নদীর মৃত্যুর দায় রাষ্ট্রকে নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পণ্ডিতেরা বলেন, দেশ-জাতির আসল ইতিহাস জানতে হলে নাকি সবার আগে দেশের ভৌগোলিক পরিচয় জানা চাই। বিজ্ঞানীরা বলছেন, সাড়ে ছয় কোটি থেকে আড়াই কোটি বছর আগে সমুদ্রসৈকত রংপুরের দক্ষিণে গাইবান্ধা অঞ্চলে অবস্থিত ছিল। পরবর্তী সময়ে অজস্র নদ-নদীর পলিভরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে বৃহৎ বঙ্গ বা সাবেক বাংলাদেশ গড়ে উঠেছে। কিন্তু নদী গবেষণা শুধু ভূগোলের বিষয় নয়, পুরাতত্ত্ব, ইতিহাস ও ভূতত্ত্বের গবেষণায়ও নদীর ইতিহাস গুরুত্বপূর্ণ। বাংলার নদী নিয়ে ব্রিটিশদের কৌতূহল ও অনুসন্ধিৎসার মধ্যে বাণিজ্যিক স্বার্থ ছিল। নদী গবেষক কল্যাণ রুদ্র এক সমীক্ষা থেকে জেনেছেন, লন্ডনের ব্রিটিশ ইন্ডিয়া লাইব্রেরিতে ভারতীয় উপমহাদেশের প্রায় ৪০ হাজার মানচিত্র রয়েছে। সেগুলোই আমাদের ভরসা, কিন্তু নদীমাতৃক বাংলাদেশে স্লোগান রচনা ছাড়া কোনো কাজ হয়নি। নেই নদ-নদীর বিবর্তনের প্রামাণ্য ইতিহাস। ফলে নদ-নদী দখল স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে।

কবি শেখর কালিদাস রায় ১৯১৩ সালে ভারতবর্ষের রাজধানী ছেড়ে কুড়িগ্রাম জেলার উলিপুরে শিক্ষকতা করতে এসেছিলেন। তিনি তাঁর ‘স্মৃতিকথায়’ উলিপুরযাত্রা অংশে লিখেছেন: ‘উলিপুর গ্রামখানা আধা পল্লি আধা শহর। এখানে থানা আছে, রেজিস্ট্রেরি অফিস আছে, সাব-পোস্ট অফিস আছে, বড় একটা বাজার আছে। চ্যারিটেবল ডিসপেনসারি আছে। ব্রহ্মপুত্র তীরের চিলমারী বন্দরের হিন্টারল্যান্ড (পশ্চাৎভূমি) এই অঞ্চল। এই বাজারে বহু মাড়োয়ারি পাটের কারবার করে। তাদের কাপড়ের বড় বড় দোকান আছে। ডাকবাংলো আছে। এখানে একটা হাইস্কুল তো বহুকাল আগে থেকে আছেই। ...উলিপুরের প্রাকৃতিক পরিবেশ আমাদের ভাগীরথী তীরের পরিবেশের মতোই। প্রচুর গাছপালা, কেবল নারিকেলগাছ এখানে নেই। ফল ও ফুলের গাছ অজস্র। ভাগীরথীতীরের শ্যামলশ্রী এখানে আছে, অথচ তার ম্যালেরিয়া নেই, স্বাস্থ্য বেশ ভালোই।’

হিমালয়ের ঢাল ছেড়ে সমভূমিতে নেমে আসার পর অন্য সব নদ-নদীর মতোই তিস্তার খাত প্রশস্ত এবং পাথর ও বালুতে অবরুদ্ধ। আত্রাই, পুনর্ভবা ও করতোয়া খাতে প্রবাহিত হওয়া তিস্তা ১০ শতাংশ জল নিয়ে ছোট্ট একটি ধারা কুড়িগ্রাম জেলার রাজারহাট থেকে উলিপুর সদর হয়ে সোজা চিলমারীতে কাঁচকোল নামক স্থানে ব্রহ্মপুত্রে এসে পতিত হতো। এই রাজারহাট থেকে চিলমারী পর্যন্ত অংশটি গুগলে ওল্ড তিস্তা ও জনগণের কাছে বুড়িতিস্তা নামে পরিচিত। আর এটাই কবি শেখর কালিদাশ রায়ের উলিপুরের ভাগীরথী।

অন্যদিকে পূর্ববঙ্গ রেলপথের প্রচার বিভাগ থেকে ১৯৪০ সালে প্রকাশিত ‘বাংলায় ভ্রমণ’ দ্বিতীয় খণ্ড ও রংপুর গেজেটিয়ার বলছে, উলিপুরের থেতরাইয়ে তিস্তা থেকে মানস নামে উৎপত্তি হয়ে একটি শাখা নদী বজরা-কাশিমবাজার থেকে গাইবান্ধা জেলার পীরগাছার তাম্বুলপুর গ্রাম হয়ে কামারজানিতে ব্রহ্মপুত্রে পতিত হয়েছে। কথিত আছে, ভবানী পাঠকের বজরা মানস নদের এই স্থানে ডুবে যাওয়া থেকে বজরা নামটি এসেছে।

১০ এপ্রিল প্রথম আলোর ‘বুড়িতিস্তা দখলমুক্ত করার দাবি’ শিরোনামের খবরে জানা যায়, ‘উলিপুর উপজেলার ভূমি কর্মকর্তা (এসি ল্যান্ড) মর্তুজা আল মঈদ বলেন, ‘বুড়িতিস্তার জমি সরকারি কাগজে ব্যক্তিমালিকানায় দেখানো আছে। ব্যক্তিমালিকানার সেই জমিতে আমরা কী করতে পারি?’ এর আগে বুড়িতিস্তা বাঁচাও আন্দোলনের সংগঠন রেল-নৌযোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি উলিপুরের নেতা অনিকেত মাসুম, আলমগীর, নূর আমীনসহ অন্যদের তিনি বলেছেন, বুড়িতিস্তা আসলে নদী নয়। এটা খাল।

১৯৭২-৭৩ সালে পানি উন্নয়ন বোর্ড এই আদি বুড়িতিস্তা নদীর থেতরাই অংশে ও ব্রহ্মপুত্রের সংযোগস্থল কাঁচকোলে একটি করে স্লুইসগেট স্থাপন করে। এতে পানি ও পলির অবাধ প্রবাহ এবং পরিবহনব্যবস্থা স্থায়ীভাবে ধ্বংস হয়ে যায়। পরে ১৯৮৮-এর বন্যায় থেতরাইয়ের স্লুইসগেটটি ভেসে গেলে এবং ভারতের পানি আটকানোর কারণে শুকনা মৌসুমে নদীটি শুকিয়ে যায়। আর পানি উন্নয়ন বোর্ড সড়ক বানিয়ে নদীটির মুখ স্থায়ীভাবে আটকে দেয়। ফলে বহু প্রাচীন একটি নদী মুহূর্তেই বিলে পরিণত হয়। এরপর স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগ নদীটির ওপর ছোট ছোট কালভার্ট বানিয়ে প্রশস্ততা কমিয়ে সীমানা নির্ধারণ করে দেয়। তারপর শুরু হয় নদী দখলের খেলা। এই প্রক্রিয়াকে জাতিসংঘ সম্প্রতি মানবতাবিরোধী অপরাধ বলে ঘোষণা করেছে।

নিরুদ্দেশ হয়ে যাওয়া নদ-নদী রাষ্ট্রকর্তাদের নজরে পড়ে না। তার প্রমাণ ২২ হাজার কিলোমিটার নদীপথের বিলুপ্তি, উত্তরাঞ্চলের ১০০টির মতো নদ-নদীর বিশ্বের মানচিত্র থেকে হারিয়ে যেতে বসা। নদীর চঞ্চল জল যে জনগণের হৃদয় কাঁপায়, তার প্রমাণ নিউজিল্যান্ডের ‘হোয়াংগানুই’ নদীর মানবিক সত্তা লাভ। যে নদী ছিল সুখ-দুঃখের ঘরগেরস্থালি, অতীতে যেন সেই নদীর প্রতিপক্ষ ছিল পানি উন্নয়ন বোর্ড ও এলজিইডি আর বর্তমানে ভূমি ও রাজস্বের প্রশাসনিক কর্তারা।

শুধু ভূগোল বা ইতিহাসের ব্যাপার নয়, নদী মানুষের কথকতা লালন করে। এই তিস্তার দোলা বা নিচু জমিতে ১৭ প্রজাতির ধান চাষ হতো। বিয়াত, সিঙ্গরিয়া, কালামনা, বাঘাঝুল, বাগা, ঢেপা, বড়পানিশইল ও খালিসনিবিয়াত ধান ৭-৮ ফুট এবং কসাহার, ধলামনা, দুলাই, মাগরি, চাপাগাড়ি, বাঙ্গালডারিয়া, কান্দিশ্যাষ, বোয়াপাগড়ি ও ডালকচুধান ১২ ফুট পানিতে আবাদ হতো। এ ছাড়া শীতকালীন ফসল কাকিনা আউশ ধান উৎপাদিত হতো ২৮ প্রজাতির, আউশ ধান ৫৪ প্রজাতির ও ২০ প্রজাতির জালি আউশ ধান উৎপাদিত হতো। শুকনা ও অল্প পানিতে আবাদের জন্য ১৭০ জাতের এবং জলা জমিতে ২২ প্রজাতির আমন ধান উৎপাদিত হতো। অথচ এই অঞ্চলই পরিচিত হলো মঙ্গা এলাকা বলে। আর বুড়িতিস্তার দখলপর্বে জেলে ও জাল বোনা শিল্পীরা রূপান্তরিত হয়েছেন গার্মেন্টস কর্মীতে। কেন?

নদী আমাদের প্রাণ, যাকে কেন্দ্র করে সভ্যতা গড়ে উঠেছে। নদীর মৃত্যুতে সভ্যতার শ্রীবৃদ্ধি ঘটে না, বরং সে রুগ্‌ণ হয়ে পড়ে। রাষ্ট্র যদি এটা না বোঝে বা বুঝেও নিশ্চুপ থাকে, তাহলে নদীর মৃত্যুর দায় তাকেই নিতে হবে।

নাহিদ হাসান: কুড়িগ্রামের রেল-নৌযোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির প্রধান সমন্বয়ক।