অনেক দিন আগে একটি বইয়ে পড়েছিলাম, রাশিয়ায় প্রচণ্ড শীতের মধ্যেও ভোলগা নদীতে নবজাতককে একবার চুবিয়ে দ্রুত গরম কাপড়ে জড়িয়ে বাসায় নিয়ে যাওয়া হয়। এতে নাকি শিশুর সহ্যক্ষমতা বাড়ে। অনেক দিন বাঁচে। এটা অবশ্য গত শতাব্দীর কথা। কিন্তু এখন নবজাতক বিশেষজ্ঞরা বলছেন, জন্মের পরপরই পরিষ্কার শুকনা কাপড় দিয়ে শিশুর সারা শরীর মুছে দিতে হবে। তিন দিন পর্যন্ত তাকে গোসল করানো উচিত নয়। শুধু তা-ই নয়, মায়ের বুকে, মা ও শিশুর ত্বকে ত্বক লাগিয়ে শুইয়ে রাখলে (ক্যাঙারু মাদার কেয়ার) নবজাতক তার মায়ের শরীরের উত্তাপ পাবে। এটা তাকে বাঁচিয়ে রাখার জন্য দরকার।
আর আমরা তো বহুদিন পর্যন্ত বুঝতামই না যে নবজাতকের জন্য মায়ের শাল দুধ খুব জরুরি। জন্মের এক ঘণ্টার মধ্যে শিশুকে মায়ের দুধ খাওয়াতে হবে। কারণ ওই দুধে রোগপ্রতিরোধের প্রয়োজনীয় সব উপাদান থাকে। যে শিশুরা শাল দুধ খায়, তাদের রোগ-শোক, সর্দি-কাশি কমই হয়। ওরা বেশ সুস্থ-সবল হয়ে গড়ে ওঠে।
তিন দিন গোসল না করানোর বিষয়ে আসি। আমরা অনেকেই এটা জানতাম না বা জানি না। বছর দুয়েক আগে জানলাম যে আমেরিকায় হাসপাতালে নাকি শিশু জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে তার শরীর তোয়ালে দিয়ে মুছে ত্বক শুকিয়ে ফেলা হয়। তারপর শুকনা গরম কাপড়ে জড়িয়ে রাখে। শুনে বেশ অবাকই হয়েছিলাম। ভেবেছিলাম, এটা আবার কোন রীতি! আমেরিকায় শিশুদের সাধারণত চুলও কাটা হয় না। ওটার নাকি দরকার নেই। আমেরিকা তো চিকিৎসাবিজ্ঞানে অনেক উন্নত। ওরা নবজাতক ও শিশুদের যেভাবে চিকিৎসাসেবা দেয়, সেটা তো নিশ্চয়ই বিজ্ঞানভিত্তিক গবেষণার ফল।
গত ১০ আগস্ট প্রথম আলোর উদ্যোগে একটি গোলটেবিল বৈঠকে নবজাতকের স্বাস্থ্যসেবা নিয়ে আলোচনা হয়। সহযোগিতায় ছিল ইউনিসেফ। সেখানে এমন অনেক তথ্য আলোচনায় আসে, যা এর আগে খুব বেশি শোনা যায়নি। যেমন, মাত্র পাঁচটি বিষয় নিশ্চিত করলে নবজাতকের মৃত্যুর আশঙ্কা কমে যায়। এবং এই পাঁচটি কাজ বাসায় মা-বাবাই করতে পারেন। অবশ্য মনে রাখতে হবে, বাসায় সন্তান প্রসবের ব্যবস্থা করা উচিত নয়। এতে নবজাতক ও মা দুজনই মৃত্যুঝুঁকিতে থাকেন। এখন তো গ্রামে গ্রামে সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র রয়েছে। সেখানে অভিজ্ঞ মিডওয়াইফ বা ধাত্রী থাকেন। তাঁদের হাতে সন্তান প্রসব সবচেয়ে নিরাপদ। কারণ, নবজাতকের জন্য কখন কী করতে হবে, সেটা তাঁদের চেয়ে বেশি ভালো আর কে জানে?
নবজাতকের জন্য পাঁচটি অত্যাবশ্যকীয় সেবার কথা বলছিলাম। এর মধ্যে চারটি সেবার কথা আগেই বলেছি। যেমন গা মুছিয়ে দেওয়া। তিন দিন গোসল না করানো। মায়ের বুকে শিশুকে রাখা। জন্মের এক ঘণ্টার মধ্যে মায়ের বুকের দুধ খাওয়ানো। আর বাকি কাজটা হলো, নাড়ি কাটার পর শিশুর নাভিতে ৭ দশমিক ১ শতাংশ ক্লোরোহেক্সিডিন ব্যবহার করা।
নবজাতকের প্রতি বিশেষ স্বাস্থ্যসেবার বিষয়টি সম্প্রতি আমাদের স্বাস্থ্যসেবা কার্যক্রমে অন্তর্ভুক্ত হয়েছে। জন্মের প্রথম ২৪ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ। আমাদের দেশে যত নবজাতকের মৃত্যু হয়, তার প্রায় অর্ধেক মারা যায় ২৪ ঘণ্টার মধ্যে। তাই নবজাতকের মৃত্যুহার কমানোর জন্য বিশেষ নজর দেওয়া দরকার।
মা ও শিশুমৃত্যুর হার কমানোর জন্য আরেকটি জরুরি কাজ হলো বাল্যবিবাহ রোধ করা। এই সেদিন আমাদের অফিসে একেবারেই ছোট পাঁচ-ছয়জন ছেলেমেয়ে এসেছিল। ক্লাস ফোর-ফাইভে পড়ে। ঢাকারই প্রান্তে তাদের প্রাথমিক বিদ্যালয়। সেখানে ওরা সম্প্রতি বাল্যবিবাহের বিরুদ্ধে প্রচার শুরু করেছে। কারণ, বছরখানেক আগে ওদের একজন সহপাঠীর বিয়ে হয়ে গেছে। তার বয়স ছিল ১১। বছর না ঘুরতেই তার সন্তানও হয়েছে। এটা খুব বিপজ্জনক।
১৮ বছরের আগে বিয়ে হলে এবং সন্তান জন্ম দিলে মা ও শিশু দুজনকেই সারা জীবন ভুগতে হয়। অনেকের মৃত্যুও হয়। এ জন্যই নতুন আইন হয়েছে, কিন্তু অনেকেই মানে না। এখানে শুধু আইনের প্রয়োগই নয়, মা-বাবাকেও সচেতন হতে হবে। শিশু বয়সে কারও যেন বিয়ে না দেওয়া হয়, তা নিশ্চিত করতে হবে।
এখন আরেক সমস্যা দেখা দিয়েছে। অপ্রয়োজনে অনেক শিশুর জন্ম দেওয়া হচ্ছে অপারেশন করে। স্বাভাবিক প্রসবে সমস্যা থাকলেই কেবল সিজারিয়ান বা অস্ত্রোপচারের প্রয়োজন হয়। সেটা ধাত্রী ও ডাক্তারই ভালো বুঝবেন। কিন্তু এখন দেখা যাচ্ছে, অনেক ক্লিনিকে প্রয়োজন না হলেও সিজারিয়ান করা হয়। অনেক সময় প্রসূতি মা নিজেই প্রসব বেদনা সহ্য করতে রাজি নন।
তাঁরাও চান সিজারিয়ান। কিন্তু এতে শিশুর সমস্যা হতে পারে।
বিশেষত, বিশেষজ্ঞরা দেখেছেন, স্বাভাবিক জন্মে বার্থ ক্যানেল দিয়ে অতিক্রম করার সময় নবজাতক বেশ কিছু রোগপ্রতিরোধক ক্ষমতা নিয়ে জন্মায়। এটা তার সুস্থভাবে বেড়ে ওঠার জন্য প্রয়োজন। সিজারিয়ান সেকশনে জন্ম নিলে নবজাতক এই সুবিধা থেকে বঞ্চিত হয়।
তা ছাড়া আরও কিছু সমস্যা তো আছেই। সিজারিয়ান বেশি হলে ভবিষ্যৎ প্রজন্মের ওপর এর একটি প্রতিকূল প্রভাব পড়তে পারে। এ জন্যই সরকার অপ্রয়োজনে সিজারিয়ান সেকশন কমিয়ে আনার একটি উদ্যোগ নিয়েছে। তবে মনে রাখতে হবে, শিশুর জন্মে জটিলতা থাকলে ডাক্তারের পরামর্শে অবশ্যই সিজারিয়ান সেকশন করতে হবে।
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্য আমাদের মাতৃমৃত্যুর হার অনেক কমাতে হবে। শিশুমৃত্যুর হারও কমাতে হবে। এ জন্য এদিকে বিশেষ নজর দেওয়া দরকার। সন্তান জন্মের আগে ও পরে চারবার করে বাসার কাছের স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে। ডাক্তারের পরামর্শ নিতে হবে। প্রসূতি মা যেন প্রয়োজনীয় খাদ্য ও পুষ্টি পান, সেটা দেখতে হবে। যেন সুস্থ শিশু জন্ম নেয়।
আর সবচেয়ে বড় কথা, মাথাব্যথা শুধু প্রসূতি মা, মিডওয়াইফ আর ডাক্তারের নয়। বাবাকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। প্রসূতি মা, যিনি তাঁর স্ত্রী, তাঁকে সেবাদানের জন্য সেই বাবাকেও সব সময় পাশে থাকতে হবে।
কথাটা সেদিন গোলটেবিল বৈঠকে বলেছেন বারডেম হাসপাতালের মহাপরিচালক ডা. নাজমুন নাহার। আমরা, বাবারা যেন কথাটা ভুলে না যাই।
আব্দুল কাইয়ুম: সাংবাদিক।