যুক্তরাষ্ট্রের তিনটি শহরে সাম্প্রতিক কালে পুলিশের হাতে তিনজন কৃষ্ণাঙ্গ মানুষের মৃত্যু এবং এর দুটি ক্ষেত্রে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের অভিযুক্ত না করার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন শহরে যে বিক্ষোভ চলছে এবং বিভিন্ন ধরনের সমাবেশ হচ্ছে, তার অন্তত তিনটি কারণ সহজেই চিহ্নিত করা যায়।
সেই কারণগুলো বোঝার জন্য গোড়াতে আমরা ঘটনাগুলো স্মরণ করতে পারি। গত ১৭ জুলাই নিউইয়র্কের স্ট্যাটান আইল্যান্ড এলাকায় রাস্তায় এরিক গার্নারকে পুলিশ খোলা সিগারেট বিক্রির অভিযোগে আটকের চেষ্টা চালানোর সময় তাকে শ্বাসরোধ করলে সে মারা যায়। একজন পথচারীর মুঠোফোনে তোলা ভিডিওতে দেখা যায়, পুলিশ কর্মকর্তা ডেনিয়াল পান্টালিও গার্নারকে শ্বাসরোধের মতো করে শ্বাসনালিতে চাপ দিচ্ছে। চিকিৎসকেরা একে হত্যা বলে বর্ণনা করলেও ৩ ডিসেম্বর গ্র্যান্ড জুরি পুলিশ কর্মকর্তাকে অভিযুক্ত না করার সিদ্ধান্ত নেন। মিজৌরি অঙ্গরাজ্যের রাজধানী সেন্ট লুইসের সামান্য দূরে ফার্গুসন শহরে গত ৯ আগস্ট পুলিশ কর্মকর্তা ড্যারেন উইলসন ১৮ বছর বয়সী মাইকেল ব্রাউনকে গুলি করলে সে নিহত হয়। নিরস্ত্র ব্রাউনকে হত্যার জন্য পুলিশ কর্মকর্তা উইলসনকে অভিযুক্ত করা হবে কি না, সে বিষয়ে স্থানীয় গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত জানা যায় গত ২০ নভেম্বর। তাঁরা উইলসনকে অভিযুক্ত না করার সিদ্ধান্ত নেন। ২৩ নভেম্বর ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ড শহরে ১২ বছর বয়সী তামির রাইসের হাতের খেলনা পিস্তল দেখে পুলিশ কোনো রকম দেরি না করেই গুলি ছুড়লে শিশুটি নিহত হয়।
ফার্গুসন শহরে মাইকেল ব্রাউন নিহত হওয়ার পর এক দফা এবং গ্র্যান্ড জুরির সিদ্ধান্তের পর আরেক দফা দাঙ্গা-হাঙ্গামার ঘটনা ঘটে। তার কিছু প্রতিক্রিয়া রাজ্যের বাইরে পড়লেও বিক্ষোভ ততটা ছড়িয়ে পড়েনি। কিন্তু এরিক গার্নারের মৃত্যুর জন্য পুলিশ কর্মকর্তাকে অভিযুক্ত না করার ঘোষণা আসার পর থেকেই দেশের বিভিন্ন বড় শহরে শুরু হয়েছে বিক্ষোভ। কয়েক দিন ধরেই চলছে এই শান্তিপূর্ণ প্রতিবাদ। স্মরণ করা দরকার, এই তিনটি ঘটনা নিয়ে আলোচনা ও প্রতিবাদ হলেও গত কয়েক দিনে পুলিশের হাতে নিহত হওয়ার যে কেবল এই তিন ঘটনাই ঘটেছে তা নয়; এ রকম ঘটনা ঘটছে অহরহ। এমনকি এরিক গার্নারের মৃত্যুর ঘটনায় যখন প্রতিবাদ চলছে, সেই সময়ে ৪ ডিসেম্বর অ্যারিজোনার ফিনিক্স শহরে পুলিশের হাতে মারা গেছে ৩৪ বছর বয়সী রুমাইন ব্রিসবন।
এসব ঘটনার মধ্যে সবচেয়ে বড় মিল হচ্ছে, প্রতিটি ক্ষেত্রে পুলিশ কর্মকর্তা শ্বেতাঙ্গ এবং নিহত ব্যক্তিটি কৃষ্ণাঙ্গ। এখন সারা দেশে যে ক্ষোভের ঝড়, তার প্রধান একটি দিক হলো এই বর্ণপার্থক্য। দেশের কৃষ্ণাঙ্গ মানুষের এক বড় অংশই মনে করছে, কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীই নয়, এমনকি বিচারব্যবস্থাও, বিশেষত গ্র্যান্ড জুরি-ব্যবস্থা, তাদের জীবন ও অধিকার সুরক্ষা করতে পারছে না। ফার্গুসনের ঘটনার পর যেসব জনমত জরিপ হয়েছিল, তাতে এটা স্পষ্টভাবেই উঠে এসেছিল যে বিচার ও আইনি ব্যবস্থার প্রতি কৃষ্ণাঙ্গদের আস্থা কম (এ বিষয়ে আমার আগের আলোচনা দেখুন ‘আমেরিকান রাষ্ট্র ও সমাজের গভীর ক্ষত’, প্রথম আলো, ২৩ আগস্ট ২০১৪)। পুলিশের বিষয়ে এই ধারণার কারণ বুঝতে এটাই যথেষ্ট যে গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের কাছে যেসব উপাত্ত আছে, সে অনুযায়ী ২০০৫ থেকে ২০১২ সাল পর্যন্ত সাত বছরে প্রতি সপ্তাহে গড়ে প্রায় দুটি ঘটনা ঘটেছে, যেখানে একজন শ্বেতাঙ্গ পুলিশ একজন কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যা করেছে। ফলে এখন আমরা যে ব্যাপক আকারের বিক্ষোভ দেখতে পাচ্ছি, তার একটি কারণ হলো পুলিশের বর্ণবাদী আচরণ। কৃষ্ণাঙ্গ ও সংখ্যালঘুদের মধ্যে এই ধারণা জোরদার হয়েছে যে পুলিশ তাদের বিরুদ্ধে বর্ণবাদী আচরণ করে। এখন বিচার বিভাগ, বিশেষ করে গ্র্যান্ড জুরি-ব্যবস্থাকে, কার্যত অকার্যকর বলেই তাঁদের ধারণা বদ্ধমূল হচ্ছে। কৃষ্ণাঙ্গদের জীবনের অধিকার ও নাগরিক অধিকার রক্ষার জন্যই এখনকার এই বিক্ষোভ। একে কেবল ইদানীং কয়েকটি মৃত্যুর ঘটনার প্রতিবাদ মনে করলে বড় ধরনের ভুল হবে।
স্বতঃস্ফূর্ত এই আন্দোলন, যার কোনো কেন্দ্রীয় নেতৃত্ব নেই, সংগঠন নেই, তাতে সমাজের বিভিন্ন অংশের, বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ এসে যুক্ত হয়েছে, তা কেবল সমাজ ও প্রতিষ্ঠানে বিরাজমান বর্ণবাদী প্রবণতার বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশের জন্যই নয়; তার আরেক কারণ পুলিশি নিপীড়নের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ। গত এক দশকে যুক্তরাষ্ট্রে পুলিশি নিপীড়ন আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। তার একটা উদাহরণ হলো ওহাইওর ক্লিভল্যান্ড শহরের পুলিশ বিভাগের বিষয়ে কেন্দ্রীয় সরকারের আইন মন্ত্রণালয়ের করা একটি তদন্ত প্রতিবেদন। সম্প্রতি প্রকাশিত এই ৫৯ পৃষ্ঠার প্রতিবেদনটি তৈরি হয়েছে কয়েক মাস ধরে তদন্তের পর। সেখানে স্পষ্ট করেই বলা হয়েছে যে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের ঘটনা নিয়মিতভাবে ঘটে এবং সে জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। পুলিশি অত্যাচারের শিকার যারা হয়, তাদের এক বড় অংশ সংখ্যালঘু নাগরিক। কিন্তু এটি যে যেকোনো নাগরিকের মৌলিক অধিকার পরিপন্থী, সেটাই এই বিক্ষোভে নাগরিক অধিকার সংগঠনের কর্মীদের যুক্ত হওয়ার দ্বিতীয় কারণ। পুলিশের জবাবদিহির অভাব, দায়িত্ব পালনের ক্ষেত্রে তাদের ব্যর্থতার বিষয়টি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।
তৃতীয় কারণটি হলো সমাজে ক্রমবর্ধমান দারিদ্র৵ ও বৈষম্য। এ বছরের মাঝামাঝি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেন্টার অন পোভার্টি অ্যান্ড ইনিকুয়ালিটি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রে আয়ের বৈষম্য গত তিন দশকের মধ্যে এখন সবচেয়ে বেশি। ২০০৮ সালে অর্থনৈতিক সংকট শুরু হওয়ার পর দেশে বেকারত্বের হার বৃদ্ধি পায়; এখন বেকারত্বের হার কমেছে, কিন্তু তাতে করে সমাজের সবাই যে সমানভাবে লাভবান হচ্ছে, তা নয়। ২০১১ সালে ‘অকুপাই’ আন্দোলনের প্রধান বিষয় ছিল এই বৈষম্য। তাদের আন্দোলনের ফলে এ নিয়ে সচেতনতা বৃদ্ধি পেয়েছে, বড় ব্যাংক ও বিমা কোম্পানির ওপরে খানিকটা নিয়ন্ত্রণ আরোপিত হয়েছে, কিন্তু তাতে করে সামগ্রিক অবস্থার পরিবর্তন ঘটেনি। ফলে সমাজে ক্ষোভ থেকেই গেছে। তারই প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি এই বিক্ষোভের মধ্যে।
অনেকের মনেই হয়তো প্রশ্ন উঠবে, এই বিক্ষোভের ফলে কত দূর পরিবর্তন ঘটবে, ইতিমধ্যে নিউইয়র্কের মেয়র বা কেন্দ্রীয় সরকারের বিচার বিভাগ পুলিশি ব্যবস্থায় যেসব পরিবর্তনের কথা বলেছে, তা যথেষ্ট কি না। কেবল প্রশাসনিক ব্যবস্থার মধ্য দিয়ে সব কটি সমস্যার সমাধান করা যাবে, তা মনে করার কারণ নেই। তবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অন্তত এরিক গার্নারের মৃত্যুর ঘটনার যথাযথ তদন্ত এবং দায়ী ব্যক্তিদের শাস্তি বিধানের জন্য পদক্ষেপ না নিলে এই ক্ষোভ প্রশমিত হবে না, এমনকি যদি বিক্ষোভকারীরা ঘরেও ফিরে যায়।
সব বিক্ষোভের ফলে সমাজে ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থায় অতি দ্রুত নাটকীয় পরিবর্তনের আশা করা বাস্তবোচিত নয়। কিন্তু তার অর্থ এই নয় যে এসব বিক্ষোভের কোনো প্রতিক্রিয়া হবে না। ইতিমধ্যেই এসব ঘটনা যে নাগরিকের অধিকার এবং আইন প্রয়োগকারী বাহিনীর জবাবদিহির বিষয়ে পরিণত হয়েছে, তাকে ছোট করে দেখা সমীচীন নয়। মনে রাখতে হবে, নাগরিক অধিকার আন্দোলনের সাফল্য এক দিনে আসেনি এবং সেই সংগ্রাম এখনো শেষ হয়ে যায়নি।
আলী রীয়াজ: যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক।