
জলধারা থেকে অবৈধভাবে বালু তোলার খবর নিত্যদিনের ঘটনা। সর্বশেষ ইছামতীর সর্বনাশের খবর এসেছে সাতক্ষীরা থেকে। সাতক্ষীরার দেবহাটা উপজেলার গা ঘেঁষে বয়ে যাওয়া ভারত-বাংলাদেশের সীমান্তরেখা নদী ইছামতী। দেবহাটা উপজেলার চর কোমরপুর, ভাতশালা, টাউন শ্রীপুর, সুশীলগাতী, নাংলাসহ ইছামতীর কয়েকটি জায়গায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। প্রশাসন জানুক না জানুক গ্রামবাসী জানেন, স্থানীয় প্রভাবশালী মহল ড্রেজার মেশিন দিয়ে নদীতীর থেকে বালু তোলার কারণে নদীর বাঁধ নষ্ট হয়ে যাচ্ছে।
বিশ্ব ঐতিহ্যের অংশ হালদা নদীতে এবার মাছের রেণু পোনার জোয়ার ছিল। এই নদী জোয়ার-ভাটার এক বিরল জলধারা, যেখানে মিষ্টি পানির মাছেরা ডিম পাড়ে। পৃথিবীর এ এক বিস্ময়কর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র। সেই হালদাকেও রেহাই দিচ্ছে না বালুদস্যুরা। হালদা নদীর নাঙ্গলমোড়া ইউনিয়ন থেকে শুরু করে মদুনাঘাট এলাকা পর্যন্ত বিভিন্ন স্থানে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উঠিয়ে বিক্রি করার অভিযোগ ছিল বছরের শুরুতেই। এভাবে বালু ওঠানোর ফলে নদীপাড়ের মাটি আলগা হয়ে জমি, বাড়িঘর ভেঙে যাচ্ছে।
দেশের সব জলধারা সমান গুরুত্বের। তারপরও কোনো কোনো জলধারা, বিশেষ বিশেষ কারণে একটু অগ্রাধিকার দাবি রাখে। তাই ইছামতী আর হালদা নদীর কথা সবার আগে চলে এল। আন্তর্জাতিক সীমানা রক্ষাকারী নদী ভাঙলে দেশের সীমান্ত ভাঙে, সার্বভৌমত্বের দিকচিহ্ন লোপাট হয়। আমাদের যা দু-একটা গর্বের প্রাকৃতিক সম্পদ আছে, তার মধ্যে হালদা অনন্য। ২০১০ সালের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে যেসব ক্ষেত্রে বালু বা মাটি তোলা নিষিদ্ধ করা হয়েছে, সেখানে এ ধরনের গুরুত্বপূর্ণ জলধারাগুলো অন্তর্ভুক্ত করা উচিত ছিল।
২০১৭ সালে দিনাজপুর-ঠাকুরগাঁওয়ের অপ্রত্যাশিত বন্যার পর ধারণা হয়েছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই অঞ্চলের ছোট-বড়-মাঝারি নদীগুলোর প্রতি ন্যায্য আচরণ করবে। কিন্তু দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ছোট যমুনা নদীই হোক আর ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার টাঙ্গন নদই হোক-অবাধে বালু উত্তোলন চলছে উত্তরের সব জনপদে। ভাঙনের হুমকিতে পড়েছে পীরগঞ্জ বালুঘাটের পার্শ্ববর্তী পারঘাটা ব্রিজ ও ফসলি জমি। পীরগঞ্জ উপজেলার ১১ নম্বর বৈরচুনা ইউনিয়নের ও দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার ৬ নম্বর রণগাঁও ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে যাওয়া টাঙ্গন নদ থেকে ইজারা ছাড়াই অবৈধভাবে বালু উত্তোলন করছেন প্রভাবশালী ব্যক্তিরা।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ধারা ৫-এর ১ উপধারা অনুযায়ী, পাম্প বা ড্রেজিং বা অন্য কোনো মাধ্যমে ভূগর্ভস্থ বালু বা মাটি উত্তোলন করা যাবে না। ধারা ৪-এর (খ) অনুযায়ী, সেতু, কালভার্ট, ড্যাম, ব্যারাজ, বাঁধ, সড়ক, মহাসড়ক, বন, রেললাইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনা হলে অথবা আবাসিক এলাকা থেকে সর্বনিম্ন এক কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন নিষিদ্ধ করা হয়েছে। বলা বাহুল্য, এসব আইন প্রয়োগ ও প্রতিপালনের কোনো উদ্যোগ নেই। এক জায়গার লিজ নিয়ে দশ জায়গা থেকে বালু সরিয়ে ফেলা হচ্ছে; যেমন ছোট যমুনার তীরবর্তী শিবনগর ইউনিয়নের দুটি স্থান (বেলতলী ও গোপালপুর) থেকে নদীর ক্ষতি না করে সীমিত আকারে বালু তোলার জন্য ইজারা দেওয়া হয়েছিল। কিন্তু ইজারাদার উপজেলার দৌলতপুর, খয়েরবাড়ি ইউনিয়নসহ ছোট যমুনা নদীর বিভিন্ন স্থান থেকে বালু উত্তোলন করছেন।
শর্তানুযায়ী ইজারাকৃত নির্দিষ্ট ঘাট ব্যতীত অন্য স্থান থেকে বালু উত্তোলন সম্পূর্ণ অবৈধ। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, ইজারাকৃত নির্দিষ্ট ঘাট ছাড়া অন্য জায়গা থেকে বালু উত্তোলন সম্পূর্ণ অবৈধ। সংবাদকর্মীরা এলাকায় গিয়ে দেখেছেন, ইজারাদারেরা শুধু যে এক জায়গার কথা বলে দশ জায়গা থেকে বালু ওঠাচ্ছেন তা-ই নয়, ইজারার শর্ত ভেঙে তাঁরা ড্রেজার দিয়ে অনিয়ন্ত্রিত হারে বালু নিয়ে যাচ্ছেন। তা ছাড়া, গর্ত করে বালু উত্তোলন করায় হুমকির মুখে পড়েছে যমুনা নদীসংলগ্ন বাঁধ। ড্রেজার ব্যবহারের বিষয়ে সংবাদমাধ্যম ইজারাদারকে প্রশ্ন করলে তিনি বলেন, ‘সারা দেশে মেশিন দিয়ে বালু তোলা হচ্ছে। অন্যরা যদি তুলতে পারে তাহলে আমরা কেন পারব না?’
লুটের বালু মজুত আর বাজারজাত করার জন্য বিভিন্ন জায়গায় গড়ে তোলা হয়েছে বালু মজুত ও বিক্রির ঘাট। নদীর পাশে স্তূপ করে পরে সেখান থেকে বালু বিক্রি করছেন। বালু কোথায় স্তূপ করা যাবে না যাবে, তা গেজেটে প্রকাশিত (১৩ এপ্রিল, ২০১১) বিধিমালা অনুযায়ী, জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটির ঠিক করার কথা। কোথাও কি সেটা মেনে কাজ হচ্ছে? শ্রীমঙ্গলে কবরস্থান দখল করে কৃষিজমিতে সিমেন্ট-পাথর ফেলে দুই বছরের বেশি সময় ধরে চলেছে অবৈধ বালু উত্তোলন। সংবাদকর্মীরা সরেজমিন গিয়ে দেখেছেন নির্মল কুর্মির পারিবারিক কবরস্থানের ওপর বালু স্তূপ করে রাখা হয়েছে। এর বিরুদ্ধে কথা বলতে গেলেই অভিযোগকারীকে নানা ভয়ভীতি দেখানো হয়। অভিযোগকারীদের গ্রামছাড়া করার হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে। এ বিষয়ে একাধিক সংবাদমাধ্যম বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করলেও অবস্থার হেরফের হয়নি। গত ১২ এপ্রিল সংবাদকর্মীরা শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের পশ্চিম সাইটোলা গ্রামে গিয়ে দেখেন, গ্রামের ভেতর দিয়ে বয়ে যাওয়া পুটিয়াছড়ার তিন-চারটি অস্থায়ী ঘাট তৈরি করে চলছে বালু উত্তোলন। এর ফলে কৃষিজমি যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি পাশের সেতুটিও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তা ছাড়া, বালু আনা-নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের কৃষিজমিতে ফেলে রাখা হচ্ছে সিমেন্ট-পাথরসহ নানা জঞ্জাল। এর ফলে কৃষিজমির মালিকেরা ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছেন।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ ওই সালের ডিসেম্বর মাসের ২০ তারিখে পাস হওয়ার মাত্র চার মাসের মধ্যে গেজেটের মাধ্যমে আইনটি প্রয়োগের বিস্তারিত বিধিমালা জারি করা হয়। কিন্তু তার প্রয়োগ নেই বলেই বোঝা যায় বালু আর মাটি লুটেরা ভয়ানক শক্তিশালী আর সংঘবদ্ধ। মনে রাখতে হবে নদীকে সাগরে পৌঁছার জন্য যেমন পানি দরকার, তেমনি তার শরীরের গঠন আর ভারসাম্যের জন্য বালু দরকার-পানির সবটুকু নিয়ে নিলে যেমন নদী বাঁচে না, তেমনি নদীর বালু-মাটি কেড়ে নিলে সেও টেকে না। বালু কিন্তু অফুরন্ত নয়। যমুনা-ব্রহ্মপুত্র জলধারায় আগের মতো আর বালু আসছে না। বালুমহালের দখল নিয়ে দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার খবর নতুন কিছু নয়। এই আইনে অপরাধকে আপসযোগ্য রাখায় শক্তিধরদের পেশি প্রদর্শনের সুযোগ কমে কি?
গওহার নঈম ওয়ারা :ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক