নতুন সেনাপ্রধানের নতুন ইনিংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>এই ঘটনার মধ্য দিয়ে অবসরপ্রাপ্ত জেনারেলদের মধ্যে একটা অনৈতিক বা অন্তত অশোভন চর্চার প্রতি বার দৃষ্টি আকৃষ্ট হয়েছে। সেটা হলো, অবসর নেওয়ার সঙ্গে সঙ্গে অতি উচ্চবেতনে বিভিন্ন দেশের সরকারের নানা স্পর্শকাতর পদে চাকরি বাগানো

পাকিস্তানের সেনাপ্রধান পদে জেনারেল কামার বাজওয়াকে নিয়োগ দেওয়ার ফলে দৃশ্যত একটা স্থিতিশীলতা এসেছে, অন্ততপক্ষে এই সময়ের জন্য। তিনি সেনাবাহিনীর ওপর নিজের কর্তৃত্বের ছাপ ফেলার উদ্দেশ্যে খুব তাড়াতাড়ি উচ্চপর্যায়ে বেশ কিছু অফিসারের পদায়ন, পদোন্নতি ও বদলির ব্যবস্থা করেছেন। বিশেষ করে তাঁর তিনটা সিদ্ধান্তের কথা উল্লেখ করতে হয়। কারণ, তাঁর এই সিদ্ধান্তগুলো থেকে কতকগুলো নীতি পুনর্নির্ধারণের ইঙ্গিত পাওয়া যায়।

করাচি কোর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল নাভিদ মুখতারকে আইএসআইয়ের মহাপরিচালক (ডিজিআইএসআই) পদে নিয়োগ দেওয়া হয়েছে। সিন্ধুর ডিজি রেঞ্জার্স মেজর জেনারেল বিলাল আকবরকে পদোন্নতি দিয়ে চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) করে সেনাসদরে বসানো হয়েছে। এখন থেকে আইএসপিআর চালাবেন একজন মেজর জেনারেল। তিনি হলেন মেজর জেনারেল আসিফ গফুর। এর আগে এটা করতেন একজন লেফটেন্যান্ট জেনারেল। শেষ দায়িত্বে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল অসিম বাজওয়া।
ডিজিআইএসআই কাকে করা হবে তা সেনাপ্রধান নিয়োগ করার মতোই প্রধানমন্ত্রীর এখতিয়ারভুক্ত। তার মানে লেফটেন্যান্ট জেনারেল নাভিদ মুখতারকে এই পদে বসানোর ক্ষেত্রে সেনাপ্রধান ও প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মিলে গেছে, এটা আমরা বুঝতে পারি। কিন্তু তাৎপর্যপূর্ণ ব্যাপার হলো, আইএসআইয়ের বিদায়ী প্রধান লেফটেন্যান্ট জেনারেল রিজওয়ান আখতারকে কোনো কোরের কমান্ড না দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ে। তিনি কমান্ড পেলে কোর কমান্ডারদের সভায় অংশ নেওয়ার এখতিয়ার পেতেন। প্রথমে সিন্ধুর ডিজি রেঞ্জার্স ও পরে ডিজিআইএসআই হিসেবে তিনি যেসব অভিজ্ঞতা অর্জন করেছেন, তার আলোকে নিজের মতামত দিতে পারতেন কোর কমান্ডারদের সভাগুলোতে। স্মরণ করা যেতে পারে, লে. জে. রিজওয়ান আখতার তাঁর পূর্বসূরি লে. জে. জাহিরুল ইসলামের মতোই সিভিল-মিলিটারি সম্পর্কের একটা ঝঞ্ঝাবিক্ষুব্ধ সময়ে আইএসআইয়ের নেতৃত্বে ছিলেন। কিন্তু তাঁর পূর্বসূরির ক্ষেত্রে বেসামরিক নেতৃত্বের দিক থেকে যেমন অনভিপ্রেত অভিযোগ এসেছে, তাঁর সময় তেমন কিছু আসেনি। এটা স্পষ্ট যে জেনারেল কামার বাজওয়া নিজের দৃষ্টিকোণের আলোকে উল্লিখিত দুটি পদে নিয়োগপ্রাপ্ত উভয়কে নিজ নিজ ক্ষেত্রে নীতি পুনর্নির্ধারণে অপেক্ষাকৃত স্বাধীনতা দিতে চান।
লে. জে. বিলাল আকবরের পদোন্নতি ও নতুন পদে নিয়োগও সমানভাবে তাৎপর্যপূর্ণ। সাধারণত সিজিএেসর এই পদটি সংরক্ষিত থাকে সেনাপ্রধানের পরে জ্যেষ্ঠতম জেনারেলের জন্য, যিনি পরের ধাপেই সেনাপ্রধান হয়ে যান। কিন্তু এবার যাঁকে এই পদে বসানো হলো, তিনি অপেক্ষাকৃত জুনিয়র একজন জেনারেল। এর অর্থ হলো সেনাপ্রধান কামার বাজওয়া সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিষয়গুলোর ওপর নিজের প্রত্যক্ষ ও শক্ত নিয়ন্ত্রণ ধরে রাখতে চান, বিশেষত পদোন্নতি ও পদায়নের ব্যাপারে। লে. জে. বিলাল করাচির অস্থিতিশীল পরিস্থিতির ব্যাপারে একজন বিশেষজ্ঞ, তিনি সব সময় সেনাপ্রধানের হাতের নাগালের মধ্যে থাকবেন এবং সেনাপ্রধান তাঁর কাছে স্পর্শকাতর নানা তথ্য পাবেন—এটাও সেনাপ্রধান কামার বাজওয়ার জন্য বেশ স্বস্তির বিষয়।
সবচেয়ে তাৎপর্যপূর্ণ পরিবর্তনটা ঘটানো হয়েছে আইএসপিআরের মর্যাদায়। জেনারেল রাহিল শরিফ যখন সেনাপ্রধান ছিলেন তখন পদটি প্রথমে মেজর জেনারেল থেকে লেফটেন্যান্ট জেনারেলে উন্নীত করা হয়, তারপর ডিজিআইএসপিআর লে. জে. অসিম বাজওয়াকে জনগণের মতামত নিয়ে নানা ধরনের কারসাজি করার ক্ষেত্রে অবাধ স্বাধীনতা দেওয়া হয়। সেসব প্রায়ই নির্বাচিত সরকার ও নির্বাচিত প্রধানমন্ত্রীর ক্ষতির কারণ হয়, বিশেষত যখন সেনাপ্রধানকে মহানায়ক বানানোর চেষ্টা করা হয়। এভাবে আইএসপিআর হয়ে ওঠে সিভিল-মিলিটারি সম্পর্কের প্রবল টানাপোড়েনের একটা উৎস। কিন্তু নতুন ব্যবস্থায় মেজর জেনারেল আসিফ গফুরের অধীনে আইএসপিআরের আবার আগের অপেক্ষাকৃত নিচের ধাপে ফিরে যাওয়ার সম্ভাবনা আছে এবং এই মুহূর্তে এটাই প্রয়োজন। লে. জে. অসিম বাজওয়াকে ইন্সপেক্টর-জেনারেল আর্মস পদ দিয়ে সেনাসদরে পাঠিয়ে দেওয়া হয়েছে, এটা অনেকটা ম্যাড়মেড়ে পদ। এর মানে হলো ভবিষ্যতে সরকারের সঙ্গে ভুল-বোঝাবুঝি উসকে দেওয়ার সুযোগ আর তিনি পাচ্ছেন না।
এই সবকিছুই ভালোর জন্য। কিন্তু একটা দুর্ভাগ্যজনক বিষয় আছে। সৌদি আরবের নেতৃত্বে সিরিয়া, ইরান ও ইরাকের বিরুদ্ধে ৩৯টি দেশ নিয়ে গঠিত যৌথ বাহিনীর কমান্ডার-ইন-চিফের পদে যোগ দিতে জেনারেল রাহিল শরিফ রাজি হয়েছেন—এই খবর বের হওয়ার পর বিতর্ক শুরু হয়েছে। খবরটা যদি সত্য হয়, তাহলে এটাকে একটা খারাপ পরামর্শজাত পদক্ষেপ বলতে হবে। পাকিস্তানের পার্লামেন্ট ও সরকার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে পাকিস্তান এ ধরনের যেকোনো সংস্থা থেকে দূরে থাকতে চায়।
একজন সদ্য অবসরপ্রাপ্ত সেনাপ্রধানকে এমন কোনো সংস্থায় ঢুকিয়ে দেওয়াও পাকিস্তানের দায়িত্ব নয়, যা জাতীয় স্বার্থের সঙ্গে গুরুতর সংঘাত সৃষ্টি করতে পারে। কিন্তু সরকার এ বিষয়টি যেভাবে মোকাবিলা করেছে, সেটাও স্বস্তিদায়ক হয়নি। প্রথমে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ইঙ্গিত দিলেন যে প্রধানমন্ত্রী বিষয়টি জানেন। তারপর তিনি সিনেটকে বললেন, জেনারেল রাহিল শরিফ সেনাসদর কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অনাপত্তিপত্র পাননি। জনগণের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়ার মুখে জেনারেল রাহিলও মনে হয় পিছু হটেছেন। তিনি এটা জানিয়ে দিয়েছেন যে তিনটা পূর্বশর্ত মানা না হলে তিনি ওই পদ গ্রহণ করবেন না। পূর্বশর্তগুলোর একটা হলো ওই সংগঠনে ইরানকে অন্তর্ভুক্ত করতে হবে (সৌদিরা নিশ্চিতভাবেই রাজি হবে না), যাতে গোষ্ঠীগত (শিয়া-সুন্নি) বিভাজন সৃষ্টি না হয়।
গুরুত্বপূর্ণ বিষয় হলো অনিচ্ছাকৃতভাবে এই ঘটনার মধ্য দিয়ে অবসরপ্রাপ্ত জেনারেলদের মধ্যে একটা অনৈতিক বা অন্তত অশোভন চর্চার প্রতি সবার দৃষ্টি আকৃষ্ট হয়েছে। সেটা হলো অবসর নেওয়ার সঙ্গে সঙ্গে অতি উচ্চবেতনে বিভিন্ন দেশের সরকারের নানা স্পর্শকাতর পদে চাকরি বাগানো। একজন সাবেক সিজেসিএসসি (চেয়ারম্যান জয়েন্ট চিফস অব স্টাফ কমিটি, পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীগুলোর সর্বোচ্চ পদ), যিনি একসময় ডিজিআইএসআই পদেও দায়িত্ব পালন করেছেন এবং আরও একজন সাবেক ডিজিআইএসআই এভাবে কোনো জবাবদিহি ছাড়াই তাঁদের আর্থিক ও বৈষয়িক স্বার্থ চরিতার্থ করার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। দুজন সাবেক সেনাপ্রধানও স্বীকার করেছেন যে তাঁরা সৌদি উদারতায় টাকাপয়সা পেয়েছেন; তাঁরা হলেন জেনারেল পারভেজ মোশাররফ ও জেনারেল আসলাম বেগ।
সেনাপ্রধান জেনারেল কামার বাজওয়া যখন এই বিষয়টি নিয়ে ভাববেন, তখন তাঁকে সামাজিক যোগাযোগের মাধ্যমের সেই অ্যাকটিভিস্টদের বিষয়টিও ভেবে দেখতে হবে, যারা ‘গায়েব হয়ে গেছে’। কারা তাদের ‘গায়েব করেছে’ তা বুঝতে রকেটবিদ্যার দরকার হয় না। তাদের অক্ষত অবস্থায় যত তাড়াতাড়ি মুক্তি দেওয়া হবে, ততই মঙ্গল। নতুন সেনাপ্রধানের নতুন ইনিংস শুরু করার পন্থা এটা নয়।
পাকিস্তানের ইংরেজি সাপ্তাহিক দ্য ফ্রাইডে টাইমস থেকে নেওয়া, ইংরেজি থেকে অনুবাদ: মশিউল আলম।
নাজাম শেঠি: সম্পাদক, দ্য ফ্রাইডে টাইমস।