বছর ঘুরে আবারও নতুনের বারতা। বাঙালির একটি মাত্র উৎসব পয়লা বৈশাখ, যেখানে জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে সবাই এক। বিভিন্ন দেশে এ উৎসব উদ্যাপনের রীতি বিভিন্ন রকম। কিন্তু বাংলা নববর্ষের যে সাংস্কৃতিক রীতি তৈরি হয়েছে, তা এক ও অভিন্ন। বাঙালির সাংস্কৃতিক পরিচয়ের একটি অন্যতম প্রধান উপাদান বর্ষবরণ উৎসব। তা ছাড়া, বাংলা নববর্ষ দেশের সব শ্রেণি-সম্প্রদায়ের মধ্যে অসাম্প্রদায়িক চেতনা জাগিয়ে তোলে।
কথা হচ্ছে, আমরা তো বাহ্যিকভাবে আধুনিক হয়েছি, পোশাক-আশাকে আধুনিকতম হয়েছি। কিন্তু মননে বা চিন্তায় কতটা আধুনিক হয়েছি? মনে হয় না খুব একটা হয়েছি কিংবা এগিয়েছি। যদি আধুনিক হতাম, তবে কি ভিন্নমত প্রকাশের জন্য কাউকে প্রাণ দিতে হতো? ভিন্নমত প্রকাশকারীদের প্রত্যুত্তর দেওয়ার কি আর কোনো উপায় ছিল না কিংবা নেই? কোনো কোনো ক্ষেত্রে রাষ্ট্রযন্ত্রও ভিন্নমতাবলম্বীদের কণ্ঠ স্তব্ধ করে দিচ্ছে। আরেক ধাপ এগিয়ে বললে, ধর্মান্ধতা আমাদের মুক্তচিন্তার পথ রোধ করে দিচ্ছে। এবারের বৈশাখে এ কথাগুলোই মনে ঘুরপাক খাচ্ছে।
আমরা কি একুশ শতকে দাঁড়িয়েও মধ্যযুগীয় আদিমতাকে হার মানাচ্ছি? না, এমনটি আমি বিশ্বাস করতে চাই না। বাঙালির হাজার বছরের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ভিন্নমত প্রকাশকারী কিংবা ভিন্নপথ অবলম্বনকারীদের কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার কোনো প্রমাণ নেই। সজনীকান্ত দাস সম্পাদিত শনিবারের চিঠি পড়ে জানা যায় তিরিশের খ্যাতনামা কবি-সাহিত্যিকেরা একজন অন্যজনের দিকে ছুড়ে দিচ্ছেন সমালোচনার তির। সমালোচকদের দৃষ্টিতে যে কবিতা বা গল্পকে দুর্বল মনে হতো, সে কবিতার কবি কিংবা গল্পের গল্পকারকে কেন্দ্র করে ছাপা হতো নানাবিধ বিদ্রূপ মন্তব্য ও টিপ্পনী। তাই বলে ভিন্নমত প্রকাশের জন্য কাউকে প্রাণ দিতে হয়নি।
আমরা এগিয়েছি অর্থনীতিতে, পিছিয়েছি রাজনীতিতে। শিক্ষা, বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতিতে আমাদের অর্জন আছে, আবার স্খলনের পরিমাণও কম নয়। মানুষ গুম করা কিংবা পেট্রলবোমায় মানুষ পুড়িয়ে মারার মতো ঘটনা বলে দেয় আমাদের রাজনৈতিক অর্জন শূন্যের কোঠায়। নতুন বছরে বিগত দিনগুলোর নৈতিক স্খলনের পুনরাবৃত্তি যাতে না হয়, সেদিকে নজর দিতে হবে।
বাঙালি সংস্কৃতির শক্তি অশেষ। বাংলা নববর্ষের অসাম্প্রদায়িক উৎসব এ শক্তির উৎস। ‘বৈশাখ’ নামকরণটি হয়েছে বিশাখা নক্ষত্রের নামে। বিশাখা নক্ষত্রের আলো প্রতিক্রিয়াশীলতার ছায়া থেকে আমাদের মুক্ত করুক, এই প্রত্যশা রইল।
লেখক: শিক্ষক, ইংরেজি বিভাগ, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি, ঢাকা।