নতুন স্বপ্ন নিয়ে নতুন বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেখতে দেখতে সময় ফুরিয়ে যায়। দিন-মাস পেরিয়ে বছর। বছরও পেরিয়ে যায় ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে। জায়গা করে নেয় নতুন আরেকটি ক্যালেন্ডার। নতুন বছরের শুরুর মাস। এই পালায় আবার একটি নতুন বছর। পুরোনো খাতায় এবার জমা হয়েছে ২০১১। নতুন খাতায় জায়গা করে নিয়েছে ২০১২। পুরোনো বছরের খাতাটা না খুললেই নয়—কী চাওয়ার ছিল আর পাওয়ার ঝুলিতেই বা কী জমল।ডিসেম্বরের শেষে শীতের তীব্রতা বেশ বেড়ে গিয়েছিল। বেশ কটা দিন সকাল-দুপুর-বিকেলে রোদ্দুরের বালাই ছিল না। ঢাকার বাড্ডা এলাকার নতুন বাজারে খোলা আকাশের নিচে বসেই শীতের পোশাক বিক্রি করছিলেন আবুল হোসেন। মধ্যবয়স্ক এই মানুষটির বুকে একটা ব্যাজ। মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক প্রাপ্ত এই ব্যাজ বলে দেয়, তিনি একজন মুক্তিযোদ্ধা।এবার প্রশ্ন তাঁর কাছে, কী প্রত্যাশা নতুন বছরে?‘শীত বেশি হওয়ায় বেচাকেনা ভালো।’ একটু সময় নিয়েই হাস্যোজ্জ্বল মুখে উত্তর দেন আবুল হোসেন, ‘দ্যাশ স্বাধীন করছি ৪০ বছর হইল। মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি আসছে, কিন্তু এখন পর্যন্ত যেন আমরা সবাই স্বাধীন হয়ে উঠতে পারি নাই। নতুন বছরে সেই স্বাধীনতা চাই, যা দ্যাশের মানুষরে স্বাধীনভাবে চলার সুযোগ দেয়।’ দেশ স্বাধীন করেছেন যে মুক্তিযোদ্ধা, নতুন বছরে তাঁর প্রত্যাশা এ রকম। তবে যে মানুষটি শরীরের সব শক্তি দিয়ে ঠেলাগাড়িতে মাল টানেন, তাঁর কাছে নতুন বছরের প্রত্যাশা কী? ময়মনসিংহ থেকে ঢাকাতে ঠেলা টানতে এসেছেন শাজাহান মিয়া। প্রশ্ন করি, ‘শাজাহান’ কে, জানেন? মাথা চুলকে উত্তর দেন, জানি, বড় মানুষ। এর চেয়ে বেশি কিছু বলতে পারেন না ঠেলা চালক শাজাহান মিয়া। আর জানার প্রয়োজনও বোধ করেননি তিনি। পরিশ্রম করে দুই বেলা পেটে কিছু গুঁজে দিতেই পারলেই তিনি খুশি। প্রশ্ন করি, নতুন বছরের কাছে তাঁর প্রত্যাশা কতখানি? এই শীতেও পরিশ্রম করে ঘেমে গেছেন তিনি। কপালের ঘাম মুছে কিছু একটা ভাবেন। এর পরে উত্তর দেন—‘কী চামু, দুই পোলা আর মাইয়া যেন ভালো থায়ে।’ নাহ, আর কথা বলে দেরি করলেন না শাজাহান মিয়া। ঠিক সময়ে পৌঁছে মাল আনতে হবে তাঁকে। তাই ছুটে চলেই গেলেন।ধানমন্ডি ২৭ নম্বর সড়ক-সংলগ্ন এলাকায় ‘ঘটিগরম চানাচুর’ বিক্রি করেন হাসান মিয়া। সাত বছর ধরে একই পেশায় আছেন তিনি। নতুন বছর নিয়ে কী ভাবেন হাসান মিয়া? ঝাল চানাচুর বানাতে বানাতেই ঝাঁজালো উত্তর দেন, ‘নতুন বছরে আর চাওয়া। খুব মন চায় টুনির মায়েরে ঢাহাতে নিয়া আসি। চেষ্টা আছে এইবারই টুনির মায়েরে ঢাহাত নিয়ে আসপ।’ হাসান মিয়ার স্বপ্নটা কিছুটা একপেশে, তবে তিনিও স্বপ্ন দেখেন নতুন বছরে স্ত্রী আর ছোট্ট মেয়ে টুনিকে নিয়ে একসঙ্গে থাকবেন।চকচকে রোদ আর এই রোদেই নীলক্ষেত এলাকায় অবস্থানরত টেম্পো থেকে ফার্মগেটে যাওয়ার হাঁক দিতে থাকে বদরুল। বদরুলকে কাছে টেনে জিজ্ঞেস করি, এই বছরে কী চাই? গায়ে ময়লা গেঞ্জি জড়ানো উসকোখুসকো চুলের বদরুল উত্তর দেয়, ‘যা চাই তা তো পাই না। প্যাসেঞ্জার না তুলতে পারলেও মাহাজন না মারলেই খুশি, আর কিছুর দরকার নাই।’তরুণদের কাছে নতুন বছরের স্বাদ ভিন্ন মাত্রা এনে দেয়। এটা জানা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজিব নেওয়াজের কথা থেকে। ‘আসলেই নতুন কিছু মানেই আরেক সম্ভাবনার পথ খুলে যাওয়া। আর নতুন বছর মানেই নিজেকে আরেকটু শুধরে নেওয়ার সুযোগ। ২০১২ সালে নিজেকে আরেক ধাপ এগিয়ে নিতে চাই। কেবল পড়াশোনা বা কাজের ক্ষেত্রেই নয় বরং একজন ভালো মানুষ হিসেবেও।টিভি ব্যক্তিত্ব এবং সাংসদ আসাদুজ্জামান নূরকেও প্রশ্নটা করি। তিনি বলেন, ‘পুরোনো বছর যখন ফেলে আসি, তখন বারেবারেই স্মৃতিকাতর হই। তবে ভেতরে ভেতরে জানান দেয়, নতুন বছরটা হয়তো আরও সুন্দর হবে। ইতিবাচক পরিবর্তন আসবে। এই পরিবর্তন কেবল ব্যক্তিজীবনেই নয়, জাতীয় জীবনেও।’কেউ হয়তো স্বপ্নের কথা বলেন, কেউ বলেন না। তবে প্রত্যেক মানুষের ভেতেরই দানা বাঁধে এক স্বপ্ন। গ্রেগরিয়ান ক্যালেন্ডারের হিসাবে জানুয়ারি মাসের ১ তারিখ নতুন বছরের শুরু। নানা সমস্যার মধ্যেও নতুন বছর ২০১২ সালে মানুষ তার নিজের চেয়ে বড় স্বপ্নের কাছাকাছি পৌঁছে যাক—এই প্রত্যাশাই।  শারমিন নাহার