
বব ডিলান সাহিত্যে ২০১৬ সালের নোবেল পুরস্কার পাওয়ায় বেশ হইচই চলছে। আমজনতার মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন এমন শিল্পীদের নোবেল পুরস্কার পাওয়ার ঘটনা বিরল। তা ছাড়া যদিও অন্যান্য ক্ষেত্রের নোবেল পুরস্কারগুলো প্রায়ই আমেরিকানদের ভাগেই যায়, তবু সাহিত্যের নোবেলটা কোনো আমেরিকান সর্বশেষ পেয়েছেন সেই ১৯৯৩ সালে, তিনি ঔপন্যাসিক টনি মরিসন। উপরন্তু নিউইয়র্ক টাইমসের ভাষায়, ‘সম্মানটা এই প্রথমবারের মতো পেলেন একজন সংগীতশিল্পী।’
কিন্তু যেভাবে বব ডিলান গুনগুনিয়ে গেয়ে উঠতে পারেন, ‘যে মুহূর্তগুলোতে ওরা ভুল করে।’ অবশ্য বব ডিলানের আগেও, এক শ বছরেরও বেশি আগে, এই পুরস্কার পেয়েছেন এক বাঙালি সাহিত্য-মহারথী, যিনি সম্ভবত বব ডিলানের চেয়েও বেশি গান রচনা করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর, বহুমুখী প্রতিভার অধিকারী ভারতবর্ষীয় কবি, চিত্রকর ও সংগীতকার, পুরস্কারটি গ্রহণ করেছিলেন ১৯১৩ সালে। সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী প্রথম সংগীতকার (এবং প্রথম অন-ইউরোপীয়) রবীন্দ্রনাথ ঠাকুরের শিল্পকুশলতা ও দীর্ঘস্থায়ী প্রভাব যেন প্রতিভাত হয়ে উঠেছে বব ডিলানের মধ্যে।
বাংলার রেনেসাঁ-মানব
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালে, এক ধনী পরিবারে। সারা জীবন তিনি বাংলাতেই কাটিয়েছেন; ভারতের পূর্বাঞ্চলীয় ওই রাজ্যটির রাজধানী কলকাতা। সেলুলয়েড ফিল্ম উদ্ভাবনের আগে জন্মগ্রহণকারী রবীন্দ্রনাথ ভারতবর্ষের আধুনিক যুগে প্রবেশের নিবিড় পর্যবেক্ষক ছিলেন; তাঁর সৃষ্টিকর্মের অধিকাংশই সেই সময়ের নতুন নতুন মাধ্যম ও বিভিন্ন সংস্কৃতির দ্বারা প্রভাবিত ছিল।
আজকের বব ডিলান যেমন, সেদিনের রবীন্দ্রনাথ ঠাকুরও তেমনি ছিলেন স্বশিক্ষিত। দুজনেই জড়িয়ে ছিলেন সমাজ পরিবর্তনের অহিংস আন্দোলনের সঙ্গে। রবীন্দ্রনাথ ছিলেন ভারতীয় স্বাধীনতাসংগ্রামের সমর্থক এবং মহাত্মা গান্ধীর বন্ধু; বব ডিলান তাঁর গানগুলোর একটা বড় অংশই লিখেছিলেন ১৯৬০ দশকের প্রতিবাদী আন্দোলনের পক্ষে। দুজনেই বহুমুখী প্রতিভাধর শিল্পী: লেখক, সংগীত রচয়িতা, ভিজ্যুয়াল আর্টিস্ট (চিত্রকলা) এবং তাঁদের গান ও সংগীত ব্যবহৃত হয়েছে চলচ্চিত্রে (বব ডিলান একজন চলচ্চিত্রকারও)।
নোবেল কর্তৃপক্ষের ওয়েবসাইটে লেখা হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর যদিও শিল্পের বহু শাখায় কাজ করেছেন, তিনি ছিলেন প্রধানত কবি; কবিতা, নাটক, ছোটগল্প ও উপন্যাস মিলিয়ে তাঁর প্রকাশিত সাহিত্যকর্ম ৫০ খণ্ড ছাড়িয়ে গেছে। কিন্তু নোবেল কমিটির ওই বক্তব্যের শেষ বাক্যটিতে পৌঁছার আগ পর্যন্ত রবীন্দ্রনাথের সংগীতের কোনো উল্লেখ পাওয়া যায় না। শেষ বাক্যে বলা হয়েছে, তিনি ‘লিখে গেছেন...গানও, যেগুলোর জন্য সুর তিনি নিজেই করে গেছেন,’ ব্যাপারটা যেন এমন যে তাঁর অত্যন্ত প্রিয় এই সৃষ্টিকর্ম তাঁর পরবর্তী কালের ভাবনা ছাড়া আর কিছুই ছিল না। কিন্তু দুই হাজারেরও বেশি গানের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর সংগীত-জগৎকে যা দিয়ে গেছেন, শুধু সেটাই অত্যন্ত মনোমুগ্ধকর। তাঁর অনেক গান এখনো চলচ্চিত্রে ব্যবহৃত হচ্ছে, আর তাঁর লেখা গানগুলোর মধ্যে তিনটি জাতীয় সংগীত হিসেবে বেছে নিয়েছে তিনটা দেশ—ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এটা তাঁর অতুলনীয় এক অর্জন।
আজকের দিনে গান রচয়িতা হিসেবে রবীন্দ্রনাথের গুরুত্ব তর্কাতীত। ইউটিউবে ‘রবীন্দ্রসংগীত’ লিখে রবীন্দ্রনাথের গানের সন্ধান করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার বার। রবীন্দ্রনাথ যদিও ভারতবর্ষে সংগীত জগতের একজন আইকন ছিলেন এবং এখনো আছেন, তাঁর সৃজনকর্মের এই দিকটা পশ্চিমা জগতে স্বীকৃতি পায়নি। সম্ভবত এই কারণে ১৯১৩ সালের নোবেল কমিটির ওপর সংগীতের কোনো প্রভাব পড়েনি; কমিটির সভাপতি হারাল্ড হিয়ার্নির প্রেজেন্টেশন স্পিচ বা উপস্থাপনা বক্তৃতা থেকে সেটাই মনে হয়। বস্তুতপক্ষে সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণার সময় ‘সংগীত’ শব্দটা কখনো ব্যবহার করা হয় না। তবে লক্ষণীয় বিষয় হলো, হিয়ার্নি বলেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের যে কর্ম নির্বাচকমণ্ডলীর মনোযোগ বিশেষভাবে আকর্ষণ করেছিল, তা ছিল ১৯১২ সালে প্রকাশিত কবিতা সংকলন গীতাঞ্জলি: সং অফারিংস।
ডিলান: শুধুই গানের জন্য
এমন হতে পারে যে বব ডিলান অত্যন্ত বিলম্বে নোবেল পুরস্কার পেলেন—এই ভাবনার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছে এই ভাবনা যে সংগীতশিল্পী হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের গুরুত্ব নোবেল কর্তৃপক্ষ খাটো করে দেখেছিল। অর্থাৎ গানকে সাহিত্যের অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে একধরনের অস্বস্তি কাজ করেছে।
জনশ্রুতি আছে, বব ডিলান সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য প্রথম মনোনীত হয়েছিলেন ১৯৯৬ সালে। এটা যদি সত্য হয়, তাহলে এর মানে এই অনন্যসাধারণ গীতিকারকে সম্মানিত করার ভাবনাটি নিয়ে নোবেল কমিটিগুলোর মধ্যে লড়াই চলেছে গত দুই দশক ধরে। রোলিং স্টোন বব ডিলানের নোবেল পুরস্কারপ্রাপ্তিকে বলেছে ‘যে ব্যক্তি লর্ড অব দ্য ফ্লাইজ লিখেছেন, তাঁকে (উইলিয়াম গোল্ডিং) পুরস্কার দেওয়ার পর থেকে এ পর্যন্ত সবচেয়ে বিতর্কিত পুরস্কার (বব ডিলানের); গোল্ডিংয়েরটা বিতর্কিত হয়েছিল শুধুই এ কারণে যে তাঁকে পুরস্কারটা দেওয়া হয়েছিল গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের ঠিক পরের বছর। ১৯৮২ সালে মার্কেসের নোবেল পুরস্কার বিজয় প্রভূত জনসমর্থন লাভ করেছিল।
রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার ঘোষণায় তাঁর গানকে বলা হয়েছিল পরবর্তীকালের ভাবনা; কিন্তু বব ডিলানের পুরস্কার ঘোষণায় পরিষ্কারভাবে বলা হয়েছে যে সাহিত্যক্ষেত্রে তাঁর নানা অবদান থাকা সত্ত্বেও তাঁকে এই পুরস্কার দেওয়া হচ্ছে তাঁর সংগীতের জন্য। বিতর্কটা এখানেই: কেউ বলছেন তাঁকে এই পুরস্কার দেওয়া উচিত হয়নি; বলছেন যে তিনি পপ কালচারের একজন আইকন, যিনি গান লিখেছেন—এটাই তাঁর সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়ার ক্ষেত্রে অযোগ্যতা। কিন্তু অনেক মহৎ সাহিত্যিক ব্যক্তিত্বের মতোই বব ডিলান একজন বিদ্বান; তাঁর গানগুলোতে সেই সব মানুষের নাম রয়েছে প্রচুর, যাঁরা তাঁর আগে এসেছিলেন; হয় ‘ডেসোলেশন রৌ’র এজরা পাউন্ড ও টিএস ইলিয়ট, নয় ‘আই ফিল আ চেঞ্জ কামিং অন’-এর জেমস জয়েস।
আমরা কেন ববের মতো হয়ে ববকে নিয়ে উৎসব করব না? অজানা, মহৎ, ঐতিহাসিক গুরুত্ববহ কিছু পড়ব না? রবীন্দ্রনাথের সবচেয়ে বিখ্যাত কবিতা সংকলন গীতাঞ্জলি কবির নিজেরই করা ইংরেজি অনুবাদে পাওয়া যায়। উইলিয়াম বাটলার ইয়েটসের একটা ভূমিকাও আছে সে বইতে (ইয়েট সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন ১৯২২ সালে)। আর রবীন্দ্রনাথের সবচেয়ে প্রশংসিত গানগুলোর এক বিশাল ভান্ডার এখন ইউটিউব (“Rabindra Sangeet” লিখে সার্চ করতে হবে)।
সংগীতপ্রেমিকদের অনেকেই দীর্ঘ সময় ধরে আশা করে আসছেন যে সাহিত্যের পরিধি হয়তো একটু বাড়িয়ে সেখানে গানকেও জায়গা দেওয়া হবে। বব ডিলানের সাহিত্যে নোবেলপ্রাপ্তি তাঁদের এই আশাবাদের পক্ষে একটা নিশ্চিত সমর্থন, সেই সঙ্গে আমরা যদি মনে রাখি যে এই ক্ষেত্রে তিনিই প্রথম নন, তাহলে সামনের বছরগুলোতে আরও আরও সংগীতশিল্পীর নোবেল পুরস্কার বিজয়ের পথ উন্মুক্ত হবে।
যুক্তরাষ্ট্রের ওয়েব পোর্টাল দ্য কনভারসেশন ডট কম থেকে নেওয়া, ইংরেজি থেকে অনূদিত।
অ্যালেক্স লুবেট: যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিনেসোটার সংগীতের অধ্যাপক।