রামুর এক রাতের ঘটনায় শত শত বছরের পুরাকীর্তি, সভ্যতার নিদর্শন পুড়ে ধ্বংস হয়েছে। অনেকে এখন ক্ষয়ক্ষতির তালিকা তৈরির কথা বলছেন। সরকারিভাবে ক্ষতিপূরণের আশ্বাস পাওয়া গেছে। কিন্তু অমূল্য পবিত্র বুদ্ধধাতু, তালপাতার পুঁথি, হরেক ভাষার ত্রিপিটক গ্রন্থ, বিভিন্ন দেশের অসংখ্য মহামূল্যবান বুদ্ধমূর্তি কি ফিরে পাওয়া যাবে? খুব তাড়াতাড়ি কি ফিরে আসবে সাম্প্রদায়িক সম্প্রীতি?মানবিক সহযোগিতা আমরা পাচ্ছি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকারি-বেসরকারি ও ব্যক্তিগত পর্যায় থেকে বিভিন্নভাবে আর্থিক সহযোগিতা পাচ্ছে, সে জন্য আমরা কৃতজ্ঞ। তবে বৌদ্ধদের হূদয়ের রক্তক্ষরণ এখনো বন্ধ হয়নি।ঘটনাটি ঘটেছে ধর্মীয় ইস্যুকে কেন্দ্র করে। আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত-শিবির, রোহিঙ্গা দল গোষ্ঠীগতভাবে আলাদা হলেও সম্প্রদায় কি আলাদা ছিল? ধর্ম সবাই পালন করুক আর না-ই করুক, সেদিন রাতে সবাই ধর্ম অবমাননার সংবাদে ক্ষোভে ফেটে পড়েছিল।রামুর ঘটনাকে কেন্দ্র করে এখন চলছে নানা টালবাহানা। সরকারি ও বিরোধী দলের উচ্চপদস্থ কর্মকর্তারা রামু পরিদর্শনে আসছেন। এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করছে। দেশে রাজনীতির লেবাসে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, শিবির যারা বিভিন্ন দল আর মতে বিভক্ত, তারা সবাই এখন পূতপবিত্র বলে দাবি করছে। তা হলে ঘটনা কে ঘটাল? রামুর হাজার হাজার মানুষের প্রত্যক্ষ বয়ান ও অভিযোগকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। স্থানীয় প্রশাসনকে জবাবদিহির আওতায় আনা হচ্ছে না কেন? এই ঘটনার রহস্য উদ্ঘাটনের স্বার্থে রামু থানার ওসি, কক্সবাজার জেলার এসপি, এএসপি, ডিসি সবাইকে বিবেচনায় আনা উচিত। রামু থানার সাবেক ওসির বিরুদ্ধে অনেক অভিযোগ উঠেছে। ১. ঘটনার রাতে তিনি ছিলেন সম্পূর্ণ নিষ্ক্রিয়। ২. তিনি মিছিলকারীদের বলেছেন ইউনিফর্ম না থাকলে আমিও নেমে পড়তাম। ৩. চৌমুহনী চত্বরে আয়োজিত প্রতিবাদ সভায় তিনি উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। ৪. বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি তাঁকে ফোন করলে তিনি লাইন কেটে দিয়েছেন। ৫. প্রায় প্রতিটি বৌদ্ধ গ্রামে গিয়ে সতর্ক অবস্থায় থাকা লোকদের নিরাপত্তার মিথ্যা আশ্বাস দিয়ে হামলাকারীদের সুযোগ করে দেন। ৬. প্রথম মিছিল যখন থানা প্রদক্ষিণ করে, তখন তাদের শান্ত না করে উল্টো উসকে দেন। ৭. পুলিশ সুপার তাঁকে ফোন করলে তিনি পরিস্থিতি সামলে নেওয়ার আশ্বাস দেন। ৮. আর্মি, বিজিবি ও র্যাবকে যথাসময়ে ঘটনা অবহিত করেননি এবং সাহায্য চাননি। ৯. তিনি জামায়াতপন্থী। ১০. স্থানীয় উপজেলা প্রশাসনের অনুরোধ রক্ষা করেননি, ইত্যাদি।সেই রাতে স্থানীয় সাংসদের কী ভূমিকা ছিল? তিনি কেন মাঝরাতে এত লোক নিয়ে মোটরবাইক শোডাউন করে রামুতে এলেন? সহিংসতা রোধে তাঁর কী ভূমিকা ছিল? ঘটনার সমাপ্তি না দেখে তিনি দ্রুত সরে পড়লেন কেন?নেতা-নেত্রীরা বলছেন, এটি পূর্বপরিকল্পিত ঘটনা। পূর্বপরিকল্পিত হলে গোয়েন্দা সংস্থাগুলো জানতে পারল না কেন? সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে অভিযুক্ত ও গ্রেপ্তারকৃত ফারুক, মুক্তাদির এবং রামু থানার সাবেক ওসিকে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করতে হবে। অভিযুক্ত ফারুক ও মুক্তাদিরসহ কারা প্রথম মিছিল করেছিল, মিছিলের নেতৃত্বে কারা ছিল, কারা প্রতিবাদ সভা করেছিল, বক্তব্য দিয়েছিল, তাদেরও বিবেচনায় আনতে হবে। ফারুক ও মুক্তাদিরকে জিজ্ঞাসাবাদ করলে তাদের কারা ব্যবহার করেছে তা বেরিয়ে আসতে পারে। বৌদ্ধধর্মে প্রশাসনিক কর্মকর্তাদের সীমারক্ষক দেবতা বলা হয়। যারা দেশের ভূখণ্ডের সীমানা রক্ষা করে, নিরীহ-নির্দোষ মানুষের জীবন রক্ষা করে, তারা দেবতুল্য সম্মান পায়। কোনো স্বাধীন দেশের কোনো দেশপ্রেমিক সৈনিক সেই দেশের মানচিত্রের একটা অংশ এবং সেই দেশের জনগণের বীরপুরুষ। ধর্মগুরুর আসন থেকে ত্রিপিটকের এই বুদ্ধবাণীগুলো আমরা পূজারিদের বোঝানোর চেষ্টা করি। কিন্তু ২৯ সেপ্টেম্বরের ঘটনার পর থেকে মানুষের মধ্য থেকে সেই বিশ্বাসে আঘাত লেগেছে। এখন তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঘেরাটোপের মধ্যে থেকেও নিজেদের নিরাপদ বোধ করতে পারছে না। কারণ, সেই রাতে তারা আইনশৃঙ্খলা বাহিনীর উদাসীনতা স্বচক্ষে প্রত্যক্ষ করেছে।উপজেলা চেয়ারম্যান এত বড় সহিংসতায় কোনো মানুষ নিহত না হওয়ায় আনন্দ প্রকাশ করেছেন, আবার বৌদ্ধরা হামলাকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে না তোলায় ক্ষোভও প্রকাশ করেছেন। কিন্তু তাঁকে কীভাবে বোঝাব যে ধর্মের নামে সহিংসতার শিক্ষা বৌদ্ধরা পায়নি। এখন অনেকে বলছেন ঘটনায় রামুর মানুষ অংশ নেয়নি। এটা সত্য, সবাই হামলায় অংশ নেয়নি, কিন্তু হামলাকারীদের অধিকাংশ ছিল রামুর। আমাদের পাড়ায় প্রায় ৫০টির মতো মুসলিম পরিবার আছে, এ ছাড়া আমাদের চতুর্দিকে মুসলিম পাড়া। বাইরের লোক এসে হামলা করার সুযোগ পেল কী করে? আমি যাকে পড়ালেখা শিখিয়েছি, নিজের হাতে খাইয়েছি, যে আমার বিহারে সারাক্ষণ পড়ে থাকত, সে যদি আমার ভগবানের মূর্তি ভাঙতে পারে, চোখ উঠিয়ে নিতে পারে, আমি কার ওপর ভরসা করব?একশ্রেণীর ব্যক্তি দল বাঁচানোর জন্য সাম্প্রদায়িক সম্প্রীতির চেয়ে দলীয় সম্প্রীতির প্রতি বেশি যত্নশীল হয়ে পড়েছেন। কিছু সাম্প্রদায়িক স্থানীয় লোক যে এই ঘটনায় জড়িত, এই সত্যকে আড়াল করতে চাইছেন। তবে কয়েকজন স্থানীয় মুসলিম এগিয়ে এসেছিলেন। কিন্তু তাঁরা ছিলেন সংখ্যায় অতি নগণ্য। তাই তাঁরা রক্ষা করতে পারেননি। রামু চৌমুহনীতে ঢোকার যে কয়টা প্রবেশদ্বার আছে, সেখানে চেকপোস্ট বসানো হলো না কেন। কোনো রাজনৈতিক সমাবেশে সম্ভাব্য সংঘর্ষ এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা পুলিশ বাহিনী কাঁদানে গ্যাস, জলকামান, রাবার বুলেট ব্যবহার করে। অথচ এত বড় সহিংসতা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভূমিকা রাখল না। সেদিন জ্বালিয়ে-পুড়িয়ে তারা আমাদের বিহার, উপাসনালয় এবং বসতবাড়ি ধ্বংস করেছে। এখন বিচারের নামে আমাদের মন এবং বাঁচার সদিচ্ছাকে পুড়ে মারছে। তারা ক্ষমতার রাজনীতি করে। আমরা তো ক্ষমতার উচ্চাসন দাবি করি না। আমরা শুধু শান্তিতে বাঁচতে চেয়েছি। আজ এই নিরীহ মানুষগুলোকে টার্গেট করা হচ্ছে।যারা ঘটনার পরিকল্পনা ও বাস্তবায়ন করেছে তাদের সংখ্যা নগণ্য। আজ পুরো রাষ্ট্র, পুরো সরকার তাদের চিহ্নিত করতে পারছে না। দোষ চাপানোর খেলায় মত্ত সবাই। যারা জড়িত তারা দলের কথা, দেশের কথা ভাবেনি। অথচ দল তাদের প্রশ্রয় দিচ্ছে। দেশের প্রধান দুটি রাজনৈতিক দলের উচিত মিলেমিশে ঘটনার রহস্য উদ্ঘাটন করা, এই হতভাগ্য সংখ্যালঘু নিরীহ সম্প্রদায়ের কথা ভাবা, দেশের ভাবমূর্তির কথা ভাবা। তা না হলে কোনো অপশক্তির সুযোগ নেওয়া সহজ হয়।ঘটনার পরদিন থেকে দেশের প্রগতিশীল মানবতাবাদী ব্যক্তি, দল, সংগঠন, সংস্থা জাতি-ধর্মনির্বিশেষে যেভাবে রামুর বৌদ্ধ সম্প্রদায়ের পাশে এসে দাঁড়িয়েছে, তা অভূতপূর্ব। অপরাধীরা যখন এই ধরনের সহিংস ঘটনা ঘটায় তখন দেশের ভাবমূর্তি নষ্ট হয় না, কিন্তু অপরাধীদের সুষ্ঠু বিচার করলে কিংবা কেউ নাক গলাতে চাইলে দেশের ভাবমূর্তি নষ্ট হয়ে যায়। তাই এই ঘটনার বিচার অত্যন্ত জরুরি। প্রজ্ঞানন্দ ভিক্ষু: বৌদ্ধধর্মীয় নেতা।