নারী নির্যাতন বন্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৭ আগস্ট ২০১৩, বাংলাদেশ ফেডারেশন অব উইমেন এন্ট্রাপ্রেনিউর ও প্রথম আলোর আয়োজনে ‘নারী নির্যাতন বন্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত আলোচকদের বক্তব্য সংক্ষিপ্ত আকারে এই ক্রোড়পত্রে ছাপা হলো।যাঁরা অংশ নিলেনরোকেয়া এ রহমান: সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারাশেদা কে চৌধূরী: সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাআবুল হোসেন: প্রকল্প পরিচালক, মাল্টিসেক্টোরাল প্রোগ্রাম অন ভিএডব্লিউ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়শামীমা বেগম: পুলিশের উপকমিশনার, (উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন), ডিএমপিশাহীন আনাম: প্রধান নির্বাহী, মানুষের জন্য ফাউন্ডেশনরুবিনা এইচ ফারুক: ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ ফেডারেশন অব উইমেন এন্ট্রাপ্রেনিউরসুরাইয়া পারভীন: অধ্যাপক, কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়লুনা শামসুদ্দোহা: প্রেসিডেন্ট, বাংলাদেশ উইমেন ইন আইটিশামীমা পারভীন: সিনিয়র প্রোগ্রাম অফিসার-জেন্ডার, ইউএনএফপিএজাভেদ মোর্শেদ: লেকচারার, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (সাইবার ক্রাইম বিশেষজ্ঞ)সুপর্ণা রায়: এক্সেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম, প্রধানমন্ত্রীর কার্যালয়লাবনী আকতার: ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্রের উদ্যোক্তা, বন্দর ইউনিয়ন, নারায়ণগঞ্জমুনির হাসান: তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞমতিউর রহমান: সম্পাদক, প্রথম আলোসঞ্চালকআব্দুল কাইয়ুম, সহযোগী সম্পাদক, প্রথম আলোআলোচনাআব্দুল কাইয়ুম: আজকের আলোচনার বিষয় কিছুটা ভিন্ন ধরনের। একশ্রেণীর দুর্বৃত্ত আইসিটির (তথ্য ও যোগাযোগপ্রযুক্তি) অপব্যবহারের মাধ্যমে নারীর সম্ভ্রমহানি ঘটিয়ে চলেছে। ওরা আধুনিক প্রযুক্তিকে নারী নির্যাতনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। আবার এই প্রযুক্তিই নারীকে রক্ষায় সাহায্য করতে পারে। কয়েক দিন আগে আইসিটির অপব্যবহার করে কুষ্টিয়ার একজন শিক্ষক অনেক নারীর বিকৃত ছবি গোপন ক্যামেরায় ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছেন। অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। অনেক সময় ফেসবুক থেকে ছবি নিয়ে বিকৃত করে প্রচার করা হয়। অনেক ক্ষেত্রে বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনের কাছে নিজের পাসওয়ার্ড চলে যায়। তখন পাসওয়ার্ড ব্যবহার করে কারও ব্যক্তিগত তথ্য জানার ও ছবির অপব্যবহার করার সুযোগ হয়। এ জন্য তথ্যপ্রযুক্তি ব্যবহারের সঠিক ও নিরাপদ কৌশল ভালোভাবে জানতে হবে। এসব বিষয় আলোচনায় আসবে। এখন আলোচনার সূত্রপাত করবেন রোকেয়া এ রহমান।রোকেয়া এ রহমান: অনেক দিন থেকে নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করছি। নারীরা দ্রুত কাজ শেখে। তাদের উন্নতি হয়। ক্ষমতায়ন হয়। ক্ষমতায়নের সঙ্গে সঙ্গে তার কেবল নিজের নয়, পরিবারেও সচ্ছলতা আসে। পরিবারের হাতে টাকা আসে। তারা ঠিকমতো জীবন যাপন করতে পারে। নারীর নিজের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়। এসব নারী পরিবার, আত্মীয়স্বজন সবার কাছ থেকে সমর্থন পায়। যেকোনো কাজে সফলতার সঙ্গে সঙ্গে অর্থেরও সমাগম ঘটে। নারীরা মোবাইল ফোন, কম্পিউটার ইত্যাদি প্রযুক্তি ব্যবহার করছে। এসব আইসিটি অপব্যবহারের ব্যাপারে তাদের সচেতন হতে হবে। নিজের ব্যবহূত আইসিটিকে নিরাপদ করে ব্যবহার করতে হবে। বিশেষ করে ব্যবহূত প্রযুক্তির পাসওয়ার্ড যেন কোনোভাবে অন্য কারও কাছে না যায়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। আমাদের কাজ তৃণমূল পর্যন্ত পৌঁছে দিতে চাই। যাতে আইসিটি ব্যবহারে সবার মধ্যে সচেতনতা আসে।মুনির হাসান: এখন আইসিটি বলতে মোবাইল ফোন, কম্পিউটার ও ইন্টারনেট বোঝায়। কিন্তু রেডিও, টেলিভিশনসহ ক্যামেরাও এর মধ্যে আসা উচিত। ২০০০ সালে বাংলাদেশে ভিডিও ক্যামেরা ছিল ১০ হাজার। এখন এর সংখ্যা আড়াই কোটি। বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগপ্রযুক্তির সুফল পাওয়া যাচ্ছে। শিক্ষার ক্ষেত্রে ছাত্রীদের ভর্তির হার বেড়ে গেছে। বাংলাদেশে প্রায় দুই লাখ ছেলেমেয়ে আউটসোর্সিং করে। মোবাইল ফোনের মাধ্যমে টাকা পাঠায়, দেশ-বিদেশের খবর আদান-প্রদান, রেমিট্যান্সের টাকা গ্রহণসহ বহুবিধ সুবিধা পাওয়া যাচ্ছে। ফেসবুকের মাধ্যমে যেকোনো বিষয় দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়া যাচ্ছে। দেশের নারী সংগঠন তথ্যপ্রযুক্তিতে পিছিয়ে আছে। তাদের মধ্যে ভালো যোগাযোগ নেই। গণজাগরণ মঞ্চ, পরিমল জয়ধরের ব্যাপারে ভিকারুননিসা নূনের ছাত্রীরা ফেসবুক ব্যবহার করে সফল প্রতিবাদ সমাবেশ করেছে। মিসরের গণ-অভ্যুত্থানও ফেসবুক ব্যবহার করে হয়েছে।যখনই কোনো নতুন প্রযুক্তি বের হয়, এর মাধ্যমে একশ্রেণীর মানুষ নারীদের ক্ষতি করার চেষ্টা করে। ফেসবুকে একটা ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে নারীকে হয়রানি করা যায়। অনেকের ছবি ইন্টারনেটে পাওয়া যায়। যে কেউ একটা ছবি নিয়ে একটা ভুয়া অ্যাকাউন্টে যা-তা লিখে তাকে হয়রানি করতে পারে। কলেজ-বিশ্ববিদ্যালয়সহ অধিকাংশ মেয়ে তাদের ছেলে বন্ধুদের পাসওয়ার্ড দিয়ে দেয়। তখন ওরা ফেসবুকে ঢুকে তাদের হয়রানি করতে পারে। যারা নষ্ট মোবাইল সেট ঠিক করে, তারা প্রথমেই সেটে সংরক্ষিত ছবি ও মোবাইল নম্বরগুলো কম্পিউটারে ডাউনলোড করে। ফলে সে এসবের অপব্যবহার করতে পারে। আবার ফ্লেক্সিলোডের দোকান থেকে অনেকে মেয়েদের নম্বর সংগ্রহ করে তাদের উত্ত্যক্ত করে। এসব ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। একজনের ছবি কেটে অন্যজনের ছবির সঙ্গে বসিয়ে দিয়ে নারীদের প্রতারিত করা হয়। এসব বিষয়ে নারীদের সচেতন করে তুলতে হবে।সুরাইয়া পারভীন: আমরা আমাদের সন্তানদের ইন্টারনেট, ফেসবুক, মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত রাখতে পারব না। কিন্তু তাদের ব্যবহারবিধি সম্পর্কে সচেতন করতে হবে। তথ্যপ্রযুক্তির সুবিধা ও বিপদগুলো সম্পর্কে ধারণা দিতে হবে। আমাদের দেশে প্রথম প্রজন্ম তথ্যপ্রযুক্তি ব্যবহার করছে। অধিকাংশ অভিভাবক প্রযুক্তি ও এর বিপদ সম্পর্কে ভালো জানেন না। দেশে যোগাযোগপ্রযুক্তির বয়স খুব বেশি নয়। সে জন্য সবার মধ্যে সচেতনতা আসেনি। এ ক্ষেত্রে আমাদেরও ব্যর্থতা আছে। কারণ, আমরা সেভাবে বোঝাতে পারিনি। আমাদের কারিকুলামে প্রযুক্তির বিষয়টি আসা উচিত। দেশের বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষার্থীরা এখানে পড়তে আসে। এদের মধ্যে অনেকে আছে, যারা জীবনে প্রথম প্রযুক্তির ব্যবহার শুরু করে। কারিকুলামে অন্তর্ভুক্ত থাকলে তাদের এ বিষয়ে কিছু ধারণা দেওয়া যায়। ফলে তারা তথ্যপ্রযুক্তি ব্যবহার সম্পর্কে সচেতন হতে পারে। সবচেয়ে ভালো হয় স্কুল পর্যায় থেকে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের এ বিষয়ে ধারণা দেওয়া।অনেক অভিভাবক বলেন, তাঁদের সংসার ধ্বংস হয়ে যাচ্ছে। তাঁদের সন্তানেরা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিচ্ছে। সারা রাত ঘুমাচ্ছে না। পড়াশোনা করছে না। নিজেদের মতো চলছে। আমাদের সব সমস্যা সমাজের সঙ্গে সম্পর্কিত। বিচ্ছিন্নভাবে তথ্যপ্রযুক্তিকে দোষ দিয়ে লাভ নেই। তথ্যপ্রযুক্তি আমাদের ব্যবহার করতেই হবে। একটি মেয়ের অশালীন ছবির সঙ্গে একটি ছেলেরও ছবি থাকে। ছেলেটির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে এবং মেয়েটিকে সব দিক থেকে সহযোগিতা করতে হবে। সর্বোপরি সবাইকে তথ্যপ্রযুক্তি ব্যবহারের বিষয়ে ব্যাপক সচেতনতা সৃষ্টি করতে হবে। রুবিনা এইচ ফারুক: পরিবার, কর্মক্ষেত্র সব জায়গায় নারীর সমস্যা রয়েছে। আমাদের যেসব সমস্যা হয়, এসব বিষয় নিয়ে সমাজে আলোচনারও সুযোগ কম। গোপন রাখার প্রবণতা বেশি। অনেক সময় বুঝতে পারি না, কীভাবে এর সমাধান করব। নারীর সমস্যায় অনেক সময় পরিবার থেকেও সমর্থন পায় না। তাদের সমস্যার জন্য কোথায় যাবে? কার কাছে যাবে? এটাও একটা সমস্যা। এখানে হেল্পলাইনের কথা বলা হয়েছে। কিন্তু কতজন এ হেল্পলাইন সম্পর্কে জানে? কোনো ভুক্তভোগী যখন সাহায্যের জন্য কোথাও যায়, তখন তাকেই বেশি হয়রানির শিকার হতে হয়। সেখানে তাদের নিরাপত্তার অভাব থাকে। এ ক্ষেত্রে এমন একটা আইন করতে হবে, যাতে তাদের নিরাপত্তা নিশ্চিত হয়।লাবনী আকতার: বর্তমানে চার হাজার ৫১৬টি ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্র থেকে সেবা দেওয়া হচ্ছে। দেশে-বিদেশে এ উদ্যোগ প্রশংসিত হয়েছে। এসব সেবাকেন্দ্রের মাধ্যমে নারী অধিকার, শিশু নির্যাতন ও বাল্যবিবাহ বন্ধে প্রতিটি ইউনিয়নে একটি কমিটি গঠন করা হয়। অনেকে আমাদের কাছে বয়স পরিবর্তনের জন্য আসে। তখন আমরা প্রাইমারি স্কুল পরীক্ষার সনদ আনতে বলি। সনদের সঙ্গে বয়সের গরমিল হলে বয়সের সনদ পরিবর্তন করি না। তখন তারা স্থানীয় চেয়ারম্যানের কাছে যায়। চেয়ারম্যানও তাদের না বলে দেন। এভাবে বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব হয়। ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্র গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে নারী নির্যাতন, বাল্যবিবাহ ও শিশু নির্যাতন রোধের বিষয়ে কাজ করছে। জাভেদ মোর্শেদ: তথ্যপ্রযুক্তিকে নিরাপদভাবে ব্যবহার করার বিষয়ে ব্যাপক প্রচার চালাতে হবে এবং এ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দিতে হবে। একটা সাইবার ক্রাইম কীভাবে তদন্ত করতে হবে, সে বিষয়ে আমাদের দক্ষতা এখনো গড়ে ওঠেনি। ভুক্তভোগীর পরিবর্তে অপরাধীকে গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার করতে হবে এবং তার শাস্তির ব্যবস্থা করতে হবে। একবার ছবি অনলাইনে চলে গেলে, তা আর ফেরত আনা যায় না। ছবিটি কোথাও না থাকলেও গুগলে থাকবে। কেউ যাতে ফেসবুকের ছবি ডাউনলোড করতে না পারে, মেয়েদের সেই কৌশল জেনে নিতে হবে। অন্যথায় যে কেউ ছবি ডাউনলোড করে অন্য ছবির সঙ্গে যুক্ত করে দিতে পারে। এর কারণে কোনো দুর্ঘটনাও ঘটতে পারে। মোবাইল ফোন বা ল্যাপটপ হারিয়ে যেতে পারে। তাই মোবাইল ফোন ও ল্যাপটপ সব সময় লক করে রাখতে হবে।মোবাইল এপস কাজে লাগানো যেতে পারে। সব ধরনের তথ্য একটা ওয়েবসাইটে দেওয়ার কথা ভাবছি। হেল্পলাইন অন্যান্য ক্ষেত্রে কাজ করলেও সাইবার ক্রাইমের ক্ষেত্রে খুব বেশি সুফল দেয় না। কারণ, এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ অন্যরা খুব বেশি প্রশিক্ষিত না। আমাদের একটা ডিজিটাল ফরেনসিক ল্যাব দরকার। ফেসবুক ও গুগলের সঙ্গে সরকারেরও ওয়ান টু ওয়ান চুক্তি থাকা দরকার, যাতে প্রয়োজনে আমরা তাদের সহযোগিতা পাই। ভারতে এটা আছে।শামীমা পারভীন: এখন তরুণদের মধ্যে ফেসবুক, বিভিন্ন প্রযুক্তির মোবাইল ফোন ব্যবহার একধরনের ফ্যাশনে পরিণত হয়েছে। তারা এসব প্রযুক্তি ব্যবহারে অনেক দক্ষ। তাদের তদারক করার দক্ষতা আমাদের নেই। আমি মনে করি, একটি নির্দিষ্ট বয়সে মোবাইল ফোন ব্যবহার করার সুযোগ দেওয়া উচিত। দরজা বন্ধ করে কখনো ইন্টারনেট ব্যবহার করতে দেওয়া উচিত নয়। পরিবার, প্রতিষ্ঠান, সরকার কোনো দিক থেকে এগুলো তদারকির কোনো ব্যবস্থা নেই। অনলাইনের মাধ্যমে জন্মনিবন্ধন করতে হবে। অনেক আগে থেকেই অনলাইনে নিবন্ধনের উদ্যোগ ছিল। কিন্তু কেন হয়নি, সেটা জানি না। এসব ক্ষেত্রে যারা সেবাদাতা, তাদের আরও দায়িত্বশীল হতে হবে। তাদের একটি অনৈতিক সেবা প্রদানের জন্য বড় ক্ষতি হতে পারে।হাতে-কলমে প্রযুক্তি ব্যবহারের বিষয়টি আলোচনায় এসেছে। এটি খুবই গুরুত্বপূর্ণ। ব্যাপকভাবে নারীদের হাতে-কলমে প্রযুক্তির ব্যবহারবিধি শেখাতে হবে। তাহলে প্রতারণার সুযোগ অনেকাংশে কমে যাবে। আমাদের প্রযুক্তির যেকোনো সমস্যায় বন্ধুবান্ধব বা অন্য কারও সহায্য নিই। এ ক্ষেত্রে তারা কিন্তু পাসওয়ার্ডটি জেনে যায়। ফলে এটার অপব্যবহার হওয়ার সুযোগ তৈরি হয়। প্রযুক্তির ছোটখাটো সমস্যা তৈরি হলে, যাতে নিজেরাই সেটা ঠিক করতে পারি, সে জন্য প্রশিক্ষণের ব্যবস্থা থাকতে হবে।প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে ছেলেদের চাইতে মেয়েরা অনেক পিছিয়ে আছে। গ্রামের মেয়েরা কেবল মোবাইল ফোনে কথা বলা, গান শোনা ও ভিডিও করতে পারছে। কোথায় কীভাবে অভিযোগ করতে হবে, তার কিছুই জানে না। নারীদের নিরাপদভাবে প্রযুক্তি ব্যবহারের বিষয়ে সার্বিক উদ্যোগ নিতে হবে।সুপর্ণা রায়: আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়া। তিন বছর হলো ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্র প্রতিষ্ঠা হয়েছে। গ্রামীণ মেয়েদের সেবার সুবিধার জন্য একজন পুরুষের পাশাপাশি একজন নারীও কাজ করছে। উদ্দেশ্য, গ্রামাঞ্চলের নারীদের মধ্যে কীভাবে তথ্যসেবাগুলো সহজ ও দ্রুততর করা যায়। কিন্তু নারী উদ্যোক্তাদের কাজের ক্ষেত্রে কিছু সমস্যাও আছে। এখানে স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে সমঝোতা করে চলতে হয়। সম্প্রতি ৪২ হাজার নারী ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্রের মাধ্যমে রেজিস্ট্রেশন করে। এতে তারা অল্প খরচে কিছুটা ঝামেলামুক্ত হয়ে রেজিস্ট্রেশন করল। তবে এ কথা সত্যি যে ছেলেদের থেকে মেয়েরা আইসিটিতে পিছিয়ে আছে। তার পরও একজন নারী উদ্যোক্তা প্রশিক্ষণ লাভের পর বিয়েসহ বিভিন্ন কারণে কাজটি করতে পারে না। এ ক্ষেত্রে ইউনিয়ন পর্যায়ে সহজে একজন নারী উদ্যোক্তা পাওয়া যায় না। আবার পাওয়া গেলেও তাকে প্রশিক্ষণের মাধ্যমে তৈরি করতে সময় লাগে। এখন ইউনিয়ন সেবাকেন্দ্রে মেয়েদের ধরে রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ইউনিয়ন সেবাকেন্দ্রে মেয়েরা বিভিন্ন প্রশিক্ষণসহ আউটসোর্সিং বিষয়েও প্রশিক্ষণ নিচ্ছে। প্রশিক্ষণ শেষে কারিগরি বোর্ড থেকে এদের সনদ দেওয়া হয়।লুনা শামসুদ্দোহা: এটা খুব দুঃখজনক যে স্বাভাবিক ও সাইবার দুভাবেই নারীরা নির্যাতনের শিকার হচ্ছে। এখন নারীর বিরুদ্ধে সহিংসতার মাত্রা বেড়ে গেছে। একজন নারী ঘরে বসেও নিরাপদ নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি মনে করছি, তা হলো সচেতনতা বৃদ্ধি করা। স্কুল, কলেজ সব জায়গায় প্রচার করা দরকার। কেবল শিক্ষার্থী বা সন্তান-সন্ততি নয়, অভিভাবকদেরও সচেতন করতে হবে।আমরা পরিমল ও হেলালকে গণমাধ্যমে দেখেছি। কিন্তু সমাজে এ রকম অসংখ্য পরিমল ও হেলাল রয়েছে। তাদের বিষয়গুলো গণমাধ্যমে আসছে না। অন্যদিকে মেয়েদের ব্যাপারগুলো দ্রুত গতিতে বিস্তারিত চলে আসে। নারীদের সঙ্গে যারা প্রতারণা করছে, তাদের বিস্তারিত গণমাধ্যমে তুলে ধরতে হবে। প্রয়োজনে বিলবোর্ডে এই অপরাধীর ছবি দেওয়া যেতে পারে। পক্ষান্তরে ভুক্তভোগী মেয়েটিকে সার্বিকভাবে সহযোগিতা করতে হবে। কলেজ-ইউনিভার্সিটির মেয়েদের নিয়ে এপস প্রতিযোগিতা করতে হবে। নেপাল এটা করেছে। শামীমা বেগম: দুই বছর ধরে ভিকটিম সাপোর্ট সেন্টারের সঙ্গে যুক্ত। আমাদের সঙ্গে ১০টি এনজিও কাজ করছে। এখানে সবাই নারী কর্মী। ২৪ ঘণ্টা সেবার ব্যবস্থা আছে। ফোনেও সহযোগিতা করার চেষ্টা করি। আমাদের দুই ধরনের অভিজ্ঞতাই আছে। অনেক ক্ষেত্রে ভিকটিমদের বিভিন্ন বিষয় গোপন করতে হয়। আবার কেউ কেউ প্রকাশ করতে চায়।ঈদের আগে একজন অভিযোগ করে বলল, ‘আমার সঙ্গে পুলিশ দেন আমার স্বামীকে ভয় দেখানোর জন্য। তা না হলে সে আমাকে আবার অত্যাচার করবে।’ ওসি সাহেবকে অনুরোধ করলাম তার সঙ্গে একজন পুলিশ পাঠানোর জন্য। সবকিছু খোলামেলা বলতে হবে। গোপন করলে ভবিষ্যতে আরও বেশি ক্ষতি হয়। তবে নারীরা এখন আর আগের মতো নেই। এখন তারা অনেক বেশি প্রতিবাদী, সাহসী ও খোলামেলা। একজন ভুক্তভোগীকে পরিবার থেকে, প্রশাসন থেকে সার্বিক সহযোগিতা দিতে হবে। পর্নোগ্রাফি আইনসহ কিছু আইন আছে। ফেসবুকের মাধ্যমে কেবল অল্প বয়সী নারীরা নয়, বয়স্ক ও শিক্ষিত নারীরাও প্রতারিত হচ্ছেন। ব্যবহারবিধি না জেনেই অনেকে দু-তিনটা মোবাইল ফোন ব্যবহার করে।দিনে দিনে প্রযুক্তির উন্নয়ন ঘটছে। প্রযুক্তির উন্নয়নের সঙ্গে পুলিশের তাল মিলিয়ে চলা সম্ভব হচ্ছে না। আমরা প্রযুক্তির ব্যবহারবিধিতে আশানুরূপ অগ্রগতি অর্জন করতে পারিনি। বিভাগীয় পর্যায়ে কিছু প্রযুক্তি থাকলেও জেলা, উপজেলা, থানা পর্যায়ে প্রযুক্তি ব্যবহার করা সম্ভব হয় না। আমাদের সংশ্লিষ্ট বিভাগের মধ্যে আন্তযোগাযোগ নেই। আমরা কে কী করছি, নিজেরাও জানি না। পরিমল বা হেলালের দ্রুত দৃষ্টান্তমূলক সাজা হলে এবং গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হলে সবার মধ্যে একটা সচেতনতা আসবে এবং অপরাধীরা ভয় পাবে।শাহীন আনাম: নারীর অধিকার ও ক্ষমতায়নের জন্য অনেকগুলো আন্তর্জাতিক সনদ আছে। ১৯৯৫ সালে চতুর্থ নারী সম্মেলনে তথ্যপ্রযুক্তি স্বীকৃতি পেয়েছে। নারীদের ক্ষমতায়নে তথ্যপ্রযুক্তি সহায়তা করছে। সঙ্গে সঙ্গে নারীর সহিংসতা বেড়ে যাচ্ছে এবং এর জন্য নারী আত্মহত্যা পর্যন্ত করছে। নারীর সবকিছু যৌনতার দিক থেকে দেখা হচ্ছে। সে একজন মানুষ। তার বুদ্ধি-বিবেচনা আছে। তার বিভিন্ন ধরনের যোগ্যতা আছে। এসব বিবেচনায় আনব। আমি নারীদের বলতে চাই, বিভিন্ন প্রতারণার শিকার হয়ে তারা ধর্ষিতও হতে পারে। কোনো কোনো প্রতারক তার বাজে ছবি প্রকাশ করতে পারে। এতে সমাজের কিছু আসে-যায় না। এর জন্য কেন তাকে মৃত্যুর মতো কঠিন কাজ করতে হবে? মৃত্যু তো নিজের কাছে হেরে যাওয়া। বরং বেঁচে থেকে অপরাধীকে শাস্তি দিতে হবে। তবে আশার কথা হচ্ছে, নারীরা এখন অনেক বেশি সাহসী। প্রতিনিয়ত অন্যায়ের প্রতিবাদ করছে। আমাদের সমাজে দুই ধরনের পরিবার আছে। এক ধরনের পরিবার সবকিছু চেপে যাচ্ছে; আরেক ধরনের পরিবার অন্যায়ের বিচারের জন্য জোর প্রতিবাদ করছে। স্কুল-কলেজ থেকে মেয়েদের এই শিক্ষা দেওয়া উচিত, ঘটনা যে ঘটিয়েছে, সে-ই দোষী। এখানে নারীর কোনো দোষ নেই। অপরাধীর শাস্তির জন্য তাকে প্রতিবাদ করতে হবে। বিচারহীনতার সংস্কৃতির জন্য অপরাধ বেড়ে যাচ্ছে। সবচেয়ে ঘৃণ্য অপরাধেরও বিচার হচ্ছে না। সহিংসতা বাড়ার এটি একটি কারণ।আবুল হোসেন: নারী নির্যাতন প্রতিরোধ নিয়ে প্রায় সাত বছর ধরে কাজ করছি। ২০১০ সালে রংপুরে একটি সার্ভিস সেন্টার খুলি। রংপুরে এক মেয়ে ছবি তুলতে গেছে। কিন্তু দোকানদার বলছে, তার প্রস্তাবে রাজি না হলে তাকে নেগেটিভ দেবে না। মেয়েটির কাছে আমাদের হেল্পলাইনের ১০৯২১ নম্বরটি ছিল। আমাদের ফোন করল। স্থানীয় থানার ওসির সহায়তায় আধা ঘণ্টার মধ্যে সমস্যার সমাধান হলো। কেউ ফোন করলে তার নাম, ঘটনা, স্থান—এই তিনটি তথ্য জানার প্রয়োজন হয়। তারপর থানার ওসি, ইউএনও, উপজেলা ভাইস চেয়ারম্যান—তাঁদের সঙ্গে কথা বলতে হয়। মেয়েটি যখন সবকিছু বলছে, তখন ঘটনা সবাই জেনে যাচ্ছে। এতে তার ঝুঁকি বেড়ে যাচ্ছে। আমার অভিজ্ঞতা হলো, কারও ফোন পেলে সহযোগিতা করা যায় না। কারণ, ওসি সাহেবকে ফোন করলে বলেন, তিনি কত কাজ করবেন। ইউএনও বলেন, তিনি খুব ব্যস্ত। উপজেলা চেয়ারম্যান অন্য উপজেলায় বসে আছেন। তাই সেবা দেওয়া কঠিন।এত দিন কাজ করার ফলে আমার যেটা ধারণা হয়েছে, তা হলো শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যৌন হয়রানির বিষয়ে ব্যাপক সচেতনতামূলক কথা বলতে হবে। তাহলে অধিকাংশ মানুষের কাছে বিষয়টি পৌঁছানো যাবে।আমাদের মধ্যে বড় ধরনের জেনারেশন গ্যাপ তৈরি হয়েছে। আমার সন্তানেরা আমার সঙ্গে কথা বলে না। তাদের যে চাহিদা, আমার সঙ্গে কথা বললে হয়তো সেটা পূরণ হয় না। আমি যখন জেগে থাকি, তখন তারা ঘুমায়। আবার আমি যখন ঘুমাই, তখন তারা জেগে থাকে। রাশেদা কে চৌধূরী: প্রযুক্তি হচ্ছে ধারালো ছুরির মতো। একজন সন্ত্রাসীর হাতে পড়লে জীবন যাবে। একজন চিকিৎসকের হাতে পড়লে জীবন বাঁচবে। আমাদের কাজ করার জন্য জেন্ডার স্পেসিফিক কোনো তথ্য থাকে না। গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার কাছে এসব তথ্য থাকা দরকার। শিক্ষা ও সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোনো কোনো ক্ষেত্রে শিক্ষকেরা আবার রক্ষণশীল। অনেক শিক্ষকই যৌন বিষয় পাড়াতে চান না। তাঁরা বাসা বা বাড়ি থেকে পড়ে আসতে বলেন। পুলিশ ও শিক্ষকদের আইসিটি বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে, যাতে তাঁরা তথ্যপ্রযুক্তির বিষয়ে জানতে পারেন এবং প্রয়োজনে ব্যবস্থা নিতে পারেন।দক্ষতা উন্নয়ননীতি নামে সরকার একটি ভালো নীতি করেছে। এখানে প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই কেউ যদি কোনো বিষয়ে দক্ষতা অর্জন করে, তবে তাকে গ্রেড অনুসারে স্বীকৃতি দেওয়া হবে। প্রশাসনের বিভিন্ন পর্যায়ে সমন্বয়হীনতা আছে। এ সমন্বয়হীনতা দূর করতে না পারলে ভুক্তভোগীরা সুফল পাবে না।আমাদের স্থানীয় সরকারের দায়িত্ব কতখানি। তারা কী করছে, সে বিষয়টিও ভাবতে হবে। দেশের প্রত্যন্ত অঞ্চলের তরুণদের সঙ্গে কীভাবে যোগাযোগ করা যায়, সে দিকটি ভাবতে হবে। দেশের অধিকাংশ তরুণ ভালো। যারা মেয়েদের প্রতারণা করে, তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। এসব ক্ষেত্রে প্রথম আলোসহ সবাইকে ভূমিকা রাখতে হবে। এ ক্ষেত্রে কমিউনিটি রেডিও, বাংলাদেশের ২০০ যাত্রা দল, বাউল গান ইত্যাদি মাধ্যম ব্যবহার করা যেতে পারে। গ্রামাঞ্চলে এদের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।সরকার ঈদের আগে শিক্ষা আইনের খসড়া নীতি ওয়েবসাইটে দিয়েছে। এখানে প্রযুক্তির বিষয় ও মতামত দেওয়ার সুযোগ আছে। প্রযুক্তি বিষয়ে যাঁরা বিশেষজ্ঞ আছেন, তাঁরা যদি দেখেন এবং মাতামত দেন, তাহলে ভালো হবে। মতিউর রহমান: আমরা মোবাইল ফোন কোম্পানির সঙ্গে বসতে চাই। নারীনেত্রীদের প্রতিনিধিদের সঙ্গেও বসার ব্যবস্থা করব। একইভাবে বিজ্ঞাপনী সংস্থার সঙ্গেও আলোচনা করতে চাই। আপনাদের সহযোগিতায় কমিউনিটি রেডিও, যাত্রা দলসহ অন্যদের সঙ্গেও আলোচনার বিষয়টি ভাবা যায়। বন্ধুসভাকেও কাজে লাগানো যাবে। আমরা এসব বিষয়ে উদ্যোগ নেব। আপনারা আমাদের অফিসে আসেন। আমাদের অফিসের সাংবাদিকসহ অন্যরা থাকুক। সবাই একসঙ্গে কাজ করি। আমাদের ব্লগ, ফেসবুক, এবিসি রেডিও, ডেইলি স্টার একসঙ্গে কাজ করবে। তাহলে এসব বিষয়ে সচেতনতার একটা জায়গায় পৌঁছাতে পারব। ১০৯২১ হেল্পলাইনের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে। কোনো নারী বিপদে পড়লে এই নম্বর ব্যবহার করে কীভাবে সাহায্য পেতে পারে, সে বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য প্রথম আলো বিশেষ ব্যবস্থা নেবে।রোকেয়া এ রহমান: দেশের অনেক মানুষ প্রথম আলো পড়ে। প্রথম আলোর মাধ্যমে কাজটি শুরু করলাম। এরপর স্কুল-কলেজে এ বিষয়ে কথা বলব। বিষয়টি নিয়ে তৃণমূল পর্যন্ত যাব। চার বছর আগে গ্রামের মেয়েদের নারী উদ্যোক্তা বিষয়ে ট্রেনিংয়ের জন্য এনেছিলাম। দেখলাম, তারা মোবাইল ফোনে ছবি তুলছে। এসব ছবি তারা সিডি করবে। ওয়াশ করবে। ইত্যাদি বিষয়ে কথা বলছে। এসব দেখে খুব ভালো লাগে। খুশি হই। এখন মোবাইল ফোন, ইন্টারনেট, ফেসবুক ইত্যাদির আরও ব্যাপক ব্যবহার শেখাতে হবে। বিশেষভাবে এসব তথ্যপ্রযুক্তি ব্যবহারের নিরাপত্তার দিকটি গুরুত্বের সঙ্গে শেখাতে হবে। কেবল তথ্যপ্রযুক্তি ছাড়া মেয়েরা অনেক বেশি এগিয়েছে। এসব ক্ষেত্রে কোম্পানিগুলোর সিএসআরকে (করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি) কাজে লাগানোর চেষ্টা করব।আব্দুল কাইয়ুম: ইদানীং সাইবার অপরাধ বেড়েছে। সমাজে এসব অপরাধের দৃশ্যমান কোনো সাজা দেখা যায় না। আজকে তথ্যপ্রযুক্তি ব্যবহারে সচেতনতা ও নিরাপত্তার বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এই আলোচনার মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি হবে। প্রথম আলোর পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ।