নারী নির্যাতন বন্ধ করুন, ভালো থাকুন
১৮ এপ্রিল প্রথম আলোয় ‘নির্যাতক পুরুষেরা সুখ থাকেন না’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে দেশে পরিচালিত একটি গবেষণার কথা উল্লেখ করা হয়, যার ফলাফলে বলা হয়েছে, যেসব পুরুষ নারী নির্যাতন করেন, জীবন নিয়ে তাঁদের সন্তুষ্টির মাত্রা যাঁরা নারী নির্যাতন করেন না তাঁদের তুলনায় কম। নির্যাতন করার বিষয়টি তাঁদের শরীর ও মনের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। অর্থাৎ নারী নির্যাতনকারী পুরুষেরা সুখী হন না। ওই প্রতিবেদনে আরেকটি আন্তর্জাতিক গবেষণার ফলাফলের কথা উল্লেখ করা হয়, যাতে বলা হয়েছে, সমাজে নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠিত হলে নারীর পাশাপাশি পুরুষেরও জীবনযাত্রার মান বেড়ে যায়।
গবেষণাগুলোর ফলাফল অনুযায়ী, আমাদের দেশের বেশির ভাগ পুরুষ অসুখী। কারণ, নির্যাতনকারী পুরুষের সংখ্যাটা যে অনেক বেশি। গত বছরের অক্টোবরে প্রকাশিত হয় নারীর ওপর নির্যাতন বিষয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর একটি জরিপের ফলাফল। এতে বলা হয়েছে, দেশে বর্তমানে বিবাহিত নারীদের শতকরা ৮০ জনই কোনো না কোনোভাবে নির্যাতনের শিকার হন। আর স্বামীরা তাঁদের ওপর এ নির্যাতন চালিয়ে থাকেন। এ অনুযায়ী নির্যাতনের শিকার নারীর সংখ্যা আর নির্যাতনকারী পুরুষের সংখ্যা সমান। কী ভয়াবহ ব্যাপার, তাই নয় কি? পুরুষেরা নারীদের ওপর নির্যাতন চালিয়ে তাঁদের বারোটা তো বাজিয়েই চলেছেন, তার ওপর নিজেরাও ভালো থাকছেন না। কী লাভ হচ্ছে তাহলে?
আমাদের দেশের অনেক পুরুষই হয়তো দেশে ও বিদেশে পরিচালিত ওই গবেষণার ফলাফলকে মানতে চাইবেন না। আমাদের সমাজে এমন অনেকেই রয়েছেন, যাঁরা মনে করেন, মারধর না করলে মেয়ে লোক মাথায় চড়ে বসে। আর নিজেকে পুরুষ হিসেবে প্রতিষ্ঠা করা বা সংসারে তাঁর কথাই যে শেষ কথা, সেটা বোঝানোর জন্যও অনেকে মারধরকেই পথ হিসেবে মানেন।
নির্যাতনকারী সেই সব পুরুষকে বলতে চাই, নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠার এটা কোনো রাস্তা নয়। সংসার তো নারী-পুরুষ দুজনের। সেখানে পুরুষকে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতেই হবে কেন? দুজনে মিলেমিশে দুজনের মতের ভিত্তিতে কি সংসার চালানো যায় না? নিশ্চয়ই যায়। এ রকম উদাহরণও তো সমাজে আছে। স্ত্রীকে মারধর করে আপনি যতটা না কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারছেন, ভালোবাসলে, স্ত্রীর দায়িত্ব নিলে দেখবেন আপনা-আপনি আপনার কর্তৃত্ব প্রতিষ্ঠা পেয়েছে। এতে স্ত্রীও ভালো থাকতেন এবং নিজেও সুখী হতেন।
অনেক পুরুষ ভাবেন, গায়ে হাত তুললেই সেটা কেবল নির্যাতন হয়, এ ছাড়া নির্যাতন হয় না। কিন্তু কাউকে যখন মানসিকভাবে যন্ত্রণা দেওয়া হয়, সেটাও নির্যাতন। আমাদের ভদ্র সমাজে মানসিক নির্যাতনের হার বেশি। আছে অর্থনৈতিক নির্যাতনও। জাতিসংঘের মানদণ্ডে অর্থনৈতিক নির্যাতনের মাপকাঠি হচ্ছে হাতে টাকা থাকা সত্ত্বেও স্ত্রী, তথা সঙ্গিনীর হাতে পর্যাপ্ত সংসার খরচ না দেওয়া। আর দেশীয় মানদণ্ড অনুযায়ী অর্থনৈতিক নির্যাতন হচ্ছে স্ত্রীকে নিয়মিত হাতখরচ না দেওয়া, যৌতুক দাবি করা এবং বাবার বাড়ি থেকে টাকা বা জিনিসপত্র আনতে চাপ দেওয়া। এ ধরনের নির্যাতন তো পুরুষেরা হরহামেশা করেই যাচ্ছেন। এ জন্য তাঁদের কোনো লজ্জা নেই।
যেসব পুরুষ নারীদের নির্যাতন করেন বা নারী নির্যাতনকে সমর্থন করেন, তাঁদের বলছি, অন্তত নিজের স্বার্থেই নারী নির্যাতন বন্ধ করুন। নারী নির্যাতন করে যদি খারাপই থাকলেন, তাহলে কী লাভ হলো আপনার? মানুষ যা কিছু করে, তা তো একটু ভালো থাকার জন্যই। কাজেই নারীর প্রতি সব ধরনের নির্যাতন বন্ধ করুন এবং নিজে ভালো থাকুন।
রোকেয়া রহমান: সাংবাদিক