নাগরিকত্ব আইন সংশোধনের বিপদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় রাজনীতির সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনাগুলোর মধ্যে একটি হচ্ছে হিন্দু জাতীয়তাবাদ বা হিন্দুত্ব আন্দোলনের বিকাশ। এটা ভারতীয় রাজনৈতিক সংস্কৃতিতে বড় পরিবর্তন আনার প্রচেষ্টা। ভারতীয় সমাজ ও রাষ্ট্রে এই পরিবর্তন আনার চেষ্টা ভারতের সম্মতিভিত্তিক গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে, যা দেশটির সাংবিধানিক ধর্মনিরপেক্ষতাকে চ্যালেঞ্জ জানাচ্ছে।
হিন্দু জাতীয়তাবাদকে সামাজিক ব্যাপার হিসেবে বুঝতে হবে, যার বহিঃপ্রকাশ ঘটে সামাজিক আন্দোলনের মধ্য দিয়ে। সংঘ পরিবারের মতো বিভিন্ন সংগঠনের নেটওয়ার্কের মধ্য দিয়ে হিন্দু জাতীয়তাবাদ প্রসারিত হচ্ছে। ভারতের ঔপনিবেশিক ইতিহাসের মধ্যে এর মূল অনুসন্ধান করা যায়। তা ছাড়া এই আন্দোলনের একটি আদর্শিক ভিত্তি রয়েছে। এই আদর্শ বিভিন্ন সমমনা সংগঠনকে একই ছাতার নিচে নিয়ে আসে, যারা ধর্মীয় ও নৃতাত্ত্বিক-সাংস্কৃতিক লাইনে কাজ করে থাকে। ব্রিটিশ ঔপনিবেশিক শাসকদের হাতেই এ প্রক্রিয়া একরকম শুরু হয়েছিল। ধর্ম ও বর্ণের ভিত্তিতে জনগণকে বিভক্ত করে ফেলার মাধ্যমে ভারতে নতুন সামষ্টিক পরিচয় গড়ে উঠেছিল। আবার ২০ শতকের শুরুর দিকে মুসলিম রাজনীতি শুরু হওয়ায় হিন্দু পরিচয়ও দানা বেঁধে উঠতে শুরু করে। হিন্দুত্ববাদ হচ্ছে এই আত্মসত্তার রাজনৈতিক প্রকল্পের একটি উদাহরণ।
২০ শতকের শুরুর দিকে হিন্দুত্বের পরিচয় যার হাত দিয়ে সংহত হয়ে ওঠে তিনি হচ্ছেন বিনায়ক দামোদর সাভারকার (১৮৮৩-১৯৬৬)। তবে ভারতীয় জাতিকে শক্তিশালী করে কীভাবে জাতিরাষ্ট্র গঠন করা যায়, সে ব্যাপারে তিনি ধন্দের মধ্যে ছিলেন, যখন আন্তর্জাতিক পরিসরে বিভিন্ন জাতি স্বাধীনতার জন্য আন্দোলন করছিল। এই পরিপ্রেক্ষিতে ভারতে একটি জাতীয় সত্তা গড়ে তোলার নানা প্রচেষ্টা নেওয়া হয়েছে। কিন্তু হিন্দুধর্মের অন্তর্নিহিত বিষম জাতীয়তার জন্য সেটা সম্ভব হয়ে ওঠেনি, যেটা আসলে সংখ্যাগরিষ্ঠের সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় ব্যবস্থা। সাভারকার দেখলেন, হিন্দুধর্মের মধ্যে এক রকম ‘বিকৃত সহিষ্ণুতা’ আছে। ফলে এই ধর্মের মধ্যে অভিন্নতার অভাব রয়েছে, যার কারণে হিন্দুরা নানাবিধ ধারায় বিভক্ত। এটা মোকাবিলায় হিন্দুদের একটি অভিন্ন পরিচয়ে ঐক্যবদ্ধ করতে হবে। এ রকম একটি সমাজ গঠনে হিন্দুরাষ্ট্র নির্মাণ জরুরি, যেখানে সর্বক্ষেত্রে আর্থসামাজিক ও রাজনৈতিক রূপান্তর আনতে হবে। সে কারণে নাগরিকত্বের সংজ্ঞা নির্ধারণ করা জরুরি ব্যাপার। অন্য কথায়, হিন্দুত্বের পরিচয় নির্ধারণের ধাঁধার সমাধান করতে হবে বৈধ নাগরিকের পরিচয়ের আলোকে। এটা কার্যকর করার জন্য তিনি তিনটি মানদণ্ড নির্ধারণ করলেন: রাষ্ট্র (অভিন্ন ভূমি), জাতি (অভিন্ন রক্ত) ও সংস্কৃতি (অভিন্ন বৈশিষ্ট্য); যার ভিত্তিতে হিন্দু ও অহিন্দুর মধ্যে পার্থক্য নির্ধারণ করা হবে। এর শানে নজুল হলো কেউ যদি হিন্দু হতে চান, তাহলে তাঁকে ভারতে জন্মগ্রহণ করতে হবে, তাঁর পিতা–মাতাকে হিন্দু হতে হবে আর তাঁকে হিন্দু সংস্কৃতি গ্রহণ ও আয়ত্ত করতে হবে।

>হিন্দু জাতীয়তাবাদীরা যে ‘সংখ্যায় বিশ্বাস করে’, তার সঙ্গে এর ঘনিষ্ঠ যোগ আছে। অন্য কথায়, ‘হিন্দু জনসংখ্যা’ বাড়াতে হবে, যাতে ক্রমবর্ধমান মুসলিম জনসংখ্যার রাশ টেনে ধরা যায়

হিন্দু জাতীয়তাবাদ একমুখী ব্যাপার নয়, বিষয়টি গুরুত্বপূর্ণ। সাধারণভাবে সংঘ পরিবার হলো কিছু সংসদীয় ও সংসদের বাইরের সংগঠনের জোট, যারা হিন্দুত্বের ধারণার প্রতি আনুগত্য প্রকাশ করে। এর মধ্যে আছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস যার আদর্শিক গুরু), বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি—ধর্মীয় ব্যাপার দেখভালকারী) ও ভারতীয় জনতা পার্টি (রাজনৈতিক)।
১৯৮০ সালে বিজেপির প্রতিষ্ঠা আধুনিক ভারতের রাজনৈতিক ইতিহাসের অন্যতম তাৎপর্যপূর্ণ ঘটনা। এটি আসলে ১৯৫১ সালে প্রতিষ্ঠিত ভারতীয় জনসংঘের (বিজেএস) রূপান্তর। তারা অযোধ্যায় রামমন্দির পুনর্নির্মাণ, সংবিধানের ৩৭০ নম্বর অনুচ্ছেদ বাতিল ও অভিন্ন দেওয়ানি আইনের মতো বৈপ্লবিক দাবি তুললেও দীর্ঘদিন রাজনৈতিক পরিমণ্ডলের বাইরে ছিল। এরপর বিজেপি কংগ্রেসের একদলীয় শাসন ও ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থার কারণে সৃষ্ট শূন্য জায়গাটা দখল করে ফেলে।
বিজেপি খুব দ্রুতই বুঝে ফেলে, সংসদীয় রাজনীতিতে উন্নতি করতে হলে তাদের উদীয়মান মধ্যবিত্তের রাজনৈতিক সচেতনতা ও অংশগ্রহণের ওপর নির্ভর করতে হবে, যারা বিজেপিকে সাময়িক নির্বাচনী বিকল্প হিসেবে মনে করে। যদিও রাজনৈতিক কর্মসূচি হিসেবে হিন্দুত্ববাদ কখনোই টেকসই রাজনৈতিক সমর্থন এনে দিতে পারেনি বা হিন্দু জাতীয়তাবাদী সংগঠনগুলোকে এক সূত্রে রাখতে পারেনি। তবে এই হিন্দুত্ববাদের কারণে মধ্যপন্থী ও চরমপন্থী গোষ্ঠীগুলোকে কাছাকাছি রাখা সম্ভব হয়েছে।
২০০৪ ও ২০০৯ সালের নির্বাচনে ভারতীয় ভোটাররা বিজেপিকে বুঝিয়ে দেন, তাঁরা সামাজিক একতা ও আইনশৃঙ্খলার ব্যাপারে বেশি আগ্রহী, মুসলমানদের হাতে হিন্দুদের নিগৃহীত হওয়ায় প্রতিশোধ নেওয়া বা সংখ্যালঘুদের প্রতি সহিংস হওয়ার ব্যাপারে তাঁদের তেমন আগ্রহ নেই। ফলে দেখা গেল, বিজেপির হিন্দুত্ববাদ সংস্কৃতি ও শিক্ষার মধ্যে সীমিত হয়ে গেল, এর বাইরে যাওয়ার আগ্রহ তার নেই। আর অর্থনীতি ও পররাষ্ট্রনীতির ক্ষেত্রে তারা ক্ষমতার স্বার্থ সংরক্ষণ ও সমন্বয়ধর্মী নীতি গ্রহণ করে। এখন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘মেইক ইন ইন্ডিয়া’ ও ‘ডিজিটাল ইন্ডিয়ার’ স্লোগান দিচ্ছেন, সেটা আসলে চরম ও মধ্যপন্থী হিন্দু জাতীয়তাবাদীদের এক জায়গায় জড়ো করছে। কারণ, আন্তর্জাতিক পরিসরে ‘যোগ্যতমের ঊর্ধ্বতন’ নীতির ভিত্তিতে স্রেফ অর্থনৈতিকভাবে শক্তিশালী ভারতই টিকে থাকবে, যেটা সাভারকারের হিন্দুত্ব ধারণার মূল ধারণাগুলোর মধ্যে অন্যতম। হিন্দু জাতীয়তাবাদীরা যে ‘সংখ্যায় বিশ্বাস করে’, তার সঙ্গে এর ঘনিষ্ঠ যোগ আছে। অন্য কথায়, ‘হিন্দু জনসংখ্যা’ বাড়াতে হবে, যাতে ক্রমবর্ধমান মুসলিম জনসংখ্যার রাশ টেনে ধরা যায়। ভারতে আরও যেসব ধর্মের উদ্ভব হয়েছে যেমন: শিখ, জৈন ও বৌদ্ধদেরও সাভারকার হিন্দুত্ব পরিচয়ের আওতায় আনতে চান। ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে হিন্দুত্ববাদের সুবিধায় নাগরিকত্ব আইন সংশোধন করতে চান, তাতে বিস্ময়ের কিছু নেই।
এ মুহূর্তে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১৯৫৫ সালে ভারতীয় নাগরিকত্বের আইন সংশোধনী বিলের খসড়া প্রণয়ন করছে, যাতে বাংলাদেশ ও পাকিস্তানের যে হিন্দুরা সাম্প্রদায়িক নির্যাতনের শিকার হয়েছে, তাদের নাগরিকত্ব বা দীর্ঘমেয়াদি ভিসা দেওয়া যায়। বর্তমানে ভারতে প্রায় ২ লাখ অবৈধ বাংলাদেশি বসবাস করছেন।
এই সিদ্ধান্তের কারণে যেমন ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে পরিবর্তন আসতে পারে, তেমনি বাংলাদেশের হিন্দুদের বিরুদ্ধে ইসলামি চরমপন্থীদের মনেও ঘৃণা সৃষ্টি হতে পারে। বাংলাদেশের হিন্দুদের এক পা ভারতে—উল্লিখিত সিদ্ধান্তের কারণে শুধু এই ধারণাই পোক্ত হবে না, বরং হিন্দু জাতীয়তাবাদীদের ব্যাপারে সন্দেহও তীব্র হবে। কারণ, তারা শিয়া বা আহমদিয়াদের মতো সম্প্রদায়ের মানুষকে নাগরিকত্ব দিতে চায় না। আর বাংলাদেশে ইসলামি চরমপন্থার উত্থানের কারণে ভারতের কট্টর হিন্দু-জাতীয়তাবাদীরা হিন্দুত্ব এজেন্ডা আরও এগিয়ে নেবে। পশ্চিমবঙ্গের মতো রাজ্যে মুসলিমভীতি জোরদার হচ্ছে, যেখানে বিজেপি তেমন একটা হালে পানি পায়নি। শেষ কথা হলো, ভারতের এই সিদ্ধান্তের কারণে ভারত, পাকিস্তান ও বাংলাদেশে উত্তেজনা সৃষ্টি হবে, এতে সংখ্যালঘুদের নিরাপত্তা আরও নাজুক হবে।

ইংরেজি থেকে অনূদিত

এই নিবন্ধের পূর্ণ ইংরেজি ভাষ্য দেখুন: en.prothom-alo.com

ড. সিগফ্রিড ও উলফ: আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক ও জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশীয় ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক।