নবজাতকের 'গোল্ডেন ফাইভ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনিসেফের সহযোগিতায় প্রথম আলোর গোলটেবিল বৈঠকে অতিথিরা
ইউনিসেফের সহযোগিতায় প্রথম আলোর গোলটেবিল বৈঠকে অতিথিরা

নবজাতক শিশুর জন্য হাসপাতালে মিডওয়াইফ ও নার্সরা বিশেষ যত্ন নিয়ে থাকেন। ডাক্তারদের ভূমিকা তো আছেই। কিন্তু প্রথম কয়েক মিনিট নার্সদের হাতে। একে বলা হয় ‘গোল্ডেন মিনিটস’। ধরা যাক, প্রথম পাঁচ মিনিট। ‘গোল্ডেন ফাইভ’। এই কয়েক মিনিটের মধ্যে দেখতে হয়, শিশু জন্মের পরপরই কাঁদে কি না। শ্বাস-প্রশ্বাসে সমস্যা আছে কি না। শরীরের তাপমাত্রা ঠিক আছে কি না ইত্যাদি। যদি সমস্যা থাকে, মিডওয়াইফরা জানেন কী করতে হবে। তাতেও যদি কাজ না হয়, বিশেষজ্ঞ ডাক্তার উদ্যোগ নেবেন। মিডওয়াইফরা সেই ব্যবস্থা করবেন।

নবজাতকের ‘গোল্ডেন ফাইভ’ কথাটা নতুন লাগল। আমাদের গোলটেবিল বৈঠকে আলোচনায় অংশগ্রহণকারী নাসিমা পারভীন বারবার কথাটা মনে করিয়ে দিচ্ছিলেন। তিনি নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক।

কিন্তু নবজাতকের মধ্যেও রয়েছে নবীনতর নবজাতক। যারা অপরিণত অবস্থায় জন্ম নেয়। তাদের আমরা বলি ‘অপরিণত শিশুর জন্ম’ বা ‘ইমম্যাচ্যুরিটি বার্থ’। মায়ের পেটে শিশুর পরিণতি লাভ করতে ৩৭ সপ্তাহ লাগে। এর কয়েক সপ্তাহ আগে যদি কোনো কারণে শিশু জন্মলাভ করে, তাহলে তার বেশ কিছু সমস্যা হতে পারে। এগুলো সামাল দেন সেই মিডওয়াইফরা। তবে আবারও বলি, বিশেষজ্ঞ ডাক্তারদের ভূমিকাও দরকার। একই সঙ্গে মনে রাখতে হবে, মায়ের মমতাপূর্ণ যত্ন ছাড়া অপরিণত শিশুকে বাঁচিয়ে রাখা কঠিন।

এই অপরিণত শিশুদের বাঁচিয়ে রাখার জন্য বিশেষ যত্ন নেওয়ার বিষয়টি আলাদাভাবে বিবেচনায় রাখতে হবে। এ জন্য দরকার জনসচেতনতা। তাই ১৭ নভেম্বরকে ‘বিশ্ব অপরিণত শিশু দিবস’ ঘোষণা করা হয়েছে। এই দিবস সামনে রেখে ১৪ নভেম্বর ইউনিসেফের সহযোগিতায় প্রথম আলো একটি গোলটেবিল বৈঠক করে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক ছিলেন প্রধান অতিথি। তিনি বলেন, নারীর ক্ষমতায়ন ও দারিদ্র্যের হার কমিয়ে আনতে পারলে অপরিণত শিশু জন্মের সমস্যা অনেক কমে যাবে।

একটি বড় কারণ হলো অল্প বয়সে বিয়ে ও সন্তান ধারণ। সরকার চেষ্টা করছে। মানুষের মধ্যেও সচেতনতা বাড়ছে। কিন্তু তারপরও বাল্যবিবাহের হার অনেক বেশি। অন্তত ২০ বছর বয়সের আগে যেন কোনো নারী সন্তান ধারণ না করেন, সেটা নিশ্চিত করা গেলেও অনেক উপকার। কারণ, ১৯-২০ বছরের আগে সন্তান ধারণের জন্য কোনো নারীর শারীরিক-মানসিক গঠন পুরোপুরি প্রস্তুত হয় না।

অন্যদিকে সংসারের মধ্যেই অনেক সময় নারীর ওপর নির্যাতন চলে। অনেক গঞ্জনা-লাঞ্ছনা সইতে হয়। এগুলোও অপরিণত শিশু জন্মের একটি কারণ। আবার মায়ের অপুষ্টির কারণেও ৩৭ সপ্তাহের আগেই শিশু জন্ম নেয়। এ জন্য একদিকে যেমন দারিদ্র্য দূর করতে হবে, অন্যদিকে দরকার সংসার ও দৈনন্দিন জীবনে, কর্মক্ষেত্রে নারীর ক্ষমতায়ন। কারণ, সংসারে যদি মায়ের কথার দাম না থাকে, তাহলে সন্তান ধারণের সিদ্ধান্ত স্বামী চাপিয়ে দেন। শুধু তা–ই নয়, সন্তানের পর সন্তান জন্ম দিতে বাধ্য করা হয়। এসব কারণে অনেক সন্তান অপরিণত অবস্থায় জন্ম নেয়।

বাংলাদেশে বছরে প্রায় সাড়ে ৪ লাখ শিশু ৩৭ সপ্তাহের আগে জন্ম নেয়। মাত্র পাঁচ বছর বয়সের আগেই এদের মধ্যে প্রায় সাড়ে ২৩ হাজার শিশু নানা জটিলতায় মারা যায়। স্বাভাবিক জন্ম হলে ওদের এই মৃত্যু হতো না। আবার অপরিণত জন্মলাভের পর যদি কিছু সহজ ব্যবস্থা নেওয়া হয়, তাহলে তাদের অন্তত চার ভাগের তিন ভাগ শিশুরই জীবন বাঁচানো সম্ভব।

সে জন্যই অপরিণত অবস্থায় জন্ম নেওয়া শিশুদের প্রতি বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।

যেমন অপরিণত শিশু জন্মের প্রথম কয়েক মিনিটের কথা তো আগেই বললাম। এরপরও কিছু করার আছে। এক মাসের মধ্যে শিশুর চোখ পরীক্ষা করাতে হবে। কারণ, তাদের অনেকের চোখের রেটিনা ঠিকভাবে বিকাশ লাভ করে না। কানে শোনে কি না, সেটাও পরীক্ষা করে দেখতে হয়। হাত-পা ও অন্যান্য অঙ্গের অস্থিসন্ধিগুলো হালকাভাবে নাড়াচাড়া করে দেখতে হবে কোনো সমস্যা আছে কি না।

এসব কিন্তু যেকোনো শিশু হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রের শিশুরোগ বিশেষজ্ঞরা পরীক্ষা করে দেখে দিতে পারেন। এটা প্রায় বিনা মূল্যেই করা যায়। সরকারের সেই ব্যবস্থা আছে।

আবার বাসায় মায়েরাও পরীক্ষা করতে পারেন। রঙিন খেলনা চোখের সামনে নাড়াচাড়া করে চোখের মণির অবস্থান লক্ষ করলে অসংগতি ধরা যায়। কানের একটু দূরে রেখে ঝুনঝুনি বাজিয়ে শিশুর প্রতিক্রিয়া লক্ষ করে বোঝা যায় তার কানে সমস্যা আছে কি না। সন্দেহ হলে ডাক্তারের কাছে যেতে হবে।

আজকাল কিন্তু একেবারে উপজেলা, ইউনিয়ন পর্যন্ত কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্যসেবা কেন্দ্র রয়েছে। সেখানে সন্তান জন্মদানের প্রসবকক্ষ (লেবাররুম) রাখার উদ্যোগও নেওয়া হচ্ছে। কোনো স্বাস্থ্যকেন্দ্রে যাতে শিশুর জন্ম হয়, সে বিষয়ে পরিবারের সবার গুরুত্ব দেওয়া দরকার। যদি তা সম্ভব না-ও হয়, অন্তত প্রশিক্ষণপ্রাপ্ত মিডওয়াইফের হাতে যেন সন্তানের জন্ম হয়, সেটা দেখতে হবে।

মায়ের বিশেষ কোনো স্বাস্থ্যগত ত্রুটি না থাকলে স্বাভাবিক অবস্থায় সুস্থ ও প্রাণবন্ত শিশু জন্ম নেয়। তাই সন্তানসম্ভবা হওয়ার আগে থেকেই স্ত্রীর পুষ্টিকর খাওয়া, বিশ্রাম, হাসিখুশি পরিবেশ বজায় রাখার প্রতি বিশেষ যত্ন নিতে হবে। বাসার অন্য সবাই তাঁর প্রতি যত্নবান হবেন। এটা এক নম্বর কাজ হিসেবে বিবেচনা করা দরকার। নতুন শিশু আসছে, তাকে বরণ করে নেওয়ার প্রস্তুতিতে ঘাটতি থাকলে সমস্যা দেখা দিতে পারে।

শিশু জন্মের আগে ও পরে নিয়ম অনুযায়ী ডাক্তারের কাছে যাওয়ার যে প্রথা রয়েছে, তা যেন অক্ষরে অক্ষরে পালন করা হয়। শিশু জন্মের প্রথম ঘণ্টায় যেন মায়ের দুধ খেতে পারে। শালদুধের মধ্যে থাকে শিশুর রোগ প্রতিরোধের সব উপাদান। যে শিশু জন্মের পরপরই মায়ের বুকের দুধ পায়, তার অসুখ-বিসুখ কম হয়।

অবশ্য এরপরও যদি কোনো অঘটন ঘটে, ৩৭ সপ্তাহের আগেই শিশু জন্ম নেয়, তাহলে বিশেষ সতর্কতা দরকার। অপরিণত শিশুদের জন্য করণীয়গুলো পালনে যেন ভুল না হয়। তাহলে সন্তান হয়তো সুস্থ থাকবে। তার চোখ, কান, ওজন, উচ্চতা ও মেধার হয়তো কোনো ঘাটতি থাকবে না।

আমরা শিশুদের এসএসসি, এইচএসসিতে গোল্ডেন ফাইভের জন্য খুব চেষ্টা করি। ঠিক তেমনি শিশু জন্মের প্রথম পাঁচ মিনিটের ‘গোল্ডেন ফাইভ’ নিয়েও আমাদের সচেতন থাকতে হবে। তাহলে সেই শিশু বড় হয়ে সব পরীক্ষায় গোল্ডেন ফাইভ পাবে।

আব্দুল কাইয়ুম: সাংবাদিক।