
উইনি ম্যান্ডেলা চলে গেলেন। তাঁর মৃত্যুর মধ্য দিয়ে বর্ণবাদবিরোধী মুক্তিসংগ্রামীদের ত্যাগ ও আত্মদানকে দক্ষিণ আফ্রিকা কতটুকু মূল্যায়ন করতে পেরেছে, তা দেখানোর সুযোগ পেয়েছে দেশটির ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি)।
শেষ পর্যন্ত উইনি যুগপৎভাবে নন্দিত ও নিন্দিত নেতা হিসেবে থেকে গেছেন। তাঁর বিষয়ে দক্ষিণ আফ্রিকার মানুষ স্পষ্টতই দুই ভাগে বিভক্ত। বর্ণবাদী প্রথার বিরুদ্ধে তাঁর প্রকাশ্য সংগ্রাম এবং সেই সংগ্রামে যুবসম্প্রদায়কে সংগঠিত করার ক্ষেত্রে তিনি যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছিলেন, সেটি এক পক্ষ গভীর শ্রদ্ধার সঙ্গে স্বীকার করে। অন্য পক্ষে তাঁর বহু শত্রু ও সমালোচক আছেন।
উইনি জীবনে বহুবার নিরাপত্তা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন এবং নির্যাতন ও নানা ধরনের পীড়নের মুখে পড়েছেন। বর্ণবাদী শাসকদের আমলে যে রূঢ় অভিজ্ঞতার মধ্য দিয়ে তাঁকে যেতে হয়েছে, তা তাঁকে কঠিন করে তুলেছিল। বিশেষ করে শাসকশ্রেণির বিরুদ্ধে সংগ্রাম করার সময় অন্তর্ঘাতমূলক তৎপরতা চালাতে গিয়ে তিনি কঠোর হয়ে গিয়েছিলেন। সেই কঠোরতা অনেক ক্ষেত্রে সীমা ছাড়িয়ে গিয়েছিল। বিশেষ করে ‘ম্যান্ডেলা ফুটবল ক্লাব’ হিসেবে পরিচিত তাঁর দেহরক্ষী বাহিনীর হাতে চার তরুণের অপহরণ এবং পরে অপহৃতদের একজনের গলাকাটা লাশ উদ্ধারের ঘটনা উইনিকে নিষ্ঠুর হিসেবে জনমনে দাঁড় করিয়েছিল। ওই ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া এক দেহরক্ষী আদালতে বলেছিলেন, উইনির সরাসরি নির্দেশেই ওই তরুণকে তিনি হত্যা করেছিলেন।
দক্ষিণ আফ্রিকার ক্ষমতা হস্তান্তরের পর ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠনের প্রক্রিয়া যখন চলছিল, তখন উইনি ম্যান্ডেলা প্রকাশ্যে এই প্রক্রিয়ার বিরোধিতা করেছিলেন। তিনি বলেছিলেন, এই সমঝোতা প্রক্রিয়া শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গদের মধ্যে সত্যিকারের সমঝোতা আনতে পারবে না। বর্ণবাদ-পরবর্তী ক্ষমতা বণ্টন নিয়েও তিনি ক্ষুব্ধ ছিলেন। এ বিষয়ে তিনি কোনো রাখঢাক না করে বলেছিলেন, ‘এটা বাড়াবাড়ি রকমের সমঝোতা হয়ে যাচ্ছে।’ তাঁর এই বক্তব্যে ন্যায়বিচারের ঘাটতি ছিল। বর্ণবাদী বাহিনীর কিছু অপরাধ ক্ষমা করার বিরুদ্ধে ছিলেন তিনি। এএনসি ঠিকভাবে সমাজ পরিচালনায় নেতৃত্ব দিতে পারবে কি না, তা নিয়ে তাঁর মনে সংশয় ছিল। সেই সংশয়ের কথা তিনি অকপটে বলেও ফেলতেন।
উইনি ম্যান্ডেলার মতো যাঁরা দক্ষিণ আফ্রিকার মাটিতে বর্ণবাদী শাসকের বিরুদ্ধে লড়াই করেছিলেন, তাঁদের অনেকেই মনে করতেন, প্রতিপক্ষকে বড় ধরনের ছাড় না দিয়ে পূর্ণাঙ্গ বিপ্লবী সরকার গঠনের অধিকার ও ক্ষমতা দুটিই তাঁদের ছিল। উইনিসহ তাঁদের মত হলো, এএনসি পরাজিত শক্তিকে বাড়াবাড়ি রকমের ছাড় দিয়ে সেই সুযোগ নষ্ট করেছে। নতুনভাবে সরকার গঠন এবং এ সময় কৃষ্ণাঙ্গদের স্বার্থ শ্বেতাঙ্গদের সঙ্গে ভাগাভাগি করার প্রশ্নে উইনি ম্যান্ডেলা উদারতা দেখাতে পারেননি।
থাবো এমবেকি প্রেসিডেন্ট থাকার সময়ও এএনসির সঙ্গে তাঁর সম্পর্ক ভালো ছিল না। জ্যাকব জুমার শাসনামলেও তিনি দলের ভেতরে আরও বেশি কোণঠাসা হয়ে পড়েছিলেন। তবে এই সময়ও তিনি সাহসের সঙ্গে নিজের বিশ্বাসের কথা বলতেন। তিনি বলতেন, দল ভুল পথে এগোচ্ছে এবং দলের নেতারা বেপরোয়াভাবে দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ছেন।
অবশ্য গত কয়েক বছরে বিভিন্ন অনিয়ম নিয়ে কথা বলে তিনি জনগণের কাছে নিজের ভাবমূর্তি অনেকটাই ফিরিয়ে আনতে পেরেছিলেন। এ কথা ঠিক, দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ-পরবর্তী সময়ে উইনি ম্যান্ডেলার কর্মকাণ্ড নিয়ে বিতর্ক হতে থাকবে। কিন্তু এটিও নিশ্চিত, এএনসির নেতৃত্বে পরিচালিত মুক্তিসংগ্রামের ইতিহাস নিয়ে আলোচনা হলে সেখানে তাঁর ভূমিকা নিয়ে কোনো সংশয় প্রকাশের সুযোগ থাকবে না।
দ্য গার্ডিয়ান থেকে নেওয়া। ইংরেজি থেকে অনূদিত
র্যালফ মাথেকগা দক্ষিণ আফ্রিকান রাজনৈতিক বিশ্লেষক