
প্রাচীনকালে আফ্রিকার ভাস্করেরা মূর্তি বানানোর সময় গান গাইতেন। ভাস্কর্যগুলো শেষ না হওয়া পর্যন্ত চলত তাঁদের গান। তাঁদের বিশ্বাস, এভাবে সুর ভাস্কর্যের ভেতর চলে যায়। মাখন বৈরাগীও কাজের পুরোটা সময় গান গান অথবা গল্প বলেন। যখন তিনি গল্পও বলেন না, গানও করেন না, তখন হাসেন। তাঁর হাসি সরল ও সুন্দর। তাঁর পালিশ করা জুতাগুলোও তাঁর হাসির মতো চকচকে দেখায়। মাখনদের জন্ম ব্রহ্মার পা থেকে; তাই সমাজের লোকের পায়ের জুতা-স্যান্ডেল সেলাই করার কাজ তাঁদের জন্য নির্ধারিত।
মাখন জুতা সারায়। বাপ-দাদার পেশাও ছিল তাই। পেশা পরিবর্তনের অধিকার একসময় তাঁদের ছিল না। কিন্তু এখন সে অবস্থা নেই। চাইলেই তাঁরা অন্য পেশায় চলে যেতে পারেন। যেমন মাখনের ভাই করেন চুল কাটার কাজ। ভালো পেশায় যেতে ভালো শিক্ষা বা পুঁজি লাগে, লাগে যোগাযোগ। মাখনের বা তাঁর ভাই কিরণের এসব কিছুই ছিল না। এসএসসি পড়ার সময় বাবা অসুস্থ হয়ে বিছানায় পড়েন। তাঁর পড়ালেখা লোকসানি কারখানার মতো, সেই যে বন্ধ হলো আর চালু করা গেল না। তিন ভাইয়ের মধ্যে মাখন বড়। একমাত্র বোন ঢাকায় বাসাবাড়ির কাজ করেন। মাখনের বিশ্বাস, ‘আমাদের সবকিছু গতরের ওপর।’
খুলনার আইলা–দুর্গত এলাকা দাকোপ। দাকোপ বাংলাদেশের তলার দিকের এক ব-দ্বীপ। সুন্দরবনের একেবারে কাছেই। চারদিক থেকে চার নদী ঘিরে রেখেছে দ্বীপটাকে: পশুর, শিবসা, ভদ্রা ও ঢাকী। পশুর, শিবসা ও ঢাকী নদী যেখানে মিলেছে, সেখানে ছোট একটা লঞ্চঘাট। গত মে মাসের শেষাশেষি এক দুপুরে লঞ্চের জন্য অপেক্ষা করছি সেখানে। বিআইডব্লিউটিএর লোহার জেটিতে লঞ্চ ভিড়বে। জোয়ারের সময় বলে নদী বেশ ফুলে উঠেছে।
অপেক্ষা করছে একদল মানুষ। কেউ খুলনার দিকে যাবে, কেউ খুলনা থেকে আসা লঞ্চে উঠে চলে যাবে উপকূলের দিকে, আরও ভেতরে, আরও নিচে। এই সব লোকের মধ্যে মাখনকে আলাদা করে চেনা যায়। তাঁর গায়ের কালো রং, দীর্ঘ যৌবনদীপ্ত শরীর। তাঁর সাদা দাঁতের দরাজ দিলের হাসি। লম্বা ছয় ফুটের বেশি হবে। সবচেয়ে অবাক করে তাঁর একজোড়া সবুজ চোখ।
দুদিক থেকে দুটি লঞ্চ আসার কথা। কোনোটিই আসছে না। যাত্রাপথে সময় কাটানোর অছিলায় যেভাবে কথা বলেন যাত্রীরা, সেভাবেই কথা শুরু হলো। বললাম: ‘কই যাবেন?’
: ‘কয়রা।’
‘ওখানেই বাড়ি?’
: ‘হ্যাঁ, কয়রার গিলাবাড়ি আমাগে বাড়ি।’
‘কী করেন?’
: ‘এই যে রাজপেশা (বলে সামনে রাখা জুতা ঠিক করার সরঞ্জামের বাক্স দেখিয়ে হাসেন, হাসলে তাঁকে সিনেমার নায়কের মতো দেখায়)।’
‘এখান থেকে কোথায় যাবেন?’
: ‘বাড়ি চলি যাব।’
‘এই কাজ ভালো লাগে?’
: ‘কী করব। আর তো কিছু জানি না। ছিলাম ঢাকি, এখন হইলাম মুচি।’
‘ঢাকি, মানে ঢোল বাজাতেন?’
: ‘ঢোল বাজাতাম, গানও গাইতাম। ঘরের লোক কইলে, “বংশের পেশা ধরো, ভালো হবে।” তা ধরলাম।’
‘ঘরের লোক, মানে স্ত্রী?’
: ‘জি, সে-ই। সে-ও গান করত।’
‘তাহলে তো ভালোই। স্বামী-স্ত্রী মিলে গান করবেন।’
: ‘গান করলে খাব কী? মনত যখন গান উঠে, তখন এট্টু-আট্টু গাই।’
চাপাচাপি করায় দুটি গান করলেন মাখন বৈরাগী। তাঁর তিরিশ বছর বয়স। বউয়ের বয়স ২২-২৩। নিম্নবর্গের শিল্পীর গলায় যে দম আর দমক দেখা যায়, তার সবই আছে মাখনের গায়কিতে। কাজের বাক্সে তাল ঠুকে গাইলেন, ‘রুমালেতে লেখা ছিল বন্ধু ভুলো না আমায়...’।
বললাম, ‘গান শিখলেন কোথায়?’
: ‘বাবায়ও গায়, সেহান থেহেই শিখিছি।’
‘এত সুন্দর প্রেমের গান গান আপনি, প্রেম করেননি?’
হেসে লোকজনের দিকে তাকিয়ে বললেন, ‘সেই সময় পাইনি, ভাই।’ অল্প বয়স থেকে খেটে খাই, প্রেমটেম আর করব কখন।’
‘বউকে ভালোবাসেন না?’
: তা তো বাসিই। বউটা আমার বেজায় ভালো কিন্তু ছাওয়াল হয় না।’
এদিকে লঞ্চের ভেঁপু শোনা গেল। উঁকি দিয়ে দেখি ছোট একটা দোতলা লঞ্চ আসছে। এই লঞ্চ সাবেক সমুদ্রবন্দর চালনা হয়ে যাবে ভান্ডারপুর, জাগীর মাঠ হয়ে সুন্দরবন ঘেঁষে কয়রা পেরিয়ে আরও দূরে। লঞ্চে আর ঘাটে ঘাটে কাজ করে মাখন ফিরবেন বাড়ি। আবার তাঁকে ভোররাত তিন-চারটায় উঠতে হবে। ঘণ্টা খানেক হেঁটে আসতে হবে ঘাটে। রাতে ছাড়া দিনের বাকি খাওয়া-দাওয়া সব নদীতে কিংবা ঘাটেই সারতে হয়।
লঞ্চ এসে গেল। সাত-আটজন যাত্রী উঠে গেলেন। এতক্ষণ সাংবাদিকের সঙ্গে কথা বলা, তাঁর ছবি তোলা, গান রেকর্ড করা মিলিয়ে মাখন যেন গুরুত্বপূর্ণ কেউ হয়ে উঠেছেন। জুতা সারাইয়ের বাক্স আর একজোড়া নারকেল নিয়ে লঞ্চে উঠে পড়লেন মাখন। ডেকে দাঁড়িয়ে নায়কের মতো হাসি দিলেন একটা। নেতাদের মতো আমাদের সবার দিকে হাত নাড়লেন। কথায় কথায় মায়া পড়ে যায়। অথবা নদীকূলে মানুষ কেমন নরম হয়ে যায়। মাখনের সবুজ চোখ কি বিদায়ের অশ্রুতে চিকচিক করে উঠল?
লঞ্চ ছেড়ে দিয়েছে। লঞ্চের বারান্দা দিয়ে আরও ভেতরে যেতে যেতে ঘুরে দাঁড়িয়ে চিৎকার করে কী যেন বললেন। কিন্তু লঞ্চের ভেঁপুর আওয়াজে তা আর শোনা গেল না। মনে পড়ল তার গাওয়া শেষ গানটি: হয়তো তারা পৌঁছে গেছে চেনা ঠিকানার কাছাকাছি/আমি অনেক পিছনে পড়ে আছি।
ফারুক ওয়াসিফ: সাংবাদিক ও লেখক।
[email protected]