নতুন ভবন, রাষ্ট্রপতির মন্তব্য ও কিছু প্রত্যাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচন কমিশনের নতুন ভবন উদ্বোধন করেন রাষ্ট্র​পতি মো. আবদুল হামিদ
নির্বাচন কমিশনের নতুন ভবন উদ্বোধন করেন রাষ্ট্র​পতি মো. আবদুল হামিদ

সদ্য বিদায়ী ২০১৬ সালে দেশে-বিদেশে বহু ঘটনা ঘটেছে, যা বিশ্বকে আরও জটিল করে তুলেছে। স্বদেশে রাজনৈতিক, সামাজিক ও জননিরাপত্তার ক্ষেত্রে কিছু ইতিবাচক ও নেতিবাচক ঘটনা ঘটেছে। সেগুলোর প্রভাব নতুন বছরেও পড়বে।
বিগত বছর ছিল বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাপনার সবচেয়ে খারাপ সময়। তবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনটি ছিল ব্যতিক্রম। সরকার ও সরকারি দল সদিচ্ছা ও সংযম দেখিয়েছে, প্রধান প্রতিপক্ষ দলের ভূমিকাও ছিল গঠনমূলক। এমনটাই বহু বছর ধরে কাম্য ছিল। তবে এ নির্বাচনে নির্বাচন কমিশনের চেয়ে সরকারের কৃতিত্বটাই বেশি। ২০১১ সালের নির্বাচনে সেলিনা হায়াৎ আইভী প্রতিকূল অবস্থায় জয়ী হয়ে নিজের জনপ্রিয়তা প্রমাণ করেছিলেন, এবার তিনি সরকারদলীয় মেয়র পদপ্রার্থী হিসেবে পুনর্নির্বাচিত হয়ে সেই জনপ্রিয়তা ধরে রাখতে পেরেছেন। অন্যদিকে বিএনপির প্রার্থী সজ্জন ও ক্লিন ইমেজের সাখাওয়াত হোসেন খান বিএনপির সাংগঠনিক দুরবস্থার মধ্যেও ৯৬ হাজার ভোট পেয়েছেন।
বছরের বিদায়লগ্নে নারায়ণগঞ্জের নির্বাচন নির্বাচনী ব্যবস্থাপনার ওপরের কালো মেঘ সরাতে পারলেও নির্বাচন কমিশন প্রতিষ্ঠান হিসেবে গত এক বছরে যে ক্ষতির সম্মুখীন হয়েছে, সেখান থেকে তেমন বের হতে পারেনি। একটা উদাহরণ, নারায়ণগঞ্জের একজন সাংসদ প্রকাশ্যে ব্যালট পেপারে সিল মেরে গণমাধ্যমকে দেখালেন। চারদিকে ভিড় করে যাঁদের দেখা গিয়েছিল, তাঁদের কেউ কেউ ছিলেন সাংসদের কর্মী। এ কর্মটি ছিল নির্বাচনী ব্যবস্থাপনার চরম লংঘন এবং সংবিধান পরিপন্থী। এ রকম কর্মকাণ্ড প্রকাশের পর নির্বাচন কমিশনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
নারায়ণগঞ্জের নির্বাচনের সুখকর রেশ বেশি দিন থাকেনি। মাত্র কদিন আগে অনুষ্ঠিত পরোক্ষ হলেও জেলা পরিষদের নির্বাচনে চলেছে প্রকাশ্যে টাকার ছড়াছড়ি। কার্যত একদলীয় নির্বাচনে এত টাকার ছড়াছড়ি গোপন থাকেনি, যার প্রমাণ সরকারি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে বক্তব্য। এখানেও নির্বাচন ব্যবস্থাপকদের তৎপর হতে দেখা যায়নি। ওই নির্বাচনে যাঁরা টাকা বিলিয়েও পরাজিত হয়েছেন, তাঁরা এখন মাঠে নেমেছেন টাকা উদ্ধার করতে। এ অব্যবস্থা থেকে কীভাবে উত্তরণ ঘটবে, তা নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করছেন।

২.
রাষ্ট্রপতি বিভিন্ন দলের সঙ্গে আলোচনা চালাচ্ছেন আগামী নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া কীভাবে তিনি করবেন, সে বিষয় নিয়ে। সংগত কারণেই দেশবাসীর নজর এখন বঙ্গভবনের দিকে। আর মাত্র এক মাসের কম সময়ের মধ্যে এ প্রক্রিয়া শেষ করতে হবে। সরকার ও রাষ্ট্রপতির মনোভাবে মনে হয় যে একটি কার্যকর কমিশনের অভাব তাঁরা বোধ করছেন, যা খোদ রাষ্ট্রপতি ডিসেম্বরের শেষ দিনে বাংলাদেশের নির্বাচন কমিশনের অত্যাধুনিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে তাঁর ভাষণে উল্লেখ করেছেন। একপর্যায়ে কিছু বিষয় নিয়ে উষ্মা প্রকাশ করেছেন বলে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশ।
রাষ্ট্রপতি মহোদয়ের উদ্বোধনের মাধ্যমে দেশ স্বাধীন হওয়ার ৪৫ বছর পর নির্বাচন কমিশন পূর্ণাঙ্গভাবে স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে তার বাস্তবিক কাঠামো অর্জন করল। এই মূল ভবন শুধু দৃষ্টিনন্দন স্থাপত্যকেই ধারণ করেনি, অত্যাধুনিক এর নিরাপত্তাব্যবস্থা, বিশেষ করে ডেটা সংরক্ষণের জায়গাটিতে। এই ভবনের পেছনে বিগত হুদা কমিশনের একক অবদান রয়েছে, যার উল্লেখ হয়তো উদ্বোধনীতে করা হয়নি। তবে কমিশনের এ ভবনের জায়গাটি বরাদ্দ করা হয় ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় তৎকালীন নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী নিজ ভবনের জন্য। প্রায় সাড়ে তিন বিঘা জমির বরাদ্দ দিয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের গণপূর্ত মন্ত্রণালয়। এ প্রসঙ্গে ব্যারিস্টার মইনুল হোসেনের একাগ্রতা উল্লেখ করার মতো। পরবর্তীকালে আওয়ামী লীগ সরকার বরাদ্দ বহালেই থামেনি বরং পরিকল্পনার পুরো অর্থও জোগান দিয়েছিল।
মূল ভবন আর ইলেকশন ট্রেনিং ইনস্টিটিউট (ইটিআই) ভবনের পরিকল্পনা ও নকশা তৈরি করতে প্রায় প্রতি মাসে একাধিকবার কমিশনকে সভা করতে হয়েছিল। প্রতিটি বিষয়ে একাধিকবার আলোচনা করতে হয়েছে। প্রায় এক বছর আলোচনার পর নকশার অনুমোদন দেওয়া হয়েছিল। ইটিআইকে আবাসিক করা হয়েছে, যাতে প্রান্তিক থেকে আসা কর্মকর্তাদের থাকার সুবিধা হয়। সার্ভার ও কার্ড প্রিন্টিংয়ের ফ্লোর ডিজাইন পরামর্শ দক্ষিণ কোরিয়ার বিশেষজ্ঞরা বিনা পারিশ্রমিকে করেছিলেন। যা-ই হোক, এই ভবনের পেছনে অনেক মানুষের অবদান রয়েছে, যা ছিল সরকারের সদিচ্ছার বহিঃপ্রকাশ।

>আগামী নির্বাচন কমিশনের সামনে যে কয়েকটি চ্যালেঞ্জ আসবে এবং মোকাবিলা করতে হবে, তার মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে নির্বাচনী ব্যবস্থাপনার ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনা

বাংলাদেশের নির্বাচন কমিশন এখন নিজস্ব ভবনে এবং এই ভবন নিয়ে গর্ব করতেই পারে। এখানে আধুনিক প্রযুক্তি আর উচ্চমার্গের নিরাপত্তাব্যবস্থা থাকার কথা। তেমনটাই নকশায় যুক্ত করা হয়েছিল। যা-ই হোক, বাংলাদেশের নির্বাচন কমিশন ভবন উপমহাদেশের সবচেয়ে আধুনিক স্থাপত্যের নিদর্শন বলে আমার মনে হয়। যা প্রয়োজন হবে তা হবে রক্ষণাবেক্ষণ ও সঠিক ব্যবহার। ইলেকশন ট্রেনিং ইনস্টিটিউটটি অত্যন্ত আধুনিক প্রযুক্তিসম্পন্ন প্রতিষ্ঠান হিসেবে তৈরি করা হয়েছে। আশা করি, এটি আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রশিক্ষণকেন্দ্রে পরিণত হবে।
যা হোক, বাংলাদেশ নির্বাচন কমিশন প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘ সময় পাড়ি দিয়ে নিজস্ব ঠিকানা পাওয়ায় একপ্রকার পরিপূর্ণতা লাভ করতে এর পেছনে যাঁদের অবদান রয়েছে, তাঁদের অবশ্যই স্মরণ করা উচিত। এভাবেই ইতিহাস রচিত হয়। যাঁদের কৃতিত্ব প্রাপ্য, তাঁদের ইতিহাসের পাতায় ঠাঁই দিলে ইতিহাস সমৃদ্ধ হয়। আমি ব্যক্তিগতভাবে এই উদ্যোগের পেছনে যাঁরা ছিলেন, তাঁদের সবাইকে স্মরণ করে নির্বাচন কমিশনের সব কর্মকর্তা-কর্মচারীর বহুদিনের চাওয়া পূরণ হওয়ায় অভিনন্দন জানাচ্ছি। বর্তমান নির্বাচন কমিশনকে দুটি ধারাবাহিকতা রক্ষার জন্য ধন্যবাদ—স্মার্ট কার্ড ও ভবন উদ্বোধনের জন্য। তবে ভালো হতো যদি ইভিএমের ধারাবাহিকতা বজায় থাকত, যা এখন বিদায় মুহূর্তে পুনর্জীবিত করার পরিকল্পনা নিয়েছে।
স্বাধীন নির্বাচন কমিশনের তিনটি স্বাধীন উপাদান অবশ্যই থাকতে হবে। এগুলো হলো স্বাধীন অবকাঠামো, অর্থনৈতিক স্বাধীনতা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান সদস্যদের স্বাধীন চিন্তা ও কাজ করার ক্ষমতা। অবকাঠামোগত স্বাধীনতা শুধু ভৌত কাঠামোই নয়, আইনি কাঠামোতে স্বাধীন বা স্বায়ত্তশাসনের ব্যবস্থাটি থাকতে হবে। এ দুই স্বাধীনতা নির্বাচন কমিশনের রয়েছে। আমাদের অঞ্চলের কোনো নির্বাচন কমিশনের বিধি তৈরির ক্ষমতাও নেই, যেমনটা রয়েছে বাংলাদেশের নির্বাচন কমিশনের। তথাপি অনেক কমিশনই কার্যকর হতে পারেনি। তার কারণ কমিশন সদস্য নিয়োগে অসুস্থতা, বিশেষ করে দলীয় সরকারের পছন্দমতো নিয়োগের কারণে। প্রথমবারের মতো বাছাই কমিটি দ্বারা নিয়োজিত হলেও বর্তমান কমিশন অনেক বিতর্কের মধ্যে পড়েছে। ২০১৪ সাল থেকে ধারাবাহিকভাবে নির্বাচনী ব্যবস্থাপনায় ধস নেমেছে। তার দায় শুধু নির্বাচন কমিশনের নয়। এই ব্যর্থতার দায় প্রতিটি রাজনৈতিক দল ও সরকারের, যা সরকারি দল তাদের বক্তব্যেই প্রকাশ করেছে।

৩.
আগামী নির্বাচন কমিশনের সামনে যে কয়েকটি চ্যালেঞ্জ আসবে এবং মোকাবিলা করতে হবে, তার মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে নির্বাচনী ব্যবস্থাপনার ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনা। এই আস্থার অভাব নারায়ণগঞ্জের নির্বাচনেও প্রতিফলিত হয়েছে। ২০১১ ও ২০১৬ সালের ওই সিটি করপোরেশনের ভোট প্রদানের হার বিশ্লেষণ করলেই প্রতীয়মান হয় যে আগের নির্বাচনের চেয়ে এবার ভোটার উপস্থিতি ৪ শতাংশ কম হয়েছে। এর আর কোনো ব্যাখ্যা অন্তত তাত্ত্বিক ছকে পাওয়া যায় না। ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে কম হওয়াকে গবেষকেরা নির্বাচনী ব্যবস্থাপনার ওপর আস্থার অভাব বলে গবেষণাপত্রে বলেছেন।
দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে নির্বাচন কমিশনের ওপর শরিকদের আস্থা ফিরিয়ে আনা, যাতে আগামী জাতীয় সংসদ নির্বাচন সব দলের অংশগ্রহণে হয় এবং অতীতের তিক্ত অভিজ্ঞতা পেছনে ফেলতে পারে। প্রকাশ্যে ভোট দেওয়া যেন রীতি হয়ে গেছে, কারণ অতীতে এর প্রতিকার হয়নি। এটি ব্যবস্থাপনার চরম দুর্বলতা। একে রোধ করতে হলে নির্বাচনী শরিকদের সহযোগিতার একান্ত প্রয়োজন। শরিকদের আস্থায় নিয়ে আসা এবং নিয়মিত যোগাযোগ রক্ষা করে অনিয়ম দূর করতে সহযোগিতার ক্ষেত্র প্রস্তুত করতে হবে।
অনেক চ্যালেঞ্জের মধ্যে আরেকটি চ্যালেঞ্জ হবে অভ্যন্তরীণ নিয়ম–শৃঙ্খলা ও বিধিবিধানগুলো হালনাগাদ করা। নিয়োগবিধিতে ইদানীং পরিবর্তন করে মাঠপর্যায়ে সরকারি কর্মকর্তাদের প্রেষণে পাঠানোর যে বিধান করা হয়েছে, তা সর্বনিম্ন পর্যায়ে আমলাতান্ত্রিক প্রভাব সৃষ্টি করবে। এমনিতেই দেশের প্রশাসন বিভিন্ন দলের অনুরাগী হয়ে পড়েছে। বিশেষ করে ক্ষমতাসীন দলের আনুগত্য লাভের জন্য দলীয় কর্মীর চেয়ে বেশি আনুগত্য প্রদর্শনের প্রতিযোগিতায় থাকেন বেশির ভাগ আমলা। নির্বাচনকালীন নির্বাচন কমিশনকে সম্পূর্ণটাই সরকারি, আধা সরকারি কর্মকর্তা-কর্মচারীর ওপর নির্ভর করতে হয়। এই পরিবর্তন ট্রয়ের ঘোড়ার মতো হতে হবে।
এ ছাড়া আরও অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে, যার জন্য প্রয়োজন হবে সৎ ও সাহসী ব্যক্তিদের নিয়োগ। আমরা রাষ্ট্রপতির কাছ থেকে এমন ব্যক্তিদের নিয়োগ আশা করি। নির্বাচন কমিশন ভবন উদ্বোধনকালে রাষ্ট্রপতি আমাদের দেশের চলমান রাজনৈতিক অপসংস্কৃতির প্রতি যে উষ্মা প্রকাশ করেছেন, তা যথার্থ। ব্যানার, ফেস্টুন আর তোরণ এখন শুধু রাজনৈতিক দলের অফিস বা রাজনীতিবিদদের একার ব্যাপার নয়। অনেক সরকারি ভবনকেও দলীয় ভবনের মতো মনে হয়। হয়তো নির্বাচন কমিশন ভবন উদ্বোধনকালেও এমনটি উপলব্ধি করেছেন। যদিও ব্যানার, ফেস্টুন, পোস্টার ইত্যাদি লাগানোর বিষয়ে সিটি করপোরেশন ও সরকারি আইন রয়েছে, কিন্তু তা প্রয়োগ করার ইচ্ছা অথবা সাহস করতে কাউকেই দেখা যায়নি। আইনের প্রয়োগ না হলে অপসংস্কৃতি বৃদ্ধি পাবেই।
তবু আশা করব যে নতুন বছরে রাজনৈতিক ও নির্বাচনী ব্যবস্থাপনায় আশার আলো সঞ্চারিত হবে।
এম সাখাওয়াত হোসেন: অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল, সাবেক নির্বাচন কমিশনার ও কলাম লেখক৷
[email protected]