নলেজ বিষয়ে যৎসামান্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুনিয়াটার একটা প্রধান সমস্যা হলো, একজনের সঙ্গে আরেকজনের যোগাযোগের সমস্যা। আপনার মনের কথাটা আপনি কিছুতেই আরেকজনকে বোঝাতে পারবেন না। আর অনেক সময় মানুষ নিজেকে প্রকাশ করার জন্য সঠিক শব্দটি তাৎক্ষণিকভাবে বলে উঠতে পারে না। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাহেব বলেছেন...কী বলেছেন, তিনিই জানেন, নিজের কানে শুনিনি, শুনলেও শোনা কথায় বিশ্বাসও যে করতে নেই! এখন প্রচারিত হয়ে গেছে যে তিনি বলেছেন, শিক্ষকদের নলেজ না থাকায় তাঁরা আন্দোলন করছেন। আমার নিজের ধারণা, তিনি বলতে চেয়েছেন, যে বিষয়টা নিয়ে শিক্ষকেরা আন্দোলন করছেন, সেই বিষয়ের আসল ব্যাপারটা শিক্ষকেরা জানেন না, তাই আন্দোলন করছেন। তিনি বোঝাতে চেয়েছেন, শিক্ষকদের ক্ষোভের মূলে রয়েছে ওই বিষয়টা নিয়ে তথ্য না জানা, সার্বিকভাবে শিক্ষকেরা জ্ঞানহীন, তা তিনি বোঝাতে চাননি। কিন্তু টেলিভিশন খবরের স্ক্রলে এবং সংবাদপত্রের শিরোনামে চলে এল, অর্থমন্ত্রী বলেছেন, শিক্ষকদের নলেজ নেই... ভয়াবহ কথা! এমনিতেই বেতন বৃদ্ধির দাবিতে কিংবা সম্মান রক্ষার দাবিতে তাঁরা আন্দোলন করছেন, তার ওপর তাঁদের নলেজ-বিহীন বলা! নলেজের লেজ ধরে তাই চলছে টানাটানি। মাননীয় শিক্ষকগণ বিবৃতি দিয়ে বসেছেন, অর্থমন্ত্রী কতবার কত কি উল্টাপাল্টা বলেছেন, তার ফিরিস্তি দিতে বসে গেছেন তাঁরা! এর মধ্যে সোনালী ব্যাংকে হল-মাের্কর হাজার কোটি টাকার কেলেঙ্কারির কথাও চলে এসেছে।
আমরা বলব, কথাই সকল অনর্থের মূল। আসল রাবিশ হলো কথা, বচন, উক্তি। কথা একটু এদিক-ওদিক হলেই আর কথা নেই। রে রে করে ছুটে আসে চারপাশ। ধর ধর রব ওঠে। ভাঙো ভাঙো বলে বাহু ফোলাতে থাকে নওজোয়ানেরা।
কাজেই সাধু সাবধান। কথা কম। কাজ বেশি। বোবার শত্রু নেই। বুদ্ধিমানেরা কথা কম বলে। মানুষের দুটো কান, একটা মুখ। কানের একমাত্র কাজ শোনা। মুখের আরও অনেক কাজ আছে। খাওয়া এবং দরকার হলে শ্বাস নেওয়া। থুতুও ছিটানো যায়। কাজেই আমরা কথা বলব কম, শুনব বেশি।
শিক্ষকের মর্যাদা নিয়ে একটা কবিতা ছিল আমাদের স্কুলের কোনো এক ক্লাসের বাংলা বইয়ে।
বাদশা আলমগীর,
কুমারে তাহার পড়াইত এক মৌলভি দিল্লির।
দিল্লির বাদশা আলমগীরের পুত্র এক শিক্ষকের কাছে লেখাপড়া শেখে। একদিন শিক্ষক অজু করবেন, শাহজাদাকে বললেন পানি ঢেলে দিতে। শাহজাদা পাত্র থেকে শিক্ষকের পায়ে পানি ঢালে, শিক্ষক অজু করেন। সেই দৃশ্য দেখে ফেললেন বাদশা। ডেকে পাঠালেন শিক্ষককে। বললেন, আমি খুবই হতাশ হয়েছি। অসন্তুষ্ট হয়েছি। আপনার ছাত্র কেন আপনার পায়ে শুধু পানি ঢালছিল, সে কেন নিজের হাতে আপনার পা ডলে দেয়নি?
সেই দিল্লিও নেই, সেই আলমগীর বাদশাও নেই। সেই শাহজাদাও নেই। কে এখন শিক্ষকের পায়ে পানি ঢেলে দেবে, তাদের পা ডলে দেবে! বরং ছাত্ররা এখন রাজনীতিতে ব্যবহৃত হচ্ছে টোপ হিসেবে, তাদের কাজ প্রয়োজনে শিক্ষকদের একটু ডলে দেওয়া। সেই শিক্ষকই বা কই, যাঁরা মাথা উঁচু করে থাকবেন।
অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ স্যার একটা গল্প করেন। জিয়াউর রহমান তখন প্রধান সামরিক আইন প্রশাসক এবং হয়তো প্রেসিডেন্ট। অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ তখন টেলিভিশনে অনুষ্ঠান করেন। সেই আমলে তাঁর ব্যাপক জনপ্রিয়তা। জিয়াউর রহমান তাঁকে ডেকে বললেন, আপনি আমার উপদেষ্টা হন। উপদেষ্টা পরিষদ মানে মন্ত্রিপরিষদ। তাঁকে তিনি মন্ত্রী হতে বললেন। আবদুল্লাহ আবু সায়ীদ বললেন, আমি শিক্ষক। আমি তো ব্রাহ্মণ। আপনি সৈনিক। আপনি ক্ষত্রিয়। ব্রাহ্মণ তো কখনো ক্ষত্রিয়ের অধীনে থাকতে পারে না। কাজেই আপনি আপনার কাজ করুন, আমি আমার সম্মান নিয়ে দূরে দূরে থাকি।
শিক্ষকদের গরিবি দশাও বোধ হয় আর নেই। সেদিন দেখি, বিজ্ঞাপন ছাপা হয়েছে—পাত্রী চাই, পাত্র একজন স্কুলশিক্ষক, তারপর ব্রাকেটে লেখা, মাসিক আয় দেড় লাখ টাকা। মানে স্কুলশিক্ষক, কাজেই আট-দশ হাজার কি বিশ-পঁচিশ হাজার টাকা আয়ের লোক তাঁকে ভাববেন না, তিনি সেই রকম পাত্র নন, এই পাত্র যথেষ্ট বড়সড়, তা মাসে দেড় লাখ টাকা কমপক্ষে ধারণ করে। আর একজন প্রাথমিক স্কুলের শিক্ষক নিয়োগেও নাকি লাখ লাখ টাকা আদান-প্রদান হয়, তাতে অর্থনীতিতে নিশ্চয়ই গতিসঞ্চার হয়, নীতি-নৈতিকতায় ধস নামে। ওই শিক্ষক কী করতে পারবেন না? তিনি প্রশ্নপত্র ফাঁস করতে পারবেন, টিউশনিতে ছাত্র না পেলে ফেল করিয়ে দিতে পারবেন, স্কুলের দুটো গাছ বিক্রিও করে দিতে পারবেন।
তা সত্ত্বেও নিশ্চয়ই এমন শিক্ষক আছেন, যাঁরা তুলে ধরে রেখেছেন নৈতিকতা ও নলেজের উচ্চ মানদণ্ড। এমন রাজনীতিবিদও আছেন, যাঁদের দেখলে শ্রদ্ধা আপনাআপনি চলে আসে। এমন সেনাকর্তার সঙ্গেও পরিচিত হয়েছি, যাঁর পড়াশোনার পরিধি সুবিস্তৃত, কথা বলতে গিয়ে নিজের জ্ঞানের সীমাবদ্ধতায় লজ্জা পেয়েছি।
তাই সাধারণীকরণ করতে নেই। কোনো পেশাতেই সবাই খারাপ হন না। কোনো পেশাতেই সবাই ভালোও হন না। সব পেশাতেই, সব জেলাতেই, সব জাতিতেই ভালো থাকে, খারাপ থাকে। আবার একজন খারাপ মানুষেরও বহু ভালো গুণ থাকে। তেমনি একজন ভালো মানুষও সব সময়ই ভালো হন না। তারও কোনো না কোনো দোষত্রুটি থাকে।
একইভাবে, কোনো একটা ভালো পদক্ষেপেও সবাই উপকৃত হন না। সবাই সমান খুশিও হন না। তখন আসে তুলনার বিচার। আমার আয় যদি ৫ টাকা বাড়ে, পড়শির বাড়ে ১৫ টাকা, তাহলে আমি খুশি হব না। এই বিষয়ের কৌতুকটি বলে নেওয়া ভালো—আলাউদ্দিনের দৈত্য বলল, আপনি যা চাবেন, তা-ই পাবেন। তবে একটাই শর্ত, আপনি যা পাবেন, আপনার পড়শি তা তার দ্বিগুণ পরিমাণে পাবে। বলেন, কী চান? অনেক ভেবে লোকটি বলল, আমার একটা চোখ কানা করে দাও।
অনর্থক পানি ঘোলা করার পর্বটি বন্ধ করতে অর্থমন্ত্রী তাঁর বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। কারণ, ঘোলা পানিতে অনেকেই মাছ শিকার করতে চায়। আর এটাও তো সত্যি যে শিক্ষকদের জ্ঞান অতি উচ্চ, আমরা তো তাঁদের কাছ থেকেই জ্ঞান নিই, তাঁরা জ্ঞান বিতরণ করেন, আমরা তা লাভ করে ধন্য হই, আলোকিত হই।
ভাগ্যিস এই ব্যাপারে অর্থমন্ত্রী কোনো গণিতবিদের পরামর্শ নেননি। কারণ, যেকোনো গণিতজ্ঞ সহজেই প্রমাণ করে দিতে পারবেন শিক্ষকদের নলেজ নেই। অঙ্কটা খুব সোজা—
জ্ঞানই শক্তি।
নলেজ ইজ পাওয়ার।
নলেজ = পাওয়ার।
বা, পাওয়ার = নলেজ।
বা, ক্ষমতা = জ্ঞান।
ইফ, ক্ষমতা = ০, দেন, জ্ঞান = ০। (প্রমাণিত)
শিক্ষকদের পাওয়ার নেই, ক্ষমতা নেই, কাজেই তাঁদের নলেজ বা জ্ঞান নেই।
হে শিক্ষকগণ, এই অঙ্কটা মনে রাখবেন, আপনাদের কোনো ক্ষমতা নেই, কাজেই আপনাদের জ্ঞান নেই, নলেজ নেই।
আনিসুল হক: সাহিত্যিক ও সাংবাদিক।