নবজাতক চুরি রোধে কঠোর পদক্ষেপ নিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার রূপসা থানার শ্রীফলতলা ইউনিয়নের নন্দনপুর গ্রামের গৃহবধূ সানজিদা আক্তার ১৫ মার্চ যমজ সন্তানের মা হন। খুলনা জেনারেল হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি এ দুটি সন্তানের জন্ম দেন। একটি ছেলে ও একটি মেয়ে। ছেলের নাম রাখেন জুনায়েদ ও মেয়ের নাম রাখেন জোবাইদা। এর মধ্যে ১৭ মার্চ বৃহস্পতিবার সকালে হাসপাতালের গাইনি বিভাগের পোস্ট অপারেটিভ কক্ষ থেকে জুনায়েদ চুরি হয়ে যায়। তবে খুলনা সদর থানা-পুলিশের তৎপরতায় চুরি যাওয়ার পরদিনই জুনায়েদ উদ্ধার হয়। ফিরে আসে মায়ের কোলে। আজ প্রথম আলোয় প্রকাশিত এ-সংক্রান্ত প্রতিবেদনে জানা গেছে, নাসিমা নামের এক নারী পাঁচ হাজার টাকায় একজনের কাছ থেকে নবজাতকটিকে কিনেছিলেন।

বাংলাদেশে প্রায়ই হাসপাতাল থেকে নবজাতক চুরির ঘটনা ঘটছে। পত্রিকার পাতা খুললেই এ রকম খবর আমাদের চোখে পড়ে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও এ রকম ঘটনা ঘটছে অহরহ। অভিযোগ রয়েছে, সংঘবদ্ধ একটি শিশুচোর চক্র হাসপাতালের কর্মচারীদের যোগসাজশে নবজাতক চুরি করছে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি।

জুনায়েদের কপাল ভালো। সে মায়ের কোলে ফিরে আসতে পেরেছে। এমন অনেক হতভাগ্য শিশু রয়েছে, যারা চুরি হওয়ার পর আর মায়ের কাছে ফিরে আসতে পারেনি। এসব শিশুদের কী পরিণতি ঘটে তা অনেক সময়ই আর জানা যায় না। তবে এসব শিশুদের মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বিক্রি করা হয় এমন অভিযোগ পাওয়া গেছে। সাধারণত নিঃসন্তান দম্পতি, ছেলেসন্তান নেই যাদের, তাঁরা এই শিশুদের কিনে নেন। আবার এমনও জানা গেছে, চুরি যাওয়া এসব শিশুদের পরে ভিক্ষাবৃত্তিতে নামানো হয়। অনেকে আবার নবজাতক চুরি করে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে।

পত্রিকা মারফত জানতে পারি, শিশুচোর সিন্ডিকেটের কাছে নবজাতক ছেলের সাংকেতিক নাম ‘জামাই’, আর কন্যাশিশুর সাংকেতিক নাম ‘বউ’। বাজারে জামাইয়ের কদরই বেশি। লাখ টাকার কমে বেচাকেনা হয় না। তবে বউয়ের দামও কম নয়। কমপক্ষে ৩০ হাজার টাকা। নবজাতক কেনাবেচায় ছেলেশিশুর চাহিদা বেশি হলেও ‘সুশ্রী’ মেয়েশিশুর চাহিদাও রয়েছে বেশ। নিঃসন্তান দম্পতিরা নবজাতক কেনাবেচা চক্রের কাছে জামাই-বউ পেতে অগ্রিম অর্থ ‘বায়না’ করেন। বায়নার টাকা হাতে নিয়েই সিন্ডিকেট সদস্যরা চাহিদামাফিক শিশু চুরির জন্য টার্গেট নিয়ে মাঠে নামেন। সিন্ডিকেট সদস্যদের পেছনে প্রভাবশালী মহল সম্পৃক্ত থাকায় থানা-পুলিশ করেও সন্তানহারা অভিভাবকেরা খুব একটা সুবিধা করতে পারেন না। (৩ জানুয়ারি ২০১৫, বাংলাদেশ প্রতিদিন)

র‍্যাব ও পুলিশ মাঝেমধ্যে এসব শিশুচোরদের আটক করলেও কারও বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে-এমনটি শোনা যায়নি। ফলে নবজাতক চুরি হয়েই চলেছে। থামানো যাচ্ছে না কিছুতেই। এভাবে বাবা-মায়ের বুক খালি হয়ে যাবে, আর কেউ কিছু করতে পারবে না, এমন তো চলতে দেওয়া যায় না।

নবজাতক চুরি রোধে সরকারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। হাসপাতালগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে হবে। শিশু চুরির সঙ্গে জড়িত এমন কর্মচারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। এমন শাস্তি দিতে হবে যাতে ভবিষ্যতে যে কেউ শিশু চুরি করতে ভয় পাবে।

এ ছাড়া সরকার দত্তক আইন প্রণয়ন করতে পারে। বাংলাদেশে কোনো শিশুকে দত্তক নেওয়ার বিষয়ে কোনো আইনি কাঠামো নেই। ফলে অনেক নিঃসন্তান দম্পতি চাইলেও সন্তান দত্তক নিতে পারেন না। তবে চাইলে যেকেউ কোনো শিশুর অভিভাবকত্ব নিতে পারেন। সে জন্য তাঁকে পারিবারিক আদালতের মাধ্যমে আবেদন করতে হবে। তবে হাসপাতাল, সেফ হোম বা এতিমখানা যেখান থেকেই শিশু নেওয়া হোক না কেন অভিভাবক হওয়ার এই প্রক্রিয়া অনেক জটিল। ফলে অনেকে এ ব্যাপারে উৎসাহিত হন না। ফলে তাঁরা এভাবে শিশু কিনে নেওয়ার মাধ্যমে সন্তানের পিতা-মাতা হতে চান। তাই বাড়ছে শিশু চুরির ঘটনা। তাই সরকারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর প্রতি অনুরোধ, নবজাতক চুরি রোধে কার্যকর ও কঠোর পদক্ষেপ নিন।

রোকেয়া রহমান: সাংবাদিক