদের মধ্যে ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, কর্নেল এম এ জি ওসমানী, ক্যাপ্টেন মনসুর আলী, খন্দকার মোশতাক আহমদ ও কামারুজ্জামান। পরে মওলানা ভাসানীও ধুবড়ির কাছে তাঁর ‘বোটহাউস’ থেকে এসে যোগ দিলেন।
বিএসএফের প্রধান আইন কর্মকর্তা কর্নেল এন এস বেইনস প্রধানমন্ত্রী, মন্ত্রিসভাসহ রাষ্ট্রপতিশাসিত একটি সরকারব্যবস্থার সংক্ষিপ্ত খসড়া তৈরি করলেন। কলকাতার এক ব্যারিস্টার সুব্রত রায়চৌধুরী তা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করার পর তাজউদ্দীন ও তাঁর সহকর্মীদের দেখানো হলো। তাঁরা সামান্য কিছু পরিবর্তনের পর সংক্ষিপ্ত গঠনতন্ত্রটি অনুমোদন করলেন।
নতুন করে যে প্রশ্নটি সবার সামনে এসে দাঁড়াল, তা হলো স্বাধীন হওয়ার পর দেশটির নাম কী হবে। পূর্ব বাংলা, বঙ্গভূমি, বঙ্গ ও স্বাধীন বাংলা—এ কয়েকটি নামের সুপারিশ এল। পূর্ব বাংলা নামটি প্রত্যাখ্যান করা হলো। কারণ পশ্চিম বাংলার সঙ্গে এটি গুলিয়ে যেতে পারে। এ ছাড়া স্বাধীন রাষ্ট্র হিসেবে এর অস্তিত্ব নিয়েও প্রশ্ন উঠতে পারে। বিদেশিদের মনে করতে পারায় অসুবিধা হতে পারে বিবেচনায় বঙ্গভূমি নামটিও বাদ গেল। একে একে বাদ গেল বঙ্গ ও স্বাধীন বাংলা নাম দুটিও; সময়ের পরিক্রমায় ‘স্বাধীন’ শব্দটি প্রাসঙ্গিকতা হারাতে পারে এমন ধারণা থেকে। তাজউদ্দীন ‘বাংলাদেশ’ নামটি প্রস্তাব করলেন। শেখ মুজিবুর রহমান এ নামটি উচ্চারণ করেছিলেন বলে তিনি জানালেন। এই নাম একটি ভাষাভিত্তিক রাষ্ট্রের ধারণা দেয়। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি এ ভাষার জন্য অনেক যুবক প্রাণ দিয়েছেন। সব নেতা সঙ্গে সঙ্গে এ প্রস্তাবে সমর্থন দিলেন।
জাতীয় পতাকা কেমন হবে, তা নিয়েও আলোচনা হলো। প্রথমে নেতারা নিজেদের মধ্যে বৈঠক করলেন। পরে আমি ও গোলক মজুমদার সে বৈঠকে যোগ দিই। অনেক পরিমার্জন ও পরিবর্ধনের পর চূড়ান্ত রূপ পেল জাতীয় পতাকা। একটা খসড়া নকশাও করা হলো। পূবর্বঙ্গের শ্যামলিমা বোঝাতে সবুজ জমিন আর মুক্তির প্রভাত বোঝাতে তার ওপর লাল সূর্য। অনেক তর্ক-বিতর্কের পর সিদ্ধান্ত হলো যে লাল সূর্যের ওপর রাখা হবে পূবর্বঙ্গের মানচিত্র। এতে জাপানের পতাকার নকশা থেকে এটি আলাদা হবে। কোনো ভুল-বোঝাবুঝির অবকাশ থাকবে না।
ওই একই বৈঠকে জাতীয় সংগীতও চূড়ান্ত হলো। দুটি কবিতা বিবেচনায় ছিল। একটি দ্বিজেন্দ্রলাল রায়ের ‘ধনধান্য পুষ্পভরা’, অন্যটি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমার সোনার বাংলা’। প্রথমটি আলোচনায় এগিয়ে রইল; কিন্তু নেতাদের মধ্যে অনেক আলোচনার পর সবাই একমত হলেন, যেহেতু দ্বিতীয় গানটি মুজিব ভাইয়ের পছন্দ, তাই সেটিই হবে জাতীয় সংগীত।
তাজউদ্দীন চাইছিলেন যেন আমি এই শপথগ্রহণ অনুষ্ঠানটির আয়োজন করি। আমি তাঁকে বোঝাতে সক্ষম হয়েছিলাম যে এ অনুষ্ঠানটি সারা বিশ্বের সংবাদমাধ্যমের সাংবাদিক ও টিভি ক্যামেরাম্যানদের উপস্থিতিতে বাংলাদেশের মাটিতে হতে হবে। এ কাজে যতই বিপদের আশঙ্কা থাক না কেন।
শপথ অনুষ্ঠানের জন্য সম্ভাব্য হিসেবে দুটি জায়গার কথা আমার মনে হচ্ছিল। একটি রাজশাহীর কাছাকাছি, অন্যটি চুয়াডাঙ্গার কাছে। কিন্তু তত দিনে পাকিস্তানি সেনারা রাজশাহীর মতো গুরুত্বপূর্ণ শহরের আশপাশে বোমা ফেলতে শুরু করেছে। তাই রাজশাহী বাদ দিয়ে আমরা চুয়াডাঙ্গাকেই বেছে নিলাম।
শপথগ্রহণ অনুষ্ঠানটি বিপুলসংখ্যক সংবাদমাধ্যমের উপস্থিতিতে হবে বলে এমন একটা জায়গা খুঁজে বের করতে হবে, যেখানে দেশের প্রচুর মানুষ জমায়েত হতে পারে। এ সময় পূর্ব পাকিস্তানজুড়ে পাকিস্তানি সেনারা বিমান থেকে বোমা ফেলছে। আমাদের তাই আকস্মিক আক্রমণ প্রতিহত করার বিষয়টিও মাথায় রাখতে হলো।
ভারতের সীমান্তসংলগ্ন ত্রিকোণ একটা জায়গা পাওয়া গেল। সুন্দর একটা গ্রামে। জায়গাটির সঙ্গেই আমবাগান। এর আসল নাম বৈদ্যনাথতলা। (দ্রুত এর নাম বদলে হয়ে গেল মুজিবনগর)। সদ্য ভূমিষ্ঠ একটি জাতির সরকার গঠনের প্রথম অনুষ্ঠানটি কোনো সুসজ্জিত আলোকিত ভবনে অনুষ্ঠিত হলো না। এর মেঝে গালিচায় মোড়া ছিল না, মাথার ওপর কোনো ঝাড়লণ্ঠনের আলো জ্বলেনি। কিন্তু এ অনুষ্ঠানে মাথার ওপর চাঁদোয়া হয়েছিল আকাশ। শোভা বাড়িয়েছিল সবুজ গাছপালা। কয়েক দশক পর বা শত বছর পর বাংলাদেশের মানুষ যখন পেছন ফিরে দেখবে, কী বেদনাদায়ক পরিস্থিতিতে কীভাবে নতুন এক রাষ্ট্রের অভ্যুদয় ঘটেছিল, তখন একটা বিষয়ে তারা নিশ্চয় গর্ববোধ করবে। গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্রের আদর্শে উদ্বুদ্ধ হয়ে যে জাতিরাষ্ট্রটির উদ্ভব হয়েছিল, প্রকৃতি তাকে তার সবটুকু প্রাচুর্য উপহার দিয়েছিল। আর যে আনুষ্ঠানিকতাটুকু হলো, তা শুধু পবিত্রই ছিল না, ছিল অত্যন্ত সাহসী একটি উদ্যোগ।
আমাদের জনসংযোগ কর্মকর্তা এস সি বসু আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোকে পূর্ব পাকিস্তানের ঘটনাপ্রবাহ সম্পর্কে জানাতে আমন্ত্রণ করলেন। একেবারে ১৬ এপ্রিল সন্ধ্যায় সাংবাদিকদের পরবর্তী সকালের অনুষ্ঠানের কথা জানানো হলো। পাকিস্তানি কর্তৃপক্ষ যেন কোনো কিছু না জানতে পারে, সে জন্যই এ ব্যবস্থা। কিন্তু অনুষ্ঠানটি কোথায় হবে, নিরাপত্তার স্বার্থে তা জানানো হলো না।
পরদিন ভোর চারটা। গাড়িবহর প্রস্তুত। যাত্রা শুরুর নির্দেশ দেওয়ার ঠিক আগমুহূর্তে আমি একটু কেঁপে উঠলাম। সমস্যাসংকুল এতগুলো দিনের মধ্যে এই প্রথমবার একটা অনিশ্চয়তার অনুভূতি হচ্ছিল। একটি জাতি জন্ম নিতে চলেছে। এমন এক ঘটনার সঙ্গে আমি সম্পৃক্ত হয়েছি, আন্তর্জাতিক পরিমণ্ডলে যার এক সুদূরপ্রসারী প্রভাব পড়বে, বিশেষত উপমহাদেশের জাতিগুলোর ইতিহাসে।
আমি [গোয়েন্দা সংস্থার উপপরিচালক] রাজগোপাল ও গোলক মজুমদারকে নিয়ে পুরো আয়োজন ঘুরে দেখলাম। প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার বসার জন্য একটি মঞ্চ তৈরি করা হয়েছে। বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়ারও ব্যবস্থা রয়েছে। বিএসএফ কৃষ্ণনগর থেকে কিছু ভালো শিল্পী বাছাই করে এনেছে। মুক্তিবাহিনীর সঙ্গে একটা গার্ড অব অনারের ব্যবস্থা ছিল। যদিও তাদের জন্য খুব ভালো ইউনিফর্ম পাওয়া যায়নি। তবে যা পাওয়া গিয়েছিল, তা মোটামুটি চলনসই। এদিকে পাকিস্তানি সেনাদের যেকোনো আচমকা আক্রমণ ঠেকাতে মুক্তিবাহিনী পুরো এলাকায় অবস্থান নিয়ে রেখেছে।
সকাল ১০টায় অনুষ্ঠান শুরুর কথা। এই সময়ের মধ্যে সাংবাদিক ও আলোকচিত্রীদের প্রস্তুত করা হলো। সাড়ে আটটা নাগাদ আমি কলকাতায় ফেরার প্রস্তুতি নিলাম। ফিরে এসে শুরু হলো আমার রুদ্ধশ্বাস অপেক্ষা। আমি জানতে পারলাম, ওখানে ভারতীয় ও অন্যান্য দেশের ৮২ জন সাংবাদিক, ফটোসাংবাদিক ও আলোকচিত্রী বেলা ১১টা নাগাদ ১৮টি জিপগাড়ি ও দুটি বাসে করে পৌঁছেছেন। সমাগম হয়েছে প্রায় ১৫ হাজার মানুষের।
একপর্যায়ে পতাকা তোলা হলো। প্রথমবারের মতো গাওয়া হলো জাতীয় সংগীত। গোলকের ভাষায়, ওই সমাগমে উপস্থিত সবার মনে যেন বিদ্যুৎ চমকাল। এমন কেউ ছিল না, যার চোখে অশ্রু নেই। অনুষ্ঠানের পর সংবাদ সম্মেলন ছিল। সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ নেতারা আবারও কলকাতায় ফিরে এলেন।
শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে সারা সপ্তাহ ধরে আমার মধ্যে যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা, তার অবসান হলো। এত প্রতিবন্ধকতা, এত আশঙ্কা—পুরো অনুষ্ঠানটি শেষ হওয়ার আগ পর্যন্ত একটি মুহূর্তের জন্যও আমি ভবিষ্যৎ সম্পর্কে সামান্যতম ধারণা করতে পারিনি। এ অনুষ্ঠানের কারণে পাকিস্তানি সেনা বা বিমান সেনারা যদি কোনোভাবে নির্বাসিত শীর্ষনেতাদের হদিস পেত, তাহলে আমি যে কী চরম নিন্দার পাত্র হয়ে উঠতাম! কারণ, এঁরাই সেই মানুষ, যাঁরা ভারতে থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন। সংবাদপত্র ও টিভির উপস্থিতিতে স্বাধীন বাংলাদেশের যে সরকার গঠিত হলো, কোনোভাবে পাকিস্তানি সেনাদের কানে তা পৌঁছালে বিপর্যয় ঘটে যেত। পুরো অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটার পর অনুভব করলাম, স্রষ্টা আমাদের আর লাখো বাঙালির সহায় ছিলেন। (পাকিস্তানি সেনাবাহিনী মুজিবনগর খুঁজে বের করার সর্বাত্মক চেষ্টা চালিয়েছিল। গ্রামের লোকদের ওপর অনেক অত্যাচার করেও তাদের মুখ থেকে একটা কথাও বের করতে পারেনি।)
প্রবাসী সরকার গঠন চূড়ান্ত হলে আমার মনে হলো, কলকাতার উপরাষ্ট্রদূত পাকিস্তানের পক্ষ ত্যাগ করলে তা হবে পাকিস্তানের জন্য এক বিরাট ধাক্কা। গোলক আর আমি হাঁটতে বের হলাম। ফিরে এসে সিদ্ধান্ত নিয়ে ফেললাম। গোলক প্রাথমিকভাবে উপরাষ্ট্রদূত হোসেন আলীর সঙ্গে যোগাযোগ করলেন। তিনি তাজউদ্দীনের কাছ থেকে নিশ্চয়তা চাইলেন। তাঁদের সাক্ষাতের ব্যবস্থা হলো।
১৮ এপ্রিল পাকিস্তানি পতাকা সরে গিয়ে সেখানে উড়ল বাংলাদেশের পতাকা। উপরাষ্ট্রদূত পাকিস্তানের পক্ষ ত্যাগ করলেন। বিভিন্ন দেশে অবস্থানরত রাষ্ট্রদূতদের জন্য এ ছিল এক বিরাট প্রেরণা। তাঁদের অনেকেই পক্ষ ত্যাগ করে স্বাধীনতার সংগ্রামে শক্তি জোগালেন।
অনুবাদ: শেখ সাবিহা আলম