নানা টানাপোড়েনে সুন্দরবনের বাঘের ভাগ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবনে বাঘের চারণক্ষেত্র ছোট হয়ে আসছে
ছবি: খসরু চৌধুরী

আজ বিশ্ব বাঘ দিবস। ২০১০ সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে বিশ্বের বন্য বাঘ-অধ্যুষিত ১৩টি দেশের প্রতিনিধিরা বাঘ রক্ষায় সম্মতি স্বাক্ষর করেন এই দিনে। বাংলাদেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে উপস্থিত ছিলেন। সম্মেলনের উদ্যোক্তা ছিল বিশ্ব বন্য প্রাণী তহবিল (ডব্লিউডব্লিউএফ) এবং অর্থায়নে ছিল বিশ্বব্যাংক।

সম্মেলনের স্লোগান ছিল, ‘তাদের (বাঘের) বেঁচে থাকা আমাদের হাতে।’ আর উদ্দেশ্য ছিল ২০২২ সালের মধ্যে বন্য বাঘের সংখ্যা দ্বিগুণ করা। ২০২১ সালে ২৯ জুলাইয়ে দাঁড়িয়ে আমাদের হিসাব-নিকাশের সময় হয়েছে—বাঘের সংখ্যা কি দ্বিগুণ হওয়ার পথে?

প্রায় দুই মিলিয়ন বছর আগে আফ্রিকায় উৎপন্ন একটি প্রজাতি এশিয়ার দিকে ছড়িয়ে পড়ে। ক্রমান্বয়ে এই প্রাণী বিড়াল প্রজাতির ৩৬টি মূল প্রাণীর মধ্যে সবচেয়ে বড় আকার পায়। বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে খাপ খাওয়াতে এদের নয়টি উপপ্রজাতি এশিয়া-ইউরোপে (শুধু রাশিয়া) ছড়িয়ে পড়ে। বিংশ শতাব্দীর শুরুতেই ইন্দোনেশিয়ার বালি, কাসপিয়ান বাঘ বিলুপ্ত হয়ে যায়। ১৯৪০-এর দশকের পর জাভা দ্বীপের বাঘের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। গত ৩০ বছরে দক্ষিণ চীনের বাঘের বনে থাকার হদিস পাওয়া যাচ্ছে না। সবেধন নীলমণি বাংলার বাঘ, সাইবেরিয়ার বাঘ, সুমাত্রার বাঘ, ইন্দোচীনের বাঘ কোনোমতে টিমটিমিয়ে নিজেদের অস্তিত্ব বজায় রেখেছে।

অনেক আশাবাদী হিসেবে বিশ্ব বন্য প্রাণী তহবিল জানাচ্ছে, পৃথিবীতে বন্য বাঘ রয়েছে ৩ হাজার ৯০০টি। মজার ব্যাপার হচ্ছে, ঐতিহাসিকভাবে যেখানে কোনোকালে বাঘ ছিল না, সেই আমেরিকায় বাঘ রয়েছে পাঁচ থেকে সাত হাজার (সঠিক হিসাব পাওয়া যায় না। কারণ, সেখানে বাঘ ব্যক্তি উদ্যোগে পালন করা হয়, যাদের হিসাব ফেডারেল সরকারের কাছে নেই)।

বাংলাদেশের জনগণের বাঘ নিয়ে বড় গলা হওয়ার হক রয়েছে। বাংলাদেশের জাতীয় প্রাণী বাঘ। বিশ্বের তাবৎ চিড়িয়াখানায় বা সংগ্রহশালায় যে বাঘগুলো রয়েছে, তাদের হরেদরে এক গড়ে বাংলার বাঘ বলা হয়। এর কিছু ঐতিহাসিক কারণ আছে। প্রকৃতিবিজ্ঞানী কার্ল লিনে বাঘের প্রজাতি নির্ধারণের জন্য যে দুটি প্রাণীর নমুনা পরীক্ষা করেছিলেন, সেগুলো বাংলা থেকে সংগ্রহ করা হয়েছিল। ঊনবিংশ শতাব্দী থেকে বিশ্বের চিড়িয়াখানা, ব্যক্তি সংগ্রহশালায় বাঘ হয়ে পড়ে সবচেয়ে আকর্ষণীয় প্রাণী। এই বিপুল চাহিদার জোগান যায় প্রধানত বাংলা এলাকা থেকে, পরবর্তী সময়ে ভারতের নানা প্রান্ত থেকে। ফলে বাঘের নাম বিশ্ববাসীর কাছে ছড়িয়ে পড়ে ‘বাংলার বাঘ’ নামে।

বাংলার বাঘ নামটি এমনই সর্বগ্রাসী, চিড়িয়াখানাগুলোতে যে কিছু পরিমাণ সাইবেরীয়, সুমাত্রার বাঘ গিয়েছিল; তারাও সাধারণের কাছে বাংলার বাঘ হয়ে পড়ে। প্রকৃতপক্ষে ভারত, বাংলাদেশ, ভুটান, নেপালের জঙ্গলে যে বাঘগুলো টিকে আছে, বৈজ্ঞানিকেরা এগুলোকে একই জাতিভুক্ত করেছেন, নাম রেখেছেন প্যানথেরা টাইগ্রিস টাইগ্রিস, সমনাম বাংলার বাঘ। আমাদের জাতীয় মর্যাদার স্মারক এই বাংলার বাঘকে আমরা আগামী শতাব্দীতে নিয়ে যেতে পারব?

বিশ্ব বন্য প্রাণী তহবিলের বাঘবিজ্ঞানীরা বিশ্বাস করেন, এশিয়ার টাইগার রিজার্ভগুলো এখনো যা আছে, তাতে ১০ হাজার বাঘের সংস্থান হওয়া সম্ভব, সংখ্যাটা বর্তমান বাঘের সংখ্যার তিন গুণ। যদি বিশাল মাত্রায় বাঘের প্রধান আঁতুড় এলাকার নিসর্গের ব্যাপক উন্নতি ঘটানো যায়, ওই এলাকার স্থানীয় জনসাধারণকে অর্থকরী অংশীদার করা যায়, তাহলে বাঘের সংখ্যা তিন গুণে উন্নীত করা সম্ভব। বিশ্ব বন্য প্রাণী তহবিলের বিজ্ঞানীরা এ বছরের ২৫ জানুয়ারিতে তাঁদের প্রতিবেদনে এই আশাবাদ ব্যক্ত করেন।

বিশ্ব বন্য প্রাণী তহবিলের প্রধান বিজ্ঞানী এরিক ডাইনারস্টেইন তাঁর প্রতিবেদনে উল্লেখ করেছেন, বর্তমানের এই ক্রান্তিকালে কিছুসংখ্যক, শুধু সীমিতসংখ্যক বাঘ প্রজননের কোর এলাকার নিরাপত্তা বিধান করলেই কিছু ভালো ফল পাওয়া যাবে। কিন্তু আমরা এর চেয়ে আরও বেশি কিছু করতে পারি, সেটা করবও। আমাদের রক্তপাত বন্ধ করতে হবে, বাঘ প্রজনন এলাকায় বাঘ শিকার বা বাঘের শিকার প্রাণী হত্যা, চোরাই শিকার একেবারে বন্ধ করে দিতে হবে। আমাদের আরও এগিয়ে গিয়ে বাঘের বৃহত্তর মানচিত্র সুরক্ষা দিতে হবে আর সেটা দেরি হয়ে যাওয়ার আগেই করতে হবে।

সুন্দরবনের আরেক সৌন্দর্য হরিন
ছবি: খসরু চৌধুরী

স্মিথসোনিয়ার কনজারভেশন বায়োলজি ইনস্টিটিউটের জন সাইডেনস্টিকার (ইনি অত্যন্ত সুপরিচিত বাঘ বিশেষজ্ঞ, সুন্দরবনেও কাজ করেছেন) বলেন, ‘বাঘ সংরক্ষণ এখন প্রাণবৈচিত্র্য সংরক্ষণের অবয়ব হয়ে পড়েছে আর বাঘ-অধ্যুষিত এলাকার উপযুক্ত টেকসই ব্যবস্থাপনা উন্নয়নের দাবিদার। বাঘ রক্ষা করে আমরা বাঘের পরাক্রমশালী ছত্রচ্ছায়ায় থাকা গাছপালা, প্রাণিকুলের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব।’
ইতিমধ্যে এই প্রক্রিয়ায় কিছু কিছু সুভলের মধ্যে আমরা পাই, চীন তাদের জঙ্গলে ২০১২ সাল থেকে দক্ষিণ চীনা বাঘ প্রতিস্থাপন করেছে (ফলাফল তারা জানায়নি), ২০১৬ সাল থেকে ভারত-ভুটান করিডর করা হয়েছে, ভুটানের রয়্যাল মানাস ন্যাশনাল পার্কে বাঘ দ্বিগুণ হয়েছে। নেপালের দাবি, ২০১৮ সালেই তাদের বাঘের সংখ্যা ১২১ (২০০৯) থেকে বেড়ে ২৩৫ (২০১৮) হয়েছে। নেপালের বারদিয়া ন্যাশনাল পার্কে পাঁচ গুণ বাঘ বেড়েছে। কিন্তু বাঘের যারা বড় প্রতিপালক; ভারত, বাংলাদেশ, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, রাশিয়ায় বাঘের আশানুরূপ বৃদ্ধি তো হয়ইনি, অনেক জায়গায় কমেছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ায় ব্যাপক হারে জঙ্গল কেটে বাঘের বাসস্থান প্রতিনিয়ত ধ্বংস করে পাম অয়েলের চাষ করা হচ্ছে। ভারতের জঙ্গলে পাঁচটি বাঘ মারা পড়লে দুটি মারা পড়ে চোরাই শিকারিদের হাতে, বাকি তিনটির স্বাভাবিক মৃত্যু। ভারতের বাকসা, পান্না, সারিস্কা টাইগার রিজার্ভগুলো বাঘশূন্য হয়ে পড়েছিল। সম্প্রতি সাবিস্কা ও পান্নায় অন্য রিজার্ভ থেকে এনে বাঘ ছাড়া হয়েছে, বাকসা এখনো খালি। বাংলাদেশের পূর্ব সীমান্তে মিজোরামের দামপা টাইগার রিজার্ভে এতকাল কোনো বাঘ ছিল না। এই মাত্র সেদিন দামপায় ক্যামেরা ট্যাপিংয়ে বাঘের ছবি পাওয়া গেছে।

এবার বাংলাদেশের বাঘের হালহকিকতে চোখ ফেরানো যাক। সাম্প্রতিক অতীতে, মাত্র দেড় শ বছর আগেও ইংরেজ বেসামরিক ও সামরিক কর্মকর্তা, গেজেটিয়ারদের বিবরণীতে আমরা পাই, বাংলার সব কটি জেলাতেই বাঘের প্রাদুর্ভাব ছিল। অনেক আগে থেকেই বাংলা জনসংখ্যাবহুল দেশ। কিন্তু এর মধ্যেও বাঘের মতো বিশাল শিকারি প্রাণী নিজের স্থান সংকুলান করতে পেরেছে।

বাংলার ইতিহাসে দেখা যায়, প্রতিটি রাষ্ট্রবিপ্লবের পর দেশে ক্ষমতার হাতবদলে দুর্ভিক্ষ দেখা দেয়। খাদ্যাভাবে, অসুস্থ হয়ে বিপুল জনগোষ্ঠী মারা যায়, অনেকেই এককালীন ঘরবসতি, খেতি বাড়ি ছেড়ে অন্যত্র চলে যায়। এই স্থানগুলো জঙ্গলাকীর্ণ হয়ে পড়ে, পশুপাখি তাদের দখল নেয়। বাংলার জঙ্গলের প্রথম বড় ক্ষতিটা হয় ১৮৫৮ সালে রেলপথ চালু হওয়ার মধ্য দিয়ে।

এরপর প্রথম মহাযুদ্ধ, ১৯৩০-এর দশকে নিবিড় পাট চাষের জমি তৈরি, দ্বিতীয় মহাযুদ্ধ মিলে বাংলার প্রাকৃতিক মানচিত্র একেবারে বদলে দিয়েছে। ১৯৫০ সালের মধ্যে সুন্দরবন, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, সিলেটের ভারত সীমান্ত, রাজশাহী, দিনাজপুরের ভারত সীমান্ত ছাড়া বাংলাদেশের আর কোথাও বাঘ রইল না। আর এই মুহূর্তে সুন্দরবনে ১০৬টি বাঘ আর মিজোরাম সীমান্তের পার্বত্য চট্টগ্রাম (বিজ্ঞানীরা বাঘের উপস্থিতি টের পেয়েছেন, ক্যামেরা ট্র্যাপে ছবি নিতে পারেননি) ছাড়া সারা দেশ প্রাকৃতিক বাঘশূন্য।
স্বীকার করে নেওয়া ভালো, বাংলাদেশের মতো এত জনবহুল দেশে প্রকৃতির প্রতি নিরাসক্ত জনসাধারণের দেশে বাঘের মতো একটি অত্যন্ত স্পর্শকাতর, চাহিদাসম্পন্ন প্রাণীর জায়গা করে নেওয়া দুষ্কর।

সাদাচোখে দেখলে বাংলাদেশের পক্ষে এর বাঘ নাগরিক অনেকটা বিলাসিতার মতো। তার ওপর এ বাঘের কিছু দুর্নাম রয়েছে মানুষ মারার। আমাদের জনগণের মনসম্মিক্ষণে এক আশ্চর্য দিক পাওয়া যায়। আমরা সাপের হাতে মারা পড়লে সেটাকে ‘হেলথ হ্যাজার্ড’ বলে মেনে নিই, অথচ বাঘে কাউকে মারলে আমরা খেপে উঠি। বর্তমান সময়ে আমরা বছরে বাঘের হাতে ১৫-১৮ জন মানুষ হারাই আর সাপের হাতে ৫ হাজারের মতো। হতে পারে সাপ মানুষ খায় না বলে পার পেয়ে যায় আর বাঘ মানুষ খাচ্ছে এ চিন্তা আমাদের ভীত-ক্ষিপ্ত করে তোলে।

গত ৯ বছরে সুন্দরবনে বাঘের উন্নয়নে সরকার কিছু ব্যবস্থা নিয়েছে। ২০১২ সালেই টাইগার অ্যাকশন প্ল্যান (মনিরুল এইচ খান প্রণীত) তৈরি করা হয়।

সুন্দরবনের অভয়ারণ্যগুলোর আয়তন অনেক বাড়ানো হয়েছে। গোল, গরান, ছন, নষ্ট সুন্দরীগাছ কাটা প্রায় বন্ধ করা হয়েছে। চিংড়ির পোনা ধরাও অনেকটা কমানো গেছে। নিত্যপ্রয়োজনীয় জ্বালানির জন্য স্থানীয় জনগণ এখন আগের থেকে কম বাদায় ঢুকছেন। সুন্দরবনের প্রান্তবর্তী গ্রামগুলোতে বেসরকারি বন্য প্রাণী সংরক্ষণ সংস্থা ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অব বাংলাদেশের মাঠপর্যায়ের সংগঠন ভিলেজ টাইগার রেসপন্স টিমের কর্মতৎপরতার প্রমাণ পেয়েছি। কয়েক বছর আগে সরকার বন বিভাগের কর্মচারীদের বেতনও বাড়িয়েছে। এসব নিশ্চয়ই আশার কথা। কিন্তু প্রয়োজনের তুলনায় কতটুকু?

একটি জঙ্গলমহল এর আশপাশের এলাকাগুলো ফাঁকা করে বিচ্ছিন্ন দ্বীপের বনভূমি হয়ে উঠতে পারে না। ১৯৭৪ সালে যখন প্রথম সুন্দরবন যাই, তখন দেখেছিলাম বনসীমানার বাইরেও বিরাট বিরাট গ্রামীণ বন লোকালয় ঘিরে আছে। আশির দশক থেকে পেট্রো ডলারের লোভে আমরা বনপ্রান্তের ২০-৩০ কিলোমিটার উত্তরেও সব গাছপালার আচ্ছাদন কেটে ন্যাড়া করে ফেলেছি। স্বাভাবিক গ্রাম এখন বেড়ির ঢালের জনপদ, সেখানে গরু-ছাগল পোষার সুযোগ নেই, নেই গোখাদ্য। কৃষিজমি হয়ে গেছে চিংড়ির খামার। এই অগভীর খামারগুলোর পানি রোদের তাপ ধরে রাখে মাটির চেয়ে দীর্ঘ সময়। পানি যখন এই তাপ ছাড়ে, সেটা হয়ে পড়ে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি।

চিংড়ির পোনা ধরতে যেমন অজস্র মাছের ডিম নষ্ট করা হয় আবার চিংড়ির খাদ্য তৈরিতে আশপাশের অঞ্চল থেকে গেরিগুগলি, শামুক, ঝিনুক আহরণ করে প্রাকৃতিক পরিবেশ নষ্ট করা হয়। খুব অল্পজনই চিংড়ির খামারে কাজ পান, বাধ্য হয়ে জনগণ জঙ্গলের দিকে হাত বাড়ান। বিগত কয়েক বছরে ভয়াবহ আর এক উৎপাত যোগ হয়েছে। কাঁকড়া ধরা, কাঁকড়ার চাষ।

সুন্দরবনের বায়োমাসে কাঁকড়ার অবদান সবচেয়ে বড়। বাদাবনের প্রতিবেশচক্রে কাঁকড়া খুব বড় স্থান দখল করে নিয়েছে। ম্যানগ্রোভ চিরহরিৎ গাছ, এককালীন এগুলো পাতা না ছাড়লেও (পশুর, গেওয়া অবশ্য বছরে দুবার এককালীন পাতা ছাড়ে) সারা বছরই পত্রপল্লব ঝরিয়ে দেয়। ম্যানগ্রোভ পাতায় থাকে মোমের আস্তর, তাই শিগগিরই পচে না। কাঁকড়ার কাজ হলো জলে পড়া এই পাতাগুলো কাটছাঁট করা, যাতে সহজে পচে সহজপাচ্য পুষ্টি তৈরি হয়। আর সেই কাঁকড়া ধরে প্রতিবেশচক্রের প্রভাবশালী শৃঙ্খলটি কেটে বাদাভূমি বিপন্ন করে দেওয়া হচ্ছে।

আগে কাঁকড়া ধরা হতো দোন দিয়ে। নৌকায় বসেই থোপ দিয়ে কাঁকড়া তোলা যেত। পরে চাঁই দিয়েও ধরা হয়েছে। কিন্তু এখন কাঁকড়াশিকারিদের লোভ বেড়েছে অনেক। তারা তিন-চারজন মিলে ভাটার শুরুতে জঙ্গলে উঠে কাঁকড়ার গর্ত খুঁজে লোহার শিকের আঁকশি ঢুকিয়ে কাঁকড়া টেনে আনে। আর এই কর্মপ্রক্রিয়ায় বাঘের সঙ্গে হাতাহাতি হয় প্রায়ই। মারা পড়ে মানুষ। দোষী হয় বাঘ।

সুন্দরবনের প্রশাসনিক অবকাঠামো খুবই দুর্বল। অধিকাংশ টহল ফাঁড়ি ভাঙাচোরা। পাহারার জন্য জলযান অত্যন্ত কম। প্রশিক্ষণ নিম্নমানের। প্রস্তুতির যানবাহন আধুনিক অস্ত্রপাতির অভাবে চোর-ডাকাত, চোরাই শিকারির পিছু নিতে তাদের আগ্রহ কম।
সুন্দরবনের পূর্ব বিভাগে এখন প্রায় নিয়মিত হরিণ শিকার চলে। বিষ দিয়ে মাছ ধরার সন্ত্রাসীরাও পূর্ব সুন্দরবনে বেশি স্বাচ্ছন্দ্য। বাঘ রক্ষার জন্য আমরা শিক্ষিত জনগণকে কিছুটা হলেও বোঝাতে পেরেছি। কিন্তু জঙ্গলের ধারে যাঁরা রয়েছেন, তাঁরা সবচেয়ে অবহেলিত ও প্রকট দরিদ্র কবলিত মানুষ। তাঁদের কাছে বাঘ রক্ষার আবেদন প্রায় অর্থহীন। অথচ বাঘ বাড়ালে তারাই বাড়াতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী ও সাবেক বনমন্ত্রী হাছান মাহমুদের বাঘ সংরক্ষণে অনেক উৎসাহ ছিল, কিন্তু আমাদের সংসদে এ নিয়ে সদস্যরা আলোচনা করেন না।
এই টানাপোড়েনে দাঁড়িয়ে আছে একবিংশ শতাব্দীতে সুন্দরবনের বাঘের ভাগ্য।

খসরু চৌধুরী বাঘ বিশেষজ্ঞ