নরেন্দ্র মোদি ও ভারতে হিন্দুত্বের উত্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উগ্র হিন্দুত্ববাদীদের নির্যাতনের বিরুদ্ধে ভারতীয় খ্রিষ্টধর্মাবলম্বীদের প্রতিবাদ
উগ্র হিন্দুত্ববাদীদের নির্যাতনের বিরুদ্ধে ভারতীয় খ্রিষ্টধর্মাবলম্বীদের প্রতিবাদ

অনুমান করি, ডেভিড ক্রনেনবার্গের সায়েন্স ফিকশন চলচ্চিত্র দ্য ফ্লাই আপনারা অনেকেই দেখেননি। সে ছবিতে ড. সেথ ব্রান্ডল এক গোপন গবেষণায় লিপ্ত, যার বিষয় এক বস্তুকে, এমনকি এক প্রাণীকে অন্য বস্তু বা প্রাণীতে রূপান্তর। গবেষণার একপর্যায়ে বড় রকমের ভুল হওয়ায় ড. ব্রান্ডল নিজে মানুষ থেকে সরীসৃপে রূপান্তরিত হতে শুরু করেন। চোখের সামনে নিজেকে বদলাতে দেখে ড. বিন্ডল হিশ হিশ করে মন্তব্য করেন, ‘বি অ্যাফ্রেইড, বি ভেরি অ্যাফ্রেইড।’ অর্থাৎ ভয় পাও, ভীষণ রকম ভীত হও।
নরেন্দ্র মোদি এখনো সরীসৃপে পরিণত হননি, কিন্তু তাঁর গলা থেকে ওই হিশ হিশ আওয়াজ শোনা যাচ্ছে। ভারতের অধিকাংশ মানুষের কানে এখনো সে আওয়াজ পৌঁছায়নি, তাঁরা এখনো মোদিজ্বরে ভুগছেন। অবশ্য সে দেশের ভেতরেই কেউ কেউ তেমন বিপদের আশঙ্কায় নড়েচড়ে বসছেন। তাঁদের একজন কংগ্রেসপ্রধান সোনিয়া গান্ধী। তিনি সম্প্রতি তাঁর দলীয় কর্মীদের উদ্দেশে এক ভাষণে অভিযোগ করেছেন, নরেন্দ্র মোদির সরকারের সমর্থনে উত্তর প্রদেশ ও মহারাষ্ট্রে সংখ্যালঘুদের ওপর সহিংসতা বেড়েছে। অল্প সময়ের ব্যবধানে সেখানে প্রায় ৬০০ সাম্প্রদায়িক দাঙ্গা ঘটেছে।
সোনিয়ার দেওয়া সংখ্যাটি নিয়ে তর্ক হতে পারে, কিন্তু সারা ভারতে হিন্দু মৌলবাদের দৌরাত্ম্য যে বেড়েছে, তাতে কোনো সন্দেহ নেই। দুটি উদাহরণ নেওয়া যাক। ভারতীয় জনতা পার্টির মুগুর বলে পরিচিত আরএসএসের (রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ) প্রধান মোহন ভগত গত সপ্তাহে ফতোয়া দিয়েছেন, প্রত্যেক ভারতীয় নাগরিকের একমাত্র সাংস্কৃতিক পরিচয় হলো, সে হিন্দু। ইংল্যান্ডের অধিবাসীরা যেমন ইংরেজ বা জার্মানির অধিবাসীরা জার্মান, তেমনই সব ভারতীয়ের পরিচয় হলো তারা হিন্দু। মুগুরবাজ এই লোককে কে বোঝাবে ইংরেজ যে ইংরেজ, বা জার্মানবাসী জার্মান নামে পরিচিত, তার কারণ তারা হয় ইংরেজি, নয় জার্মান ভাষায় কথা বলে। হিন্দু কোনো ভাষা নয়, এটি একটি ধর্ম। বস্তুত, খ্রিষ্টধর্ম ও ইসলামের পর হিন্দু হচ্ছে বিশ্বের তৃতীয় প্রধান ধর্ম। ভারতের সবাই ভারতীয়, কিন্তু তারা সবাই হিন্দু নয়, এ কথা নাবালকদেরও জানার কথা। যারা জ্ঞানপাপী, তাদের কথা অবশ্য আলাদা।
অন্য উদাহরণটি এসেছে দিল্লি থেকে। বিজেপির মহিলা মোর্চার নেত্রীরা গোঁ ধরেছেন, তাঁরা দেশের হিন্দু নারীদের অপমান মুখ বুজে সহ্য করবেন না। তাঁদের এ কথা বলার কারণ, কিছুদিন আগে দিল্লির অদূরে সারভা গ্রামে রাখি ত্যাগী নামের ২০ বছরের এক তরুণীকে অপহরণের পর ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করে স্থানীয় এক মুসলমান যুবক তাঁকে বিয়ে করেছেন। মহিলা মোর্চার সদস্যদের দাবি, এসবই হলো ‘ইসলামি প্রেম-জিহাদ’-এর চক্রান্ত। এসব সহ্য করা হবে না, এখন থেকে পাল্টা ব্যবস্থা হিসেবে বিপরীত ধর্মান্তর করার উদ্যোগ নেওয়া হবে বলে হুমকি দিয়েছেন বিজেপির উত্তর প্রদেশে শাখার সাধারণ সম্পাদিকা।
উভয় উদাহরণকেই আমরা হেসে উড়িয়ে দিতে পারি। কিন্তু উগ্র হিন্দু সাম্প্রদায়িকতার একটি প্যাটার্ন যে ভারতে গড়ে উঠছে, এসব ঘটনা তার ইঙ্গিতবহ। ফলে এ কথা হেসে উড়িয়ে দেওয়াও খুব বুদ্ধিমানের কাজ হবে না। সোনিয়া গান্ধী তাঁর ভাষণে ঠিক সে কথাটাই বলেছেন। সাম্প্রদায়িকতা রাজনৈতিক তথা রাষ্ট্রীয় নীতিতে পরিণত হওয়ার আগে চাই তার পক্ষে একটি দৃষ্টিভঙ্গি, দেশের মানুষের মধ্যে সে প্রশ্নে জনসমর্থন সৃষ্টি। আমার ভয়, ভারতের চলতি রাজনৈতিক নেতৃত্বের পরিকল্পিত ব্যবস্থাপনায় সেই দৃষ্টিভঙ্গি নির্মাণের কাজ চলছে। আর এই কাজে সেনাপতি হিসেবে আবির্ভূত হয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী মোদি। এই লক্ষ্যে মোদি এ পর্যন্ত যে পদক্ষেপগুলো নিয়েছেন, তার প্রতি দৃষ্টি দেওয়া যাক।
দেশজুড়ে মোদির পক্ষে একটা জোয়ার এসেছে, ফলে দেশের যেকোনো নির্বাচনী এলাকা থেকে তিনি প্রার্থী হতে পারতেন। কিন্তু মোদি বাছলেন বেনারস, শিবের সবচেয়ে প্রিয় ধাম। নির্বাচিত হয়ে মোদি সেই বেনারস থেকেই স্লোগান তুললেন, ‘বন্দে মাতরম’। প্রধানমন্ত্রী হওয়ার পর যে কর্মসূচি মোদি ঘোষণা করেন তার অন্যতম হলো গঙ্গা নদীর শুদ্ধি অভিযান। ‘ভারতমাতার সেবার সেরা পথ হলো মা গঙ্গার শুদ্ধি,’ তাঁর প্রথম ভাষণে ফতোয়া দিয়েছিলেন তিনি। নির্বাচিত হওয়ার পর তাঁর প্রথম বিদেশ সফর ছিল ভুটান, তারপর বিশ্বের একমাত্র হিন্দুরাষ্ট্র নেপাল। নেপালি হিন্দুরা মোদিকে তাদের ধর্মভাই হিসেবে রাজকীয় সম্মানে অভিষিক্ত করে। কাঠমান্ডুতে পৌঁছে মোদির প্রথম সরকারি কর্মসূচি ছিল সে দেশের প্রধান হিন্দুমন্দির পশুপতিনাথ মন্দিরে পূজা। হিন্দু পণ্ডিতেরা পঞ্জিকা খুঁজে ঠিক করে দিয়েছিলেন কবে, কখন সে মন্দির ভ্রমণ সবচেয়ে শুভ হবে।
ভারতের ভেতরেই অনেকে বিশ্বাস করেন, মোদি এসবই করেছেন হিন্দুত্ববাদীদের খুশি করার জন্য।
এর আগে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে মোদি মহাত্মা গান্ধীর ওপর লেখা লেলিভেলডের গ্রন্থ গ্রেট সৌল নিষিদ্ধ করেছিলেন। তাঁর সিদ্ধান্ত হিন্দু মৌলবাদীদের কাছে অভিনন্দিত হয়েছিল। এসব মৌলবাদীর চাপেই ওয়েন্ডি ডনিজের হিন্দুধর্মের বিকল্প ইতিহাস গ্রন্থটি বাজার থেকে প্রত্যাহার করে নেওয়া হয়। পাশাপাশি ফের শুরু হয়েছে স্কুল পাঠ্যগ্রন্থে হিন্দুত্ববাদকে প্রাধান্য দেওয়ার চেষ্টা। পালের বাতাস তাঁদের পক্ষে টের পেয়ে সম্প্রতি ছত্তিশগড়সহ ভারতের বিভিন্ন রাজ্যে আরএসএস ও বজরং বলি দলের সমর্থকেরা ৫০টির মতো গ্রামে হিন্দুধর্মের বাইরে অন্য সব ধর্মীয় আচার-অনুষ্ঠান নিষিদ্ধ ঘোষণা করেছেন।
ভারত শুধু হিন্দুদের, এমন কথা ভারতীয় হিন্দুত্ববাদীরা দীর্ঘদিন থেকে বলে আসছেন। মোদি নিজে সরাসরি সে কথা বলেননি (অন্ততপক্ষে এখন পর্যন্ত নয়), কিন্তু ভারত ‘একটি হিন্দুপ্রধান দেশ’, এ কথা তিনি এবং তাঁর দলের নেতারা অনেক আগে থেকেই বলে আসছেন। দলটির লেঠেল আসে প্রধানত দুটি তৃণমূল সংগঠন—আরএসএস ও বজরং দল—থেকে। বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে সংযুক্ত উভয় সংগঠনই অতি উগ্র সাম্প্রদায়িক সংস্থা। মোদির অভাবনীয় বিজয়ের পেছনে রয়েছে এই হিন্দুত্ববাদী দল দুটির দীর্ঘ দিনের চেষ্টা। মোদি তাদের হাতে জিম্মি, এ কথা বলা হয়তো অত্যুক্তি। কিন্তু প্রধানমন্ত্রী মোদির কাছ থেকে ‘প্রতিদান’ হিসেবে কিছু পাওয়ার প্রত্যাশা এই হিন্দুত্ববাদীরা করবে, তাতে বিস্ময়ের কিছু নেই। এখন পর্যন্ত যা দেখা গেছে তাতে মনে হয়, মোদি তাদের হতাশ করবেন না।
বহু ধর্মে বিভক্ত ভারতের জন্য মোদি ও তাঁর বিজেপি কেন বিপজ্জনক, সে কথা সম্প্রতি সবিস্তারে লিখেছেন নিউইয়র্ক টাইমস-এর সাবেক দিল্লি ব্যুরোপ্রধান বারবারা ক্রসেট। দ্য নেশন পত্রিকায় বারবারা লিখেছেন, ১৯৪৭ সালের পর ভারতীয় গণতন্ত্র এত বড় হুমকির মুখে আর কখনোই পড়েনি। সত্তর দশকে ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারির মাধ্যমে নাগরিক অধিকার খর্ব করার চেষ্টা করেছিলেন, কিন্তু তাঁর সে চেষ্টার ফলে গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিকতা হুমকিতে পড়েনি। এখন সে আশঙ্কার সৃষ্টি হয়েছে। লন্ডন স্কুল অব ইকোনমিকসের পরিচালক চেতন ভাটের উদ্ধৃতি দিয়ে বারবারা লিখেছেন, মোদি আজন্ম অতি উগ্র আরএসএসের একজন পান্ডা হিসেবে কাজ করেছেন। ভারত শুধু হিন্দুদের দেশ, বাকি সবাই এ দেশের দ্বিতীয় শ্রেণির নাগরিক—হিন্দুশ্রেষ্ঠত্ববাদীদের এই মতবাদ তিনিও মনে–প্রাণে বিশ্বাস করেন।
এখানেই মোদির ভারতকে নিয়ে আমাদের ভয়। ব্যক্তিগত জীবনচারিতায় মোদি বা তাঁর দলের সদস্যরা হিন্দুত্ব অনুসরণ করলে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ থাকে না, কিন্তু সেই জীবনচারিতা যখন জাতীয় নীতিতে পরিণত হয়, ভারতের মতো ধর্মীয় মত ও পথ-বিভক্ত দেশের জন্য তা ভয়ানক বিপদ হয়ে উঠতে পারে। প্রতিবেশী পাকিস্তান যেখানে তার জন্মের গোড়া থেকেই শুধু একটি ধর্মের অনুসারীদের বাসস্থান হিসেবে নিজেকে নির্মাণে বদ্ধপরিকর ছিল, প্রথম ভারতীয় নেতারা সেখানে সচেতনভাবে অসাম্প্রদায়িক—কিন্তু বহু ধর্মের নাগরিকদের জন্য সমান অধিকারসম্পন্ন—একটি আধুনিক জনপ্রজাতন্ত্রে রূপান্তরে নিবেদিত ছিলেন। সে চেষ্টায় তাঁরা বহুলাংশে সফল হননি। তার কারণ ও কার্যকারণ নিয়ে বাদানুবাদ হতে পারে, কিন্তু প্রথম ভারতীয় নেতাদের উদ্দেশ্যের সাধুতা নিয়ে প্রশ্ন তোলা অবান্তর।
নরেন্দ্র মোদি তাঁদের সেই পথ থেকে সরে এসে ভারতকে একটি হিন্দুরাষ্ট্রে দাঁড় করাতে চান। যে দেশের নাগরিকদের প্রায় ১৫ শতাংশ বা ১৭ কোটি মানুষ মুসলমান, সেখানে এমন নীতি কতটা বিভেদাত্মক ও ক্ষতিকর হতে পারে, তা সহজেই অনুমেয়। আমরা জানি, ভারতে সাম্প্রদায়িকতা মাথাচাড়া দিলে প্রতিবেশী দেশগুলোতেও তার নেতিবাচক প্রভাব পড়ে।
অতএব, এমন একজন মোদি সম্বন্ধে আমাদের ‘ভীত হওয়ার, ভীষণ ভীত’ হওয়ার যথেষ্ট কারণ রয়েছে।

হাসান ফেরদৌস: প্রাবন্ধিক ও কলাম লেখক৷