নদী, মায়া ও মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেতুয়া লঞ্চঘাট, চরফ্যাশন, ভোলা
বেতুয়া লঞ্চঘাট, চরফ্যাশন, ভোলা

তিনতলা লঞ্চ। তার দোতলার ডেকের মাথায় বসে ছেলেটি শিস বাজিয়ে সুর তুলছে, ‘যাও পাখি বলো তারে’। মনপুরা সিনেমার এই গানটি খুব জনপ্রিয় হয়েছিল। আর আমাদের ডান দিকেই দূরে আবছা রেখার মতো দেখা যায় সেই মনপুরা দ্বীপ। তার পরেই বাংলা সাগর, যার কেতাবি নাম বঙ্গোপসাগর। নদী হয়তো তাকে বিষণ্ন করেছিল। বিষাদের সঙ্গী গান। এ কারণেই হয়তো আগের যুগের মাঝিরা গান ভালোবাসত। লেখক নীরদ সি চৌধুরী জীবনের শেষ অর্ধেকটা ইংল্যান্ডেই কাটিয়ে দেন। তো, কানাডার অন্টারিও হ্রদের সামনে দাঁড়িয়ে তাঁর ছেলেবেলার কিশোরগঞ্জের হাওরের কথা মনে হয়েছিল। তিনি লিখেছিলেন, ‘প্রবাসে জল দেখিলে দেশের কথা মনে পড়ে।’ নদী দেশের কথা মনে করায়, স্বজনের কথা মনে করায়, বিশাল উদাত্ত জলরাশি আর খোলা আকাশ মনে মায়ার জন্ম দেয়। পদ্মা নদীর নিসর্গ মিশে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনা ও সাহিত্যে। বরিশালের কীর্তনখোলা আর ধানসিড়ি কবি জীবনানন্দ দাশের কবিতার মায়ার উৎস। বাংলার নদীগুলো বেয়ে বেয়েই বঙ্গবন্ধু পৌঁছাতেন মানুষের কাছে, চিনতেন দেশটাকে। যদি বলি নদীর কথা, তাহলে মানুষের কথা আসবে। নদী আমাদের দেশ ও মানুষের মায়ার জননী।

নদী ও নারী
৬ জুন, সন্ধ্যা। বিরাট লঞ্চটা চলতে চলতে বাঁ তীরের এক লঞ্চঘাটের দিকে বাঁক নিল। জেটিভর্তি মানুষ লঞ্চে ওঠার অপেক্ষায়। ঘাটের নাম মঙ্গল শিকদার। পড়েছে ভোলা জেলার মধ্যে। এদিকে যার যা কিছু আছে তা নিয়ে হুড়মুড় করে যাত্রীরা লঞ্চের পেটে ঢুকে যাচ্ছে। কিছু মানুষ দাঁড়িয়ে থাকল ঘাটে। তারা যাবে না, শুধু বিদায় দেবে আর মন খারাপ করবে।
বৃষ্টি হয়ে গেছে, ঘাট কাদা কাদা। অমাবস্যার জন্য বিকেলের জোয়ারও হয়েছে অনেক উঁচু। নদীর পাড় কামড়ে নেওয়া পিঠার মতো ভাঙা ভাঙা।
ভেঁপু দিচ্ছে, লঞ্চ ছেড়ে দেবে। তিনতলার ডেকে দাঁড়িয়ে শুনি একটি নারীকণ্ঠের চিৎকার। টেনে টেনে কাকে যেন ডাকছে, ‘এইইই, এইইই, এইইই...।’
বুড়ি মতো পাতলা একজন মানুষ। পাড়ে দাঁড়িয়ে এক হাত তুলে ডেকেই চলেছে, ‘এইইই, এইইই, এইইই...।’ তাঁর গলায় তীব্র আকুলতা, শুনে অস্বস্তি হয়। মনে হয় নেমে গিয়ে ‘এই’কে খুঁজে দিয়ে তাঁকে শান্ত করি।
বিশাল সাদা লঞ্চটা ততক্ষণে চলা শুরু করেছে। মানুষটাও তীর ধরে হাঁটছে আর ডাকছে। এবার নাম ধরে, ‘শাহানাআআ শাহানাআআ, নাজনীইইন নাজনীইইন।’ মেয়ে দুটিকে দেখতে পেলাম না। এভাবে কয়েকবার ডাকের পর বুড়ি হাত তুলে নাড়াতে লাগল। হ্যাঁ, এবার তাঁর শাহানা ও নাজনীন তাঁকে দেখতে পেয়েছে। আর তাদের দাদি (পরে জেনেছি) ব্যাকুলভাবে হাত নেড়ে নেড়ে তাদের বিদায় জানাচ্ছেন।
একসময় লঞ্চ তীর থেকে অনেক দূরে সরে এল। সন্ধ্যার আকাশে কমলা-বেগুনি আলোর খেলা। সেই আলোয় আবছা দেখা যায় সবুজ শাড়ি পরা এক বৃদ্ধা তাঁর আদরের নাতনিদের বিদায় জানাতে হাত নেড়েই চলেছেন, নেড়েই চলেছেন। হয়তো তিন কাঁদছেন, কিন্তু এত দূর থেকে সেই ভালোবাসার কান্না দেখার কোনো উপায় নেই। নদীকূলের মানুষ কেন যে এত আবেগপ্রবণ হয়? নদী দিয়ে মানুষ আসে, নদী দিয়েই চলে যায় কাছের মানুষ। ঝড়-বন্যা আর ভাঙনে কত কঠিন এই মানুষের জীবন। অথচ কত মায়া তাদের মনে।

ঘরছাড়া মানুষেরা
১৬-১৭ বয়সের নিরীহ চেহারার ছেলেটি। কেবিনে কেবিনে খাবার, পানি ইত্যাদি দেয়। তার কাজ কেবিনের যাত্রীদের সেবা করা। নাম রাসেল। বাড়ি ঝালকাঠি। পানির বোতল দিতে এলে তাকে জিজ্ঞাসা করি,
‘বাড়ি কোথায়?’
বলে, ‘ঝালকাঠি।’
: ‘কত দিন করো লঞ্চের চাকরি?’
: ‘তিন বচ্ছর প্রায়।’
: ‘বাড়ি যাও না?’
: ‘যাই, এক মাস দেড় মাস পর গিয়া কয়েক দিন থাকি।’
বেতন বেশি না তার। থাকা-খাওয়ার ব্যবস্থা তো লঞ্চেই হয়। বেতনের পুরো টাকাটাই বাড়িতে পাঠায়। সেই টাকায় বাবা-মা, ভাইবোনের খাওয়া-পরা চলে। রাতে দুই-তিন আর দিনে দুই-তিন ঘণ্টা কেবল ঘুমের সুযোগ। বাকিটা সময় কাজের। তার আশা একদিন সে বিদেশ যাবে। ভাগ্য বদলে দেবে। কিন্তু আসলেই কি তা হবে? বিদেশ যাওয়ার টাকা পাবে কই? বেতনের সবটাই তো পরিবার চালাতেই চলে যায়। সেই দুরাশার কথা তাকে বলি না। আশায় বসতি করেই তো ছেলেটি এত কষ্ট করে যাচ্ছে। মানুষের আশা কেড়ে নেওয়া ঠিক না।
এ রকম আরেকজনের দেখা পেয়েছিলাম মাওয়া-কাওড়াকান্দি ফেরির রেস্টরুমে। ফেরি ঘাটে লাগতেই রেস্টরুম খুলে পরিষ্কার করে বসে থাকেন তিনি। যদি কেউ আসে। নাম জুলফিকার, বাড়ি চাঁদপুর। পঞ্চাশ পেরিয়ে গেছে। তিন-চার মাস পর একবার ছুটি হয়। তখন বাড়ি যান। বাড়িতে মেয়ে আছে, বউ আছে। রাতের বেলা মাঝনদীতে যখন সব সুনসান, তখন তাঁর নাকি খুব মেয়ের মুখ মনে পড়ে।
অনেক রাতে রাসেলকেও দেখি নদীর দিকে আনমনে তাকিয়ে আছে। ঠিকই, প্রবাসে জল দেখলে ঘরের দেশের কথা মনে পড়ে, ঘরের মানুষের কথা মনে পড়ে।
ফারুক ওয়াসিফ: সাংবাদিক ও লেখক।
[email protected]