নষ্ট করার মতো সময় নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্যপ্রাচ্যের দ্বন্দ্ব-সংঘাত এড়াতে যে লাখো নারী, পুরুষ ও শিশু ইউরোপে হাজির হচ্ছে, তার কারণে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দুটি কঠিন সত্যের মুখোমুখি হয়েছে। প্রথমত, এর সদস্যরাষ্ট্রগুলো নিজেদের নৈতিক বাধ্যবাধকতা পূরণ করছে না, আন্তর্জাতিক আইনের আলোকে ও একে অপরের প্রতি উভয় দিক থেকেই। দ্বিতীয়ত, সিরীয় যুদ্ধের ব্যাপারে তারা যে অবস্থান নিয়েছে, তা টেকসই নয়। পরিষ্কারভাবে বললে, সিরিয়ায় শান্তি স্থাপনে ব্যর্থ হওয়া আর সেখানকার শরণার্থীদের মুখের ওপর দরজা বন্ধ করে দেওয়া ভুল হিসেবে একই রকম গুরুতর।
বেশ কিছুকাল ধরে এটা পরিষ্কার যে ইউরোপের দেশগুলোর শরণার্থী আইন ও সে বিষয়ক নীতির মধ্যে ভিন্নতা রয়েছে। কিন্তু এ বছরের প্রথম আট মাসে যে সাড়ে তিন লাখ শরণার্থী ইউরোপের সীমানা অতিক্রম করেছে এবং যে ২ হাজার ৬০০ মানুষ তা করতে গিয়ে ডুবে মারা গিয়েছে, তারা আমাদের চোখ খুলে দিয়েছে। এই শরণার্থীরা যে অমানবিক অবস্থার মধ্যে দিনাতিপাত করছে, তা গ্রহণযোগ্য নয়।
এ মুহূর্তে অর্থনৈতিক সংকটের কারণে সৃষ্ট তথাকথিত ‘উত্তর-দক্ষিণ’ বিভেদের চেয়েও কিছু বড় সংকট আছে: ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার সম্ভাবনা, গ্রিসের সংকট, পূর্ব ও পশ্চিমের নতুন বিভেদ। ইইউ আর কোনো ফাটল সহ্য করতে পারে না। সে কারণে সংস্থাটিকে সব পন্থা গ্রহণ করতে হবে, যাতে তার সদস্যদেশগুলো ইউরোপীয় ও আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতা মেনে চলে।
সিরিয়ায় শান্তি স্থাপনের বেলায়ও একই জরুরত নিয়ে কাজ করতে হবে। সর্বোপরি, এই শরণার্থীরা সিরিয়ার দীর্ঘ, নৃশংস ও বহুমুখী গৃহযুদ্ধের কারণে দেশান্তরি হতে বাধ্য হয়েছে। আবার সিরিয়ার পরিস্থিতির গুরুত্ব সম্পর্কে বাড়িয়ে বলাও যাবে না। ২০১১ সালে
যুদ্ধ শুরু হওয়ার পর ৪ মিলিয়নেরও বেশি মানুষ শরণার্থী হয়েছে, আর সে দেশের মধ্যেও প্রায় ৮ মিলিয়ন মানুষ ঘরছাড়া হয়েছে। দুই লাখেরও
বেশি মানুষ মারা গেছে। মোট হিসাব করলে দেখা যায়, ২০১১ সালে সিরিয়ায় যে ২২ মিলিয়ন মানুষ বসবাস করত, তাদের প্রায় অর্ধেকই হয় মারা গেছে, নাহয় ঘরছাড়া হয়েছে।
সিরিয়ার ভূখণ্ড এখন দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার এবং কুর্দি ও ইসলামিক স্টেটসহ নানা সশস্ত্র বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। এই গৃহযুদ্ধের কারণে ইসলামিক স্টেট এত শক্তিশালী হয়েছে যে সিরীয় সরকার ব্যর্থ হলে তারা সেই শূন্যতার সুযোগ নিয়ে পুরো দেশের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে।
তা সত্ত্বেও রাশিয়া যে দাবি করছে সিরিয়াকে বাশার আল-আসাদ ও ইসলামিক স্টেটের মধ্যে একজনকে বেছে নিতে হবে, তা ঠিক নয়। রাশিয়া আসাদের সরকারকে আরও বেশি করে সাহায্য দেওয়া শুরু করায় দেশটির ভূমিকা নিয়ে ধূম্রজাল তৈরি হয়েছে। রাশিয়া সিরিয়ার দীর্ঘদিনের মিত্র, তারা ইসলামিক স্টেটকে মোকাবিলা করার লক্ষ্যে বাশারের সরকারকে সমর্থন দেওয়ার জন্য জোরেশোরে আহ্বান জানাচ্ছে।

>সিরিয়ার হাতে সময় নেই। অনেক দিন হয়ে গেল, দেশটির জনগণ নৃশংসতা ও দাঙ্গা-হাঙ্গামার মধ্যে আটকা পড়ে আছে, দেশান্তরি হলেও খুব বেশি সংখ্যক দেশে গিয়ে তারা স্বস্তি পাবে না

হ্যাঁ, রাশিয়া হয়তো মধ্যপ্রাচ্যে নিজের প্রভাব বজায় রাখার জন্য বাশারকে সমর্থন করছে, কিন্তু এটা তো ঠিক যে ইসলামিক স্টেটকে রুখতে হবে।
আবার সিরীয় সংকটের রাজনৈতিক সমাধান ছাড়া এটা অর্জন করা যাবে, এমন চিন্তা মারাত্মকভাবে ভুল। মনে রাখতে হবে, এই সংকটের কারণেই ইসলামিক স্টেটের উত্থান হয়েছে। যদি পশ্চিমা শক্তিগুলো সামরিক অভিযানের বাইরে গিয়ে রাজনৈতিক সমাধান খোঁজার চেষ্টা করে, তাহলেই কেবল ইসলামিক স্টেট-বিরোধী লড়াই সফল হতে পারে।
আর সে রকম একটি রাজনৈতিক সমাধান পেতে হলে অতীতের ভুলগুলো সম্পর্কে সম্যকভাবে জানতে হবে, সেগুলোর পুনরাবৃত্তি করা হবে না—তেমন অঙ্গীকার করতে হবে। ইরাকের কথাই স্মরণ করুন, সাদ্দাম হোসেনের সরকার ও বিদ্যমান শাসনকাঠামো ধ্বংস হওয়ার পরই কেবল দেশটির পুনর্নির্মাণ শুরু হয়। এই মনোভঙ্গির কারণে ক্ষমতাকাঠামোয় যে শূন্যতা সৃষ্টি হয়, তা পূরণ করে সুন্নি জঙ্গিরা, আর শেষমেশ ইসলামিক স্টেট।
সিরিয়ার বেলায় এর অর্থ হলো, বাশারের আলাউইট গোষ্ঠীসহ বিদ্যমান রাষ্ট্রের কিছু অংশকে এই বৃহৎ জোটের মধ্যে আনতে হবে, তার সঙ্গে থাকবে বিরোধী ও কুর্দিরা। বিভিন্ন দল ও গোষ্ঠীর এমন প্রতিনিধিত্ব ছাড়া সিরীয় সরকার সন্ত্রাসীদের হারানোর আশা করতে পারে না, তারা দেশকে আরও স্থিতিশীল ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে না।
এমন একটি সমাধান-প্রস্তাব বাস্তবায়ন করা অবশ্যই সহজ হবে না, তবে সেটা যে সংশ্লিষ্ট বিদেশি শক্তিদের মধ্যকার তীব্র বিভাজনের কারণে ঘটবে, ব্যাপারটা মোটেও তা নয়। রাশিয়ার মতো ইরানও বাশারের সরকারকে সমর্থন করে, তবে ইরান যেকোনো ধরনের সমাধানের জন্য গুরুত্বপূর্ণ। তা ছাড়া, বাশারকে গদিনশিন রাখা হবে, এমন কোনো সমাধান প্রস্তাবে সৌদি আরব, কাতার বা তুরস্ক সমর্থন দেবে না।
এই অচলাবস্থা চলতে পারে না। সৌভাগ্যবশত, সেটাকে এভাবে চলতে হবে না। সব পক্ষ আলোচনার টেবিলে বসলে সংকটের সমাধান হবে। হ্যাঁ, এভাবেই সংকটের সমাধান হয়। এখন সিরিয়ায় এটাই হওয়া উচিত।
ইউরোপীয় নেতৃত্ব সে ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এটা করতে গেলে ইউরোপীয় ইউনিয়নের সদস্যদেশগুলোকে একই অবস্থানে থাকতে হবে। তাদের উচিত হবে, সিরিয়ায় শান্তি আনার জন্য নিযুক্ত জাতিসংঘের সিরিয়া–বিষয়ক বিশেষ দূত স্টেফান দে মিসতুরাকে সমর্থন দেওয়া, যাতে তিনি সংশ্লিষ্ট সব পক্ষ অর্থাৎ ইইউ, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইরান ও সৌদি আরবকে নিয়ে এ লক্ষ্যে কাজ করতে পারেন।
ভালো হয় যদি এই প্রক্রিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি সদস্য দেশ (চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য) এবং জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নকে দিয়ে শুরু করা যায়। এই দেশগুলো সম্প্রতি নিজেদের মধ্যকার তীব্র মতপার্থক্য দূর করে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তিতে আসতে পেরেছে, ফলে সিরিয়ার রাজনৈতিক সমাধান খোঁজার জন্য এই ফোরামটি যথোপযুক্ত হতে পারে। পরবর্তীকালে অন্যান্য গুরুত্বপূর্ণ দেশও আলোচনায় যুক্ত হতে পারে, যেমন: সৌদি আরব, ইরান ও তুরস্ক।
সিরিয়ার হাতে সময় নেই। অনেক দিন হয়ে গেল, দেশটির জনগণ নৃশংসতা ও দাঙ্গা-হাঙ্গামার মধ্যে আটকা পড়ে আছে, দেশান্তরি হলেও খুব বেশিসংখ্যক দেশে গিয়ে তারা স্বস্তি পাবে না। সিরীয় জনগণকে অতি বিপজ্জনক পথে ভ্রমণের জন্য ঠেলে দেওয়া হচ্ছে।
জাতিসংঘের ৭০তম অধিবেশন চলছে, আলোচনার জন্য কার্যকর পদক্ষেপ না নিয়ে বা কার্যকর সমাধান খুঁজে বের না করে এই অধিবেশনের কার্যক্রম শেষ হতে পারে না। ইইউর তাড়া খেয়ে পৃথিবীর উচিত হবে সিরিয়ায় শান্তি স্থাপনের জন্য কাজ করা, আর তাকে এমন শক্তিশালী রাষ্ট্রে পরিণত করা, যাতে সে পরবর্তীকালে শান্তি নিশ্চিত করতে পারে।

ইংরেজি থেকে অনুবাদ: প্রতীক বর্ধন
স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট
হাভিয়ের সোলানা: ন্যাটোর সাবেক মহাসচিব।