
‘আমরা যখন একটি নদীর অংশীদার হই, তখন সীমান্ত পেরিয়ে একে অপরের সঙ্গে কথা বলি, আমরা যখন একটি নদীর অংশীদার হই, তখন আসলে একটি সংস্কৃতিরই অংশীদার হই। আমরা যখন একটি নদীর অংশীদার হই আমরা তখন মানব ইতিহাসের যে মহা স্রোত, তারই অংশীদার হই।’
নদীর এই অংশীদারত্বের কথা, নদীকেন্দ্রিক মানুষের জীবনধারা ও সংস্কৃতির কথা বলতে এবং শুনতেই ১৫-১৬ জুলাই মেঘালয়ের পাহাড়ঘেরা সবুজ শহর শিলংয়ে আয়োজন করা হয়েছিল নদী উৎসব। এশিয়ান কনফ্লুয়েন্স এর উদ্যোক্তা। সহযোগিতায় ছিল মেঘালয়ের রাজ্য সরকার, নর্থ ইস্টার্ন কাউন্সিল, দিব্য জীবন ফাউন্ডেশন, ঢাকার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কালেকটিভ (আরডিসি), কলকাতার আবুল কালাম আজাদ ইনস্টিটিউটসহ বহু প্রতিষ্ঠান।
নদী মানবসমাজ ও সভ্যতার অত্যাবশ্যকীয় উপাদান। আবার এই নদীকে কেন্দ্র করেই দেশে দেশে এবং দেশের ভেতরে বহু ‘যুদ্ধ’ হয়েছে, এখনো হচ্ছে। নদী প্রকৃতির দান—আধুনিক রাষ্ট্রের অধিকর্তারা তা মানতে চান না। মানতে চান না উন্নয়নের নব্য ঠিকাদারেরাও। উন্নয়নের নামে তাঁরা পরিবেশ ধ্বংস ও নদীকে হত্যা করে চলেছেন। কিন্তু আমাদের বর্তমান ও ভবিষ্যতের স্বার্থে এটি মেনে নেওয়া যায় না। আর এই মেনে না নেওয়ার কথাটি বলতেই ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান ও মিয়ানমারের ৪০০ প্রতিনিধি সমবেত হন শিলংয়ের কনভেনশন সেন্টারে। তাঁদের কণ্ঠে উচ্চারিত হয়, ‘নদী বাঁচাও, মানুষ বাঁচাও’।
পৃথিবীর বৃহত্তম গঙ্গা, মেঘনা, ব্রহ্মপুত্র (জিএমবি) নদী অববাহিকার একেবারে ভাটিতে বাংলাদেশ। উজানে আছে চীন, নেপাল, ভুটান ও ভারত। এ কারণে বর্ষার সময় আমরা পানিতে ভাসি, শুকনো মৌসুমে খরার কবলে পড়ি। কিন্তু এ অঞ্চলের নদীগুলোর ব্যবস্থাপনায় সমন্বিত পদক্ষেপ নেওয়া গেলে এই দুর্ভোগ থেকে বাংলাদেশসহ অববাহিকার সব দেশের মানুষকে রক্ষা করা যেত। গড়া যেত সমৃদ্ধির সোপান। কিন্তু ‘সংকীর্ণ জাতীয়তাবাদী’ রাজনীতিই সেখানে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। শিলং উৎসবে নীতিনির্ধারক থেকে শুরু করে পরিবেশকর্মীরা সেই বাধাগুলো অতিক্রমের কথাই বলেছেন। উন্নয়নের নামে রাষ্ট্রের অধিকর্তারা যখন কাপ্তাইয়ে বাঁধ দিয়ে হাজার হাজার মানুষকে উদ্বাস্তু করেন, যখন তিস্তা-গঙ্গায় একাধিক বাঁধের কারণে সীমান্তের এপারের লাখ লাখ মানুষের জীবিকা বন্ধ হয়ে যায়, তখন বিবেকবান মানুষকে প্রতিবাদমুখর হতেই হয়।
কীভাবে দুর্ভোগকে সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়া যায়, কীভাবে বন্যা ও খরা মোকাবিলা করে জিএমবি অববাহিকার পানিসম্পদের ওপর রাষ্ট্র নির্বিশেষে সব মানুষের অধিকার প্রতিষ্ঠা করা যায়, সেটাই ছিল দুদিনব্যাপী নদী উৎসবের প্রতিপাদ্য। বিভিন্ন অধিবেশনে বিভক্ত আলোচনায় যেমন সরকারের প্রতিনিধি ছিলেন, তেমনি ছিলেন নদী বিশেষজ্ঞ, পরিবেশবিদ, বেসরকারি সংস্থার কর্ণধার, সাংবাদিক ও সংস্কৃতিসেবী। তাঁরা যাঁর যাঁর অবস্থান থেকে সমস্যাগুলো তুলে ধরেছেন এবং সমাধানের পরামর্শ দিয়েছেন। মেঘালয়ের মুখ্যমন্ত্রী মুকুল সাংমা স্পষ্ট করে বলেছেন, উজানের দেশ এমন কোনো পদক্ষেপ নিতে পারে না যাতে ভাটির দেশ ক্ষতিগ্রস্ত হয়। তিনি তিস্তা চুক্তি নিয়ে দীর্ঘসূত্রতারও সমালোচনা করেছেন।
আলোচনায় এসেছে, তিন অববাহিকার দেশগুলো বর্ষা মৌসুমে বন্যার পানিতে তলিয়ে যায়, শুকনো মৌসুমে পানির অভাবে শুকিয়ে যায়—এর প্রতিকার কী? প্রতিকার হলো সম্মিলিত ও সমন্বিত প্রয়াস। কারও ক্ষতি না করে সবাই লাভবান হবে—এমন উন্নয়ন প্রকল্প নেওয়ার ওপরই জোর দিয়েছেন তাঁরা। প্রতিনিধিরা বলেছেন, এ অঞ্চলের প্রতিটি দেশের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। সেটাই হবে প্রকৃত সহযোগিতা। তাঁরা মনে করেন, পানির ন্যায্য হিস্যা নিয়ে দর-কষাকষিই যথেষ্ট নয়, যৌথ নদী ব্যবস্থাপনার মাধ্যমে পানিসম্পদ বাড়াতে হবে। উজানের যেসব দেশ সুবিধাজনক অবস্থানে আছে; তাদেরও ভাটির দেশের কথা ভাবতে হবে। মনে রাখতে হবে, ভাটির দেশের নদীগুলো নাব্যতা হারালে বন্যায় শুধু সেখানকার মানুষই ভাসবে না, ডুবতে হবে উজানের বাসিন্দাদেরও।
এ সমস্যার সমাধানে বাংলাদেশ অনেক আগেই উজানে জলধারা তৈরি করে বর্ষা মৌসুমে পানি আটকে রেখে শুকনো মৌসুমে ছাড়ার কথা বলে আসছিল। কিন্তু উজানের দেশগুলো এত দিন সাড়া দেয়নি। আশার কথা, এখন তারাও যৌথ নদী ব্যবস্থাপনা ও সমন্বিত কর্মসূচি নেওয়ার কথা বলছে। উজানের দেশগুলোর এই মনোভাব আমাদের মনে আশা জাগালেও ফের হতাশ হয়ে পড়ি যখন শুনি ভারত ভাটির দেশের আপত্তি উপেক্ষা করে আন্তনদী সংযোগের মাধ্যমে ব্রহ্মপুত্রের পানি পশ্চিমে নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছে।
নদী উৎসবে প্রতিটি দেশের নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা নদীকেন্দ্রিক যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য, পর্যটন বাড়ানোর ওপর জোর দিয়েছেন। তাঁরা নদীকেন্দ্রিক যোগাযোগব্যবস্থাকে ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের আগের অবস্থায় নিয়ে যাওয়ার কথাও বলছেন। কিন্তু নদীতে পানি না থাকলে সেটি কী করে সম্ভব? ব্রহ্মপুত্রের পানি পশ্চিমে সরিয়ে নিলে কেবল বাংলাদেশই বিপদে পড়বে না, ক্ষতিগ্রস্ত হবে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য মেঘালয়, আসাম ও পশ্চিমবঙ্গও।
অতএব, রাষ্ট্র নির্বিশেষে জিএমবি অববাহিকার মানুষের মধ্যে আশা জাগাতে হলে সমস্যা ও সমৃদ্ধি—দুটোই সমান ভাগ করে নিতে হবে। বাংলাদেশ ও ভারতের মধ্যে যে ৫৪টি অভিন্ন নদী আছে, যত দ্রুত সম্ভব পানিবণ্টনে সমঝোতায় আসতে হবে। ভারত ও পাকিস্তানের মধ্যে চার–চারবার যুদ্ধ হলেও সিন্ধু অববাহিকার পানি সমস্যার সমাধানে বাধা হয়নি। তাহলে বন্ধুপ্রতিম বাংলাদেশের সঙ্গে সমস্যাটি কেন জিইয়ে থাকবে? এ ব্যাপারে ভারতকে আরও উদার হতে হবে বলে অনেকের অভিমত।
বহু বছর ধরে তিস্তার পানিবণ্টন সমস্যা ঝুলে আছে। ভারতের কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি দিয়েও পূরণ করতে পারেনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার কারণে। অথচ ১৯৯৬ সালে গঙ্গার পানিবণ্টন চুক্তি সইয়ে জ্যোতি বসুই মুখ্য ভূমিকা পালন করেছিলেন। ‘দুই বাঙালি’ মুখ্যমন্ত্রীর দৃষ্টিভঙ্গির মধ্যে কত ফারাক। বৃহস্পতিবার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরের নতুন কাঠামো উদ্বোধনকালে ভিডিও কনফারেন্সে মমতা বললেন, তিনি বাংলাদেশকে ভালোবাসেন। কিন্তু তিস্তার পানি আটকে রেখে কি তা সম্ভব?
নদী উৎসবে নদীর সীমা ছাড়িয়ে সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে স্থল ও আকাশপথে যোগাযোগ গুরুত্ব পেয়েছে। বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন খুব শিগগির ঢাকা-গুয়াহাটি বিমান সেবা চালু হওয়ার কথা জানালে ভারতের প্রতিনিধিরা হাততালি দিয়ে তাকে স্বাগত জানিয়েছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম যখন বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে যান চলাচল চুক্তির কথা উল্লেখ করে বললেন, কেবল পণ্য নয়, যাত্রীরাও এসব বাহন ব্যবহার করতে পারবেন, তখনো সবার মধ্যে উৎফুল্ল ভাব লক্ষ করা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেজবাহ কামাল দুই দেশের জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বাড়ানো এবং মাওলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউটের পরিচালক শ্রীরাধা দত্ত লেখক–শিল্পী ও সংস্কৃতিসেবীদের ঘন ঘন একত্র হওয়ার কথা বললে দুই দেশের প্রতিনিধিরা তার প্রতি সানন্দ সম্মতি দেন।
সাংবাদিকদের জন্য আলাদাভাবে যে দুটি অধিবেশন ছিল, তাতে এ অঞ্চলের গণমাধ্যমগুলোর মধ্যে জানাশোনার ঘাটতির বিষয়টিই অগ্রাধিকার পেয়েছে। সাংবাদিক প্রতিনিধিরা একমত হয়েছেন যে, দ্বিপক্ষীয় ও আঞ্চলিক সম্পর্ক উন্নয়নে গণমাধ্যমকর্মী ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ বাড়ানো জরুরি। একই সঙ্গে মনস্তাত্ত্বিক বাধাটিও সরিয়ে ফেলতে হবে।
নদী উৎসবে আলোচনা, সেমিনার, প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান—সবকিছুতে বাংলাদেশের প্রাধান্য ছিল। বিশেষ করে, বাংলাদেশ থেকে প্রজেক্ট ২১, ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার ও সিলেটের একটি সংগঠনের শিল্পীদের নদীভিত্তিক সংগীত ও নৃত্য পরিবেশনা সব দেশের দর্শকশ্রোতাদের মুগ্ধ করেছে। অন্যদিকে মেঘালয়ের গারো ও খাসিয়া শিল্পীদের পরিবেশনাও নতুন মাত্রা দিয়েছে।
দুই দিনব্যাপী উৎসবের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল পর্যটন। কীভাবে তিন অববাহিকার দেশগুলোর মধ্যে পর্যটন বাড়ানো যায়, সেটাই ছিল আলোচনার বিষয়। এখানেও সেই ‘সীমান্ত’ বাধা। ভিসা জটিলতা। বাংলাদেশের কোনো পর্যটক যদি ডাউকি বন্দর দিয়ে ভারতে ঢুকে মেঘালয়-আসাম ঘুরে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি বা পেট্রাপোল দিয়ে ফিরে আসতে চান, তাঁর জন্য কাজটি বেশ কঠিন। দুই দেশের ভিসাপ্রার্থীদের জন্যই অভিন্ন নিয়ম: যেকোনো বিমানবন্দর অথবা নির্দিষ্ট একটি স্থলবন্দর ব্যবহার করতে হবে। এর ব্যতিক্রম হলে অালাদা অনুমোদন নিতে হয়। ভারতের পর্যটকদের অভিযোগ, একজন পর্যটক বা সাধারণ মানুষ যতবার বাংলাদেশে আসেন, ততবারই তাঁকে ৫০০ টাকা ভ্রমণকর দিতে হয়। এটি অযৌক্তিক।
শিলং নদী উৎসবে এসে, এখানকার সবুজ প্রকৃতি ও স্নিগ্ধ পরিবেশ দেখে একটি প্রশ্নই মনে জাগছে। নদী ও পরিবেশ রক্ষায় তাঁরা কী করছে, আর আমরা কী করছি?
আমরা নদীকেন্দ্রিক উন্নয়ন, পর্যটনশিল্প গড়ে তোলার কথা বলি। নদীর পানির ন্যায্য হিস্যা চাই। কিন্তু নদীকে বাঁচানোর কথা ভাবি না। শিলং উৎসবের মূল কথা ছিল, ‘নদীর কথা শোনো’। আমরা কি কেউ নদীর কথা শুনতে চেষ্টা করছি?
আগামীকাল: উত্তর–পূর্ব ভারতের রাজনীতিতে ‘ ঝোড়ো হাওয়া’
সোহরাব হাসান: কবি ও সাংবাদিক।
[email protected]