আদর্শভিত্তিক শক্তিগুলোর আকস্মিক উত্থানের পরিপ্রেক্ষিতে ও মধ্যপ্রাচ্যে ভূরাজনীতির পুনর্বিন্যাসের খেলায় গত সোমবার এক নাটকীয় পরিবর্তন এসেছে। আরব দুনিয়ার তিনটি প্রধান ঘটনায় এর প্রতিফলন দেখা যাচ্ছে: সিরিয়ায় মার্কিন ও আরব উপসাগরের দেশগুলোর যৌথ বিমান হামলা, হাউথি বিদ্রোহীদের ইয়েমেনের রাজধানী দখল এবং নিউইয়র্কে সৌদি আরব ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীদ্বয়ের বৈঠক।
এই প্রতিটি ঘটনাই নিজের মতো করে নাটকীয়, কিন্তু একত্রে বিবেচনা করলে দেখা যায়, তাদের মধ্যকার আন্তসম্পর্ক অত্যন্ত গভীর; এ অঞ্চলের ভূরাজনীতির গতি-প্রকৃতি নির্ধারণেও এদের ভূমিকা রয়েছে। প্রথমত, সিরিয়া, লিবিয়া, ইরাক ও ইয়েমেনের মতো আরব দেশগুলোর অভ্যন্তরীণ বিন্যাস নানা শক্তির ভারসাম্যের মধ্য দিয়ে নির্ধারিত হচ্ছে (কখনো এই প্রথমবারের মতো), এসব শক্তির উত্থান ঘটেছে আবার নৃতাত্ত্বিক ও উপদলগুলোর মধ্যকার সামরিক সংঘাত থেকে। এর একটি সমান্তরাল ব্যাপারও রয়েছে; যদিও সেটা খুব একটা কাজের কথা নয়। সেটা হচ্ছে, ইরান ও সৌদি আরবের মতো শক্তিগুলো এসব আরব দেশে সরাসরি, সামরিক, আর্থিক ও আদর্শিকভাবে হস্তক্ষেপ করছে। একরকম নিয়ম করেই তারা তাদের মিত্র যেমন: হিজবুল্লাহ ও গাল্ফ কো-অপারেশন কাউন্সিলের ছোট দেশগুলোর সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এ হস্তক্ষেপ করে যাচ্ছে।
আইএসের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বে পরিচালিত এই বিমান হামলা তেমন উল্লেখযোগ্য কোনো ব্যাপার নয়। কারণ, মার্কিন যুক্তরাষ্ট্র কয়েক দশক ধরে নিজের ইচ্ছায় বহু আরব দেশেই এরূপ বোমা বর্ষণ করেছে। অন্য দেশের মাটিতে যুক্তরাষ্ট্রের এরূপ সামরিক বলপ্রয়োগের কারণেই আল-কায়েদা ও আইএসের মতো চরমপন্থী গোষ্ঠীগুলোর উদ্ভব হয়েছে। ফলে, মার্কিনদের কাছে এটা কোনো ব্যাপারই না। অথচ আইএসের হুমকি এখন দুনিয়ার দোরগোড়ায় কড়া নাড়ছে, এটি একটি বাস্তবতা। এটা অবশ্যই দূর করতে হবে, যদি সম্ভব হয় সেটা পুরোপুরি দূরীভূত করতে হবে।
এ সপ্তাহে এই ঘটনার সর্বশেষ পর্যায় হচ্ছে উত্তর সিরিয়ায় আইএসের ঘাঁটিতে গাল্ফ কো-অপারেশন কাউন্সিলের দেশগুলোর সম্মিলিত বিমান হামলা। এর মাধ্যমে দেখা যাচ্ছে, আরব উপসাগরের প্রথাগতভাবে রক্ষণশীল ও সীমিত ক্ষমতার দেশগুলোর এ অঞ্চলে ক্ষমতা বিস্তারের ধরনে একটি ঐতিহাসিক পরিবর্তন এসেছে। আশপাশের আরব দেশগুলোয় সরাসরি বিমান হামলার কারণে দেশগুলোর মধ্যকার সম্পর্ক নির্ধারণে যেসব বাধা ছিল, সেগুলো দূর হয়ে গেছে। সেখানে সুযোগ এখন সবার জন্যই উন্মুক্ত। প্রথাগতভাবে যে আদর্শিক বিভাজনরেখা ছিল, সেটাও মুছে গিয়ে নরকের দ্বার খুলে গেছে; মার্কিন যুক্তরাষ্ট্র যে দ্বারে গিয়ে আইএসের হুমকি পরাজিত করতে চায়।
সিরিয়া ও ইরাকের যুদ্ধে মার্কিন, ফরাসি, আরব, কুর্দি ও ইরানি লোকজন সরাসরি জড়িত।
সে ক্ষেত্রে সহযোগীর ভূমিকা পালন করে রাশিয়া, হিজবুল্লাহ ও তুরস্ক। সিরিয়ায় আইএসের লক্ষ্যবস্তুতে চলমান হামলার কারণে আইএস নিশ্চিতভাবেই দুর্বল হয়ে পড়বে। ফলে, সংগঠনটির আন্দোলনের ধরন বদলে যেতে পারে। তারা ‘ইসলামি রাষ্ট্র’ প্রতিষ্ঠার চেয়ে আল-কায়েদার মতো তার অপছন্দের আরব ও পশ্চিমা লক্ষ্যবস্তুতে হামলার কৌশল গ্রহণ করতে পারে। নরকের দ্বার আমাদের চোখের সামনেই খুলে যাচ্ছে।
আইএসকে কমজোর বা ছত্রভঙ্গ করে দেওয়া হলে দামেস্কে বাশার আল-আসাদের সরকার শক্তিশালী হতে পারে, অথচ হামলাকারী যুক্তরাষ্ট্র ও অন্যান্য আরব রাষ্ট্র কয়েক বছর আগে বাশারের সরকার উৎখাতের চেষ্টা করেছিল। আসাদের শাসনের ভাগ্যের সঙ্গে ইরানের স্বার্থ প্রত্যক্ষভাবে জড়িত। দেশটি তার মিত্রদের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে এ অঞ্চলে তার স্বার্থের হিসাব ও সংরক্ষণ করে থাকে, যেমন হিজবুল্লাহ ও হুথি—এরা আবার এখন ইয়েমেন শাসনে নেতৃস্থানীয় ভূমিকা পালন করছে।
আরব দুনিয়ায় সাম্প্রতিক সময়ে বিদেশি শক্তির সামরিক হস্তক্ষেপে রাশিয়া ও ইরানের জন্য এ অঞ্চলে কৌশলগত সম্পর্ক উন্নয়নের সুযোগ সৃষ্টি করেছে। সে সুযোগ এখন আবারও সৃষ্টি হয়েছে, অন্তত স্বল্প মেয়াদের জন্য। হুথির প্রাধান্যশীল নেতৃত্বে ইয়েমেনে স্থিতিশীলতা ফিরে আসতে পারে। আর ইরানের সঙ্গে সিরিয়া ও ইরাকের সম্পর্ক ভালো। ফলে, এখন ইরান ও সৌদি আরবের উচিত একত্রে কাজ করে একটি আঞ্চলিক নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা, যার মাধ্যমে দেশ দুটি তাদের গুরুত্বপূর্ণ স্বার্থের জায়গা সংরক্ষণ করতে পারবে এবং বিভিন্ন দেশে তাদের পারস্পরিক স্বার্থের অস্তিত্ব মেনে নিতে পারবে। এ পরিপ্রেক্ষিতে নিউইয়র্কে ইরান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ। কেননা, জনসমক্ষে আঞ্চলিক উত্তেজনা হ্রাসের গুরুত্ব যে দেশ দুটি অনুধাবন করতে পেরেছে, এটাই তার প্রথম লক্ষণ। আশা করা যায়, তারা একটি নতুন আঞ্চলিক নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলবে এবং তা মেনে চলবে।
নিউইয়র্কের উল্লিখিত বৈঠকের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ বলেছেন, ‘দুই দেশের সম্পর্কের ইতিহাসে এটা এক নতুন অধ্যায়। আমরা আশা করি, এ অঞ্চলের ও দুনিয়ার শান্তি ও নিরাপত্তাব্যবস্থা পুনরুদ্ধারে এর একটি ইতিবাচক প্রভাব অনুভূত হবে।’
এদিকে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স সৌদ আল-ফয়সাল তাঁর তরফ থেকে বলেছেন, ‘আমরা বিশ্বাস করি, অতীতের ভুলভ্রান্তি দূরে ঠেলে আমরা বর্তমান সংকট মোকাবিলা করতে পারব।’
হ্যাঁ, ইরান ও সৌদি আরব চাইলে উল্লিখিত নরকের দ্বার গলে হাঁটা শুরু করতে পারে অথবা যৌক্তিকভাবে কাজ করে আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য তৈরি করতে পারে। ব্যাপারটা তাদের রাজনৈতিক সদিচ্ছার। এ ক্ষমতার ভারসাম্যে ইরান ও সৌদি আরব পারস্পরিক স্বার্থ সংরক্ষণের মাধ্যমে এক নতুন দিগন্তের উন্মোচন করতে পারে। আশা করা যায়, তারা আর সামরিক বলপ্রয়োগে শক্তি ক্ষয় না করে এ পথে এগোবে।
ইংরেজি থেকে অনুবাদ: প্রতীক বর্ধন; ইন্টারনেট থেকে নেওয়া
রামি জি. খৌরি: বৈরুতের আমেরিকান বিশ্ববিদ্যালয়ের ইসাম ফেয়ার্স ইনস্টিটিউট ফর পাবলিক পলিসি অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক।