নতুন মহামারির নাম 'করোনা বর্ণবাদ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০১ সাল। সবে টুইন টাওয়ার ধ্বংসের ঘটনা ঘটল। মুসলিমরা যত্রতত্র হামলার ও হত্যাকাণ্ডের শিকার হচ্ছিলেন। শুধু কি মুসলিমরাই বিপদে পড়লেন? না। মুসলিম ভেবে কমপক্ষে পাঁচজন শিখধর্মালম্বীকে হত্যা করা হয়। দাড়ি-পাগড়ির কারণে আক্রান্ত হন আরও অনেক অভিবাসী শিখ। এই ডামাডোলের মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইউরোপে ঘরে ঘরে আরেকটি ভীতি ছড়িয়ে পড়ল: অ্যানথ্রাক্স নামের এক জীবাণু অস্ত্র ব্যাপকসংখ্যক মানুষের মৃত্যুর কারণ হবে। যদিও অ্যানথ্রাক্স-কাণ্ড শুধু আমেরিকায় ঘটেছিল, ভয় ছড়িয়ে পড়তে শুরু করেছিল দুনিয়াময়। কে বা কারা বেনামে চিঠির খামে পুরে বেশ কিছু নামীদামি রাজনীতিক, সিনেটর এবং টিভি চ্যানেল ও সংবাদপত্রের অফিসে ‘অ্যানথাক্স’ জীবাণুভর্তি চিঠি পাঠাচ্ছিল। চিঠিপত্রের খামের ভেতর প্রায় অদৃশ্য একধরনের পাউডার। সেসবের সংস্পর্শে এসে পাঁচজন মারাও যান।

প্রথম দিকের ‘অ্যানথ্রাক্স’-এ ছিল পশুখাদ্যের একটি ছত্রাক। পাউডার হলেও কিছুটা স্যাঁতসেঁতে। এটি ভাইরাস নয়, ছিল প্রাথমিক পর্যায়ের ব্যাকটেরিয়া। ফলে করোনার মতো দূরে থাক, মোটেই ছোঁয়াচে কিছু ছিল না। শুধু যিনি এর সংস্পর্শে আসতেন, তাঁরই শ্বাসনালি আক্রান্ত হতো এবং জীবনাশঙ্কা হতো। তবু মার্কিন মুলুকে ‘অ্যানথাক্স’ জনমনে বর্তমানের করোনা আতঙ্কের মতোই অস্বস্তি ও ভীতি সৃষ্টি করে। কারণ, ‘অ্যানথাক্স’–কাণ্ডের শুরুতেই জনমনে এমন ধারণা বদ্ধমূল করে দেওয়া হয়েছিল যে এটি জীবাণু অস্ত্র এবং জীবাণুটিও টুইন টাওয়ার ধ্বংসকারীদেরই আবিষ্কার। প্রমাণ হিসেবে উপস্থাপন করা হলো দুটি চিঠি। সেগুলোতে লেখা ছিল, ‘পেনিসিলিন নাও এখনই। আমেরিকা নিপাত যাক। ইসরায়েল নিপাত যাক। আল্লাহ মহান।’ আরেকটি চিঠিতে লেখা ছিল, ‘আমাদের দমিয়ে রাখতে পারবে না। আমেরিকা নিপাত যাক। ইসরায়েল নিপাত যাক। আল্লাহ মহান।’ পরের দিকের খামগুলোয় বাদামি রঙের বদলে সাদা পাউডার পাওয়া গেল। বলা হলো এগুলো অ্যানথ্রাক্সের পরের দিকের উন্নততর প্রকরণ। অর্থ করা হলো কোনো অণুজীব-গবেষণা ল্যাবে অবশ্যই জীবাণু অস্ত্রটিকে আরও বিধ্বংসী করার নিরলস চেষ্টা চলছে। এ রকম অবস্থা যে ভীতিকর হবে, বলাই বাহুল্য।

এরই মধ্যে একটি খবর চাউর হয়ে গেল যে জীবাণু অস্ত্রটির আবিষ্কারকদের সঙ্গে সাদ্দাম হোসেনের মিটিংয়ের এবং ইরাকে যোগাযোগের তথ্য পেয়ে গেছে মার্কিন গোয়েন্দারা। ওদিকে গণবিধ্বংসী অস্ত্র বা ‘ওয়েপন্স অব ম্যাস ডেস্ট্রাকশন’ও বানাচ্ছে। সুতরাং ইরাক আক্রমণের আর কোনো বিকল্পই নেই। এসবের ফলাফল জর্জ বুশের ইরাক আক্রমণের চূড়ান্ত ছক কাটা। চিঠি পাঠানোর মাস কয়েকের বিরতির পর আবার শুরু হলো। ২০০২ সালে আমেরিকায় তো বটেই, কানাডায়ও কোনো এক বেনামী প্রেরক চিঠির খামে পুরে বিভিন্নজনের কাছে একধরনের শাদা পাউডার পাঠাতে শুরু করল। খবর হলো, অ্যানথ্রাক্স পুনরায় ছড়াচ্ছে। ভয়ে মানুষজন দরকারি চিঠিপত্র খোলাও প্রায় বন্ধ করে দিচ্ছিল। কিংবা খুলতে হলে মুখে মাস্ক ও হাতে রাবারের হাতমোজা পরে নিচ্ছিল।

২০০১ থেকে শুরু করে ২০০৮ সাল পর্যন্ত সাত বছর লাগল ‘অ্যানথ্রাক্স’–রহস্য আবিষ্কারে। ২০০৮ সালে নিশ্চিত হওয়া গেল আসলে পুরো বিষয়টিই ছিল ‘হোক্স’ বা ‘মানুষকে বেকুব বানানো’। আমেরিকার ম্যারিল্যান্ডে মার্কিন সরকারেরই প্রতিরক্ষা বিভাগের জৈব প্রতিরক্ষা ল্যাবের এক বিজ্ঞানীই এই বদমায়েশিগুলো করেছেন। তাঁর নাম ব্রুস এডওয়ার্ডস আইভিন। যা করেছেন, সবই মার্কিন সরকারের ও গোয়েন্দাদের অগোচরে করেছেন। মামলা হলো। সব তথ্যপ্রমাণ জোগাড় করা চলছিল। তাঁকে ধ্বংসকামী একজন মানসিক রোগগ্রস্তও সাব্যস্ত করা হলো। পরে আইভিন ল্যাবেই একগাদা ব্যথানাশক এসিটামেনোফিন (বাংলাদেশের প্যারাসিটামল) সেবন করে আত্মহত্যা করলেন।

একজন মানসিক বিকারগ্রস্ত ব্যক্তির অন্যদের বেকুব বানানোর খেলা পৃথিবীকে কোন দিকে ঠেলে দিয়েছে, দেখা যাক।

যুক্তরাষ্ট্রে মুসলিম বিরোধিতা বিষয়টির সঙ্গে ক্রমেই যুক্ত হলো মেক্সিক্যান ও হিস্প্যানিক বিরোধিতা। যোগ হতে থাকল অভিবাসন বিরোধিতা। কানাডার নাগরিকত্ব পাওয়া এশীয়রা আগে যুক্তরাষ্ট্রে কানাডীয় হিসেবে চাকরি-বাকরি করায় বাধা পেতেন না। সেবার তাঁরা অনেকেই চাকরি হারালেন এবং তাঁদের যুক্তরাষ্ট্র ছাড়তে বাধ্য করা হলো। ইমিগ্রেশন আইনে কড়াকড়ি আনা হলো। দক্ষ অভিবাসীদের অভিবাসনের শর্তগুলোও বেশ কঠিন করা হলো। আরও যোগ হতে থাকল রিফিউজি-বিদ্বেষ। যুদ্ধবিধ্বস্ত দেশগুলো থেকে আসা রিফিউজিদের বিরুদ্ধে জনমত গড়ে তুলল বুশ প্রশাসন। টুইন টাওয়ার ধ্বংসে যে জনক্ষোভ, তার সঙ্গে অ্যানথ্রাক্স জুড়ে অ-আমেরিকাপন্থী বর্ণবাদ উসকে দেওয়া পানির মতো সহজ হয়ে গেল। টাকাপয়সা বাঁচল। ফক্স নিউজ তো ছিলই, বর্তমান সময়ে খানিকটা বিবেকি ভূমিকায় ফিরে আসা সিএনএনও সেই সময়টিতে প্রপাগান্ডায় অংশ নিয়েছিল। আমেরিকা ন্যাটোভুক্ত ও ন্যাটো-মিত্র ইউরোপীয় দেশগুলোকেও শরণার্থীবিরোধী করে তুলতে সফল হয়েছিল। বর্ণবাদ নতুন মাত্রা পেল ডিজিট্যাল প্রোফাইলিংয়ের মাধ্যমে। মূলত মুসলিমদের প্রতিটি কদমকে নজরদারিতে রাখার জন্য প্রোফাইলিং শুরু হয়েছিল। কিন্তু অচিরেই সেই তালিকায় যুক্ত হলো অমার্কিনরাও, বিশেষ করে হিস্প্যানিক ও চীনা অভিবাসীরা। এই আমলনামা তৈরির প্রক্রিয়াটিই মার্কিন উগ্র বর্ণপন্থার প্রকাশ। ঘটনাপরম্পরায় স্পষ্ট যে বর্তমানে ট্রাম্পের যে উগ্র বর্ণবাদী আস্ফালন, তার বীজটি সেই সময়েই বপন করা হয়েছিল।

২০০৩ সালে মাত্র এক মাসে সার্স (সিভিয়ার একিউট রেস্পাইরেটরি সিনড্রোম) ইউরোপ-আমেরিকার ১২টি দেশে ছড়িয়ে পড়েছিল। ৮০০০ জন সার্স রোগীর মধ্যে ৮০০ জনই মৃত্যুবরণ করে। সার্সের উৎপত্তি চীনে এবং ইউরোপ-আমেরিকার চায়না মার্কেট থেকে ভাইরাসটি ছড়িয়েছে খবর হওয়ার পরপরই দেশগুলোর চায়না মার্কেটে ধস নামে। শ্বেতাঙ্গরা চায়না মার্কেটগুলোতে যাওয়া বন্ধ করে দেয়। এখনো চায়না মার্কেটগুলোর মূল খরিদ্দার চীনা ও এশীয় ক্রেতারা। এবারের করোনাভাইরাসের বিস্তারের পর পত্রপত্রিকায় খবর বেরিয়েছে, চায়না মার্কেটগুলো খাঁ খাঁ করছে ক্রেতার অভাবে। এই বিশাল অর্থনৈতিক-সাংস্কৃতিক ঐতিহ্যটি আর মাথা তুলে দাঁড়াতে পারবে না বলে জানিয়েছেন অনেক উদ্যোক্তা ও ব্যবসায়ী।

অর্থনীতির উত্থান-পতন একটি স্বাভাবিক বিষয়। বর্তমান চীনা অর্থনীতি করোনার ধাক্কায় খানিকটা হোঁচট খেলেও ফের উঠে দাঁড়ানোর ও ঘুরে দাঁড়ানো সামান্য সময়ের ব্যাপার মাত্র। অন্যদের অর্থনীতির চাকাও ফের সচল হবে। সব মন্দাপর্বের পরই অর্থনীতির ঘুরে দাঁড়ানোর উদাহরণ ইতিহাসে ভরপুর। কিন্তু সামাজিক সম্পর্ক একবার বিনষ্ট হলে সহজে মেরামত হওয়ার নয়। পত্রপত্রিকা ও সামাজিক মাধ্যমে গভীর মনোযোগ দিলে দেখা যায় যে করোনা বর্ণবাদকে উসকে দিচ্ছে। ইউরোপে কয়েক ডজন চীনা অভিবাসী সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।

খাবারের দোকানের কাচে শোভা পাচ্ছে নিম্ন রুচির প্রচারণা, ‘আমাদের রেস্তোরাঁয় কোনো চীনা খাবার পরিবেশক নেই।’ খবরের পর খবর আসছে হোটেল-রেস্তোঁরা তো বটেই, যুক্তরাষ্ট্র, কানাডা ও ব্রিটেনের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান থেকেও চীনা কর্মচারীদের ছাঁটাই করা হচ্ছে। যেখানে নিয়ম-কানুনের কড়াকড়ি আছে, সেখানে বাধ্যতামূলক ছুটিতে যেতে হচ্ছে তাঁদের। কোনো কোনো ব্যবসাপ্রতিষ্ঠান এতটাই অসংবেদনশীল যে নোটিস ঝুলিয়েছে লিখে, ‘ভেতরে আসুন, কোনো চীনা ক্রেতা নেই টেবিলে’।

এরই মাঝে ট্রল ও কৌতুকের ছড়াছড়ি দেখি সামাজিক মাধ্যমে। কোনো সুপার মার্কেটে একজন চীনা ব্যক্তি গেলেন। সঙ্গে সঙ্গে মার্কেট খালি হয়ে গেল—এই ধরনের কৌতুক। তাঁদের খাদ্যাভ্যাস নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপের অসংখ্য পোস্টে তিতকুটে হয়ে উঠছে ইউটিউব চ্যানেল।

রাষ্ট্রীয় পর্যায়ের বর্ণবাদ আরও বেশি আতঙ্ককর। ট্রাম্প ‘করোনাভাইরাস’ বলেন না। বলেন ‘ফরেইন ডিজিজ’ বা পরদেশি রোগ। এভাবে চিহ্নিতকরণ দোষারোপের নামান্তর এবং উগ্র জাতীয়তাবাদী নিষ্ঠুরতা মাত্র। গত কয়েক দিনে ট্রাম্প একনাগাড়ে চীনকে দোষারোপ করে আসছেন। রিপাবলিকান পার্টির রাজনীতিকেরা স্পষ্টই অসুখটির এমন একটি নাম খুঁজছেন, যা দিয়ে চীনকে অনন্তকাল দোষী প্রমাণ করা যাবে। চীনের উহান প্রদেশ—যেখানে প্রথম করোনাভাইরাস ছড়ায়—সেই শহরের নামে তাঁরা এটির নাম ‘উহান ভাইরাস’ বলে চলেছেন।

এই বৈশ্বিক মহামারি দুর্যোগ প্রতিদিনই বর্ণবাদকে নতুন নতুন মাত্রা দিচ্ছে। সামান্য ‘অ্যানথ্রাক্স’–আতঙ্ক যেভাবে বর্ণবাদকে উসকে দিয়েছে, সেই অভিজ্ঞতা আমলে নিলে আশঙ্কা প্রকাশ করতে হয় যে করোনার পিঠে সওয়ার হয়ে আসা ‘করোনা বর্ণবাদ’ শ্বেতাঙ্গ-অশ্বেতাঙ্গ বর্ণবাদের বিপদকেও ছাড়িয়ে যেতে পারে। এদিকে সমাজবিজ্ঞানীদের গভীর দৃষ্টি রাখা প্রয়োজন।

হেলাল মহিউদ্দীন: অধ্যাপক, রাজনীতিবিজ্ঞান ও সমাজবিজ্ঞান; এবং গবেষক, সেন্টার ফর পিস স্টাডিজ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়