হিজবুল মুজাহিদীনের স্থানীয় নেতা ও পোস্টার-বালক জঙ্গি বুরহান ওয়ানি এনকাউন্টারে নিহত হওয়ায় কাশ্মীরে ব্যাপক গোলযোগ সৃষ্টি হয়েছে। বিপুলসংখ্যক মানুষ, বিশেষ করে তরুণেরা তাঁর জানাজায় অংশ নিয়েছিলেন। পরিস্থিতির অবনতি হয়েছে খুব দ্রুত। এতে নিরাপত্তা বাহিনী বিস্মিত হয়ে যায়। এর আগেও জঙ্গিদের জানাজায় প্রচুর মানুষ হয়েছে, এবারও সবার তেমন প্রত্যাশা ছিল। এর কারণে অমরনাথ যাত্রাও ব্যাহত হয়েছে। তবে রাজনৈতিক দলগুলো পরিস্থিতির সুযোগ নেয়নি, যেটা তারা সাধারণভাবে করে থাকে। কিন্তু পাকিস্তান সেটা করেছে। তবে কথা হচ্ছে, কাশ্মীর উপত্যকায় যে এই প্রথমবারের মতো বিশৃঙ্খলা সৃষ্টি হলো, তা নয়। চলমান সংকটের আগেও ইঙ্গিত ছিল, কাশ্মীরে ধীরে ধীরে আগুন জ্বলে উঠছিল।
ওয়ানির মৃত্যুর পর যেন বাঁধ ভেঙে গেল। ওদিকে কাশ্মীরে জঙ্গিবাদের ধরনে পরিবর্তন আসছে। অনুপ্রবেশ বন্ধে ভারত সরকার কার্যকর ব্যবস্থা নেওয়ায় পাকিস্তান থেকে কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশ প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। ফলে এখন স্থানীয় জঙ্গিদের ওপরই সবার নজর পড়ছে। ওয়ানি তো বেশ গণমাধ্যমবান্ধব ছিল। সে নিজের পূর্বসূরিদের মতো ছিল না, যে কিনা নিজের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে অন্যদেরও এই আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিল। সে ছিল নতুন ঘরানার জঙ্গি, যারা কাশ্মীর বিষয়ে কোনো আলোচনা চায় না, জিহাদ চায়। কথা হচ্ছে, কাশ্মীর রাজ্যের পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যাবে, তরুণদের এই রাগের আংশিক যৌক্তিকতাও আছে। যেখানে অন্য রাজ্যগুলো অর্থনৈতিকভাবে এগিয়ে গেছে, সেখানে কাশ্মীর অতীতের মধ্যে মুখ ডুবিয়ে আছে। কাশ্মীরে উন্নয়ন নেই, এমনকি সেখানকার শিক্ষিত ব্যক্তিদেরও সুযোগের অভাব আছে। খুব কম করে বললেও বিদ্যুৎ ও পানির মতো মৌলিক সেবাও সেখানে অনিয়মিত। তরুণদের প্রয়োজনীয় মোবাইল ফোন ও ইন্টারনেট সেবা বিক্ষিপ্তভাবে এখানে-সেখানে পাওয়া যাবে। সেখানকার নিরক্ষর তরুণদের প্ররোচনা দেন ইমাম ও হুরিয়ত নেতারা। আর এভাবেই তাঁরা নিজেদের রাগ-ক্ষোভ উগরে দিতে পারছেন।
যে তরুণেরা এই তীব্র জঙ্গিবাদের যুগে জন্মেছেন, তাঁদের প্রতিদিনই নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়তে হয়। তাঁদের রাস্তায় নিরাপত্তা বাহিনীর প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়, তাঁদের বাড়িঘর তল্লাশি করা হয়, দেখতে হয়, তাঁদের বন্ধুদের এনকাউন্টারে মরতে হচ্ছে। ওদিকে পাকিস্তান এই জঙ্গিবাদে পৃষ্ঠপোষকতা দেওয়ায় নিরাপত্তাব্যবস্থা শিথিল করার সুযোগ নেই। ২০০৮ সালের দিক থেকে নিরাপত্তা বাহিনীর ওপর পাথর ছোড়া শুরু হয়। পুলিশ যখন উচ্ছৃঙ্খল জনতাকে ছত্রভঙ্গ করতে বলপ্রয়োগ করেছে, তখন তরুণেরা পাথর ছুড়েছেন। গত বছর এক বিপজ্জনক প্রবণতা শুরু হয়। স্থানীয় মানুষেরা এনকাউন্টারের স্থানে জড়ো হয়ে পাথর ছুড়ে নিরাপত্তা বাহিনীকে বিক্ষিপ্ত করার চেষ্টা করে, যাতে ধৃত জঙ্গিরা পালিয়ে যেতে পারে। এই পরিবর্তনটা সরকারের প্রতি ইঙ্গিত, ব্যাপারটা হলো স্থানীয় মানুষের সমর্থন রাষ্ট্রের কাছ থেকে সরে জঙ্গিবাদের দিকে চলে যাচ্ছে। প্রথম দিকে এসব সহিংসতা স্বতঃস্ফূর্ত হলেও পরবর্তীকালে দৃশ্যপট বদলে যায়। জনতা জানত, ঠিক কখন ও কোথায় আঘাত করতে হবে, ফলে জঙ্গিরা তাদের দিকনির্দেশনা দিয়ে থাকতে পারে।
জনতা থানায় আক্রমণ চালিয়েছে এমন সময়, যখন সেখানে পুলিশের ঘাটতি ছিল। কারণ, অধিকাংশ পুলিশকেই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য মোতায়েন করা হয়েছিল। জনতা পুলিশের অস্ত্র ও গুলি কেড়ে নিতে পেরেছিল, একবার ৭০টিরও বেশি অস্ত্র কেড়ে নিয়েছিল তারা, যেগুলো হয়তো তারা নিরাপত্তা বাহিনীর ওপরই প্রয়োগ করবে। অনেক ক্ষেত্রেই দেখা গেছে, জঙ্গিরা আমজনতাকে ঢাল বানিয়ে পুলিশের ওপর গুলি ও গ্রেনেড ছুড়েছে। ফলে নিরপরাধ জনতা ভুক্তভোগী হলেও জঙ্গিরা পালিয়ে গেছে। অনেক জায়গায় দেখা গেছে, একটি গোষ্ঠী নিরাপত্তা বাহিনীকে এক জায়গায় আটকে রেখেছে, অন্যদিকে আরেক বাহিনী দুর্বল পুলিশ স্টেশনে হামলা চালিয়েছে। তারা সেখানে আগুন দিয়েছে, অস্ত্র লুটেছে। এসব কারণে পাকিস্তানের অন্তর্ভুক্তির ব্যাপারটা পরিষ্কার। আর পাকিস্তান যে বিবৃতি দেয়, তাতে প্রতিবাদকারীরা হালে পানি পেয়ে যায়। বাস্তবে পাকিস্তান শুধু বাদ্য বাজিয়ে যায়, যার কোনো মানে হয় না।
পাকিস্তানের সঙ্গে আলোচনাও কঠিন হয়ে উঠেছে। কাশ্মীরের প্রতিবাদ সমাবেশ থেকে বোঝা যাচ্ছে, সরকারের সঙ্গে জনতার সম্পর্কে বড় ফারাক সৃষ্টি হয়েছে। বিচ্ছিন্নতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির এটিই অন্যতম প্রধান কারণ। কথা হচ্ছে সম্প্রতি এনকাউন্টার ও এক জঙ্গির জানাজার সময় যা হলো তা সত্ত্বেও রাজ্য ও কেন্দ্রের গোয়েন্দারা এটা বুঝতে পারেননি যে মানুষ কেমন রাগে টগবগ করে ফুটছে। পেলিট নামের ছোট ছোট যে গুলি ছোড়া হয়েছে, তাতে বহু মানুষ আহত হয়েছে। ফলে ভবিষ্যতে জনতাকে নিয়ন্ত্রণের ক্ষেত্রে অস্ত্র ব্যবহার বিষয়টা পুনর্বিবেচনা করা যেতে পারে অথবা পুলিশকে ভালোভাবে প্রশিক্ষণ দিতে হবে, যাতে তারা অস্ত্র ভালোভাবে ব্যবহার করতে পারে।
কেন্দ্রের কাজ যেমন পাকিস্তানকে কাশ্মীরে নাক গলাতে নিবৃত্ত করা, তেমনি তাদের উচিত সেখানে উন্নয়ন প্রকল্প মনিটর করা আর জনগণের সঙ্গে যোগাযোগ বাড়ানো। কাশ্মীরের নতুন রাজ্য সরকারের হাতে এখন অনেক কাজ। কিন্তু তারা যদি দ্রুত কাজ না করে বা তৃণমূল পর্যায়ে মানুষের সঙ্গে নতুন করে যোগাযোগ স্থাপন না করে এবং উন্নয়ন ত্বরান্বিত, অবকাঠামো খাতে বিনিয়োগ ও জনপ্রিয়তাবাদী প্রকল্প চালু না করে, তাহলে কাশ্মীরের পরিস্থিতির আরও দ্রুত অবনতি হবে। একই সঙ্গে গণমাধ্যমের উচিত হবে এটা দেখানো যে জঙ্গিবাদ কীভাবে উন্নয়নকে বাধাগ্রস্ত ও অবকাঠামো সৃষ্টিতে বাদ সাধে। আমাদের সজাগ থেকে কাজ করতে হবে।
অনুবাদ: প্রতীক বর্ধন, দ্য স্টেটসম্যান থেকে নেওয়া।
হার্শা কাকর: ভারতীয় কলামিস্ট।