পাকিস্তানে যাওয়ার কথা শুনলে স্বাভাবিক কারণেই আমার বন্ধুবান্ধব আর আত্মীয়স্বজনেরা আঁতকে ওঠে। যে দেশে পথেঘাটে বোমাবাজিতে হরদম মানুষ প্রাণ হারাচ্ছে, সে দেশে যেতে কেন আমি এত উৎসাহী? একটাই কারণ। স্বচক্ষে দেখতে চাই ৪০ বছরের ব্যবধানে বাংলাদেশ এবং পাকিস্তান কোথায় দাঁড়িয়ে। পাকিস্তানের প্রথম রাজধানী করাচি বর্তমানে মুসলিম বিশ্বের বৃহত্তম শহর, প্রায় দুই কোটি মানুষের বসবাস। রাস্তায় বন্দুকযুদ্ধ আর বোমাবাজি নিয়মিত ঘটনা। ভারত থেকে আসা মোহাজেররা বলে এর জন্য পিপলস পার্টি দায়ী, পিপলস পার্টি বলে বালুচরা করাচিতে এসে যতসব অশান্তি সৃষ্টি করছে। আর সবাই মিলে বলে এই মোহাজেররা দেশভাগের পর পাকিস্তানে না এলে করাচি হতে পারত মুসলিম জাহানের সবচেয়ে উন্নত ও অগ্রসর শহর। থাই এয়ারওয়েজের বিমান যখন লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করল, তখন রাত সাড়ে ১০টা। এমনিতে বিমানের অর্ধেক খালি ছিল, সে কারণে ইমিগ্রেশনের লাইনগুলো তেমন লম্বা ছিল না। কয়েক দিন আগে পাকিস্তানে জাতীয় সংসদ ও প্রাদেশিক পরিষদের নির্বাচন হয়েছে। মনে করেছিলাম বিমানবন্দরে হয়তো তার কিছু উত্তাপ দেখা যাবে। না, তেমন কিছু দেখা গেল না। ইমিগ্রেশনের অপর প্রান্তের মহিলা অফিসার আমার পাসপোর্ট উল্টেপাল্টে দেখেন আর কম্পিউটারে বোতাম টেপেন। এরই মধ্যে এলাকা যাত্রীশূন্য। কিছুটা অধৈর্য হয়ে তাঁর কাছে জানতে চাই, কোনো সমস্যা আছে? উত্তর না দিয়ে আমার দিকে দুটি কাগজ এগিয়ে দিয়ে বলেন, পুলিশে রিপোর্ট করতে হবে। বলেন কী! আমার ভিসার গায়ে লেখা আছে আমার ক্ষেত্রে পুলিশি রিপোর্ট মওকুফ করা হয়েছে। তাঁকে সেটা উল্লেখ করতেই ভদ্রমহিলা আমার কাছ থেকে কাগজ দুটি ছিনিয়ে নিয়ে পাসপোর্টে সিল মেরে তা ফেরত দেন। বিশ্বের ইমিগ্রেশন কর্মকর্তারা অনেকটা যান্ত্রিক। তাঁদের মানবিক চেহারাটা কমই দেখা যায়। তবে আমাদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনেক সময় এর ব্যতিক্রমও দেখেছি। বিমানবন্দরের বাইরে এসে দেখি ঘুটঘুটে অন্ধকার। লোডশেডিং। পাকিস্তানের সব শহরেই দিনে গড়ে ১২ ঘণ্টা লোডশেডিং হয়। আমি লাহোরে পৌঁছার দুই দিন আগে করাচির কোনো কোনো এলাকায় ১৯ ঘণ্টা লোডশেডিং হয়েছে। পাকিস্তানে বর্তমানে বিদ্যুতের চাহিদা ১৭ হাজার মেগাওয়াট, কিন্তু ঘাটতি গড়ে দৈনিক সাড়ে চার হাজার মেগাওয়াট। ঢাকা শহরে খুব খারাপ সময়ে তিন-চার ঘণ্টা লোডশেডিং হলে আমরা সরকারের চৌদ্দগুষ্টি উদ্ধার করি আর মধ্যরাতের টক শোগুলো শুরুই হয় লোডশেডিং নিয়ে আলোচনা দিয়ে। ঢাকায় বিদ্যুৎ-পরিস্থিতি আগের যেকোনো সময়ের তুলনায় ভালো। তবে তা নিয়ে তেমন আলোচনা হয় না। আমার আর্থিক সংগতি থাকলে আমি এই টক শো-বিশারদদের কয়েক দিন পাকিস্তান সফর করিয়ে আনার ব্যবস্থা করতাম। বিমানবন্দরে আমাকে নিতে এসেছেন সেন্ট্রাল পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সীমা আরিফ আর আমার প্রটোকল অফিসার ওয়ারিয়াম ইকবাল। দেখি, বিমানবন্দর থেকে বের হতে দেরি দেখে তাঁরা দুজনই কিঞ্চিৎ উৎকণ্ঠিত। মধ্যরাতে বিমানবন্দরের বাইরের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস। গাড়িতে ওঠার সময় মনে হলো, একটি রুটি সেঁকা তন্দুরের মাঝখান দিয়ে হেঁটে এলাম। হাজার বছরের পুরোনো শহর লাহোর। একসময় মোগলদের রাজধানী ছিল। দেশ বিভাগের আগে শিখ আর জৈনদের রমরমা উপস্থিতি ছিল। পাকিস্তান সৃষ্টির আগে ও পরে ভারতবর্ষের দুই প্রান্তে ভয়াবহ দাঙ্গা হয়েছিল। পাঞ্জাব আর বাংলায়। এই দাঙ্গায় কয়েক লাখ নিরীহ মানুষ প্রাণ হারিয়েছিল। তারা সবাই জিন্নাহর দ্বিজাতি তত্ত্বের বলি। সেই থেকে লাহোরে শিখদের অবস্থান তেমন চোখে পড়ে না। তবে প্রতিবছর কয়েক হাজার শিখ ভারত থেকে লাহোরে তীর্থে আসেন। কারণ, শিখ ধর্মের আদি পিতৃপুরুষ গুরু নানকের জন্ম ও মৃত্যু এই লাহোরে। লাহোর সেলিম-আনারকলির প্রেমকাহিনির জন্য বিখ্যাত, যদিও তার ঐতিহাসিক সত্যতা নিয়ে মতভেদ আছে। তবে আমার আগ্রহ পাকিস্তানের রাজনীতি নিয়ে। কারণ, কয়েক দিন আগে পাকিস্তানে সাধারণ নির্বাচন হয়ে গেছে এবং আমি যাওয়ার পরদিন দেশটির জাতীয় সংসদের সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন। কথা রয়েছে তার পরদিন পাকিস্তান মুসলিম লিগের (নওয়াজ) প্রধান নওয়াজ শরিফ প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো শপথ নেবেন। ইতিমধ্যে তিনি শপথ নিয়েছেনও। এর আগে দুবার তাঁকে ক্ষমতা ছাড়তে হয়েছিল। শেষের বার যখন জেনারেল পারভেজ মোশাররফ নওয়াজ শরিফকে ক্ষমতা থেকে উৎখাত করেন, তাঁকে প্রথমে কুখ্যাত অ্যাটক দুর্গে আটকে রাখেন এবং পরবর্তী সময়ে সৌদি আরবে নির্বাসনে পাঠানো হয়। ১২ বছর নির্বাসনে থাকার পর জীবনের ঝুঁকি নিয়ে নওয়াজ দেশে ফেরেন। পারভেজ মোশাররফ এবার নির্বাচনে অংশগ্রহণের চেষ্টা করে ব্যর্থ হন। কারণ, নির্বাচন কমিশন তাঁর সব কটি মনোনয়নপত্র বাতিল করেছে। নির্বাচনের সময় তিনি গৃহবন্দী ছিলেন এবং বর্তমানে বেনজির ভুট্টোকে হত্যার অভিযোগে তাঁর বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাকিস্তানের ৬২ বছরের ইতিহাসে এবারই প্রথমবার নির্বাচিত সরকার তার পাঁচ বছর মেয়াদ পূর্ণ করেছে। পাকিস্তানের ইতিহাসের সঙ্গে প্রাসাদ ষড়যন্ত্র অঙ্গাঙ্গিভাবে জড়িত। এটি আশ্চর্যের বিষয় যে পাকিস্তানের জন্মের পর থেকে শুরু করে ১৯৫৮ সাল পর্যন্ত সে দেশে (তৎকালীন পূর্ব পাকিস্তানসহ) জাতীয় পর্যায়ে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে ক্ষমতাধর রাজনৈতিক দল (!) ছিল সে দেশের সেনাবাহিনী এবং যদিও একাধিকবার চেষ্টা করা হয়েছে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার, তা সফল হয়নি। কারণ, কিছুদিনের মধ্যেই জেনারেলরা ক্ষমতা দখল করতেন। এই সংস্কৃতি ১৯৯০ সাল পর্যন্ত বাংলাদেশেও চালু ছিল। সামরিক শাসনের অধীনে কোনো দেশ উন্নতি করেছে বিশ্বে এমন নজির নেই। পাকিস্তান বা বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। তবে এবার পাকিস্তানে ভিন্ন চিত্র দেখা গেল। পাকিস্তানে অবস্থানকালে তরুণ প্রজন্মের অনেকের সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে, তারা দেশটির রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন চায়। এক তরুণ ছাত্র আমাকে জানালেন যখন তাঁরা দেখেন দুনিয়ার অনেক অনুন্নত দেশ তাঁদের ফেলে অনেক দূর এগিয়ে গেছে, তাতে তাঁরা ব্যথিত হন। নির্বাচনের আগে পাকিস্তানের জাতীয় সংসদ নির্বাচনকালীন অষ্টাদশ সংশোধনীর মাধ্যমে একটি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তন করেছে কিন্তু এতে বলা হয়নি সদ্য বিদায়ী সাংসদেরা এই সরকারে থাকতে পারবেন না। বলা আছে, সংসদের মেয়াদ শেষ হওয়ার পরবর্তী ৬০ দিন শেষ হওয়ার আগে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা করার দায়িত্ব একটি তত্ত্বাবধায়ক সরকারের, যার প্রধানমন্ত্রী নির্বাচন করবেন রাষ্ট্রপতির নির্দেশে বিদায়ী ক্ষমতাসীন দল ও বিরোধী দলের প্রধান। এ কাজে তাঁদের তিন দিনের সময় দেওয়া হবে। তাঁরা ব্যর্থ হলে তা আট সদস্যবিশিষ্ট একটি বিশেষ সংসদীয় কমিটিতে যাবে। এই কমিটিতে সরকারি দলের চারজন এবং বিরোধী দলের চারজন সদস্য থাকবেন। তাঁরাও তা করতে ব্যর্থ হলে নির্বাচন কমিশনই এই নির্বাচনকালীন সরকার বাছাই করে দেবে। তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বাছাই হয়ে গেলে তিনিই ঠিক করবেন তাঁর নির্বাচনকালীন মন্ত্রিসভায় কারা থাকবেন। সংবিধানের কোথাও বলা নেই, সদ্য বিদায়ী সাংসদদের মধ্য থেকে কেউ তত্ত্বাবধায়ক সরকারে থাকতে পারবেন না। সংশোধিত সংবিধানে নির্বাচন কমিশনকে যথেষ্ট ক্ষমতা দেওয়া হয়েছে। বাংলাদেশ যে ধরনের তত্ত্বাবধায়ক সরকারে অভ্যস্ত হয়েছিল, পাকিস্তানের ফর্মুলা তা থেকে ভিন্ন। ৩১৭ জনের পার্লামেন্টে নওয়াজ শরিফের দল একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও তা সরকার গঠনের জন্য যথেষ্ট ছিল না। স্বতন্ত্র সদস্যদের সমর্থন নিয়ে তিনি সরকার গঠন করেছেন। এবারের নির্বাচনে সাবেক ক্রিকেটার ইমরান খান ফ্যাক্টর ছিলেন। তবে তাঁকে ৩৫টি আসন নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। তরুণ প্রজন্ম মনে করে, আগামী দিনে পাকিস্তানের শাসনভার তাঁদের হাতে যাওয়ার সম্ভাবনা আছে। তবে তার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। ভোটের দিন ভোটকেন্দ্রে না আসার জন্য তালেবান আর অন্যান্য মৌলবাদী সংগঠন ভোটারদের হুমকি দিয়েছিল। তারা প্রচার করেছিল, ইসলামে গণতন্ত্রের কোনো অবস্থান নেই। কিন্তু তাতে কাজ হয়নি। এই প্রথমবার পাকিস্তানের কোনো নির্বাচনে প্রায় ৬০ শতাংশ ভোটার ভোট দিয়েছেন, যা অতীতে ৪৪ শতাংশের ওপরে ওঠেনি। এটি সম্ভব হয়েছে নতুন ভোটারদের কারণে, যাঁদের সংখ্যা মোট ভোটারের প্রায় ৪০ শতাংশ। নানা হুমকি-ধমকি উপেক্ষা করে প্রচুরসংখ্যক মহিলা ভোটারের উপস্থিতি। পাকিস্তানের একটি বিষয় আমাকে অবাক করেছে। নতুন প্রজন্ম জানে না একসময় বাংলাদেশ ও পাকিস্তান একটি রাষ্ট্র ছিল এবং ১৯৭১ সালে সামরিক বাহিনীর বিশ্বাসঘাতকতার কারণে আমরা মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছিলাম। এর কারণ, পাকিস্তানে ইতিহাসের বদলে কল্পকাহিনি পড়ানো হয়। পাকিস্তানে সেনাবাহিনী যে এখনো শক্তিশালী তা নওয়াজের শপথ নেওয়ার দিনই বোঝা গেল। সেনাপ্রধানের গাড়িকে পথ করে দেওয়ার জন্য তাঁর প্রধানমন্ত্রীর গাড়িবহরকে কয়েক মিনিট রাস্তায় আটকে থাকতে হলো। একটা কঠিন সময়ে নওয়াজ ক্ষমতায় এসেছেন। লাগামহীন দুর্নীতি, সন্ত্রাস, ভয়াবহ বিদ্যুৎ-পরিস্থিতি, আইনশৃঙ্খলার চরম অবনতি আর তালেবানি জঙ্গিবাদ দেশটিকে শেষ করে দিয়েছে। এখান থেকে দেশটিকে তুলে আনা বড় চ্যালেঞ্জ। তবে তার ভরসা দেশটির নতুন প্রজন্ম। তারা গণতন্ত্রকে সুযোগ দিতে চায়। আসার সময় ইমিগ্রেশন অফিসার আমার পাসপোর্ট হাতে নিয়ে বললেন, ‘বাংলাদেশ, ইস্ট পাকিস্তান’। আমি বলি, না, ‘বাংলাদেশ’। তাঁর প্রশ্ন, ‘শুনেছি বাংলাদেশ পাকিস্তান থেকে ভালো করছে।’ বলি, আমি তুলনা করতে চাই না। আমরা চেষ্টা করছি। ‘একাত্তরে আপনি কি স্কুলে পড়তেন?’ না শোনার ভান করি। পাসপোর্ট ফেরত নেওয়ার পর তাঁকে ধন্যবাদ জানিয়ে বলি, ‘আপনি যা শুনেছেন, ঠিক শুনেছেন। অনেক ক্ষেত্রে আমরা ভারত থেকেও ভালো করছি।’ আরও বলি, একাত্তরে আমি বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র। দেশের জন্য যুদ্ধ করতে গিয়েছিলাম। তিনি আমার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলেন। দেশে ফিরে চিন্তা করি, ঢাকার যানজট অসহনীয়; তার পরও এটি আমাদের রাজধানী, লাহোরের তুলনায় কম কী?আবদুল মান্নান: সাবেক উপাচার্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।