ভারত সরকার যে নাগাল্যান্ডের সাবেক বিদ্রোহীদের সঙ্গে চুক্তি করল, তার তাৎপর্য বুঝতে দুটি সত্য বুঝতে হবে: এটা এশিয়ার সবচেয়ে পুরোনো দ্বন্দ্ব, কিন্তু দুই পক্ষই প্রায় দুই দশক ধরে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলছে।
১৯৯৭ সালে স্বাক্ষরিত চুক্তির কারণে এই অঞ্চলে সহিংসতার পরিমাণ কমেছে। কিন্তু স্রেফ চুক্তিটির স্থায়িত্বের কারণে নয়াদিল্লির বিশ্বাস সম্পর্কে সন্দেহের উদ্রেক হয়েছে। ৮০ দফা আলোচনার ফলে খুব সামান্যই অগ্রগতি হয়েছে। ভারত কি আদৌ সমাধানে আগ্রহী ছিল? নাকি সে সহিংসতা সামলে এবং বিদ্রোহীদের বাগে এনেই খুশি ছিল? সে কি মনে করেছিল, এর বিনিময়ে তার কিছু দেওয়ার নেই, নাগাদের রাজনৈতিক আকাঙ্ক্ষা আমলে নেওয়ার দরকার নেই?
ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ডের (আইজ্যাক-মুইভা) কর্মী-সমর্থকেরা তাঁদের নেতাদের বারবার এ প্রশ্ন করেছেন, নাগরিক সমাজের ভাষ্যকারেরাও একই প্রশ্ন করেছেন। এই প্রশ্ন তাঁদের ভিত্তিকে একদম নড়বড়ে করে দেওয়ার হুমকি দিয়েছিল।
ছয় দশকের দ্বন্দ্ব এবং দুই দশকের আলোচনায় দুটি বিষয়ই সব সময় প্রাধান্য বিস্তার করেছে। একটি হচ্ছে ভারতের সার্বভৌমত্ব মেনে নিতে নাগাদের ঐতিহাসিক বিরোধিতা। নাগা গোষ্ঠী বিশ্বাস করত, নাগারা পৃথক ও অনন্য জাতিগোষ্ঠী। ভারতীয় ইউনিয়নে তাদের অন্তর্ভুক্তি অবৈধ ও অন্যায্য। আর তারা ভারতীয় সংবিধানের শ্রেষ্ঠত্ব মেনে নিতে পারে না।
না, এটা শুধু বিমূর্ত কোনো রাজনৈতিক নীতি নয়, এর বাস্তব রাজনৈতিক ব্যঞ্জনা আছে। কারণ, তাদের কল্পনায় নাগা জাতির মধ্যে শুধু ভারতীয় নাগারাই নয়, মিয়ানমারের নাগারাও আছে। ওদিকে আজকের গুরুত্বপূর্ণ নাগা নেতা এস এস খাপলাঙ মিয়ানমারের মানুষ, তিনি এখন এনএসসিএনের (কে) নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু ভারত সরকারের কাছে এই চিন্তার গুরুত্ব নেই। তার পক্ষে সার্বভৌমত্ব ও সংযুক্ত কাঠামোর বাইরে চিন্তা করার তেমন সুযোগ নেই। তার কাছে সীমান্ত পূতপবিত্র ব্যাপার।
ওদিকে নাগারা যে সার্বভৌমত্বের ওপর জোর দিয়েছে, তার আবার অন্য মাজেজা আছে। নাগারা ভারতীয় সংবিধানের শ্রেষ্ঠত্ব মেনে নেয়নি। ফলে তারা নিজেদের নিয়ন্ত্রিত অঞ্চলে সমান্তরাল সরকার চালিয়েছে, পৃথক শাসনব্যবস্থা গড়ে তুলেছে। এই অপেক্ষার খেলা ও অসংখ্যবার আলোচনা ভারত সরকারের জন্য গুরুত্বপূর্ণ ইতিবাচক ফল বয়ে এনেছে। এর ফলে নাগারা ক্লান্ত হয়ে সাধারণভাবে কট্টর দাবি থেকে সরে এসেছে, আর সার্বভৌমত্বের দাবি ছেড়ে ভারতের সঙ্গে বিশেষ ফেডারেল সম্পর্কের দাবিতে থিতু হয়েছে।
আইজ্যাক চিসি সিউ এবং থুইঙ্গালাং মুইভা আর সেই তরুণ বিপ্লবী নন, যাঁরা ১৯৭৫ সালের শিলং চুক্তির বিরোধিতা করেছিলেন। ওই চুক্তির মাধ্যমে নাগা দলগুলো ভারতীয় সংবিধানকে মেনে নেয়, অস্ত্র সমর্পণে রাজি হয়। আইজ্যাক এবং মুইভা এই চুক্তির বিরোধিতা করে সেটাকে বিশ্বাসঘাতকতা হিসেবে আখ্যা দিয়ে প্রশ্নাতীত সার্বভৌমত্বের জন্য লড়াই করার অঙ্গীকার করেছিলেন। কিন্তু ২০০০-এর দশকে তাঁরা ভারতীয় পাসপোর্টে ভ্রমণ করতে রাজি হন, তখন থেকেই তাঁরা ভারত রাষ্ট্রের মূলধারার সঙ্গে অঙ্গীভূত হওয়া শুরু করেন।
নাগাল্যান্ডের অনেকেই এই দ্বন্দ্ব-সংঘাতের কারণে ক্লান্ত হয়ে পড়ে। ছিন্ন-বিচ্ছিন্ন, দুর্নীতিগ্রস্ত ও কখনো কখনো সহিংস বিদ্রোহী গোষ্ঠীগুলো মানুষকে আশা দেখাতে পারেনি। ভারতীয় সরকার ছাড় না দিয়ে সময়ক্ষেপণ করার নীতিতে নিজেদের পারঙ্গমতা দেখিয়েছে। ফলে আপস করাই একমাত্র সমাধান হিসেবে দাঁড়িয়ে যায়, যদিও নাগারা সোচ্চার ছিল, এই আপস যেন অবমাননাকর শর্তের ভিত্তিতে না হয়, যার মাধ্যমে নাগা জনগণের অন্যান্য ইতিহাসকে অস্বীকার করা হবে।
>একটি স্বাধীন ও সার্বভৌম নাগালিম বা বৃহত্তর নাগাল্যান্ডের প্রতিষ্ঠাই ছিল এনএসসির মূল আদর্শগত লক্ষ্য। যেখানে নাগাল্যান্ড, মণিপুর, অরুণাচল, আসাম ও মিয়ানমারের সব নাগা–অধ্যুষিত এলাকা অন্তর্ভুক্ত হবে
দ্বিতীয় বিষয়টি হচ্ছে, একটি স্বাধীন ও সার্বভৌম নাগালিম বা বৃহত্তর নাগাল্যান্ডের প্রতিষ্ঠাই ছিল এনএসসির মূল আদর্শগত লক্ষ্য। যেখানে নাগাল্যান্ড, মণিপুর, অরুণাচল, আসাম ও মিয়ানমারের সব নাগা–অধ্যুষিত এলাকা অন্তর্ভুক্ত হবে। রাজনীতির বিবেচনায় ভারতীয় অংশের নাগা নেতা আইজ্যাক এবং মুইভা মিয়ানমারকে এতে যুক্ত করার দাবি ছাড়তে রাজি ছিলেন। কিন্তু অভ্যন্তরীণ পুনর্বিন্যাস খুব সহজ ব্যাপার ছিল না। কারণ, উত্তর-পূর্বাঞ্চলীয় অঞ্চলের প্রতিটি রাজ্যেই বিভিন্ন নরগোষ্ঠীর বসবাস রয়েছে, সেখানকার পরিস্থিতিও খুব জটিল। সব সময়ই দূরবর্তী ইঙ্গিত ছিল, মণিপুরের নাগা-অধ্যুষিত অঞ্চল নতুন নাগা রাষ্ট্রের মধ্যে চলে যেতে পারে, মণিপুরের মেইতেই আদিবাসীরা বিদ্রোহ করে রাজ্য অচল করে দিল বলে।
এর ফলে ভারতীয় ক্ষমতাকাঠামোর কট্টরপন্থীদের সুবিধা হয়েছিল। বিভিন্ন নাগা উপদলগুলোকে নিয়ে বিভাজনের রাজনীতি করতেই তাদের ভালো লাগত। নাগা গোষ্ঠী, মণিপুরের নিরাপত্তা বাহিনী ও বিভিন্ন রাজ্যের নানা সম্প্রদায়ের মধ্যে তারা বিবাদ লাগিয়েই রাখত। এই রাজনীতির জন্য মোদি শুধু ব্রিটিশদের দায়ী করেন। কিন্তু ভারতীয়রাও যে এই অগৌরবের রাজনীতি করে, তিনি সেটা সুবিধাজনকভাবে এড়িয়ে যান।
শান্তিপ্রক্রিয়া এই উভয়সংকটে আটকে ছিল। নাগা বিদ্রোহীদের কাছে স্ট্যাটাস–কো বা বিদ্যমান অবস্থা বজায় রাখার প্রস্তাব গ্রহণযোগ্য ছিল না: সার্বভৌমত্বের দাবি ছেড়ে দিয়ে কেন্দ্র ও নাগাল্যান্ড সম্পর্কের শর্ত মেনে নেওয়া। জাতীয় সীমান্ত পরিবর্তন করা ভারত রাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য ছিল না, এমনকি অভ্যন্তরীণ সীমান্ত পুনর্বিন্যাস করাও তার জন্য অসম্ভব ছিল। সোমবারের এই চুক্তিতে এ বিষয়গুলো কোনো না কোনোভাবে আমলে নিতে হবে।
বার্ড কলেজের রাজনৈতিক বিজ্ঞানী সঞ্জীব বড়ুয়া এই চুক্তিকে ‘ঐতিহাসিক’ ও ‘নিশ্চিতভাবে নতুন শুরু’ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, ‘অনুষ্ঠানটি চিত্তাকর্ষক ছিল। প্রধানমন্ত্রীর বক্তৃতার বিষয়বস্তু ও নাগা নেতাদের সামনে তাঁদের ইতিহাস, সংস্কৃতি ও নাগা মানুষদের প্রতি যে সম্মান তিনি দেখিয়েছেন, এসবই দারুণ ব্যাপার ছিল।’ ওদিকে প্রধানমন্ত্রী যে ইংরেজিতে কথা বলেছেন, সেটাও নিরর্থক নয়, দেশের ভেতরে তিনি সাধারণত তা করেন না, সেই পরিপ্রেক্ষিতে।
আগামী দিনের প্রকৃত চ্যালেঞ্জের দিকে ইঙ্গিত করে তিনি বলেছেন, ‘চুক্তির বিস্তারিত রূপটা গুরুত্বপূর্ণ। সেটা ছাড়া নাগাল্যান্ডের বাইরে এর তাৎপর্য সম্পর্কে আমাদের পক্ষে কিছু বলা সম্ভব নয়, এই অঞ্চলের সামগ্রিক শান্তি নিয়ে কিছু বলা সম্ভব নয়।’
ছয় দশকের দীর্ঘ সংগ্রামের কারণে নানা প্রভাবশালী লবি গড়ে উঠেছে, নিজেদের স্বার্থেই তারা বিদ্যমান অবস্থা বজায় রাখতে চায়। এনএসসিএন (আই-এম) এত দিন যে সমান্তরাল রাষ্ট্র চালিয়েছে, সেই ব্যবস্থা ছেড়ে দিতে তারা অস্বীকৃতি জানাতে পারে। বিদ্রোহী বাহিনী ভেঙে দেওয়া বা তাকে নিরস্ত্রীকরণ করতে প্রচণ্ড রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন হবে, ব্যাপক কৌশলী দক্ষতা থাকতে হবে। স্থানীয় রাজনীতিকেরা নতুন মানুষদের সঙ্গে রাষ্ট্রযন্ত্র ভাগাভাগি করতে রাজি না–ও হতে পারে। মণিপুর ও অরুণাচল প্রদেশের প্রতিক্রিয়া এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, এই রাজ্যগুলো চুক্তির শর্তের কারণে আক্রান্ত হতে পারে।
এই চুক্তির মূল বিষয়গুলো এখনো জানা যায়নি, ফলে এখনই এর পরিণতি নিয়ে সন্দেহ করা ঠিক হবে না। এখন এই ঐতিহাসিক ক্ষণকে স্বীকৃতি দেওয়াটা গুরুত্বপূর্ণ, যে চুক্তিটা এত দিন মায়ার মতো অধরা ছিল, সেটা করার জন্য মোদি সরকারের রাজনৈতিক ইচ্ছার মূল্যায়ন করা উচিত। আর (সাবেক) বিদ্রোহীদেরও ধন্যবাদ দেওয়া দরকার, তারা নিজেদের দীর্ঘদিনের অবস্থান থেকে সরে এসেছে। কিন্তু এটা মনে রাখতে হবে যে আগামী দিনের পথ বন্ধুর, দীর্ঘ।
ইংরেজি থেকে অনুবাদ: প্রতীক বর্ধন; হিন্দুস্তান টাইমস থেকে নেওয়া
প্রশান্ত ঝা: ভারতীয় সাংবাদিক।