এ বছর পেরুতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড (আইএমএফ) বা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বার্ষিক সম্মেলনে একটি প্রশ্ন বারবার ঘুরেফিরে এসেছে: চীনের অর্থনীতির শ্লথগতির কারণে কি পৃথিবীতে নতুন একটি আর্থিক সংকট সৃষ্টি হবে, যখন সে কেবল আগের মন্দার ধাক্কা কাটিয়ে উঠতে শুরু করেছিল? কিন্তু এই প্রশ্নের অন্তর্নিহিত পূর্বানুমান হচ্ছে, চীন এখন বৈশ্বিক অর্থনীতির দুর্বলতম গ্রন্থি, তবে এ কথাটি নিশ্চিত করে বলা যাবে না।
চীন নিশ্চিতভাবে তিনটি কারণে খুবই টালমাটাল একটি গ্রীষ্ম পার করেছে। সে অর্থনৈতিক দুর্বলতা ও আর্থিক আতঙ্কের মধ্যে পতিত হয়েছে, এসব সমস্যা মোকাবিলায় নীতিগত পদক্ষেপ নিয়েছে। এককভাবে কেউ বিশ্ব অর্থনীতিকে হুমকির মুখে ফেলতে পারে না। কিন্তু দেশগুলো নিজেদের অবস্থার উন্নয়ন করতে একে অপরের সঙ্গে যে মিথস্ক্রিয়ায় জড়িয়ে পড়ে, সে কারণে বিপদ সৃষ্টি হতে পারে। দেখা যায় অর্থনৈতিক তথ্য-উপাত্ত দুর্বল হলে অর্থবাজারের জগৎ টালমাটাল হয়ে যায়, যে কারণে আবার নীতিগত ভুল হয়, সেখান থেকে আরও আতঙ্ক সৃষ্টি হয়, অর্থনৈতিক দুর্বলতা দেখা দেয় এবং নীতিগত ভুলভ্রান্তি হয়।
সাধারণ ব্যবসা–বাণিজ্যের চেয়ে অর্থবাজারে কোনো সমস্যা সৃষ্টি হলে সেটা বেশি দ্রুতগতিতে ছড়িয়ে পড়ে, ২০০৮-০৯ সালে পৃথিবী যা শিখেছিল। এখন প্রশ্ন হলো, এই গ্রীষ্মে চীনে যে দুষ্টচক্র তৈরি হয়েছে, তার পরিধি কি বাড়তেই থাকবে? এর যুক্তিসম্মত
উত্তর দিতে হলে অর্থ ব্যবস্থাপনায় সচেতনতা ও অর্থনৈতিক বাস্তবতার মধ্যে পার্থক্য করতে হবে। এই যে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির চাকা শ্লথ হয়ে গেল, সেটা কিন্তু বিস্ময়কর বা আশঙ্কাজনক নয়। আইএমএফের পর্যবেক্ষণে ধরা পড়েছে, গত পাঁচ বছরে চীনের প্রবৃদ্ধির হার ধারাবাহিকভাবে কমেছে: ২০১০ সালে ছিল ১০ শতাংশ, আর ২০১৬ সালের প্রক্ষেপিত হার হচ্ছে ৬ দশমিক ৩ শতাংশ।
চীনের এই অধোগতি কিন্তু অনিবার্যই ছিল, কারণ বহির্বাণিজ্য ও ভোক্তা ব্যয়ের মাধ্যমেই চীন চরম দরিদ্র ও প্রাযুক্তিকভাবে পশ্চাৎপদ একটি দেশ থেকে মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে। এই দ্রুত প্রবৃদ্ধির জন্য পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছিল, ফলে এটা প্রত্যাশিতও ছিল।
তবে অর্থনীতির এই অধোগতি সত্ত্বেও চীন আগের চেয়ে বিশ্ব অর্থনীতিতে বেশি অবদান রাখছে, কারণ আজ দেশটির মোট দেশজ উৎপাদনের পরিমাণ ১০ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারের, ২০০৫ সালে যেটা ছিল ২ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারের। ফলে সাধারণ পাটিগণিতের হিসাব করলেই ব্যাপারটা বোঝা যায়। ২ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি যদি ১০ শতাংশ হারে বাড়ে, আর ১০ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি যদি ৬ বা ৭ শতাংশ হারে বাড়ে, তাহলে তো শেষেরটির আকারই বড়। আর সে কারণেই চীনের প্রাকৃতিক সম্পদ ব্যবহারের পরিমাণও বাড়বে।
তারপরও চীন উদীয়মান দেশগুলোর মধ্যে ব্যাপক উদ্বেগ-উৎকণ্ঠা সৃষ্টি করছে। এর মূল কারণ হচ্ছে, অর্থবাজারগুলো এ ব্যাপারে নিশ্চিত যে চীনের অর্থনীতি শুধু ছোটই হচ্ছে না, সেটা খাদের কিনার থেকে পড়ে গেছে। পশ্চিমের বিশেষজ্ঞরা, বিশেষ করে আর্থিক প্রতিষ্ঠানের বিশ্লেষকেরা মনে করেন, চীনা সরকার যে বলে দেশটির জিডিপি প্রবৃদ্ধির হার ৭ শতাংশ, সেটা নাকি রাজনৈতিক ধাপ্পাবাজি।
আবার আইএমএফ যে সম্প্রতি নিশ্চিত করেছে, চীনের প্রবৃদ্ধির হার ৬ দশমিক ৮ শতাংশের মতো, তাতেও
>সংক্ষেপে বললে, চীনের অর্থনৈতিক ব্যবস্থাপনা কয়েক মাস আগের মতো অতটা লেজে গোবরে মনে হচ্ছে না। এমনকি তারা হয়তো আর্থিক ধসও এড়াতে পারবে, লোকে যেটা এই গ্রীষ্মে ধারণা করেছিল। সেটা হলে চীনের অর্থনীতির সঙ্গে যুক্ত অন্য দেশগুলোও স্থিতিশীল হবে
তারা আস্থা রাখতে পারছে না। তারা ইস্পাত, কয়লা ও নির্মাণকাজের পরিসংখ্যানের দিকে আঙুল তুলেছে, চীনের বিভিন্ন অঞ্চলেই এ পরিসংখ্যানের গতি নিম্নমুখী, রপ্তানির প্রবৃদ্ধিও আগের চেয়ে অনেক কম।
পুঁজিপতি জর্জ সরোস ‘রিফ্লেক্সিভিটির’ ধারণা দিয়েছেন। তিনি বহু বছর ধরে বলে আসছেন, আর্থিক বাজার ভুল প্রত্যাশা তৈরি করে এবং তথ্যগত পরিবর্তন ঘটিয়ে তার সঙ্গে মিলিয়ে নেয়। অথচ অর্থনৈতিক মডেল ও পাঠ্যবই ঠিক এর উল্টো কথা বলে: আর্থিক প্রত্যাশা সব সময় বাস্তবতার সঙ্গে পরিবর্তিত হয়, এর উল্টোটা নয়।
রিফ্লেক্সিভিটির একটি ধ্রুপদি উদাহরণ দেওয়া যাক। ফুলেফেঁপে ওঠা চীনের স্টক বাজার যখন জুলাইয়ে এসে ধপ করে পড়ে গেল, তখন সরকার ২০০ বিলিয়ন ডলার দিয়ে শেয়ারের মূল্য ঠিক রাখার চেষ্টা করেছে, আর তারপর রেনমিনবির মূল্য সামান্য কমায়, যেটা আগে স্থিতিশীল ছিল। পৃথিবীজুড়েই আর্থিক বিশ্লেষকেরা এই নীতি নিয়ে হাসি-ঠাট্টা করেছেন, আর চীনা সরকার যে ইতিপূর্বে বাজার সংস্কারের ভান ধরত, সেটা পরিত্যাগ করায় চীনা নেতাদের তাঁরা তীব্র সমালোচনা করেছেন।
এই বিশ্বাস দ্রুতই বাস্তবতাকে গড়েপিটে দিয়েছে। কারণ বাজার-বিশ্লেষকেরা প্রবৃদ্ধির নিম্নগতি ও অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে যে ভেদরেখা রয়েছে, তা মুছে দিয়েছেন। এর মধ্যে সেপ্টেম্বরে বেসরকারি খাতের পারচেজিং ম্যানেজার্স ইনডেক্সের (পিএমআই) ফলাফল যখন ৪৭–এ এল, তখন সেটাকে এভাবে প্রকাশ করা হলো: ‘এই সূচক থেকে বোঝা যায়, টানা সাত মাস উৎপাদন খাতের সংকোচন ঘটেছে।’
বস্তুত, চীনের উৎপাদন খাত সে সময় ৫ থেকে ৭ শতাংশ হারে বড় হয়েছে। অনুমিত সাক্ষ্য-প্রমাণ ভুল ছিল, কারণ পিএমআইয়ের ফলাফল ৫০ হলে সেটা প্রবৃদ্ধি ও মন্দার মধ্যকার ভেদরেখা নয়, সেটা দ্রুত ও শ্লথগতির মধ্যকার ভেদরেখা। দেখা গেছে, যে ৩৬ মাস ধরে পিএমআই করা হচ্ছে, তার মধ্যে ১৯ মাসেই এর মান ৫০-এর নিচে থেকেছে, আর সে সময় চীনের উৎপাদন খাত বেড়েছে ৭ দশমিক ৫ শতাংশ হারে।
এ ধরনের অতিরঞ্জনের ফলে এক বিশেষ সময়ে চীনের নীতিতে আস্থা রাখা কঠিন হয়েছে। চীন এখন জটিল অর্থনৈতিক পরিবর্তনের মুখে রয়েছে, যার লক্ষ্য তিনটি, যেগুলো আবার কখনো কখনো সাংঘর্ষিক: বাজারভিত্তিক ভোক্তা অর্থনীতি গড়ে তোলা, আর্থিক ব্যবস্থার সংস্কার ও এক শৃঙ্খলিত মন্দা নিশ্চিত করা, যেটা অর্থনৈতিক বিপর্যয় এড়াতে পারবে, যার সঙ্গে কখনো থাকবে শিল্প পুনর্গঠন ও আর্থিক উদারীকরণ। এই বাজি ঠিকঠাক ব্যবস্থাপনা করতে হলে দক্ষতার সঙ্গে একেক সময় একেক অগ্রাধিকার নির্ধারণ করতে হবে।
অর্থনৈতিক অস্থিতিশীলতার দুষ্টচক্র, অবমূল্যায়ন ও পুঁজি স্থানান্তরের কারণে ইতিহাসে অনেক সরকারের পতন হয়েছে। অথচ একসময় মনে হয়েছে, এদের কোনো দিন পতন ঘটবে না। এ কারণেই বোধহয় চীনে এমন আতঙ্ক সৃষ্টি হয়েছিল যে তারা সামান্য পরিমাণে হলেও রেনমিনবির অবমূল্যায়ন করেছে।
রেনমিনবি সম্প্রতি স্থিতিশীল হয়েছে, পুঁজি স্থানান্তর কমেছে। অক্টোবরের ৭ তারিখে পিপলস ব্যাংক অব চায়না যে পরিসংখ্যান প্রকাশ করেছে, তাতে সেটা পরিষ্কার হয়েছে। এই পরিসংখ্যান লোকের প্রত্যাশার চেয়েও ভালো। এতে বোঝা যায়, চীনা সরকার যে বাজারভিত্তিক বিনিময় হার নির্ধারণের নীতি নিয়েছে, তা হয়তো সাধারণ ধারণার চেয়েও ভালোভাবে কার্যকর হয়েছে। এমনকি স্টক বাজারকে সমর্থন করার জন্য যে পদক্ষেপ নেওয়া হয়েছিল, এখন তা জুলাইয়ের মতো অতটা বৃথা মনে হচ্ছে না।
সংক্ষেপে বললে, চীনের অর্থনৈতিক ব্যবস্থাপনা কয়েক মাস আগের মতো অতটা লেজে গোবরে মনে হচ্ছে না। এমনকি তারা হয়তো আর্থিক ধসও এড়াতে পারবে, লোকে যেটা এই গ্রীষ্মে ধারণা করেছিল। সেটা হলে চীনের অর্থনীতির সঙ্গে যুক্ত অন্য দেশগুলোও স্থিতিশীল হবে।
২০০৮ সালের পর পৃথিবী শিখেছে, আর্থিক প্রত্যাশা কেমন বিপজ্জনকভাবে নীতিগত ভুলের দিকে ধাবিত হতে পারে, যার কারণে সাধারণ অর্থনৈতিক সমস্যা বড় বিপর্যয়ে পর্যবসিত হতে পারে। সেবার প্রথম আক্রান্ত হয়েছিল যুক্তরাষ্ট্র, তারপর ইউরোজোন। চীনের কমিউনিস্ট নেতারা যদি পশ্চিমের মুক্তবাজারের পূজারিদের চেয়ে পুঁজিবাদের মধ্যকার অর্থায়ন, বাস্তব অর্থনীতি ও সরকারের রিফ্লেক্সিভ আন্তক্রিয়ার ধরনটা ভালো বুঝতে পারেন, তাহলে কথাটা বক্রোক্তির মতোই শোনাবে।
ইংরেজি থেকে অুনবাদ: প্রতীক বর্ধন
স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট
আনাতোলে কালেতস্কি: গ্যাভকেল ড্রাগোনমিক্সের প্রধান অর্থনীতিবিদ।