নতুনের স্বপ্ন আঁকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাপা কাগজের ফর্মার হিসাব বোঝে না শিশুরা। কিন্তু নতুন বইয়ের ঘ্রাণ চিনতে তাদের ভুল হয় না। বছরের শুরুর দিনে সরকার বিনা মূল্যে বই দেবে—এই সহজ হিসাব তাদের মুখস্থ। কারণ, সরকার বই দেওয়ার বিষয়টিকে এখন রেওয়াজে পরিণত করেছে। তাই তো কোমলমতি শিশুদের শৈশবকে রঙিন করছে পাঠ্যবই। যার নেপথ্যের কারিগর প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সন্তানের হাতে নতুন বই দেখে খুশি হন বাবা-মা। তাঁদের অনেকে হয়তো দীর্ঘশ্বাস ফেলেন। কারণ যাঁরা এখন অভিভাবক তাঁদের শিক্ষাজীবনের গল্প ছিল ভিন্ন। বছরের শুরুর দিনে নতুন বই ছিল তাঁদের কাছে দুঃস্বপ্নের কাছাকাছি। তখন বড় ক্লাসের বই পরের ক্লাসে দেওয়ার রেওয়াজ ছিল। বইয়ের শেষের অধ্যায় নেই, মাঝখানে পৃষ্ঠা ছেঁড়া, আঁকাআঁকির মহাকাব্য—এসব মেনেই শুরু হতো শিক্ষাজীবন। মার্চ-এপ্রিল নাগাদ নতুন বই পাওয়া যেত, তবে টাকা দিয়ে কিনতে হতো। কিন্তু এখন দিনবদল হয়েছে। আর এই পরিবর্তনের দিশারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যাঁর দূরদর্শী চিন্তার কারণে বছরের শুরুর দিনে নগর থেকে গ্রামে সর্বত্রই বই উৎসবের আমেজ শুরু হয়।
বিনা মূল্যে পাঠ্যবই বিতরণের আট বছরে সরকারের অর্জন অনেক। কারণ মোটা মলাটে রঙিন বই এ দেশে বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা চালু করেছে। যার স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবার সাড়ে চার কোটি শিশুর হাতে ৩৬ কোটির বেশি বই তুলে দেওয়ার কৃতিত্ব গোটা শিক্ষা পরিবারের। পাঠ্যবইয়ের লেখক, মুদ্রাকর, সম্পাদক, প্রুফ রিডার, মেশিনম্যান, বাইন্ডার, ট্রাকচালক এই মানুষগুলোর সঙ্গে রয়েছে সরকারের দুই মন্ত্রণালয়। বই তৈরি করে দেওয়ার পর আমাদের শিক্ষকেরা সযত্নে বইগুলো তুলে দিচ্ছেন শিশুদের হাতে। অসংখ্য মানুষের নিরলস পরিশ্রমের কারণে বছরের শুরুর দিনে সরকার বিনা মূল্যে পাঠ্যবই বিতরণে প্রতিশ্রুতি রক্ষা করে যাচ্ছে।
এবার প্রাথমিক স্তরের আড়াই কোটি শিশুর হাতে বিনা মূল্যে সাড়ে ১১ কোটির বেশি বই তুলে দিচ্ছে সরকার। পৃথিবীতে এক শটির বেশি দেশ রয়েছে, যাদের জনসংখ্যা আড়াই কোটির কম। এই শিশুরাই তো আগামীর বাংলাদেশ। তাদের জনসম্পদে পরিণত করছে সরকার। একই সঙ্গে বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা চালু করেছে। এক যুগ আগেও বিনা মূল্যে পাঠ্যবই বিতরণ ছিল কল্পনাতীত। কিন্তু সেই অসাধ্য সাধন করে চলছে সরকার।
আওয়ামী লীগ সরকার সব সময় শিক্ষাকে অগ্রাধিকার প্রদান করেছে। ১৯৭২ সালে রচিত বাংলাদেশের সংবিধানে সব শিশুর বাধ্যতামূলক অবৈতনিক শিক্ষা নিশ্চিত করে বঙ্গবন্ধুর সরকার। অর্থের অভাব থাকা সত্ত্বেও বঙ্গবন্ধু সেই বছরে ৮০ লাখ টাকা মূল্যে ৪০ লাখ বিনা মূল্যে বই ছাপিয়ে তা বণ্টন করেন। ১৯৭৩ সালে ৩৬ হাজার ১৬৫টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়। (তথ্যসূত্র: বাংলাদেশ সরকার ১৯৭১-৭৫: এইচ টি ইমাম)। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার পথেই হেঁটেছেন। ২০১৩ সালে তিনি ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেন।
২০১৭ শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শ্রেণির ২ কোটি ৪৯ লাখ ৮৩ হাজার ৯৯৩ জন ছাত্রছাত্রীর মধ্যে বিতরণের জন্য ১১ কোটি ৫৫ লাখ ২৬ হাজার ৯৫২ কপি পাঠ্যপুস্তক ২% বাফার স্টকসহ মুদ্রণ করা হয়েছে। প্রতিবছরের মতো এবারও প্রধানমন্ত্রী পাঠ্যপুস্তক বিতরণ উৎসবের শুভ উদ্বোধন করেছেন।
প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ছয়টি বিষয়ে বাংলা ও ইংরেজি ভার্সনে, সম্পূর্ণ নতুন, চার রঙা ও আকর্ষণীয় পাঠ্যবই বিতরণ করা হচ্ছে। এ ছাড়া রয়েছে ই-বুকের ব্যবস্থা। প্রবাসে বাঙালির শিশুদের বই উৎসবে শামিল রেখেছে সরকার। বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনের অধীনে বিদ্যালয়গুলোতে বিনা মূল্যের পাঠ্যবই সরবরাহ করছে এনসিটিবি।
এবারই প্রথম ক্ষুদ্র জাতিসত্তার শিশুদের জন্য নিজস্ব বর্ণমালাসংবলিত মাতৃভাষায় পাঠ্যবই প্রণয়ন এবং সরবরাহের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ২০১৭ সালেই প্রথম প্রাক-প্রাথমিক পর্যায়ে সারা দেশে পাঁচটি ক্ষুদ্র জাতিসত্তার (চাকমা, মারমা, ত্রিপুরা, গারো, সাদরী) শিক্ষার্থীদের মধ্যে আট ধরনের পঠন-পাঠনসামগ্রী বিতরণ করা হচ্ছে।
এ দেশে প্রতিটি সকাল আসে নতুন সম্ভাবনা নিয়ে। আর সেই সম্ভাবনার পথে এগিয়ে চলছে প্রাথমিক শিক্ষা। প্রতিদিনের গ্রাম কিংবা শহরে এভাবে জ্ঞানের আলোর দীক্ষা নিতে ছুটে যায় শিশুরা। কারণ, শিক্ষা এখন সুযোগ নয় অধিকার। আর বিনা মূল্যে পড়ালেখার সুযোগ করে দিচ্ছে সরকার। গরিব অথবা সামর্থ্যবান—সবার সন্তানের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষালাভের সুযোগ রয়েছে। এই সুযোগকে ত্বরান্বিত করতে সরকার ১ কোটি ৩০ লাখ শিশুকে উপবৃত্তির সংস্থান রেখেছে। চালু রয়েছে স্কুলফিডিং কর্মসূচি।
প্রাথমিক শিক্ষার বাতিঘর জ্বালিয়ে রাখছেন প্রায় ৫ লাখ শিক্ষক। তাঁদের যুগোপযোগী প্রশিক্ষণ, তথ্যপ্রযুক্তির দক্ষতা বাড়াতে নানামুখী পদক্ষেপ নিয়েছে সরকার। সনাতন পাঠদানের পাশাপাশি বিদ্যালয়গুলোতে মাল্টিমিডিয়া পদ্ধতিতে পাঠদান চলছে। আধুনিক পদ্ধতিতে আনন্দময় পরিবেশে পড়ানোর সঙ্গে শিশুরা প্রযুক্তির সঙ্গে পরিচিত হচ্ছে।
লেখাপড়ার পাশাপাশি শিশুদের খেলাধুলায় উৎসাহী করতে নানামুখী পদক্ষেপ নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রতিবছর বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ব্যবস্থা রয়েছে। একটি টুর্নামেন্টে এত সংখ্যক খুদে ফুটবলারের অংশগ্রহণ সমগ্র বিশ্বের জন্য বিস্ময়।
আমাদের লক্ষ্য শিশুদের নৈতিকতা এবং মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলা। তাদের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস শেখানো হচ্ছে। বাঙালি জাতির গৌরবগাথা আর বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের সঙ্গে শিশুদের পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। বাঙালির অধিকার আদায়ে যিনি জীবনের মূল্যবান ১৩টি বছর কারাগারে কাটিয়েছেন, তাঁর জীবনী থেকেই শিশুরা শিখছে আত্মত্যাগের অনুপ্রেরণা।
বঙ্গবন্ধুর উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী এবং যোগ্য নেতৃত্বে বাংলাদেশ এখন সমগ্র বিশ্বের উন্নয়নের রোল মডেল। তাঁর নেতৃত্বে হয়েছে সমুদ্রজয়, জিডিপি ছাড়িয়েছে ৭ দশমিক ১১ শতাংশ, রপ্তানি ছাড়িয়ে গেছে ৩ হাজার ৪২০ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ২ হাজার ৮০০ কোটি ছাড়িয়েছে। নারীর ক্ষমতায়ন, মেট্রোরেল, বিদ্যুৎ প্রকল্প, সমুদ্রবন্দর মেগা মেগা প্রকল্প বাস্তবায়ন চলছে। শিক্ষা খাতে বিপ্লব সাধন হচ্ছে। শিল্প-সাহিত্য, খেলাধুলায় ঈর্ষণীয় সাফল্য দেখাচ্ছে বাংলাদেশের ছেলেমেয়েরা। ডিজিটাল বাংলাদেশের সাফল্য ছড়িয়ে পড়েছে গ্রামগঞ্জে। লোডশেডিং শব্দটি এখন অতীত ইতিহাসের বিষয়। দুর্বার গতিতে এগিয়ে চলছে পদ্মা সেতুর কাজ। এক অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সাফল্যের আন্তর্জাতিক স্বীকৃতি মিলছে। যোগ্য পিতার যোগ্য সন্তানের হাতে বাংলাদেশ। এই উন্নয়নের পথচলা নিরন্তর।
তাই শিক্ষার শক্তিকে কাজে লাগিয়ে উন্নত বাংলাদেশ বিনির্মাণের পথে হাঁটছি আমরা। দেখছি নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনা। আমরা বিশ্বাস করি, বাংলাদেশ শত বাধা পেরিয়ে উন্নত রাষ্ট্রে পরিণত হবে।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
মোস্তাফিজুর রহমান: প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী।